• প্রকাশ : সোমবার ১৫ জুন, ২০২৬, সময় : ৩:৫৭ পিএম
  • আপডেট : সোমবার ১৫ জুন, ২০২৬, সময় : ১১:৪৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

  • প্রকাশ : সোমবার ১৫ জুন, ২০২৬, সময় : ৩:৫৭ পিএম

বর্তমান সময়ে হাড়, জোড়া ও মেরুদণ্ডজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এসব জটিল রোগের আধুনিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বিশিষ্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডাঃ নাবিল যুনায়েদ সিডনী।


দক্ষতা, অভিজ্ঞতা ও মানবিক আচরণের কারণে রোগীদের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।


তিনি এমবিবিএস ও ডি-অর্থো (বিএসএমএমইউ) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি, এশিয়া প্যাসিফিক অর্থোপেডিক অ্যাসোসিয়েশন, এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি ও ইন্ডিয়ান অর্থোপেডিক সোসাইটির লাইফ মেম্বার হিসেবে যুক্ত রয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নিয়মিত আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও গবেষণার সঙ্গে নিজেকে আপডেট রাখছেন।


গুরুতর দুর্ঘটনায় আহত বহু রোগীর ক্ষেত্রে, যেখানে অঙ্গচ্ছেদের পরামর্শ দেওয়া হয়েছিল, সেখানে ডাঃ নাবিল যুনায়েদ সিডনী সফলভাবে বিকল্প চিকিৎসার মাধ্যমে রোগীদের সুস্থ করে তুলেছেন। 


ঝিনাইদার বাইক দুর্ঘটনায় আহত তপু রায়ের পা কেটে ফেলার পরামর্শ দেওয়া হলেও তাঁর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে রোগী সুস্থ হয়ে ওঠেন।


সম্প্রতি নোয়াখালীর এক যুবক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাঃ নাবিল যুনায়েদ সিডনির নিবিড় চিকিৎসায় টানা ৯৭ দিন পর ওই রোগী স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হন।


বর্তমানে তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবার পাশাপাশি নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনাও দিয়ে যাচ্ছেন নিয়মিত।

বিষয় :




ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৬ পিএম

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জনে। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম ২৩ দিনে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে।

তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪১৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনায় ১৪১ জন, বরিশালে ১৩৫ জন, রাজশাহীতে ১৩১ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং রংপুর বিভাগে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১০ পিএম

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক নতুন নয়। তবে জীবনের শুরুতে নয়, বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই অস্ত্রোপচার করলে আয়ু আরও বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। ইঁদুরের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, ২৪০ দিন বয়সে বন্ধ্যাকরণ করা পুরুষ ইঁদুরের আয়ু স্বাভাবিক ইঁদুরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।বিজ্ঞানীদের এ আবিষ্কার পুরুষের বার্ধক্য এবং নারী-পুরুষের গড় আয়ুর পার্থক্য নিয়ে নতুন করে গবেষণার সুযোগ তৈরি করেছে। গবেষকদের ধারণা, অণ্ডকোষ অপসারণের মাধ্যমে আয়ু বৃদ্ধির পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া শনাক্ত করা গেলে অস্ত্রোপচার ছাড়াই একই ধরনের উপকার পাওয়া সম্ভব হতে পারে।


সম্প্রতি গবেষণাটির ফলাফল গবেষণাপূর্ব নিবন্ধ হিসেবে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা এ গবেষণা পরিচালনা করেন।


গবেষণায় একই প্রজাতির পুরুষ ইঁদুরকে তিনটি ভিন্ন বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয়। প্রথম দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির কিছুদিন পর এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে অণ্ডকোষ অপসারণ করা হয়। মানুষের বয়সের হিসাবে শেষ বয়সটি প্রায় ৩০ বছরের সমান।পরে অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর আয়ুর সঙ্গে স্বাভাবিক পুরুষ ইঁদুরের আয়ু তুলনা করেন গবেষকরা। এতে তিনটি দলেরই আয়ু বাড়ার প্রমাণ পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি দীর্ঘায়ু হয়েছে প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুরগুলোর।


গবেষণার ফলাফলে দেখা যায়, বয়ঃসন্ধির আগে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ১৯ শতাংশ। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে এ বৃদ্ধির হার ২৬ শতাংশ। অন্যদিকে ২৪০ দিন বয়সে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।


