ছবি : সংগৃহীত
তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় গতকাল বুধবার ওয়াশিংটনে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছালে সি ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চীনের প্রেসিডেন্টের ওয়াশিংটনে এ সফরকে দুই পরাশক্তির সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কেননা, বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে দুই দেশের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে।
প্রায় তিন বছর পর সি চিন পিং ওয়াশিংটন সফর করছেন। তাঁর এ সফর থেকে বড় কোনো অর্জন উঠে আসবে—বিশ্লেষকেরা তা মনে করছেন না। তবে ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ১১ মাস ধরে চলা বাণিজ্য সমঝোতার মেয়াদ বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এ সমঝোতার মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে।
বিষয়টি নিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সি চিন পিংকে উদ্ধৃত করে দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত।’ বিবৃতিতে বাণিজ্যচুক্তির বিষয়ে উল্লেখ নেই।
সি চিন পিং ওয়াশিংটনে নামার পর উভয় দেশের প্রেসিডেন্ট ও তাঁদের স্ত্রীরা পরস্পরের সঙ্গে হাত মেলান। তাঁরা দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলেন, ছবি তোলেন। এ সময় সামরিক ব্যান্ডে বাদ্য বাজছিল। কামানের গোলার শব্দ শোনা যায়। আকাশে উড়ে যায় বি-১ বোমারু বিমান।
ওয়াশিংটনভিত্তিক সম্প্রচারমাধ্যম সি-স্প্যানের তথ্য অনুযায়ী, প্রায় ১১ বছর পর কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে স্বাগত জানালেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান।
চীন–যুক্তরাষ্ট্রের মধ্যে সীমিত পরিসরে হলেও একটি বাণিজ্যচুক্তি বিশ্ববাজারে স্বস্তি ফেরাতে পারে। ২০২৫ সালের শুল্কযুদ্ধের ধাক্কায় বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। ওই সময় বিশ্বের এ দুই বৃহৎ অর্থনীতির পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কে পৌঁছেছিল।
বেসেন্ট ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট’ অনুষ্ঠানে জানান, চীনের সঙ্গে বাণিজ্য সমঝোতার মেয়াদ নতুন করে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হবে। এর মেয়াদ আগামী ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে। বিরল খনিজ আর কম্পিউটার চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ, ইরান–চীন সম্পর্ক এবং তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সমর্থন—এসব বিষয় নিয়ে দুই দেশ পরস্পরের বিপরীতে অবস্থান নিয়েছে।
দুই পরাশক্তির প্রেসিডেন্টরা এমন এক সময় বৈঠকে বসছেন, যখন ইরান যুদ্ধ নিয়ে ব্যাপকভাবে অসন্তোষের মুখে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে চীনেও নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে; যদিও দেশটির বাণিজ্য খাত এখন বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে। ফলে প্রেসিডেন্ট সি চিন পিং তুলনামূলকভাবে শক্ত অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র সফর করছেন।
যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অনেক নেতা চীনকে তাঁদের দেশের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেন। কাজেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।
দুই প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে জানাশোনা আছে—এমন কর্মকর্তারা জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে সি তাইওয়ানের ওপর চীনা দাবির বিষয়টি নতুন করে তুলে ধরতে পারেন। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে সির আপত্তি থাকলেও ট্রাম্প চীনের ওপর পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর রাখতে নিজেদের অবস্থান অটুট রাখতে পারেন।
ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে বিদ্যমান অচলাবস্থা কাটাতে চীন ট্রাম্পকে সহযোগিতা করবে কি না, সেটা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া দেশ দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও আলোচনা করতে পারে। এআই নিয়ে দুই দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।
চীনের শেনঝেনে শুরু হয়েছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গোলটেবিল বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন বক্তব্য দিচ্ছেন, তখন ঘুমাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে আছে।
চীনের প্রেসিডেন্ট সে সময় অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। হঠাৎই ক্যামেরা ঘুরে যায় মার্কিন প্রেসিডেন্টের দিকে। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তাঁকে ঘুমাতে দেখা যায়। ভিডিওর শেষের দিকে তাঁকে চোখ সামান্য পিটপিট করতে দেখা যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল ঘুম তাড়াতে চোখ খোলার চেষ্টা করছিল তিনি, কিন্তু চোখের পাতা যে কিছুতেই নড়ছে না।নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চায়না সেন্ট্রাল টেলিভিশনের ধারণ করা ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্পের মতো সমালোচকেরা ভিডিওটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিওর শিরোনাম ছিল, ‘বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতি’।ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। এর আগেও জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে কয়েকবার ঘুমিয়ে পড়তে বা ঝিমোতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে তাঁর বয়স ও কর্মসক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।যদিও জনসমক্ষে ঘুমিয়ে পড়ার অভিযোগ বরাবরই জোরালো গলায় অস্বীকার করেছেন ট্রাম্প। এ বছরের জানুয়ারিতে এ ধরনের অভিযোগের জবাবে ট্রাম্প বলেছিলেন, বৈঠকগুলো তাঁর কাছে ‘আরামদায়ক’ মনে হয়। সেবার তিনি দাবি করেছিলেন, তিনি ঘুমিয়ে পড়েননি, চোখের পলক ফেলেছিলেন মাত্র।
