বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

  • প্রকাশ : রবিবার ২৪ মে, ২০২৬, সময় : ১২:৩১ এএম

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। 


প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদে ৬০০ ঘণ্টার হবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান। নির্ধারিত ৮টি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন। 


প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।


অনলাইনে আবেদন আগামী ১৫-৬-২০২৬ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। 


বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএস নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।


শিক্ষাগত যোগ্যতা-


১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।


এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। 


প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত (১ জুলাই ২০২৬ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৬) পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘণ্টা) মেয়াদি ৬০০ ঘণ্টাব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তিতে দেশের ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী অনলাইনে আবেদন করতে পারবেন।


অনলাইনে আবেদনের লিংক


লিখিত ও মৌখিক পরীক্ষা কবে-


বৈধ আবেদনকারীদের আগামী ২০-৬-২০২৬ (শনিবার) তারিখে লিখিত পরীক্ষা এবং ২১-০৬-২০২৬ (রোববার) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। 


চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪-৬-২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।


প্রশিক্ষণার্থীরা পাবেন ফি-


এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।





বাম দিক থেকে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৯:৩৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী নিয়োগ পেয়েছেন। 


সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। তারা যোগদানের তারিখ থেকে চার বছর নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।


এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নিজ নিজ পদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন। এছাড়াও তিনি ইউট্যাব, ইবি শাখার কার্যনির্বাহী সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সক্রিয় ভূমিকা রাখেন।


অন্যদিকে, নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।


দায়িত্ব পাওয়ার পর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, “ভাইস চ্যান্সেলর মহোদয়কে সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং বিশ্বদরবারে বিশ্ববিদ্যালয়কে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব।”


  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৪:১৫ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে দিন দিন বেড়েই চলেছে পথকুকুরের উৎপাত। বিশ্ববিদ্যালয়ের পকেট গেট থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা মালেক উকিল হল, আবদুস সালাম হল, নবাব ফয়জুন্নেছা হলসহ প্রায় পুরো ক্যাম্পাসজুড়ে কুকুরের অবাধ বিচরণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।


শিক্ষার্থীদের অভিযোগ, কুকুরগুলো প্রায়ই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। অনেক সময় পথচারীদের ধাওয়া করে এবং আক্রমণাত্মক আচরণও করে। বিশেষ করে মালেক উকিল হল ও আবদুস সালাম হলসংলগ্ন সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছেন।


সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পকেট গেটসংলগ্ন এলাকায় কুকুরের কামড়ে দুই শিশু আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।


একাধিক শিক্ষার্থী জানান, কুকুরের কারণে হল এলাকায় স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। তাঁদের ভাষ্য, "হলের সামনে ও আশপাশে প্রায় সব সময়ই কুকুরের অবস্থান থাকে। কিছু কুকুরকে অসুস্থ বলেও মনে হয়। এতে জলাতঙ্কসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি নিয়েও আমরা শঙ্কিত।"


এক নারী শিক্ষার্থী বলেন, "কুকুরের ভয়ে ক্যাম্পাসে নিশ্চিন্তে হাঁটতে পারি না। কোনো ধরনের উসকানি ছাড়াই অনেক সময় কুকুর তেড়ে আসে এবং ধাওয়া করে। শান্তি নিকেতন এলাকা দিয়ে একা চলাচল করতেও ভয় লাগে। একাধিকবার অল্পের জন্য কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেয়েছি।"


এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মন্তব্যে এক শিক্ষার্থী লিখেছেন, "নবাব ফয়জুন্নেছা হলের রুমের সামনেও কুকুরের অবস্থান থাকে। বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর পরও হল প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি।"


শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পথকুকুর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও মানবিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কুকুরগুলোর টিকাদান, চিকিৎসা, নির্বীজন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। সোমবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে ঘোষিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। উদ্বেগ জানান পরীক্ষার্থী ও অভিভাবকরাও। এরপর শিক্ষামন্ত্রী চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান।


সেসময় বোর্ডকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়। এরপর মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল ৩০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হতে পারে। তা না হলে আগস্টে গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠান থাকায় ফল প্রকাশ আরও পিছিয়ে যেতে পারে।


চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এবার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।


গত ২১ এপ্রিল এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। বিগত বছরগুলোর তুলনায় এবার এসএসসিতে বহিষ্কার ছিল খুবই কম।