গবেষকদের কাছে ফলাফলটি ছিল বেশ অপ্রত্যাশিত। কারণ, এত দিন ধারণা করা হতো, অণ্ডকোষের নেতিবাচক প্রভাব পুরুষের শরীরে জীবনের প্রাথমিক পর্যায় থেকেই শুরু হয়। নতুন গবেষণা বলছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অণ্ডকোষের কিছু প্রভাব আয়ু কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।


গবেষণার সঙ্গে যুক্ত নন, এমন বার্ধক্যবিষয়ক গবেষক স্টিভ অস্টাড জানান, প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুরগুলোর অস্ত্রোপচারের পর বেঁচে থাকার হারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। সাধারণত এ বয়সের ইঁদুরের মৃত্যুঝুঁকি বাড়তে থাকে। কিন্তু অস্ত্রোপচারের পর এক বছরের বেশি সময় ধরে কোনো ইঁদুর মারা যায়নি। তার মতে, বিষয়টি গবেষণার জন্য বেশ তাৎপর্যপূর্ণ।


তবে বন্ধ্যাকরণের ফলে ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতা বা বার্ধক্যের লক্ষণে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। তিনটি দলের ইঁদুরই প্রায় একই গতিতে শারীরিক শক্তি হারিয়েছে এবং বয়সজনিত দুর্বলতার লক্ষণ প্রকাশ করেছে। ফলে আয়ু বাড়ার পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়া কাজ করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি গবেষকরা।


তাদের ধারণা, অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে এ ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা রয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুরুষের শরীরে উৎপন্ন মোট টেস্টোস্টেরনের ৯০ শতাংশের বেশি আসে অণ্ডকোষ থেকে। তবে অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে আরও বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। তাই শুধু এই হরমোনকেই দীর্ঘায়ু কমার জন্য দায়ী করা যাচ্ছে না।


নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর বিবর্তনীয় জীববিজ্ঞানী মাইকেল গ্যারাট বলেন, জীবনের শেষ পর্যায়ে বন্ধ্যাকরণ করলে আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, নতুন গবেষণাটি সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে। তবে অণ্ডকোষ কখন এবং কীভাবে শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।


মানুষের ক্ষেত্রে নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্য দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের আগ্রহের বিষয়। যুক্তরাষ্ট্রে নারীরা পুরুষদের তুলনায় গড়ে প্রায় ছয় বছর বেশি বাঁচেন। ক্যানসার ও হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও পুরুষদের তুলনামূলক বেশি।


এ পার্থক্যের পেছনে অণ্ডকোষের ভূমিকা থাকতে পারে বলে আগের কিছু গবেষণাতেও ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৬৯ সালে একটি মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে বসবাসকারী বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, অনিচ্ছাকৃতভাবে বন্ধ্যাকরণের শিকার ব্যক্তিদের আয়ু এক দশকেরও বেশি বাড়তে পারে। এ ছাড়া ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণীর ওপর পরিচালিত একটি বিশ্লেষণেও বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।


নতুন গবেষণার পর বন্ধ্যাকরণের মাধ্যমে আয়ু বৃদ্ধির পেছনে দায়ী জৈবিক উপাদানগুলো শনাক্ত করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। বিশেষ করে অস্ত্রোপচারের পর ইঁদুরগুলোর মৃত্যুর কারণ এবং অণ্ডকোষ থেকে নিঃসৃত কোন উপাদান বার্ধক্যকে প্রভাবিত করে, তা খতিয়ে দেখা হবে।


গবেষকদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তৈরি করা, যার মাধ্যমে অণ্ডকোষ অপসারণ ছাড়াই বন্ধ্যাকরণের সম্ভাব্য আয়ুবর্ধক প্রভাব পাওয়া যাবে। এ ধরনের চিকিৎসাপদ্ধতিকে বিজ্ঞানীরা বলছেন ‘ক্যাসট্রেশন মিমেটিকস’।


তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ইঁদুরের ওপর পরিচালিত গবেষণার ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা হিসেবে বন্ধ্যাকরণকে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।



  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫২ পিএম

বিশ্বে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের অধিকাংশের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অনেকেই সংক্রমণের বিষয়টি বুঝতে পারেন না। অথচ চিকিৎসা না করালে এসব সংক্রমণ থেকে বন্ধ্যত্ব, ক্যানসার ও গর্ভাবস্থায় জটিলতার মতো গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১৯ নভেম্বর প্রকাশিত এক তথ্যে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে প্রতিদিন বিশ্বজুড়ে ১০ লাখের বেশি নতুন নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণের ঘটনা ঘটছে। এসব সংক্রমণের মধ্যে রয়েছে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিস।

