বিশ্বব্যাংক

  • প্রকাশ : মঙ্গলবার ০৬ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৫৩ পিএম

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৪ শতাংশ। জ্বালানি ও আর্থিক খাতের দুর্বলতা এবং কম রাজস্ব আহরণে ২০২৩ সাল থেকে প্রবৃদ্ধি মন্থর হয়ে আছে। আজ প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’-এ বিশ্বব্যাংক এ কথা জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বিনিয়োগ কমেছে, রপ্তানি গতি হারিয়েছে। উচ্চ মূল্যস্ফীতিতে ক্রয়ক্ষমতা কমেছে, বেড়েছে ব্যবসার খরচ। তবে রেমিট্যান্স ও রিজার্ভ উন্নত হওয়ায় বাহ্যিক খাত স্থিতিশীল ছিল। জ্বালানি সরবরাহ ধীরে ধীরে সহজ হলে এবং সংস্কার গতি পেলে ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।


বিশ্বব্যাংক বলছে, ২০২৫-২৬ অর্থবছরে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যে পড়েছে। কর্মসংস্থান থমকে গেছে, নারীরা চাকরি হারিয়েছেন। খেলাপি ঋণের হার ২০২৫ সালের ডিসেম্বরের ৩০ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের জুনে ৩৩ দশমিক ২ শতাংশ হয়েছে। 


প্রতিবেদনে বলা হয়, জিডিপির ৮ দশমিক ৩ শতাংশ রাজস্ব আহরণ বিশ্বের সর্বনিম্নগুলোর একটি। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি আগের অর্থবছরের ৩ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে।


বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, বেসরকারি বিনিয়োগনির্ভর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ফিরতে ব্যাংকিং, রাজস্ব আহরণ এবং জ্বালানি খাতে দ্রুত ও সাহসী সংস্কার দরকার। দরিদ্রদের সুরক্ষা ও ভালো কর্মসংস্থানের জন্য এখনই পদক্ষেপ নেওয়ার সময়।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামাজিক সুরক্ষা, জ্বালানি ও কৃষিতে ভর্তুকি থাকলেও সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায় অর্ধেক কোনো সুরক্ষা কর্মসূচির আওতায় নেই। প্রতিবেদনে ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। একাধিক খাদ্য ভর্তুকি একীভূত করা এবং ফ্যামিলি কার্ডের সঙ্গে নগদ সহায়তা কর্মসূচির উন্নত লক্ষ্যনির্ধারণ যুক্ত করলে আরও ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে তোলা সম্ভব।


একই দিন প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক আপডেট’ অনুযায়ী, ২০২৬ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ, আর ২০২৭ সালে তা কমে ৬ দশমিক ৭ শতাংশ হবে।


বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বলেন, এআই মূল্য শৃঙ্খলার সুযোগ কাজে লাগাতে দক্ষতা, অবকাঠামো ও সহায়ক পরিবেশে বিনিয়োগ করতে হবে।


এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিস্কা ওনসর্গে বলেন, এআই শ্রম উৎপাদনশীলতা ও রপ্তানি সম্ভাবনা বাড়াতে পারে, তবে এজন্য মৌলিক ঘাটতিগুলো দূর করতে হবে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১৮ পিএম

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।


প্রস্তাবটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। সমঝোতায় পৌঁছাতে প্রস্তাব সংশোধন করে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আখতার এসব কথা বলেন।


তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা।বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’


তিনি আরও বলেন, সভা শেষ না করে প্রয়োজনে মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসতে চান তারা। প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে শ্রমিকপক্ষের। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে উভয়পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।


মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আখতার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।আলোচনায় ২০২৩ সালের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রসঙ্গও তুলে ধরেন শ্রমিকপক্ষের এই প্রতিনিধি। তিনি বলেন, ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা।বাবুল আক্তারের ভাষ্য, আগের বারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।তিনি আরও বলেন, এবার তাদের দাবির পক্ষে সব শ্রমিক ফেডারেশন মিলে যৌক্তিক অবস্থান নিয়েছে। তবে শিল্পের স্বার্থে এবং আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে তাদের প্রস্তাবও কিছুটা সংশোধনের প্রয়োজন হতে পারে।


শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা চললেও শ্রমিকদের আন্দোলন থেমে নেই বলে জানান বাবুল আখতার। তার মতে, নভেম্বরের শুরু থেকে, এমনকি তারও আগে থেকে চলমান এই আন্দোলনের সঙ্গে মজুরি বোর্ডের সভা হওয়া বা না হওয়ার বিষয়টি সরাসরি সম্পর্কিত নয়।


তবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি হবে। উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়। শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাদের দাবির প্রতি সহানুভূতি থাকলেও উৎপাদন অব্যাহত রাখা জরুরি।আলোচনায় মালিকপক্ষের দেওয়া তথ্যের বরাত দিয়ে রপ্তানি খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতির কথা উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, শ্রমিকরা কাজে যোগ না দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, যা শেষ পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধের সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে।


তবে ন্যূনতম মজুরি কত নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা অব্যাহত রেখে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোই এখন উভয় পক্ষের সামনে প্রধান লক্ষ্য, বলে জানান এ শ্রমিক নেতা।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৫ এএম

টানা কয়েকদফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা। সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।


নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। আজ এ দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।


সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।




সর্বশেষ সব খবর

মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪১ পিএম

এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার অধ্যাদেশে ‘কিছু ত্রুটি ছিল’ বলে জানিয়েছেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। এসব ত্রুটি সংশোধন করে নতুন বিল হিসাবে সেটি সংসদে তোলার জন্য ‘প্রায় প্রস্তুত’ বলেও তথ্য দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে র‌্যাপিড আয়োজিত ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ : ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


খায়েরুজ্জামান মজুমদার আরও বলেন, সংশোধিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এনবিআর কর্মকর্তাদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি নিশ্চিত করবে যে, নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের কাজ একই ব্যক্তির হাতে থাকবে না। ফলে নীতিমালা প্রণয়নে জাতীয় অগ্রাধিকারগুলো আরও ভালোভাবে প্রতিফলিত হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর হবে।


অর্থসচিব খায়েরুজ্জামান বলেন, জমির নিবন্ধন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে গঠিত কমিটি আগামী মাস থেকে জমির প্রকৃত বাজারদর যাচাই করে মৌজা রেট নির্ধারণের কাজ শুরু করবে। জেলা প্রশাসকের নেতৃত্বে এ কমিটিতে ইউএনও, এনবিআর প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। প্রকৃত বাজারদরের ভিত্তিতে মৌজা রেট নির্ধারণের পর নিবন্ধন করের হার কমানোর পরিকল্পনা রয়েছে। এতে জমির প্রকৃত মূল্য অনুযায়ী রাজস্ব আদায় বাড়বে, পাশাপাশি অপ্রদর্শিত অর্থের প্রবণতাও কমবে।

রাজস্ব আদায়ের বিপুল সম্ভাবনা

র‌্যাপিডের হিসাবে, ২০২১-২২ অর্থবছরে ব্যক্তি আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। কিন্তু প্রকৃত আদায় হয়েছে মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ ঘাটতি ৩ দশমিক ৮৭ শতাংশ। একইভাবে অভ্যন্তরীণ ভ্যাট থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ, আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ। এ ক্ষেত্রে ঘাটতি ২ দশমিক ০২ শতাংশ। শুধু ব্যক্তি আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটেই সম্ভাব্য অনাদায়ী রাজস্ব জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। 


গবেষণায় বলা হয়েছে, বিদ্যমান আইন যথাযথভাবে কার্যকর করা গেলে কর-জিডিপি অনুপাত প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব। তবে এতে করপোরেট আয়কর, আমদানি পর্যায়ের ভ্যাট ও অন্যান্য কর অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সামগ্রিক রাজস্ব আহরণের সম্ভাবনা আরও বেশি। অনুষ্ঠানে এনবিআরের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা, এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গার্ডেস এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৩ পিএম

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ২১ মাস পর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় ১০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৪ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার।


গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯২ কোটি ৫১ লাখ ৮০ হাজার ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ২৫ শতাংশ। আর আগের প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের তৈরি পোশাক খাতের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সময়ে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ দশমিক ৭৯ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতের রপ্তানি আয়ের মধ্যে নিট পোশাকের অবদান ছিল ৫৯৪ কোটি ৪০ লাখ ডলার এবং ওভেন পোশাকের অবদান ৪৬০ কোটি ১১ লাখ ৬০ হাজার ডলার।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় নিট পোশাক রপ্তানি আয় বেড়েছে ৭ দশমিক ০২ শতাংশ। আর ওভেন পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। আগের প্রান্তিকের তুলনায় নিট পোশাক রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ০৮ শতাংশ। তবে ওভেন পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ০৫ শতাংশ।খাতসংশ্লিষ্ট বাজার বিশ্লেষণে দেখা যায়, নিট পোশাকের রপ্তানি আয় বৃদ্ধিতে আন্তর্জাতিক বাজারে চাহিদার সাময়িক পুনরুদ্ধার, প্রধান রপ্তানি গন্তব্যগুলোতে চালান বৃদ্ধি এবং পণ্য জাহাজীকরণের অনুকূল সময় ভূমিকা রেখেছে। তবে বৈশ্বিক পোশাকের বাজারে চাহিদার অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা এখনো এ খাতের জন্য চ্যালেঞ্জ হয়ে রয়েছে।