অথচ ট্রাম্পই তাঁর পূর্বসূরি জো বাইডেনের ঘুমিয়ে পড়ার কতশত সমালোচনা করেছিলেন। বাইডেন তাঁর চেয়ে তিন বছরের বড়। ট্রাম্প প্রায়ই তাঁকে ‘ঘুমকাতুরে জো’ বলে কটাক্ষ করতেন। একই সঙ্গে তাঁর কর্মশক্তি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
বাইডেনকে প্রায়ই উপহাস করলেও ২০২৫ সাল থেকে জনসমক্ষে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার মতো বেশ কিছু ভিডিও বারবার ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পর ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর একবার ট্রাম্পকে ‘ঘুমকাতুরে ডন’ বলে কটাক্ষ করেছিল।
৮০ বছর বয়সে ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় তিনি বাইডেনের গড়া আগের রেকর্ড ছাড়িয়ে যান।
সৌদি আরবের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের যুদ্ধবিমান হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবায় হামলার খবর জানানো হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
তবে প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কয়েক মাস ধরে সৌদি আরব লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে রিয়াদে সতর্কবার্তা জারি করা হয়েছিল। কয়েক মিনিট পর দেওয়া আরেকটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।সৌদি আরবের আরও দুই এলাকা ওয়াদি আদ-দাওয়াসির এবং আস-সুলায়িল এলাকায়ও জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওয়াদি আদ-দাওয়াসির ও আস সুলায়িল, দুটোই সৌদি আরবের রিয়াদ অঞ্চলের গভর্নরেট বা প্রশাসনিক এলাকা।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াদি আদ-দাওয়াসির ও আস-সুলায়িল গভর্নরেটে সম্ভাব্য হুমকির বিষয়ে পৃথকভাবে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল, তবে এখন বিপদের আশঙ্কা কেটে গেছে।কিন্তু বিপদ আপাতত কেটে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বাসিন্দাদের এক জায়গায় ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিন পাঁচ ঘণ্টায় পাঁচবার জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।
এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে।
অন্যদিকে হুতিরা দাবি করেছে, তারা রিয়াদের বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান ও খামিস মুশাইতেও হামলা চালানোর দাবি করেছে তারা।
সেন্টকম প্রধানের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) রিয়াদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন ব্র্যাড কুপার। তাঁদের আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।
খালিদ বিন সালমান ও ব্র্যাড কুপারের এ বৈঠকের কিছুক্ষণ পর রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার যায় বলে জানায় এসপিএ।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনায় হামলা জোরদার করেছে। জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বারবার হামলা হয়েছে। এর মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনাও রয়েছে। এ ছাড়া আরেকটি হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে রাজধানীতে সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকোর মালিকানাধীন একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনে একসঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং (ছবি-বিবিসি)
সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। তার সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে তিনুবু ও তার সফরসঙ্গীরা নামাজ আদায় করেন। এ সময় তিনি নাইজেরিয়ার শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। পরে তিনুবু সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান। কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
কাবার ভেতরে কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য চেয়েছেন।
কাবার ভেতরে প্রবেশের সুযোগ সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন।
তিনুবু ২০২৬ সালের ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন করেন। চার দিনের সফর শেষে ৪ নভেম্বর তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।
সূত্র: ভয়েস অব নাইজেরিয়া
বিধ্বস্ত বিমান
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এএন-১২ মডেলের বিমানটি নিয়মিত ফ্লাইটে ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীদল। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গভর্নর সেরেদিউক। তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। এখন তদন্তকারীদের কাজে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছেন গভর্নর।
এতে ধ্বংসাবশেষের মধ্যে দমকলকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। ঘটনাস্থলের কাছেই কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিরাপত্তা ক্যামেরার একটি ভিডিওতে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়তে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্ব বেশি হওয়ায় ভিডিওতে বিমানটি স্পষ্ট দেখা যায়নি।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স উপগ্রহচিত্রের সঙ্গে ভিডিওতে দেখা এলাকার দৃশ্য মিলিয়ে দুর্ঘটনাস্থলও নিশ্চিত করেছে। বিমানটিতে কোনো মালামাল ছিল কি না, তা এখনো জানা যায়নি। রাশিয়ার সামরিক বাহিনী অস্ত্র ও সেনা সদস্য পরিবহনে এএন-১২ মডেলের বিমান ব্যবহার করে। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধারকাজেও এই মডেলের বিমান ব্যবহার করা হয়।
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ আঘাত হানা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।’
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।’
সূত্র: আল জাজিরা