ডব্লিউএইচওর হিসাবে, ২০২০ সালে বিশ্বে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এই চার ধরনের সংক্রমণে নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে ট্রাইকোমোনিয়াসিসে ১৫ কোটি ৬০ লাখ, ক্ল্যামাইডিয়ায় ১২ কোটি ৯০ লাখ, গনোরিয়ায় ৮ কোটি ২০ লাখ এবং সিফিলিসে ৭১ লাখ মানুষ আক্রান্ত হয়েছিলেন।

সিফিলিসের সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। ডব্লিউএইচওর হিসাবে, ২০২২ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে সিফিলিসে আক্রান্ত হন। একই বছর বিশ্বে প্রায় ১১ লাখ গর্ভবতী নারী এই সংক্রমণে আক্রান্ত ছিলেন। এর ফলে ৩ লাখ ৯০ হাজারের বেশি ক্ষেত্রে গর্ভাবস্থা ও নবজাতকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে।

যৌনবাহিত সংক্রমণের কারণ ৩০টির বেশি ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী। সাধারণত যোনিপথ, পায়ুপথ ও মুখের মাধ্যমে যৌন সম্পর্কের সময় এসব জীবাণু ছড়াতে পারে। কিছু সংক্রমণ গর্ভাবস্থা, প্রসব বা বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুর শরীরেও ছড়াতে পারে। অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমেও কিছু সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে।

এসব সংক্রমণের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, যৌনাঙ্গে ঘা বা ক্ষত এবং তলপেটে ব্যথা। তবে অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই দেখা যায় না। ফলে নিজের অজান্তেই সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে।

চিকিৎসা না করালে ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া নারীদের প্রজনন অঙ্গে প্রদাহ এবং বন্ধ্যত্বের কারণ হতে পারে। কিছু সংক্রমণ এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ায়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি জরায়ুমুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। গর্ভাবস্থায় কিছু সংক্রমণ শিশুর জন্মগত জটিলতা, কম ওজন নিয়ে জন্ম কিংবা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়াতে পারে।

তবে সব যৌনবাহিত সংক্রমণ একই ধরনের নয়। ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিসের কার্যকর চিকিৎসা রয়েছে। অন্যদিকে এইচআইভি, হারপিস ও হেপাটাইটিস বি-এর মতো ভাইরাসজনিত সংক্রমণ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা গেলেও সব ক্ষেত্রে পুরোপুরি নিরাময় করা যায় না।

ডব্লিউএইচও বলছে, সংক্রমণ শনাক্ত করতে পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষ করে কোনো লক্ষণ না থাকলেও ঝুঁকিপূর্ণ সংস্পর্শের পর প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে যৌনস্বাস্থ্য নিয়ে সামাজিক লজ্জা ও বৈষম্য দূর করা এবং সহজে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৬ পিএম

আধুনিক জীবনযাত্রায় শারীরিক পরিশ্রমের অভাব, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে কাজ, সড়ক দুর্ঘটনা, বিভিন্ন অসংক্রামক রোগ ও বয়সজনিত কারণে বাড়ছে শারীরিক ব্যথা ও অক্ষমতা। এসব সমস্যা কাটিয়ে স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে ওষুধ ও অস্ত্রোপচারের পাশাপাশি ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপদ্ধতি হিসেবে স্বীকৃত।


স্ট্রোক করে পা অবশ হয়ে যাওয়া রিকশাচালক কিংবা কোমর ব্যথায় কাতরানো গার্মেন্টস শ্রমিকের জন্য ফিজিওথেরাপি ব্যায়বহুল চিকিৎসা। একদিকে সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য নবম গ্রেডের কোনো পদ নেই, অন্যদিকে বেসরকারি চেম্বারে এক সেশন ফিজিওথেরাপির খরচ ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা। ফলে প্রশ্ন উঠছে, ফিজিওথেরাপি কি কেবল ধনীদের জন্য? 


