রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বাড়ছে উল্লেখ করে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি এবং জীবনমানের উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলে পৃথিবীর সব দেশেই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। দীর্ঘায়ুর এই যুগ প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোর বিষয়ে চিন্তার সুযোগ সৃষ্টি করেছে।’
এবারের দিবসের প্রতিপাদ্য— ‘দ্য এইজ অব লংজিবিটি : রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’।
বিশ্বের অন্যান্য দেশের মতো ১ অক্টোবর দেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশসহ বিশ্বের সব প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান।
এবারের দিবসের প্রতিপাদ্যটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের স্বাভাবিক জীবনচক্রের অংশ হিসেবে বার্ধক্যে উপনীত হওয়া অনিবার্য। তাই প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কাঠামো নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা প্রদানের পরিমাণ বৃদ্ধি করেছে।
রাষ্ট্রপতি বলেন, প্রবীণদের কল্যাণ ও উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগ প্রবীণদের কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
প্রবীণদের অবদান উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা কেবল অতীতের গল্প নন, তারা বর্তমানের শিকড় এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাদের শ্রম, ঘাম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, প্রবীণদের একটি বড় অংশ অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে দিন অতিবাহিত করছেন। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবার প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসবে।
তিনি বলেন, প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য নিশ্চিত করা সবার অঙ্গীকার হওয়া উচিত।
রাষ্ট্রপতি বাংলাদেশ ও বিশ্বের সব প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম সৌজন্য সাক্ষাৎ করেন
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।
তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবারের একজন সদস্য জানান, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে ব্লক ধরা পড়ার পর তার এনজিওগ্রাম করা হয়েছে ও এনজিওপ্লাস্টি করা হবে। আজ বিকেলে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
প্রতীকী ছবি
সিলেটের শিক্ষায় দুর্বলতা কাটাতে সমন্বিত উদ্যোগের তাগিদ নিতে হবেঃ বাণিজ্যমন্ত্রী
শিক্ষাব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষার সব ধারার মধ্যে সামঞ্জস্য আনার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, শুধু শিক্ষার্থী ভর্তি ও পাসের হার বাড়ালেই শিক্ষার মান নিশ্চিত হবে না। শিক্ষার্থীদের পড়ার সক্ষমতা, গণিতের দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারের যোগ্যতা বাড়াতে হবে। একই সঙ্গে ঝরে পড়ার হার কমানোর উদ্যোগ নিতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট জেলা পরিষদ আয়োজিত কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের শিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি কর্মশালায় আলোচনা হয়েছে। সেখানে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষায় পাসের হারসহ শিক্ষার বিভিন্ন সূচকে সিলেটের পিছিয়ে থাকার বিষয়টি উঠে এসেছে। অন্যান্য বিভাগের তুলনায় এখানে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও বেশি। এ অবস্থা পরিবর্তনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
শিক্ষার মানোন্নয়নে কার্যকর সাক্ষরতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শুধু পড়তে ও লিখতে পারাই যথেষ্ট নয়, সাধারণ হিসাব করার সক্ষমতাও থাকতে হবে। কার্যকর সাক্ষরতার ক্ষেত্রে সিলেট একসময় দেশের অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে ছিল। এ অবস্থার উন্নতি করতে হবে।
শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে বিভাজন কমানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষা, সরকারি শিক্ষা, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাশিক্ষার মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত বিভাজন একটি দেশের জন্য স্বাস্থ্যকর নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ার ও গণিতের দক্ষতা বাড়াতে হবে।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। যাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে একজন শিক্ষার্থী অন্তত একটি কর্মমুখী দক্ষতা নিয়ে বের হতে পারে। পরবর্তী সময়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ না হলেও সেই দক্ষতা কাজে লাগিয়ে যেন সে উপার্জন করতে পারে।
শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সাফল্যের প্রশংসা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও তারা ভালো করছেন। প্রশাসনেও নারীদের অংশগ্রহণ ও দক্ষতা প্রশংসনীয়। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিক্ষার দুর্বলতাগুলো কাটিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে সিলেটকে আরও সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করা সম্ভব হবে। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ নেতৃত্ব দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেবেন বলেও তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জেলা পরিষদ একটি প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান। স্থানীয় সরকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সিলেটের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলনেও প্রতিষ্ঠানটির ঐতিহাসিক ভূমিকা রয়েছে।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বৃত্তির অর্থের পরিমাণ হয়তো খুব বেশি নয়। তবে জেলা পরিষদের পক্ষ থেকে এই স্বীকৃতি ও সম্মান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তারা উচ্চশিক্ষা গ্রহণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন এটাই প্রত্যাশা।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আরাফাত গিলমান, নাজিহা সুলতানা নাজহা, শাহরিয়ার নাদিম ও তানিয়া আক্তার।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তাঁদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান তিনি। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত নয়, মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান জেলা পরিষদের প্রশাসক।
অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এদিকে,তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয় ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক প্রতিযোগীতা। এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্টান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও মতবিনিময় পর্ব চলে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণী, সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্যসচিব ড. মোস্তফা আজিজ সুমন এবং সিলেট আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল ও সদস্যসচিব ডা. মোহাম্মদ আবু নাছের বিভাগীয় পর্যায়ের এই তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানমেলায় উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৭১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।
গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।