• প্রকাশ : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫, সময় : ১০:৫৬ এএম

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।

 প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় জেলা-উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের লাখো নেতাকর্মী সমবেত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার আর মাত্র দেড় ঘণ্টা বাকি থাকতেই দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে এসে পৌঁছান। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উপস্থিতি। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।

এই সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। নেতাকর্মীদের পরনে ছিল রঙিন টি-শার্ট, হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা। ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুনে সেজে উঠেছে কাঞ্চন সেতুর পশ্চিমপাড় থেকে শুরু করে সভামঞ্চ এলাকা। সব মিলিয়ে পুরো অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবের আবহ।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কুড়িল এলাকায় বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চের চারপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ঢেকে গেছে পুরো এলাকা।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রূপগঞ্জের কাঞ্চন থেকে সভামঞ্চ পর্যন্ত মানুষের ঢল নেমেছে। বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক এলাকাই জনসমুদ্রে পরিণত হয়েছে।

গাজীপুর থেকে আসা তৃণমূল কর্মী মোহাম্মদ নাহারুল ইসলাম বলেন, “১৭ বছর পর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন—এই খবরেই আমি এখানে এসেছি। ভোরে রওনা দিয়ে সকাল ৯টায় নিলা মার্কেট এলাকায় পৌঁছাই। সেখান থেকে হেঁটেই মঞ্চের দিকে যাচ্ছি।”

নরসিংদী থেকে আগত জাহিদুল ইসলাম বলেন, কাঞ্চন ব্রিজ থেকে হেঁটেই এসেছি। প্রিয় নেতাকে একনজর দেখলেই আমাদের সব কষ্ট সার্থক হবে। তবে মানুষের চাপ এত বেশি যে মঞ্চের কাছে যাওয়া কঠিন মনে হচ্ছে।

রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সারাদেশের নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, অর্ধকোটিরও বেশি মানুষ এই সমাবেশে উপস্থিত হবেন। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কাঞ্চন ব্রিজ থেকে সভামঞ্চ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কজুড়ে মানুষের ঢল নেমেছে।

সবমিলিয়ে দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শক্তি ও সাংগঠনিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনীতে পরিণত হয়েছে এই সংবর্ধনা সমাবেশ।



সর্বশেষ সব খবর

আসামি রায়হান আলী।

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে আসল নিবন্ধিত দলিলের নম্বর ব্যবহার করে অন্যান্য তথ্য পরিবর্তনের মাধ্যমে জাল দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি ও নামজারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে ঢাকা মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। পরে পুলিশের অভিযানে মামলার আসামি রায়হান আলী ও তার স্ত্রী রাশেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার সূত্রে জানাগেছে, গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তারিখে ঢাকার মোহাম্মদপুর থানায় ৫১ নম্বর মামলা হিসেবে এফআইআর রুজু করা হয়। আদালত অভিযোগ ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে অপরাধ সংঘটনের উপাদান পাওয়ায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।‘

গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) মধ্যরাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই রতনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী জানিয়েছেন।

ঘটনার কেন্দ্রে রয়েছে ৬৮৬৩ নম্বর একটি প্রকৃত নিবন্ধিত দলিল। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দলিলের নম্বর অপরিবর্তিত রেখে দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানাসংক্রান্ত অন্যান্য তথ্য পরিবর্তন করে কথিত জাল দলিল তৈরি করা হয়। পরে ওই দলিলের ভিত্তিতে রায়হান আলী জমির মালিকানা দাবি করেন।

আসল দলিলের নম্বর ব্যবহার করে জালিয়াতি : মামলার অভিযোগ অনুযায়ী, ৬৮৬৩ নম্বর দলিলটি প্রকৃতপক্ষে একটি নিবন্ধিত দলিল। সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে এর সার্টিফায়েড কপিও সংগ্রহ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ‘ওই দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত একটি দলিল তৈরি করা হয়। পরে সেটিকে জমির মালিকানার ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়।অভিযোগকারী আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে অভিযুক্তদের ব্যবহৃত দলিলের দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানার তথ্য তুলনা করে জালিয়াতির বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।’