দেশের উপজেলা থেকে শুরু করে জেলা সদর হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল কোথাও ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য স্বতন্ত্র ৯ম গ্রেডের পদ সৃষ্টি হয়নি। অনেক হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ আছে, কিন্তু পদ নেই। ফলে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক ৫ বছর পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে ঢোকার কোনো সুযোগই পাচ্ছেন না।


ফিজিওথেরাপি বিষয়ে যারা পড়াশোনা করেন তারা শুধু চিকিৎসক ই নন, পুনর্বাসন চিকিৎসার বিশেষজ্ঞ বলে মন্তব্য করেছেন সি আর পি, বিএইচপিআই, সাভার এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। একজন এমবিবিএস চিকিৎসক যেমন ওষুধ দেন, ফিজিওথেরাপি চিকিৎসকরাও তেমনি ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপির মাধ্যমে রোগীকে সুস্থ করে থাকেন।


ফিজিওথেরাপি একদিনের চিকিৎসা না। স্ট্রোক, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, কোমর-ঘাড় ব্যথায় দীর্ঘদিনের ট্রিটমেন্ট প্রয়োজন। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সেবা না থাকায় রোগীকে বাধ্য হয়ে বেসরকারি সেন্টারে যেতে হয়।


একজন স্ট্রোক রোগীর স্ত্রী সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, আমার স্বামীর মিনিমাম তিন মাস ফিজিওথেরাপি নেওয়া লাগবে এবং প্রতিদিন ৮০০ টাকা করে। ওষুধের টাকাই জোগাড় করতে কষ্ট হয়। এমন পর্যায়ে এত টাকা জোগাড় করা আমার জন্য কষ্টসাধ্য।


ফিজিওথেরাপি আসলে কার জন্য এটা নিয়ে প্রশ্ন উঠেছে জনসাধারণের মনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপি কোনো বিলাসী চিকিৎসা না, এটা প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ। উন্নত দেশে স্ট্রোকের পরদিন থেকেই ফিজিওথেরাপি শুরু হয়, সরকারি খরচে। রোগী যখন সব টাকা শেষ করে পঙ্গু হয়ে যায়, তখন শেষ চেষ্টা হিসেবে ফিজিওথেরাপির কাছে আসে।


বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিলে তিনটি লাভ হতো। গরিব মানুষ বিনামূল্যে সেবা পেত, অপ্রয়োজনীয় অপারেশন কমতো এবং স্ট্রোক আর প্যারালাইসিস রোগীরা দ্রুত কাজে ফিরতে পারত।


সব ফিজিওথেরাপি চিকিৎসক দের মৌলিক সব সরকারি হাসপাতালে ৯ম গ্রেডে ফিজিওথেরাপি চিকিৎসক দের পদ সৃষ্টি করতে হবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একজন করে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিতে হবে, বাংলাদেশ  রিহ্যাবিলিটেশন কাউন্সিলকে পূর্ণ কার্যকর করতে হবে,ভুয়া ফিজিওথেরাপি সেন্টার বন্ধ করে রোগীদের প্রতারণা থেকে বাঁচাতে হবে।


উল্লেখ্য, ফিজিওথেরাপি কোনো এলিট শ্রেণির চিকিৎসা না। একজন রিকশাচালকের হাঁটার অধিকার আছে, একজন কৃষকের কোমর সোজা করে দাঁড়ানোর অধিকার আছে, একজন স্ট্রোক রোগীর আবার নিজের পায়ে চলার অধিকার আছে। রাষ্ট্র যদি এই অধিকার না দেয়, তবে ফিজিওথেরাপি শুধু এলিট দের চিকিৎসা হয়েই থাকবে।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৬ পিএম

দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।


বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।


৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে বলেন, আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে আমরা নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করব।তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।


অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কোথাও কোথাও এখনও তা চলমান রয়েছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।


সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ সম্পর্কে অধ্যাপক রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।


তিনি বলেন, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা ঠিক করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড বজায় রাখা হবে।


অতিরিক্ত মহাপরিচালক জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেয়া হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।


অধ্যাপক রুমি আরও বলেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। এছাড়া ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।


স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অসদাচরণের সন্দেহে কোনো কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে।


তিনি বলেন, আমার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, তার বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ সংক্রান্ত বলে জানান তিনি।


এদিকে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, অব্যবহৃত বা অচল যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং সময়মতো মেরামত নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে।


সেই সঙ্গে দাপ্তরিক চিঠিপত্র বা নথিপত্র দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।


অধ্যাপক রুমি বলেন, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে।


ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫১ পিএম

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সাধারণত নারীর শারীরিক সুস্থতা, হরমোনের ভারসাম্য, ঋতুচক্র ও পুষ্টির বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সুস্থ সন্তান জন্মদানের প্রস্তুতিতে পুরুষের প্রজননস্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। শুক্রাণুর সংখ্যা, গুণগত মান কিংবা হরমোনের ভারসাম্যে সমস্যা থাকলে সন্তান ধারণে জটিলতা দেখা দিতে পারে। অথচ সামাজিক সংকোচ ও সচেতনতার অভাবে অনেক পুরুষ এসব সমস্যা পরীক্ষা করাতে চান না। 

