বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ নেয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।
স্বাক্ষর শেষে নির্ধারিত আসনে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।
রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান। সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার বাড়ছে।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন। তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রাজশাহীর পবায় পল্লীবিদ্যুতের উপকেন্দ্রে বোমা হামলা হয়। ছবি: সংগৃহীত
ছবি: আর অ্যান্ড আর এভিয়েশনের ওয়েবসাইট।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ সম্পর্কেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকেরা জানতে চান। উত্তরে মন্ত্রী বলেন, জাজিরা এলাকায় স্থানীয়দের (পদ্মা সেতুর এদিক-ওদিক থেকে গিয়ে) মধ্যকার অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাতে দুজনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে কক্সবাজারের ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’
আজ অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেই সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, কক্সবাজারের সংসদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এই ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এটিএম রেজাউল হক রতন। পাশাপাশি পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে।
এদিকে বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
মনিরুল ইসলাম ও তার স্ত্রী সায়লা ফারজানা
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় তিনি সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।
মো. রফিকুল আলম
সামাজিক মাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়া কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত।
বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।
আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।