ছবি: সংগৃহীত।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ২:৪৮ এএম

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেই দেশের সড়কে ঝরেছে ৪৮৭ প্রাণ। মাসজুড়ে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। 


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো জানুয়ারি মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে উঠে এসেছে এ উদ্বেগজনক চিত্র। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে তারা এ প্রতিবেদন প্রকাশ করেছে।


প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৫৭ জন। এছাড়া ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এছাড়া ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। 


যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৬ জন; বাসের যাত্রী ২১ জন; ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টরের আরোহী ২৮ জন; প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের আরোহী ৯ জন; থ্রি-হুইলার যাত্রী ৭৭ জন; স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৩ জন এবং বাইসাইকেল আরোহী ১১ জন নিহত হয়েছেন।


দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ১৩৫টি মুখোমুখি সংঘর্ষ, ২০৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৭২টি যানবাহনের পেছনে আঘাত এবং ৬টি অন্যান্য কারণে ঘটেছে।


সড়কের ধরন অনুযায়ী, ১৫৬টি জাতীয় মহাসড়কে, ২০৭টি আঞ্চলিক সড়কে, ৮৫টি গ্রামীণ সড়কে, ১০৩টি শহরের সড়কে এবং ৮টি অন্যান্য স্থানে দুর্ঘটনা ঘটেছে।


দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ছিল ৮৮৫টি। এর মধ্যে বাস ১০৮টি, ট্রাক ১৪৪টি, কাভার্ডভ্যান ১৬টি, পিকআপ ৩২টি, ট্রাক্টর ২১টি, মোটরসাইকেল ২১৭টি, থ্রি-হুইলার ১৬৪টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৩৫টি, বাইসাইকেল ৮টি, রিকশা ১১টি এবং অজ্ঞাত যানবাহন ৪৮টি।


বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। বিপরীতে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন।


নিহতদের পেশাগত পরিচয়ের মধ্যে পুলিশ সদস্য ২ জন, শিক্ষক ১৩ জন, চিকিৎসক ২ জন, সাংবাদিক ৬ জন, আইনজীবী ৪ জন, ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী ১১ জন, এনজিও কর্মী ১৯ জন, রাজনৈতিক দলের নেতাকর্মী ২৭ জন, ব্যবসায়ী ২১ জন, বিক্রয় প্রতিনিধি ২৬ জন, পোশাক শ্রমিক ৯ জন, নির্মাণ শ্রমিক ৬ জন, প্রতিবন্ধী ৩ জন এবং শিক্ষার্থী ৫৭ জন রয়েছেন।


প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, কর্মঘণ্টা ও বেতন নির্ধারিত না থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহনে চাঁদাবাজিকে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইনের প্রয়োগ নিশ্চিত করা, মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।



সর্বশেষ সব খবর

রাজশাহীর পবায় পল্লীবিদ্যুতের উপকেন্দ্রে বোমা হামলা হয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২০ পিএম

রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র এবং গোপালগঞ্জে কার্যালয়ে হামলার ঘটনার পর দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।

রোববার এই নির্দেশ দিয়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন ১৫টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, “দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে চিঠিতে।

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, যানবাহন-বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা-সংঘর্ষের মধ্যে বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।

এসব ঘটনায় সরকারের তরফে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নাম আসছে। পুলিশের পক্ষ থেকে এ দলটির কর্মসূচি ঘিরে সহিংতার কথা বলা হয়েছে। শনিবার রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্র, ভূমি অফিস ও নগর ভবন, গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং পাবনায় ছাত্রদলের মিছিলে হামলার খবর এসেছে। রোববার বেড়া থানায় ককটেল নিক্ষেপ করা হয়। শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন।

এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ নিরাপত্তা জোরদার করার জন্য ১৫টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিল।

যেসব কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

এছাড়া রয়েছে আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি, সিপিজিসিবিএল, নওপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল ও আরএনপিএল।