চিকিৎসকদের মতে, সন্তান নেওয়ার পরিকল্পনার আগে নারী ও পুরুষ উভয়েরই স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। বিশেষ করে পুরুষের কয়েকটি পরীক্ষা প্রজননস্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

১. বীর্য পরীক্ষা

পুরুষের প্রজননক্ষমতা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। এ পরীক্ষায় বীর্যের নমুনা বিশ্লেষণ করে শুক্রাণুর সংখ্যা, ঘনত্ব, গতিশীলতা ও আকৃতি পরীক্ষা করা হয়। শুক্রাণুর উৎপাদন ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যায় এ পরীক্ষার মাধ্যমে। সন্তান ধারণে সমস্যা থাকলে সম্ভাব্য কারণ শনাক্ত করতেও এটি সহায়ক। তবে একটি পরীক্ষার ফলের ভিত্তিতে বন্ধ্যত্ব নিশ্চিত করা যায় না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে আবার পরীক্ষা করতে হতে পারে।

২. হরমোন পরীক্ষা

পুরুষের প্রজননক্ষমতা অনেকাংশে হরমোনের ভারসাম্যের ওপর নির্ভরশীল। রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরন, এফএসএইচ, এলএইচ এবং প্রয়োজন অনুযায়ী প্রোল্যাক্টিন ও থাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করা হয়। এসব হরমোনের অস্বাভাবিকতা শুক্রাণু উৎপাদনে প্রভাব ফেলতে পারে। পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

৩. অণ্ডকোষের আল্ট্রাসাউন্ড

অণ্ডকোষ ও আশপাশের অংশের গঠনগত সমস্যা শনাক্ত করতে আল্ট্রাসাউন্ড করা হয়। বিশেষ করে বীর্য পরীক্ষায় অস্বাভাবিকতা পাওয়া গেলে, অণ্ডকোষে ব্যথা বা ফোলাভাব থাকলে কিংবা ভ্যারিকোসিলের সন্দেহ হলে চিকিৎসক এ পরীক্ষা করাতে পারেন। এর মাধ্যমে অণ্ডকোষের বিভিন্ন সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ৪. যৌনবাহিত সংক্রমণের পরীক্ষা

কিছু যৌনবাহিত সংক্রমণ পুরুষের প্রজননস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ঝুঁকি বা উপসর্গ থাকলে যৌনবাহিত সংক্রমণ বা এসটিআই স্ক্রিনিং করা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এইচআইভি, সিফিলিস, ক্ল্যামাইডিয়া ও গনোরিয়ার মতো সংক্রমণের পরীক্ষা করা যেতে পারে। সময়মতো সংক্রমণ শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে জটিলতা কমানো সম্ভব।

৫. ক্রোমোজোম পরীক্ষা

শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম হলে বা একেবারেই শুক্রাণু পাওয়া না গেলে জিনগত কারণ অনুসন্ধানে ক্রোমোজোম পরীক্ষা প্রয়োজন হতে পারে। এ পরীক্ষায় রক্তের নমুনা থেকে ক্রোমোজোমের সংখ্যা ও গঠন বিশ্লেষণ করা হয়। বারবার গর্ভপাত কিংবা আইভিএফ পদ্ধতিতে একাধিকবার ব্যর্থতার ইতিহাস থাকলেও চিকিৎসক এ ধরনের পরীক্ষা বিবেচনা করতে পারেন। এর মাধ্যমে প্রজননক্ষমতায় প্রভাব ফেলতে পারে এমন কিছু জিনগত সমস্যা শনাক্ত করা সম্ভব।

কেন আগে থেকেই পরীক্ষা জরুরি?

সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় শুধু নারীর নয়, পুরুষের স্বাস্থ্যগত অবস্থার দিকেও নজর দেওয়া জরুরি। তবে সবার জন্য সব পরীক্ষা বাধ্যতামূলক নয়। বয়স, শারীরিক অবস্থা, পূর্বের রোগের ইতিহাস এবং বীর্য পরীক্ষার ফল বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নির্ধারণ করেন। তাই নিজে থেকে পরীক্ষা বা ওষুধ শুরু না করে ইউরোলজিস্ট কিংবা পুরুষ প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। এতে সম্ভাব্য সমস্যা আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সহজ হয়।