নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে যায়।
ওসি মো. শাহজাহান কামাল আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
ছবি : সংগৃহীত
গাজীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিন সড়ক অবরোধ ও বিক্ষোভের পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার সকালে সড়কে বিক্ষোভের পরিবর্তে দেখা গেছে ভিন্ন চিত্র। দলবেঁধে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকেরা। তাঁদের উপস্থিতিতে ফিরতে শুরু করেছে শিল্পাঞ্চলের কর্মচাঞ্চল্য।
আজ সকাল ৯টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও স্বাভাবিক ছিল। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন ও এসআরবির আট প্লাটুন সদস্য রয়েছেন।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
তিনি আরও জানান, আন্দোলনের নামে যাতে কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
এর আগে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে।
আন্দোলনের মধ্যে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সংঘর্ষে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।
টানা আন্দোলন ও সংঘাতের কারণে শিল্পাঞ্চলের অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে আন্দোলন চলাকালে মারধরের শিকার হয়ে তৌফিক হোসেন শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ঘটনাও শিল্পাঞ্চলের পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে আসে।
কয়েক দিনের উত্তেজনা ও অস্থিরতার পর বৃহস্পতিবার সকালে শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফেরার আভাস মিলছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিক্ষার পরিবেশ ফেরাতে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা!
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতা, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারকে এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে উপজেলা প্রশাসন। এ পরিস্থিতি উত্তরণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিংয়ের মাধ্যমে এসব সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে।
প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে। ১৮ বছরের কম বয়সী কারও কাছে বিড়ি-সিগারেট বিক্রি করা যাবে না। এ ছাড়া বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের দোকানে বসে অযথা আড্ডা দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পাশাপাশি ছোট শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডোবা, পুকুর, খাল ও নদী থেকে তাদের দূরে রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষার ফলাফলের মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রচারিত নির্দেশনাগুলো মেনে চলতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬। ছবি: সংগৃহীত
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণাবলি গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬’। এতে রংপুর বিভাগের আট জেলা থেকে ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২শ কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার ও সংশ্লিষ্ট প্রতিনিধি অংশ নিচ্ছেন। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও ক্যাম্পুরির ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান।
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের উদ্যোগে ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্কাউটরা এতে অংশ নিচ্ছেন। ক্যাম্পুরিতে শিশুদের জন্য থাকছে ১০টি চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রম। এসব কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হয়েছে দুটি ভিলেজ ও চারটি সাব-ক্যাম্প।
অংশগ্রহণকারী শিশুদের আবাসন, খাবার, সুপেয় পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠন সহযোগিতা করছে।
আয়োজকরা জানান, ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। আর মহাতাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমের।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, পরোপকারিতা ও পরিবেশ সচেতনতা বাড়বে। পাশাপাশি ভবিষ্যতের দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে তারা অনুপ্রাণিত হবে।
নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের কিসামত ভুটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের কিসামত ভুটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিক শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এসব ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি তাদের।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, গত দুই দিন ধরে প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করেই শিক্ষা অফিসে চলে যাচ্ছেন। তবে বিদ্যালয়ের দায়িত্ব অন্য কোনো শিক্ষকের কাছে বুঝিয়ে দিচ্ছেন না। এমনকি মুভমেন্ট রেজিস্টারেও নিয়ম অনুযায়ী কোনো তথ্য লিখে যাচ্ছেন না বলে অভিযোগ সহকারী শিক্ষকদের।
স্থানীয় এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, গত পরশু দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগটি এলাকায় ছড়িয়ে পড়ে। এর আগেও পঞ্চম শ্রেণিসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগে প্রধান শিক্ষকের বিচার হয়েছিল বলে দাবি করেন তিনি। স্থানীয়ভাবে মীমাংসার পর আবারও স্বাভাবিকভাবে ক্লাস করছিলেন ওই শিক্ষক। এবারও বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে বলে সহকারী শিক্ষকদের কাছ থেকে শুনেছেন তিনি।
স্থানীয় যুবক পলাশ চন্দ্র রায় বলেন, দুই-তিন দিন ধরে এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শিশুরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। তিনি নিজের ভাতিজিকেও অন্য বিদ্যালয়ে ভর্তি করেছেন। একজন শিক্ষকের বিরুদ্ধে বারবার এমন অভিযোগ উঠলে শিশুদের নিরাপত্তা কোথায় ? এমন প্রশ্নও তোলেন তিনি।
এছাড়াও এলাকায় অসংখ্য মানুষের ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সকলেই বলছেন, বাবা-মায়ের পরে আমরা শিশুদের ভরসার জায়গা মনে করি শিক্ষকদের কাছে । কিন্তু শিক্ষকরাই যদি এরকম কর্মকাণ্ড করে। তাহলে আমরা তাদের কোথায় পাঠাবো। তদন্ত সাপেক্ষে এর উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনিমেষ চন্দ্র রায় বলেন, তিনি এখনো কমিটির দায়িত্ব বুঝে পাননি। তবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয়টি শুনেছেন। দায়িত্ব বুঝে না পাওয়ায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছেন না।
এদিকে ঘটনার পর থেকে অভিযোগকারী শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছে না। তার বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া না গেলেও সহকারী শিক্ষক সুধেন রায় জানান, গত দুই দিন ধরে প্রধান শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে শিক্ষা অফিসে যাওয়ার কথা বলে বিদ্যালয় ত্যাগ করছেন। তবে বিদ্যালয়ের দায়িত্ব কাউকে বুঝিয়ে দিচ্ছেন না এবং মুভমেন্ট খাতায়ও স্বাক্ষর করছেন না।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মণ্ডল বলেন, গত দুই দিন ধরে প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায় সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে বদলির বিষয়ে শিক্ষা অফিসে আসছেন এবং এ নিয়ে আলোচনা করছেন। তবে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ প্রয়োজন। অন্যদিকে, নিয়ম না মেনে বিদ্যালয়ের দায়িত্ব ফেলে শিক্ষা অফিসে আসার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, সদর উপজেলা কমান্ডার আনোয়ার হোসেন ও সাবেক উপজেলা কমান্ডার সুবোধ চন্দ্র রায়।
বক্তারা অভিযোগ করেন, পিরোজপুরের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্যে বাধা দিয়েছেন। দেশের স্বাধীনতার জন্য যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের শেষ বিদায়েও এমন বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক বলে মন্তব্য করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে কোনো বীর মুক্তিযোদ্ধাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।