প্রথমে স্বামীর নামে নামজারি : মামলার নথি অনুযায়ী, কথিত জাল দলিলের ভিত্তিতে রায়হান আলী নিজের নামে জমির মালিকানা দাবি করেন। পরে ২০২৫ সালের ২৫ নভেম্বর তার নামে নামজারির আবেদন করা হয়।১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ভূমি অফিসে তার নামে নামজারি সম্পন্ন হয়।’

প্রথম নামজারির তথ্য:- নামজারি খতিয়ান নম্বর: ২০২৫-১০১৫৮৭- আবেদন নম্বর: ১৩৬৩১১৪৭- আবেদনের তারিখ: ২৫ নভেম্বর ২০২৫- মিউটেশন মামলা নম্বর: ৪৬৬১ (ওঢ-ও)/২০২৫-২৬অভিযোগকারীর প্রশ্ন, মূল নিবন্ধিত দলিলের সঙ্গে দাখিল করা দলিলের তথ্যের অমিল থাকলে নামজারি প্রক্রিয়ায় তা যাচাই করা হয়েছিল কি না।

হেবা দলিলে স্ত্রীর নামে সম্পত্তি হস্তান্তর : মামলার নথিতে বলা হয়েছে, প্রথম নামজারি সম্পন্ন হওয়ার পর ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে রায়হান আলী তার স্ত্রী রাশিদা খাতুনের নামে ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিল সম্পাদন করেন।এরপর ২০২৬ সালের ২৬ জানুয়ারি রাশিদা খাতুনের নামে নামজারির আবেদন করা হয়। ১৭ ফেব্রুয়ারি তার নামে দ্বিতীয় নামজারি সম্পন্ন হয়।

দ্বিতীয় নামজারির তথ্য: নামজারি খতিয়ান নম্বর: ২০২৬-১০০৩১৮- আবেদন নম্বর: ১৪১২১২৭০- আবেদনের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬- মিউটেশন মামলা নম্বর: ৬৬৫৮ (ওঢ-ও)/২০২৫-২৬।

অভিযোগকারীর দাবি, প্রথমে স্বামীর নামে নামজারি এবং পরে হেবা দলিলের মাধ্যমে স্ত্রীর নামে দ্বিতীয় নামজারির পুরো প্রক্রিয়াটি তদন্ত করা প্রয়োজন।

সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের ভূমিকা তদন্তের দাবি : অভিযোগকারীর দাবি, আসল দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে সরকারি ভূমি রেকর্ডে নামজারি সম্পন্ন হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কার্যক্রম খতিয়ে দেখা দরকার।বিশেষ করে মূল দলিলের তথ্য যাচাই, নামজারি আবেদন পরীক্ষা, হেবা দলিল সম্পাদন এবং দ্বিতীয় নামজারি অনুমোদনের প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ ছাড়া দলিল প্রস্তুতকারী, শনাক্তকারী, সাক্ষী, নিবন্ধন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং নামজারি অনুমোদনকারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি উঠেছে।অভিযোগকারীরা ৬৮৬৩ নম্বর আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে কথিত জাল দলিলের তুলনামূলক পরীক্ষা, ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিলের বৈধতা যাচাই এবং ৪৬৬১ ও ৬৬৫৮ নম্বর মিউটেশন মামলার সম্পূর্ণ নথি পর্যালোচনার দাবি জানিয়েছেন।

তাদের দাবি, তদন্তে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রকৃত জমির মালিকের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর

জব্দ স্বর্ণসহ আটক মোহাম্মদ রুহুল আমিন

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ১৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে। তার নাম মোহাম্মদ রুহুল আমিন। সোমবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছে থাকা ২ কেজি ১০৬ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ জব্দ করা হয়।


জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। এ সময় দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানো যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের চলাফেরা ও গতিবিধি গোয়েন্দাদের কাছে সন্দেহজনক মনে হয়।


তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রীর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যানিংয়ের আওতায় আনা হয়। লাগেজ তল্লাশির পাশাপাশি তার শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বা চোরাচালান পণ্য থাকতে পারে—এমন সন্দেহে তাকেও বিশেষভাবে স্ক্যান করা হয়।


তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওই ব্যক্তি গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সকল লাগেজ স্ক্যান করা হয়, একইসাথে শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বস্তু পাচারের সন্দেহে উক্ত যাত্রীকে স্ক্যান করা হলে তিনি তার কাছে লুকায়িত অবস্থায় স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন।

