ছবি : সংগৃহীত
নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। এরই মধ্যে শুরু হয়েছে এর শুটিং। এতে পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ।
বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে ওয়েব ফিল্মটির শুটিং চলছে।
গতকাল রোববার নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমণি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী।
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। এবার এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। তবে ‘সেপারেশন’-এ পরীমণির চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও মুখ খোলেননি নির্মাতা বা সংশ্লিষ্টরা।
জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে।
ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে কবে নাগাদ ‘সেপারেশন’ দর্শকের সামনে আসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
রাসেল মিয়া
কখনো সিনেমার প্রচারে রিকশা চালিয়ে, কখনো ঠেলাগাড়ি ঠেলে আবার কখনো নানা ব্যতিক্রমী কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন অভিনেতা রাসেল মিয়া। নিজের সিনেমার প্রচার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্ত- সব মিলিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন তিনি। এবার হঠাৎ করেই চলচ্চিত্র ও নাটকের জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন এই অভিনেতা। জানালেন, আল্লাহর কাছে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আবার ফিরে এসেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন রাসেল মিয়া।
সেখানে তিনি লেখেন, ‘আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম। আল্লাহ দয়া করে আমাকে রেখে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ!’এরপরই অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। রাসেল মিয়া লেখেন, ‘আজ থেকে আমার চলচ্চিত্র ও নাটকের কর্মস্থলের সকল কাজ থেকে আমি পুরোপুরি বিদায় নিলাম। তবে আমার সকল প্রিয় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সবসময় আল্লাহর জন্য যোগাযোগ থাকবে। ইনশাআল্লাহ! আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দিন।’
তবে কী ঘটেছিল তার জীবনে? কেন এমন সিদ্ধান্ত নিলেন, কিংবা আল্লাহর কাছে যাওয়ার কথা বলে ঠিক কী বোঝাতে চেয়েছেন—সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।
যেভাবে আলোচনায় এসেছিলেন রাসেল মিয়া
একসময় ইউটিউবে কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া রাসেল মিয়া পরবর্তী সময়ে চলচ্চিত্রে যুক্ত হন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া ‘ভাইয়ারে’ সিনেমার মাধ্যমে বড় পরিসরে আলোচনায় আসেন তিনি। সিনেমাটির নির্মাণের পাশাপাশি অভিনয়ও করেন রাসেল।
তবে সিনেমার গল্পের চেয়ে প্রচারণার ধরনই বেশি আলোচনার জন্ম দেয়। কখনো রিকশা চালিয়ে, কখনো ঠেলাগাড়ি ঠেলে সিনেমাটির প্রচার করেন তিনি। এমনকি সিনেমাটিকে ‘পাপমুক্ত’ বলে প্রচার এবং ‘অজু নিয়ে দেখা যাবে’—এমন বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন।
সিনেমাটির প্রচারণার সময় একটি প্রেক্ষাগৃহের সামনে তার কান্নার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় একদিকে যেমন তিনি আলোচনায় আসেন, অন্যদিকে নানা বিতর্কেরও জন্ম হয়।এরপর বিভিন্ন সময়ে নতুন সিনেমা ও ব্যতিক্রমী প্রচারণা নিয়ে সামনে এসেছেন রাসেল মিয়া। ২০২৫ সালে রকিবুল আলম রকিব পরিচালিত ‘গোয়ার’ সিনেমায় অভিনয় করেন তিনি। ছবিটির প্রচারণায় এফডিসির সামনে অসহায় মানুষদের নিজের হাতে রান্না করে খাবার পরিবেশন করেও আলোচনায় আসেন। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেন জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীরসহ অনেকে।
ব্যক্তিজীবন নিয়েও ছিল আলোচনা
শুধু অভিনয় কিংবা সিনেমার প্রচারণা নয়, ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন রাসেল মিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ বর্ষা চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি।
পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে রাসেল জানিয়েছিলেন, জীবনে আর বিয়ে করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত একা থাকার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন তিনি।
চলতি বছরের জুনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার খবরেও আলোচনায় আসেন এই অভিনেতা।
উদীচী শিল্পীগোষ্ঠীর শোভাযাত্রা। ছবি: সংগৃহীত
‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনের সড়কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে থাকছে পুনর্মিলনী ও সাংস্কৃতিক পরিবেশনা।
উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সংগীত বিভাগের শিল্পীরা জাতীয় সংগীত, সংগঠন সংগীত ও একটি গণসংগীত পরিবেশন করেন। পাশাপাশি কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। রিপন আচার্য শিশিরের গ্রন্থনা ও শিখা সেন গুপ্তার নির্দেশনায় পরিবেশিত এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেগুনবাগিচা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে বিকেল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ১০০ বছর আগে বাঙালি মুসলিম সমাজে প্রগতিশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষক ও লেখক মামুন সিদ্দিকি। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন, অধ্যাপক এম এম আকাশ এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী। সেমিনারটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের দ্বিতীয় দিনে শুক্রবার বিকেল ৩টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে উদীচীর নবীন-প্রবীণ কর্মীদের পুনর্মিলনী। বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।
সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হবে গীতি-আলেখ্য ‘উদীচী, প্রগতির পদাতিক’। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া উদীচীর শিল্পীদের পরিবেশনার পাশাপাশি দেশবরেণ্য শিল্পীদের একক ও সমবেত গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে গান পরিবেশন করবেন ভারতের পশ্চিমবঙ্গের তরুণ জনপ্রিয় শিল্পী আরাত্রিকা সিনহাও। পারিবারিক সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদীচী দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক আন্দোলন, গণমানুষের অধিকার এবং প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রেখে আসছে। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ঐতিহাসিক আন্দোলন ও প্রগতিশীল চিন্তাধারার চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অভিনেত্রী জয়া আহসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের প্রায়ই কাবু করেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবার ভক্তদেরকে সোজাসুজি তিনি দিয়ে বসলেন, কফি খাওয়ার আমন্ত্রণ! তবে রেখেছেন বিশেষ শর্ত— কফির বিল দিতে হবে ভক্তকেই!
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে এই আমন্ত্রণ জানান জয়া। ছবিতে তাকে দেখা যায় এক নজরকাড়া লুকে। সাদা রঙের পোশাকে তার লুকটি ছিল ক্যাজুয়াল। তবে কমতি ছিল না তার গ্ল্যামারের।
কখনও মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, আবার কখনও মিষ্টি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে; এভাবেই দিয়েছেন ছবিগুলোর পোজ। তার এমন সুন্দর মূহূর্তের সঙ্গ কে না চাইবে? সে ভেবেই হয়তো এবার সোজা ভক্তদেরই নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’
তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে মুহূর্তেই সাড়া পড়ে গেছে ভক্তদের। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মেতে উঠেছেন মজার সব মন্তব্যে। অনেকেই লিখেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই।সব মিলিয়ে জয়ার এই পোস্টটি বেশ আলোচনায়ই এসেছে, বিশেষ করে তার এই ‘সরল আমন্ত্রণ’-নিয়ে অভিনেত্রীর প্রশংসা করছেন অনেকে।
জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি তিনবার ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) জয় করেছেন। এছাড়া, অভিনয়ে অনবদ্য অবদানের জন্য বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন তিনি।
তানজিন নাহার তিশা
কোনো অনুমতি না নিয়ে ফেসবুকে বাদীর ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন (নাহার) তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বুধবার ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ তথ্য নিশ্চিত করেন।
শুভ্র সিনহা রায় বলেন, ‘নোটিশপ্রাপ্তির দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে বাদীর কোনো ছবি ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় তিশার বিরুদ্ধে মানহানি, সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হব।’
আইনি নোটিশে বলা হয়েছে, শাড়িকাণ্ডে অভিনয়শিল্পী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করা হয়েছে। মামলাগুলো চলমান। এর মধ্যে অভিনেত্রী তানজিন নাহার তিশা ২৭ অক্টোবর তাঁর ভেরিফায়েড ফেসবুক Tanjin Tisha নামের পেজ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছেন। এ ছাড়া বিবাদী তানজিন তিশা দেশের গণমাধ্যমকেও ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন।
নোটিশে আরও বলা হয়েছে, বাদীকে ২০২৫ সালের ৭ নভেম্বর বিবাদী তানজিন তিশা তাঁর ফেসবুক মেসেঞ্জারে ভাইরালের হুমকি দেন। সেখানে তিশা বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’ বাদী বলেন, তিশা তারই ধারাবাহিকতায় তাঁর ছবি নিজের ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন।