ছবিঃ সংগৃহিত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৩:২১ পিএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর অংশগ্রহণ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে শুধু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের মঞ্চে আসন ও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।


রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের  (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উক্ত ঘটনা ঘটে। 


অনুষ্ঠানের একপর্যায়ে ছাত্রনেতাদের বক্তব্য পর্বে কেবল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদে শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্লোগান দিতে দিতে অনুষ্ঠান বর্জন করেন। এ সময় তারা প্রশ্ন তোলেন, এটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান নাকি কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠনের কর্মসূচি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহাদী আমিন, সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য সানজিদা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 


ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আতিকুর রহমান বলেন, “নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অনুষ্ঠান; এটি কোনো দলীয় কর্মসূচি নয়। অথচ জুলাইয়ের পূর্বের মতো আবারও একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা বৈষম্যহীন ক্যাম্পাস গঠনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। জুলাই আন্দোলনে বিভিন্ন মত ও সংগঠনের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে যে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, প্রশাসনের দায়িত্ব ছিল সেই অন্তর্ভুক্তিমূলক পরিবেশকে আরও শক্তিশালী করা। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসন যদি বৈষম্যমূলক অবস্থান গ্রহণ করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সব ছাত্রসংগঠন ও শিক্ষার্থীর জন্য সমান মর্যাদা, সমান সুযোগ এবং বৈষম্যহীন ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানাই।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আসাদুল্লাহ বলেন, “জুলাই এসেছিল বৈষম্য দূর করার জন্য। কিন্তু এখানে আমরা দেখছি প্রশাসন আবারও বৈষম্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। অতীতের মতো আজও একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের বক্তব্যের সুযোগ না থাকলে কারওই থাকা উচিত নয়। আর যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তা সব সংগঠনের জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে। শুধুমাত্র একটি দলকে সুযোগ দেওয়া দৃশ্যত বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদেই আমরা আজকের অনুষ্ঠান বর্জন করেছি।”


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, “সময় স্বল্পতার কারণে আমরা অন্যান্য ছাত্রসংগঠনকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি। বিষয়টি তাদের আগের রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল। এত বড় একটি আয়োজনে ছাত্রদের এ ধরনের আচরণ কাম্য ছিল না।”



ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ৯:৩৪ এএম

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আবার শুরু হচ্ছে। একই সঙ্গে দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বোর্ডের রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটিতে অনুষ্ঠিত হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা।


বন্যা–পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাও স্থগিত করা হয়।


পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে স্থগিতাদেশের আগে অনুষ্ঠিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি প্রকাশ করে পরে নেওয়া হবে।


চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।


  • প্রকাশ : সোমবার ২৭ জুলাই, ২০২৬, সময় : ১:৩৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন দাবি করেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির একটি অভ্যন্তরীণ সমঝোতা ছিল। সেই সমঝোতার অংশ হিসেবেই সরকার গঠনের পরও নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে রাষ্ট্রপতির পদে বহাল রাখা হয় এবং বর্তমানে তাকে ‘সেফ এক্সিট’ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।


রোববার (২৬ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


আখতার হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কমান্ড রেসপনসিবিলিটির জায়গা থেকে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা ছিল। তার অভিযোগ, সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন।


তিনি আরও দাবি করেন, অতীতে সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগও তুলে তিনি বলেন, লন্ডনে অবস্থানকালে সাবেক রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও তারা জেনেছেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয়ে দায়মুক্তি ভোগ করেন। তবে পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।


এ প্রসঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উদাহরণ টেনে বলেন, রাষ্ট্রপতির পদ ছাড়ার কয়েক দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাই রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর ব্যক্তিগত কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত বা আইনি পদক্ষেপ গ্রহণে সাংবিধানিক কোনো বাধা নেই বলে তিনি মন্তব্য করেন।


আখতার হোসেন আরও বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় এতদিন সাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে তদন্ত হয়নি। এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন।


তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি শুধু রাজনৈতিকভাবেই বিতর্কিত নন, আর্থিক অনিয়মের সঙ্গেও জড়িত ছিলেন। তার দাবি, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার ঘটনায় সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা ছিল। এছাড়া বিদেশে সম্পদ গড়া এবং ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগও করেন তিনি।


এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।


সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 সরকারি চাকরিগুলোর নিয়োগ যেন দলীয়করণ থেকে মুক্ত থাকে