নির্বাচনের তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর প্রবেশপথগুলোয় ১১টি স্থানে চেকপোস্ট (নিরাপত্তাচৌকি) বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজ বুধবার বিকেল থেকে এই তল্লাশি চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এতে বলা হয়, ঢাকা মহানগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি বেগবান করা হয়েছে।
যেসব জায়গায় চেকপোস্টগুলো বসেছে, তার মধ্যে আছে পুরান ঢাকার বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, পূর্বাচলের ৩০০ ফিট, আবদুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধউড় ব্রিজ।
আসন্ন নির্বাচনে ঢাকায় সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে পুলিশ চেকপোস্ট বসাল। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলা হয়।
চেকপোস্ট বসানোর কারণ তুলে ধরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
আসামি রায়হান আলী।
রাজধানীর মোহাম্মদপুরে আসল নিবন্ধিত দলিলের নম্বর ব্যবহার করে অন্যান্য তথ্য পরিবর্তনের মাধ্যমে জাল দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি ও নামজারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে ঢাকা মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। পরে পুলিশের অভিযানে মামলার আসামি রায়হান আলী ও তার স্ত্রী রাশেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার সূত্রে জানাগেছে, গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তারিখে ঢাকার মোহাম্মদপুর থানায় ৫১ নম্বর মামলা হিসেবে এফআইআর রুজু করা হয়। আদালত অভিযোগ ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে অপরাধ সংঘটনের উপাদান পাওয়ায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।‘
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) মধ্যরাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই রতনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী জানিয়েছেন।
ঘটনার কেন্দ্রে রয়েছে ৬৮৬৩ নম্বর একটি প্রকৃত নিবন্ধিত দলিল। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দলিলের নম্বর অপরিবর্তিত রেখে দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানাসংক্রান্ত অন্যান্য তথ্য পরিবর্তন করে কথিত জাল দলিল তৈরি করা হয়। পরে ওই দলিলের ভিত্তিতে রায়হান আলী জমির মালিকানা দাবি করেন।
আসল দলিলের নম্বর ব্যবহার করে জালিয়াতি : মামলার অভিযোগ অনুযায়ী, ৬৮৬৩ নম্বর দলিলটি প্রকৃতপক্ষে একটি নিবন্ধিত দলিল। সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে এর সার্টিফায়েড কপিও সংগ্রহ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, ‘ওই দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত একটি দলিল তৈরি করা হয়। পরে সেটিকে জমির মালিকানার ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়।অভিযোগকারী আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে অভিযুক্তদের ব্যবহৃত দলিলের দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানার তথ্য তুলনা করে জালিয়াতির বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।’
প্রথমে স্বামীর নামে নামজারি : মামলার নথি অনুযায়ী, কথিত জাল দলিলের ভিত্তিতে রায়হান আলী নিজের নামে জমির মালিকানা দাবি করেন। পরে ২০২৫ সালের ২৫ নভেম্বর তার নামে নামজারির আবেদন করা হয়।১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ভূমি অফিসে তার নামে নামজারি সম্পন্ন হয়।’
প্রথম নামজারির তথ্য:- নামজারি খতিয়ান নম্বর: ২০২৫-১০১৫৮৭- আবেদন নম্বর: ১৩৬৩১১৪৭- আবেদনের তারিখ: ২৫ নভেম্বর ২০২৫- মিউটেশন মামলা নম্বর: ৪৬৬১ (ওঢ-ও)/২০২৫-২৬অভিযোগকারীর প্রশ্ন, মূল নিবন্ধিত দলিলের সঙ্গে দাখিল করা দলিলের তথ্যের অমিল থাকলে নামজারি প্রক্রিয়ায় তা যাচাই করা হয়েছিল কি না।
হেবা দলিলে স্ত্রীর নামে সম্পত্তি হস্তান্তর : মামলার নথিতে বলা হয়েছে, প্রথম নামজারি সম্পন্ন হওয়ার পর ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে রায়হান আলী তার স্ত্রী রাশিদা খাতুনের নামে ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিল সম্পাদন করেন।এরপর ২০২৬ সালের ২৬ জানুয়ারি রাশিদা খাতুনের নামে নামজারির আবেদন করা হয়। ১৭ ফেব্রুয়ারি তার নামে দ্বিতীয় নামজারি সম্পন্ন হয়।
দ্বিতীয় নামজারির তথ্য: নামজারি খতিয়ান নম্বর: ২০২৬-১০০৩১৮- আবেদন নম্বর: ১৪১২১২৭০- আবেদনের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬- মিউটেশন মামলা নম্বর: ৬৬৫৮ (ওঢ-ও)/২০২৫-২৬।
অভিযোগকারীর দাবি, প্রথমে স্বামীর নামে নামজারি এবং পরে হেবা দলিলের মাধ্যমে স্ত্রীর নামে দ্বিতীয় নামজারির পুরো প্রক্রিয়াটি তদন্ত করা প্রয়োজন।
সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের ভূমিকা তদন্তের দাবি : অভিযোগকারীর দাবি, আসল দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে সরকারি ভূমি রেকর্ডে নামজারি সম্পন্ন হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কার্যক্রম খতিয়ে দেখা দরকার।বিশেষ করে মূল দলিলের তথ্য যাচাই, নামজারি আবেদন পরীক্ষা, হেবা দলিল সম্পাদন এবং দ্বিতীয় নামজারি অনুমোদনের প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ ছাড়া দলিল প্রস্তুতকারী, শনাক্তকারী, সাক্ষী, নিবন্ধন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং নামজারি অনুমোদনকারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি উঠেছে।অভিযোগকারীরা ৬৮৬৩ নম্বর আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে কথিত জাল দলিলের তুলনামূলক পরীক্ষা, ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিলের বৈধতা যাচাই এবং ৪৬৬১ ও ৬৬৫৮ নম্বর মিউটেশন মামলার সম্পূর্ণ নথি পর্যালোচনার দাবি জানিয়েছেন।
তাদের দাবি, তদন্তে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রকৃত জমির মালিকের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
জব্দ স্বর্ণসহ আটক মোহাম্মদ রুহুল আমিন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ১৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে। তার নাম মোহাম্মদ রুহুল আমিন। সোমবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছে থাকা ২ কেজি ১০৬ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ জব্দ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। এ সময় দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানো যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের চলাফেরা ও গতিবিধি গোয়েন্দাদের কাছে সন্দেহজনক মনে হয়।
তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রীর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যানিংয়ের আওতায় আনা হয়। লাগেজ তল্লাশির পাশাপাশি তার শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বা চোরাচালান পণ্য থাকতে পারে—এমন সন্দেহে তাকেও বিশেষভাবে স্ক্যান করা হয়।
তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওই ব্যক্তি গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সকল লাগেজ স্ক্যান করা হয়, একইসাথে শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বস্তু পাচারের সন্দেহে উক্ত যাত্রীকে স্ক্যান করা হলে তিনি তার কাছে লুকায়িত অবস্থায় স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন।
বিমানবন্দরে কর্মরত সকল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো কিছু ধাতব দ্রব্য উদ্ধার করে সকলের সামনে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খোলার পর প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮ টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ গোল্ডবারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৭৮ কোটি টাকা।
গ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিউগিনি প্রোপার্টিজে হামলার পরবর্তী দৃশ্য (বাঁয়ে) ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড সম্বলিত প্রবেশ পথ। (ডানে)। ছবি: সংগৃহীত
ছবি: ডিএমপি
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তির নাম ইফাত বিন আল দিহানী প্রিয়ম (৩২)।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইনভেস্টিগেশন বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিয়ম মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে এবং শান্তিনগর মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরক সংগ্রহ, সরবরাহ ও ককটেল নিক্ষেপে সহায়তার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রাজধানী ঢাকার ধানমন্ডিতে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সাবা (৩০) নামে এক মা ও তার দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছরের শিশুটি মারা যায়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মারা যান তার মা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় সাবাসহ ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।
দগ্ধ বাকি তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।