নোটিশে বলা হয়েছে, তিশা ফেসবুকে লেখেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাস্তবে বাদী ও ছবি শেয়ার করা অপর নারী সম্পর্কে বোন নন। তিশা অপর নারীকে বোন বানিয়ে সামাজিক মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে তাঁদের মধ্যে পরিচয় রয়েছে। তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে বাদীর মানহানি ঘটিয়ে যাচ্ছেন।
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
নোটিশে আরও বলা হয়েছে, তিশা তাঁর ফেসবুক পোস্টে দুজন মাইনরের ছবি প্রকাশ করেছেন—এসব ছবি প্রকাশের ক্ষেত্রে বাদীর ও শিশুর পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি। যা সাইবার সুরক্ষা আইন ২০২৩–এর সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে ২৬ অক্টোবর অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা মামলাটি তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছেন আগের মামলার বাদী সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। এ মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
ছবি : সংগৃহীত
জন্মদিনের জমকালো আয়োজন, সংগীতের তালে নাচ আর ভক্তদের উচ্ছ্বাস সব মিলিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী পরীমনি। তার জন্মদিনের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা গেছে এক ব্যক্তিকে। কে তিনি, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
জীবনযাপনে নিজের ইচ্ছেকেই প্রাধান্য দেন পরীমনি। প্রতিবছর জন্মদিন এলেই ঘটা করে উদ্যাপন করেন তিনি। দেশের অন্য তারকাদের ক্ষেত্রে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। এবারও ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই অভিনেত্রী।
জন্মদিনের পার্টিতে পরীমনির নাচ থাকবে না, তা যেন ভাবাই যায় না। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার তুলনামূলক ঠান্ডা মেজাজের সংগীতের তালে নাচতে দেখা গেছে তাকে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুকে নাচের ভিডিওটি পোস্ট করেন পরীমনি। এতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে সংগীতের তালে নাচের মুদ্রা দিচ্ছেন অভিনেত্রী। তাদের নাচ উপভোগ করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিওর শেষ দিকে পরীমনিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। মাত্র এক ঘণ্টায় এর ভিউ চার লাখ ছাড়িয়ে যায়। ভিডিওর নিচে ভক্তদের নানা মন্তব্যও চোখে পড়ে। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’
আরেকজন লিখেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’ এর আগে এক জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচেছিলেন পরীমনি। এবারও সেই নাচের কথা স্মরণ করেছেন কেউ কেউ।
ভিডিওতে পরীমনির নাচের সঙ্গী গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। নিজের ড্যান্স প্রতিষ্ঠান ছাড়াও তার একটি ফ্যাশন হাউজ রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমনির সঙ্গে তার সখ্য রয়েছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
এদিকে জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। ছবিটির শুটিংয়ের কাজও অনেকখানি সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি। ছবিঃ সংগৃহীত
প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামত করতে গিয়ে আগুন লাগার ঘটনায় করা মামলায় তার পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
কারাগারে পাঠানো দুজন হলেন মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলামের দাবি, গাড়িটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়নি।
তার ভাষ্য, ২০০৮ সালে মান্নার মৃত্যুর পর গাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। সেটি মেরামতের সময় যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। আজকে তাদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন মান্নার স্ত্রী। গাড়ি থেকে তেল পড়ায় ভবন কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পরে মান্নার স্ত্রী ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামত করতে বলেন।
অভিযোগে বলা হয়েছে, সেই নির্দেশনা অনুসরণ না করে সোমবার মামুন টেকনিশিয়ান সোহেলকে নিয়ে ভবনের গ্যারেজেই গাড়ি মেরামতের কাজ শুরু করেন। সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। পাশের একটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা ও গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের কয়েকটি অংশের কাচও ভেঙে যায়। এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভবনটির ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। পরে বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। বাইরে নিয়ে মেরামতের কথা থাকলেও মেকানিক ডেকে ভবনের গ্যারেজেই কাজ শুরু করা হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চিত্রনায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন