চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গতকাল শুক্রবারও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:০০ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের চতুর্থ দিনে গতকাল  শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 


একই দাবিতে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। পাশাপাশি চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে তারাও কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে।


এদিকে, গতকাল উপাচার্য পদে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদান প্রত্যাখ্যান করে গতকাল দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক মিলনায়তন থেকে তাদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিল শেষ হয়। 


বিকেলে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা। বিভিন্ন রং ও প্রতীকী চিত্রের মাধ্যমে এসব গ্রাফিতিতে শিক্ষার্থীদের দাবি, ক্ষোভ ও চলমান আন্দোলনের নানা বার্তা তুলে ধরা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোও পরিণত হচ্ছে আন্দোলনের দৃশ্যমান ক্যানভাসে। এই কার্যক্রম আজও চলবে।


এর আগে ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই দিন রাত থেকেই ক্যাম্পাসে প্রতিবাদ শুরু হয়। পরদিন থেকে টানা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।


কর্মবিরতির ঘোষণা শিক্ষক সমিতির


সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে চান না বলেও জানিয়েছে সংগঠনটি।


গত বৃহস্পতিবার রাতে শিক্ষক সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ওই রাত থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে।


এর আগে একই দিন অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেন। পরে বিকেল ৩টায় শিক্ষক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক সায়েম তাঁর গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।


এ সময় নবনিযুক্ত উপাচার্য সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।


রাতে শিক্ষক সমিতির সভা শেষে তিনি আরও জানান, অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো চালু থাকবে।


কর্মকর্তাদেরও কর্মবিরতি


উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গতকাল সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট কর্মকর্তা সমিতি। তবে জরুরি সেবা ও সরকারি সেবা কার্যক্রমের আওতাভুক্ত কার্যক্রম কর্মবিরতির বাইরে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। 


গতকাল অনুষ্ঠিত কর্মকর্তা সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক অবস্থান ও দাবির প্রতি এবং শিক্ষক সমিতির গৃহীত সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছে। 


উপাচার্য পদে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, তা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পারস্পরিক মর্যাদা এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার দায়িত্ব সবার। একই সঙ্গে চুয়েটের সদস্যদের নিয়ে সামাজিক মাধ্যম ও প্রচারমাধ্যমে প্রচারিত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী মো. ইকরাম বলেন, আমাদের চুয়েট একটা পরিবার। ছাত্ররা শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষকরাও কর্মবিরতি দিয়েছেন। আমরাও তাই তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছি।




ঢাকা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মানচিত্র দেখুন


মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।


পূর্বানুমতি ছাড়া গত ১০ নভেম্বর কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।


বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা আগামীকাল ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের  অনুরোধ করা হয়েছে।মানচিত্র দেখুন


উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহণ, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট পালনের নির্দেশ দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।


শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বাতিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে।


এদিকে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।


এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৮ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।


নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।


দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।


প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।


নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। সেই অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।


সালাহউদ্দিন আম্মার

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’। এতে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভীকে সদস্য সচিব করা হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সদস্য সচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব, কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহ-কর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।


এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ এবং সহ-আইন সম্পাদক পলাশ মিয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।


প্রসঙ্গত, রাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। পরে গত ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মটির ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৬ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের চারদিন ব্যাপী ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 


‎​মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষদ সংলগ্ন ধূমকেতু মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার উদ্বোধন করেন।


‎উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ​মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন অনুষদের সকল বিভাগের শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ। 


‎


‎ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, 'দীর্ঘদিন পর মাৎস্যবিজ্ঞান অনুষদে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি করা। খেলাধুলা বিনোদনের অন্যতম সুন্দর মাধ্যম। পাশাপাশি খেলার মাঠে কোনো ধরনের বিবাদ সৃষ্টি হলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে।'


‎​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, 'শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক মানসিকতা গঠনে খেলাধুলার বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহনশীলতার অভাব দেখা যাচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।'

‎

আয়োজক সূত্রে জানা যায়, অনুষদের চার শিক্ষাবর্ষের মোট চারটি দলের অংশগ্রহণে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপনী ঘটবে। এছাড়া প্রতিটি দলের সার্বিক দিক নির্দেশনায় দুইজন করে শিক্ষক ‘টিম ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করছেন।


খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৯ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি-২০২৭ তারিখে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।

ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ku.ac.bd) প্রকাশ করা হবে।


  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৮ পিএম

'মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব-নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা।’—এমন মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, ওয়েবিনার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর তাৎপর্য অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে।’ তিনি আরও বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন। ময়মনসিংহ বিভাগে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে। শিক্ষাজীবন শেষেও এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন


র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন।


র‌্যালি শেষে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলির রচিত ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা’ গ্রন্থটি ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। ঐতিহাসিক এ প্রকাশনাকে স্মরণ করে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালন করা হয়। হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক ও নিরীক্ষকসহ হিসাববিজ্ঞান পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিতেই দিবসটি উদ্‌যাপন করা হয়।