জব্দ স্বর্ণ

বিমানবন্দরে কর্মরত সকল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো কিছু ধাতব দ্রব্য উদ্ধার করে সকলের সামনে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খোলার পর প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮ টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ গোল্ডবারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৭৮ কোটি টাকা।


সর্বশেষ সব খবর

গ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৯ এএম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।


সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।


জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

সর্বশেষ সব খবর

নিউগিনি প্রোপার্টিজে হামলার পরবর্তী দৃশ্য (বাঁয়ে) ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড সম্বলিত প্রবেশ পথ। (ডানে)। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৮ পিএম

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার জন্য এক কোটি টাকায় ভাড়া করা হয়েছিল সন্ত্রাসী বাহিনী। হামলার পরিকল্পনা ও অর্থের লেনদেনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনাক্ত হয়েছেন শতাধিক হামলাকারীও।

তবে ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও হামলার অন্যতম সমন্বয়ক ভাষানটেকের যুবরাজকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দফার হামলার মামলায় গ্রেপ্তার ১১ আসামির আটজনই জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যেই প্রকল্পটিতে তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তির অভিযোগ করেছেন প্রকল্পের মালিক।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে হামলার পরিকল্পনা করেন ১৩ জন। সেখানে মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের সঙ্গে এক কোটি টাকার চুক্তি হয় যুবরাজের। হামলার জন্য লোকবল সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনি। তবে ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তাবলিগ জামাতে গিয়ে আগে থেকেই শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয়েছিল হামলার পরিকল্পনায় নাম আসা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর। এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনিও জামিনে মুক্তি পেয়েছেন।

ওই রাতেই নিউগিনি প্রপার্টিজের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিও। এ ঘটনায় প্রকল্পের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকল্পসংলগ্ন ৩৫ কাঠা জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলার পরিকল্পনা করা হয়। ওই জমিতে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীরও মালিকানা রয়েছে। সেখানে একটি কন্ডোমিনিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের।

কিন্তু জমি থেকে সরাসরি বের হওয়ার রাস্তা না থাকায় নিউগিনি প্রকল্পের মূল ফটক ভেঙে ভেতরের রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়। এ জন্য শাহরিয়ার মাহমুদকে দেওয়া হয় হামলার দায়িত্ব। বিনিময়ে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট উপহার, নগদ এক কোটি টাকা এবং ইট-বালু সরবরাহের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন বলেন, হামলায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে।

একই প্রকল্পে গত ৭ নভেম্বর দ্বিতীয় দফায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দিনই ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হামলার ১৩ দিন পর, গত ২০ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম।

মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আবুল কাশেম, মো. ওয়াসিম, মো. বাবুল হোসেন, নূর আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, মোহাম্মদ শাহিনুজ্জামান, তাজুল ইসলাম বাবু, রাশেদ আলী, মো. রনি, মো. মহিউদ্দিন, হোসাইন ফাহমিদ, মাসুদুর রহমান, আ. হালিম, মো. হাসান, সজিব, মো. আজাদুর ইসলাম, দুলাল হোসেন, নুর নাহার, কুলসুম ও শাহনাজ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নাজিম উদ্দিনের সঙ্গে নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। নুর মোহাম্মদ লোকজন নিয়ে প্রকল্পে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। কিছু লোককে বাদ দিয়ে প্রকল্পের মালিক নাজিম উদ্দিনকে মামলা করতে বলা হলেও তিনি মামলা করেননি।

একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকল্পের মালিক নাজিম উদ্দিন। তার অভিযোগ, প্রকল্পে তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করা হয়েছে।

নাজিম উদ্দিন বলেন, ‘পরিস্থিতি ভালো না। তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে। আমি প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে আছি।’

সর্বশেষ সব খবর

ছবি: ডিএমপি

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৮ পিএম

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তির নাম ইফাত বিন আল দিহানী প্রিয়ম (৩২)।


শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইনভেস্টিগেশন বিভাগ।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিয়ম মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে এবং শান্তিনগর মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরক সংগ্রহ, সরবরাহ ও ককটেল নিক্ষেপে সহায়তার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জানিয়েছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সব খবর

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২০ পিএম

রাজধানী ঢাকার ধানমন্ডিতে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সাবা (৩০) নামে এক মা ও তার দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছরের শিশুটি মারা যায়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মারা যান তার মা।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।


গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় সাবাসহ ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।


দগ্ধ বাকি তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ সব খবর