৯ দেশে ৭২ শতাংশ রপ্তানি


বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, ইতালি ও বেলজিয়াম। আলোচ্য তিন মাসে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭৬০ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ডলার। যা দেশের মোট পোশাক রপ্তানি আয়ের ৭২ দশমিক ১১ শতাংশ।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২২১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। জার্মানিতে ১১১ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার, যুক্তরাজ্যে ১২৮ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ডলার এবং স্পেনে ১১৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলার।


এ ছাড়া ফ্রান্সে ৪৪ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, ইতালিতে ৩১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ডলার, বেলজিয়ামে ১২ কোটি ৯৭ লাখ ডলার, নেদারল্যান্ডসে ৫৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার এবং কানাডায় ৩৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে।


প্রধান বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৮৫ দশমিক ৬৯ শতাংশই ছিল তৈরি পোশাক। জার্মানিতে এ হার ৯২ দশমিক ১৩ শতাংশ, যুক্তরাজ্যে ৯৪ দশমিক ৩২ শতাংশ এবং স্পেনে ৯৫ দশমিক ৭৯ শতাংশ। অর্থাৎ এসব দেশের বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই তৈরি পোশাকনির্ভর।


কাঁচামাল আমদানি বাদে নিট আয় ৬৭৭ কোটি ডলার


তৈরি পোশাক রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে ৩৭৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ডলার। এর মধ্যে রয়েছে তুলা, কৃত্রিম ও মিশ্র তন্তু, সুতা, কাপড় এবং পোশাক তৈরির বিভিন্ন উপকরণ।


রপ্তানি আয় থেকে কাঁচামাল আমদানির ব্যয় বাদ দিলে আলোচ্য সময়ে এ খাতের নিট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬৭৭ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার। আগের প্রান্তিকের তুলনায় এ আয় বেড়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ। আর গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ। মোট পোশাক রপ্তানি আয়ের ৬৪ দশমিক ২০ শতাংশ ছিল নিট রপ্তানি আয়।


জিডিপিতে অবদান ৭.৮২ শতাংশ:বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের গুরুত্ব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। ওই অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৮৯৬ কোটি ৯৭ লাখ ২০ হাজার ডলার। তবে আগের অর্থবছরের তুলনায় রপ্তানি আয় কমেছে শূন্য দশমিক ৯৬ শতাংশ।


প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা পোশাক খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া কয়েকটি প্রধান ইউরোপীয় ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি পরিস্থিতির ওঠানামা এবং নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা খাতটির ঝুঁকি বাড়াচ্ছে।


এ পরিস্থিতিতে রপ্তানি বাজারের বহুমুখীকরণ, উচ্চ মূল্য সংযোজিত পোশাক উৎপাদন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও মানসম্মত পণ্য উৎপাদন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৯ পিএম

জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নতুন কাঠামোয় এ বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হবে। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়। প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। এতে বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। বিপরীতে বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৭২ হাজার টাকা হয়েছে। এর আগে ১০ বছর পূর্বে জারি করা জেএসআই ০১/২০১৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো। এবারও মূলত একই পদ্ধতি অনুসরণ করে নতুন বেতন-ভাতা কাঠামো নির্ধারণ করা হয়েছে।


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি হওয়া সত্ত্বেও একটি মহল বেতনবৈষম্যের বিষয়টি সামনে এনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। অথচ নতুন নির্দেশনায় আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জনপ্রশাসনসহ দেশের বিভিন্ন খাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বেতনের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। সেই কাঠামোগত বাস্তবতা বিবেচনায় রেখেই বিভিন্ন সময়ে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।


যৌথ বাহিনী নির্দেশাবলি অনুযায়ী, নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে, যা ১০২ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি। এ ছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়েছে ৫০ শতাংশ। তবে সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা বৃদ্ধির হার নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। সংশ্লিষ্টদের দাবি, সন্তোষজনক হারে ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে, যা সদস্যদের আর্থিক সুবিধা বাড়াবে।


অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।


এদিকে হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেল, শ্রেণিবৈষম্য এবং কাঠামোগত পার্থক্য নিয়ে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের কিছু দাবিও রয়েছে। এসব দাবি ও অসামঞ্জস্যতা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সমাধান হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে কোনো কর্মচারী পদোন্নতি কিংবা সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেলে সরাসরি পরবর্তী গ্রেডের পূর্ণ ভার্টিক্যাল পে-স্কেলে প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কিন্তু সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। ফলে পদোন্নতি না পেলে একই পদে থেকে ১৯-২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করতে হয়। এতে দীর্ঘদিন একই পদে কর্মরত সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা (জেসিও) আর্থিকভাবে তুলনামূলক পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।


এ ছাড়া ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের ভার্টিক্যাল পে-স্কেলের সঙ্গে তাঁদের বেতন কাঠামোর সমন্বয় নেই বলেও দাবি উঠেছে।


এ বিষয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের তুলনায় ভিন্ন। বাহিনীর শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির হয়ে না পড়ে, সে জন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে। এর ফলে একজন সৈনিক একই পদে থেকেও ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অন্যদিকে, অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।


দীর্ঘদিনের এসব অসামঞ্জস্যতা নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামোর বিভিন্ন অসংগতি ও সদস্যদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের লক্ষ্যে একটি সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৭ পিএম

দেশের বাজারে সোনার দাম কমলেও সৌদি আরবের সঙ্গে দামের পার্থক্য এখনো বেশ বড়। বর্তমানে বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অন্যদিকে সৌদি আরবে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার ৪৯৩ টাকা। অর্থাৎ দুই দেশের দামের পার্থক্য প্রায় ৪৪ হাজার ৪৭১ টাকা।


একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বাংলাদেশে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। সৌদি আরবে বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ লাখ ৪৩ হাজার ৬৫৩ টাকা। সে হিসাবে প্রতি ভরিতে দামের ব্যবধান প্রায় ৪২ হাজার ৫৬৩ টাকা।দুই দেশের বাজারে সোনার দামের এই পার্থক্যের কারণে বিদেশ থেকে দেশে ফেরার সময় অনেকেই সোনার গহনা কিনে আনতে আগ্রহী হন। কেউ হজ বা ওমরাহ করতে গিয়ে নিজের জন্য সোনা কেনেন, আবার কেউ প্রবাসী আত্মীয়স্বজন বা পরিচিতজনের মাধ্যমে দেশে সোনা আনান। তবে বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা ও নির্ধারিত শুল্ক দিয়ে আনার নিয়ম জানা জরুরি।


সৌদি থেকে কীভাবে সোনা আনবেন

সৌদি আরব থেকে সোনা আনার কয়েকটি বৈধ উপায় রয়েছে। নিজের ভ্রমণের পাশাপাশি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন বা পরিচিত প্রবাসীর মাধ্যমেও সোনা আনা সম্ভব। তবে যে ব্যক্তির মাধ্যমে সোনা আনা হবে, তাকে যাত্রী হিসেবে দেশে ফিরতে হবে এবং তার নামে প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা মানতে হবে।

সাধারণত যেসব মাধ্যমে সৌদি আরব থেকে সোনা আনা যায়

১. হজে গিয়ে: হজ পালনের জন্য সৌদি আরব গেলে দেশে ফেরার সময় নিজের জন্য সোনার গহনা কিনে আনা যায়।


২. ওমরাহ করতে গিয়ে: ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেলে সেখানকার সোনার দোকান থেকে গহনা কিনে দেশে আনার সুযোগ রয়েছে। কেনার সময় রসিদ ও গহনার বিশুদ্ধতার তথ্য সংরক্ষণ করা ভালো।


৩. আত্মীয়স্বজনের মাধ্যমে: পরিবারের কেউ বা আত্মীয়স্বজন সৌদি আরবে গেলে তার মাধ্যমে সোনার গহনা আনানো যেতে পারে। তবে তার নিজস্ব যাত্রীসুবিধার সীমা ও ঘোষণার নিয়ম প্রযোজ্য হবে।


৪. প্রবাসী পরিচিতজনের মাধ্যমে: সৌদি আরবে বসবাসকারী পরিচিত কেউ ছুটিতে দেশে ফিরলে তার মাধ্যমেও সোনা আনা সম্ভব। এ ক্ষেত্রেও যিনি সোনা বহন করবেন, তার নামে প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে হবে।


৫. অন্য দেশে ভ্রমণকারী যাত্রীর মাধ্যমে: শুধু সৌদি আরব নয়, অন্য কোনো দেশ থেকে দেশে ফেরা যাত্রীর মাধ্যমেও সোনা আনা যায়। তবে সোনার উৎস, ক্রয়মূল্য ও কাস্টমসের নিয়ম মেনে চলতে হবে।