বিপিডিবির পৃথক নির্দেশনা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (বিপিডিবি) তাদের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও গুদামসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত নির্দেশনায় দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।



বিদ্যুৎ স্থাপনাগুলোতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের পরিচয় যাচাই, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত আগের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

রাজশাহীতে হামলা, গোপালগঞ্জে সতর্কতা

শুক্র ও শনিবার রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় দিনের হামলায় আগুন ধরে যায়। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

পরপর দুই দিনের হামলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

রোববার ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের কথা বলেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে পুরো গোপালগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করে ওজোপাডিকো।

রাজনৈতিক কর্মসূচির সময় বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা না করার অনুরোধ জানায় কোম্পানিটি।

ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানিয়েছিলেন, গত ১৯ নভেম্বর তার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে হামলার আশঙ্কায় কর্মীরা বাইরে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন।

সর্বশেষ সব খবর

ছবি: আর অ্যান্ড আর এভিয়েশনের ওয়েবসাইট।

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৩ পিএম

সিকদার গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের আটটি ‘এয়ারক্রাফট’ জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব ‘এয়ারক্রাফটের’ মধ্যে বেশির ভাগই হেলিকপ্টার, একাধিক উড়োজাহাজও আছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন। দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এয়ারক্রাফটগুলো জব্দ চেয়ে আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়েছে, সিকদার পরিবারের সদস্যরা লুটের অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এর মধ্যে রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানায় আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামে ‘এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত’ ব্যবসা আছে।

প্রতিষ্ঠানটি ‘এয়ারক্রাফট অপারেটর’ হিসেবে নিবন্ধিত এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্র করে তাদের চার্টার ফ্লাইটসহ উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকে বলে আবেদনে বলা হয়। গোপন তথ্যের বরাতে দুদক বলেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রির চেষ্টা করছেন।

আবেদনে যে আটটি ‘এয়ারক্রাফটের’ কথা বলা হয়েছে, তার মধ্যে ছয়টি হেলিকপ্টার ও দুটি উড়োজাহাজ। হেলিকপ্টারগুলোর মধ্যে রয়েছে দুটি রবিনসন-৬৬, একটি বেল-২৩০, দুটি ইউরোকপ্টার ইসি-১৩০ বি৪ এবং একটি বেল-৪৩০ মডেলের।

অন্যদিকে, দুটি উড়োজাহাজের মধ্যে একটি হকার-৮০০এ বিজনেস জেট এবং একটি পিয়াজিও পি১৮০ আভান্তি-২ টার্বোপ্রপ। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিতি পায় সিকদার গ্রুপ।

২০২৪ সালের এপ্রিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়েই অর্থপাচারের অভিযোগে রন হক সিকদার ও তার ভাই রিক হক সিকদারসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রন হক সিকদার ও তার ভাইদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আরও মামলা ও তদন্ত চলমান রয়েছে। দুই ভাইয়ের মধ্যে রন হক সিকদার গত ৪ মে দুবাইয়ে মারা যান।

সর্বশেষ সব খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।


শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ সম্পর্কেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকেরা জানতে চান। উত্তরে মন্ত্রী বলেন, জাজিরা এলাকায় স্থানীয়দের (পদ্মা সেতুর এদিক-ওদিক থেকে গিয়ে) মধ্যকার অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাতে দুজনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।


ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে কক্সবাজারের ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’


আজ অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেই সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, কক্সবাজারের সংসদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এই ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৩ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।


আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এটিএম রেজাউল হক রতন। পাশাপাশি পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।


মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে।


এদিকে বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ সব খবর

মনিরুল ইসলাম ও তার স্ত্রী সায়লা ফারজানা

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৬ এএম

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় তিনি সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।




সর্বশেষ সব খবর

মো. রফিকুল আলম

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৪ পিএম

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়া কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত।


বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।


আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

সর্বশেষ সব খবর