ছবি : সংগৃহীত
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সব বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে এবং যতক্ষণ আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হচ্ছে, পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে বিরত থাকাতে বলা হয়েছে।
বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস, এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগে বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া, ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে। মুস্তাং, জমসম এবং অন্যান্য পার্বত্য এলাকার ভ্রমণের পূর্বে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়ক যোগাযোগ সম্পর্কে যথেষ্ট অবগত থাকা প্রয়োজন কেননা এসব সড়ক ব্যবস্থা তাৎক্ষণিক বিঘ্নিত হতে পারে।
এ কারণে বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সকল তথ্য যাচাই করা এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেয়া হচ্ছে।
দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করবে।
প্রসঙ্গত, নেপালে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। এদিকে খারাপ আবহাওয়ার কারণে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে হেলিকপ্টার পৌঁছাতে পারছে না বলে জানিয়েছেন ট্রেকিং কর্মকর্তারা। এর ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, সিলেট বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৫২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৩৬ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
জমির নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ কিংবা জমির রেকর্ড সংশোধন নিয়ে ভোগান্তিতে পড়লে সহায়তা পাওয়া যাবে ভূমি সেবা হটলাইন ১৬১২২ নম্বরে। ভূমি মন্ত্রণালয়ের এই হটলাইনে ভূমিসেবা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবার আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র, সরকারি ফি, অনলাইন আবেদন কিংবা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে নাগরিকেরা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি ভূমিসেবা নিতে গিয়ে কোনো ধরনের জটিলতা বা সমস্যার মুখোমুখি হলেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
নামজারি ও জমাখারিজে সহায়তা
জমি কেনার পর নতুন মালিকের নামে রেকর্ড হালনাগাদ করতে নামজারি বা জমাখারিজ করতে হয়। এ প্রক্রিয়ায় কীভাবে আবেদন করতে হবে, কোন কোন কাগজপত্র প্রয়োজন, আবেদন করতে কত টাকা ফি দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করতে হবে, এসব বিষয়ে ১৬১২২ নম্বরে তথ্য পাওয়া যাবে। নামজারি আবেদন করতে গিয়ে কোনো জটিলতা দেখা দিলে সে বিষয়েও সহায়তা চাওয়া যাবে।
ভূমি উন্নয়ন কর ও খাজনা পরিশোধ
ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের ক্ষেত্রেও হটলাইনটি ব্যবহার করা যাবে। অনলাইনে কর পরিশোধের নিয়ম, নতুন হোল্ডিং খোলা, হোল্ডিং অনুমোদন, করের পরিমাণ নির্ধারণ এবং ভুল করের দাবি সংশোধন নিয়ে পরামর্শ পাওয়া যাবে। ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা সংগ্রহে সমস্যা হলেও যোগাযোগ করা যাবে এই নম্বরে।
খতিয়ান ও পর্চা সংগ্রহ
জমির মালিকানা ও রেকর্ড-সংক্রান্ত তথ্য জানতে বিভিন্ন জরিপের খতিয়ান প্রয়োজন হয়। সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের খতিয়ান বা পর্চা সংগ্রহের নিয়ম, সার্টিফায়েড কপি পাওয়ার প্রক্রিয়া এবং ভূমি রেকর্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ১৬১২২ নম্বরে সহায়তা চাওয়া যাবে।
মৌজা ম্যাপ ও জমির নকশা
জমির সঠিক অবস্থান শনাক্ত করা কিংবা মৌজা নকশা সংগ্রহ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এ ধরনের ক্ষেত্রে মৌজা ম্যাপ সংগ্রহের নিয়ম, নকশার বিভিন্ন তথ্য বোঝা, জমির অবস্থান নির্ধারণ এবং জরিপ-সংক্রান্ত বিষয়ে হটলাইন থেকে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।
ভূমি জরিপ ও রেকর্ড সংশোধন
জমির মাঠজরিপ, জরিপের তথ্য যাচাই এবং রেকর্ডে ভুল থাকলে তা সংশোধনের বিষয়ে সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া আদালতের আদেশ অনুযায়ী ভূমি রেকর্ড সংশোধন এবং জমির শ্রেণি পরিবর্তন-সংক্রান্ত বিষয়েও তথ্য জানতে পারবেন সেবাগ্রহীতারা।
জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ
সরকারি প্রয়োজনে কোনো জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে সংশ্লিষ্ট জমির ক্ষতিপূরণ নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিতে পারে। ক্ষতিপূরণ নির্ধারণ, পরিশোধ এবং এ-সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে ১৬১২২ নম্বরে।
খাসজমি ও জলমহাল বন্দোবস্ত
খাস কৃষি জমি ও অকৃষি জমির বন্দোবস্ত, এসব জমির জন্য আবেদন এবং জলমহালসহ বিভিন্ন সায়রাত মহাল ইজারা নেয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন নাগরিকেরা। এ-সংক্রান্ত আবেদন ও অন্যান্য কার্যক্রম নিয়েও হটলাইনে যোগাযোগ করা যাবে।
ভূমি রাজস্ব মামলা ও অন্যান্য সেবা
ভূমি রাজস্ব মামলার বিভিন্ন কার্যক্রম এবং মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের বিষয়ে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। এর বাইরে অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত এবং ভূমি প্রশাসনের অন্যান্য সেবা সম্পর্কেও সহায়তা নেয়া যাবে।
দিন-রাত ২৪ ঘণ্টা চালু হটলাইন
ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকে। ফলে সরকারি ছুটির দিন কিংবা রাতেও ভূমিসেবা-সংক্রান্ত তথ্য জানতে, পরামর্শ নিতে অথবা অভিযোগ জানাতে ফোন করা যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে যোগাযোগের আলাদা নম্বর। দেশের বাইরে থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানো যাবে।
১৬১২২ নম্বরে ফোন করতে কি টাকা লাগে?
ভূমি সেবা হটলাইন ১৬১২২ টোল ফ্রি নয়। অর্থাৎ এই নম্বরে কল করলে মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে। তাই ভূমিসেবা-সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে ফোন করার সময় কলচার্জের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
ছবি : সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। রোববার (২২ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা সদস্যরা জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান
নাশকতা বিরোধী ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী জোটের জামায়াতে ইসলামী, এনসিপি ছাড়াও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ডাকবেন সরকারপ্রধান। এনসিপির সঙ্গে আগামী সোমবার বৈঠক হতে পারে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেছেন, অনানুষ্ঠানিক আলাপ শুরু হয়েছে। সরকারের দিক থেকে আলোচনার আমন্ত্রণ এসেছে। সোমবার বৈঠক হবে কিনা তা চূড়ান্ত নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে রোববার দেশে ফিরবেন। এরপর বৈঠকের দিনক্ষণ ঠিক হতে পারে।
একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, বিএনপির একজন হুইপ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন। আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রী রাজনৈতিক সব দলের একসঙ্গে বা পৃথক পৃথক বৈঠকও করতে পারেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে এক সঙ্গে আনতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। গত বুধবার সংসদে বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা। এরপর সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী চব্বিশের জুলাইয়ের মত ঐক্যের ডাক দেন। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
জামায়াতের মত এননিপিও শর্ত দিয়েছে, ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বিএনপি ঐক্যের আহ্বান জানালেও গণভোটের রায় বাস্তবায়নের দাবির বিষয়ে এখনও কিছু বলেনি।
বিএনপি সূত্র জানিয়েছে, শুধু জামায়াত নেতৃত্বাধীন ১১ দল নয়, সরকারি দলের সঙ্গে থাকা দলগুলোকে ডাকা হবে। আমন্ত্রণ জানানো হবে বামপন্থি দলগুলোকেও। কিছু সংগঠনকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত সাবেক এই প্রধানমন্ত্রী ফেরার ঘোষণায় গত কয়েকদিনে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছেন তাঁর সমর্থকরা। পুলিশ থানা, বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছে। হামলা করেছে হাসপাতালেও। পরিস্থিতি রাজনৈতিকভাবে ঠেকাতে জুলাইয়ের পক্ষের সব দলগুলোকে নিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলেও দাবি করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন। এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেন্দারচর গ্রামে। তারা দুজনই বুলু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং অন্যান্য ব্যক্তিরা বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া এসব তথ্যের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।