এ ছাড়া যাত্রীর সঙ্গে না আসা ব্যাগেজ হিসেবেও নির্দিষ্ট শর্তে পণ্য আনার বিধান রয়েছে। তবে এ ক্ষেত্রে আগাম ঘোষণা, বুকিংয়ের প্রমাণ এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়।


বিদেশ থেকে কতটুকু সোনা আনা যাবে

বিদেশ থেকে দেশে ফেরার সময় সোনার গহনা ও স্বর্ণবার আনার নিয়ম এক নয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫ সালের অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার শুল্ক-কর ছাড়াই আনতে পারবেন। তবে একই ধরনের অলংকার ১২টির বেশি হওয়া যাবে না।


অর্থাৎ ১০০ গ্রাম সোনার গহনা আনতে কোনো শুল্ক দিতে হবে না। প্রচলিত হিসাবে এই পরিমাণ প্রায় ৮ ভরি ১০ আনা। তবে এই সুবিধা পেতে কাস্টমসের কাছে ঘোষণা দিতে হবে।


অন্যদিকে, শুল্ক দিয়ে সোনার বার বা সোনার পিণ্ড আনার সুযোগ রয়েছে। একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা বা ১১৭ গ্রাম সোনার বার আনতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক তোলার জন্য ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। অর্থাৎ ১০ তোলা স্বর্ণবার আনতে শুল্ক দিতে হবে ৫০ হাজার টাকা।


বিমানবন্দর দিয়ে কীভাবে সোনা আনবেন

বিদেশ থেকে দেশে ফেরার সময় যাত্রীকে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে তথ্য দিতে হয়। ২০২৫ সালের বিধিমালা অনুযায়ী, বিদেশ থেকে আসা সব যাত্রীর জন্য ব্যাগেজ ঘোষণা ফরম পূরণের বিধান রয়েছে। ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, আগমনের তারিখ, ফ্লাইট নম্বর, ব্যাগেজের সংখ্যা ও কোন দেশ থেকে এসেছেন—এসব তথ্য দিতে হয়।


সোনার গহনা বা স্বর্ণবার থাকলে ফরমে তা উল্লেখ করতে হবে। শুল্কযোগ্য পণ্য থাকলে বিমানবন্দরের রেড চ্যানেলে গিয়ে কাস্টমস কর্মকর্তাকে জানাতে হবে। আর শুল্কযোগ্য পণ্য না থাকলে গ্রিন চ্যানেল ব্যবহার করা যায়।


সৌদি আরব ও বাংলাদেশের সোনার দামের পার্থক্য

সৌদি আরব থেকে সোনা আনার অন্যতম আকর্ষণ দুই দেশের দামের পার্থক্য। ২১ নভেম্বরের বাজারদর অনুযায়ী, সৌদি আরবে ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৩৭৩ দশমিক ২১ রিয়াল। সে হিসাবে এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৫৩ দশমিক ১২ রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৩ হাজার ৬৫৩ টাকা।


অন্যদিকে, বাংলাদেশে ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। অর্থাৎ দুই দেশের দামের পার্থক্য প্রায় ৪২ হাজার ৫৬৩ টাকা।


একইভাবে সৌদি আরবে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার ৪৯৩ টাকা। বাংলাদেশে এই মানের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সে হিসাবে দামের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৪৭১ টাকা।


তবে এই পার্থক্যকে সরাসরি ক্রেতার সাশ্রয় বলা যাবে না। কারণ সৌদি আরবের উল্লেখ করা দাম মূলত সোনার বাজারদর। সেখানে গহনা কিনলে নকশা ও মজুরি এবং প্রযোজ্য ভ্যাট যুক্ত হতে পারে। অন্যদিকে বাংলাদেশের বাজুস নির্ধারিত গহনার দামের সঙ্গে ভ্যাটের হিসাবও রয়েছে। ফলে কেনার আগে দুই দেশের দোকানের চূড়ান্ত বিক্রয়মূল্য তুলনা করা জরুরি।


সোনা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

- সৌদি আরব থেকে সোনা কেনার সময় অবশ্যই দোকানের রসিদ সংগ্রহ করুন।

- গহনার ক্যারেট ও ওজন ভালোভাবে যাচাই করুন।

- মজুরি ও ভ্যাটসহ মোট দাম জেনে নিন।

- দেশে ফেরার আগে ব্যাগেজ বিধিমালা অনুযায়ী শুল্কমুক্ত সীমা ও শুল্কের পরিমাণ জেনে নিন।

- কাস্টমসের কাছে সোনার তথ্য গোপন করবেন না।

সর্বশেষ সব খবর