ছবি : সংগৃহীত
কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৯ সেপ্টেম্বর বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
কম্বোডিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট ০২বি-তে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রম পরিচালনার সন্ধান পায় পুলিশ।
অভিযানকালে ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট জব্দ করা হয়েছে।
আটক ৯ বাংলাদেশি নাগরিক ও জব্দ করা আলামত আরও তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনি ব্যবস্থা নিতে নমপেন মিউনিসিপাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৩ দিন বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ইউনিটটির নির্ধারিত বার্ষিক ওভারহল (এওএইচ) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
নির্ধারিত এই সময়ের মধ্যে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
বুধবার এক বার্তায় আদানি জানায়, তাপবিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময় ইউনিটটির প্রয়োজনীয় যন্ত্রাংশ পরীক্ষা, সার্ভিসিং এবং ভবিষ্যতে যান্ত্রিক ত্রুটি এড়াতে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। পরিকল্পিত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে।
আদানি পাওয়ার জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে।ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের এ বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।
ফলে একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকায় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় ইউনিট চালু থাকায় কেন্দ্রটি থেকে এ সময়ে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। প্রকৃত সরবরাহ নির্ভর করবে ইউনিটটির উৎপাদন ও গ্রিডের চাহিদার ওপর।
দেশের বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভর জ্বালানি ও বিদেশি বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা থাকায় এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। তবে আদানি পাওয়ারের বিবৃতি অনুযায়ী, ইউনিটটি বন্ধ রাখার বিষয়টি পূর্বপরিকল্পিত এবং এ বিষয়ে বিপিডিবির সম্মতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। এসব দেশ নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবিত শুল্কের আওতায় আসতে পারে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, ও কম্বোডিয়া, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
যেভাবে আরোপ হতে পারে নতুন শুল্ক
১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ আরও ১৩টি দেশের শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তার বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এ আইনে কোনো দেশের অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে দেশটির পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
ডব্লিউএসজের প্রতিবেদন অনুযায়ী, ইউএসটিআর প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে এসব দেশের কোম্পানিগুলো কম দামে পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে সরবরাহ বাড়াচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন উৎপাদকরা।
তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে। দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই এর আওতায় আসার আশঙ্কা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্পপণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে। এসব পণ্যের ওপর জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় আগে থেকেই শুল্ক আরোপ করা রয়েছে।
নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও কাছাকাছি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর প্রথম দফার শুল্ক বাতিল করার আগে এসব শুল্ক নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে চলমান তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। ফলে জুলাইয়ে প্রস্তাবিত শুল্কের সঙ্গে নতুন শুল্কও যুক্ত হতে পারে।
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় নতুন চাপ
এদিকে, কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে এ চুক্তির কাঠামো চূড়ান্ত হয়েছিল। তবে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর আওতায় আগে আরোপ করা শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে আসে।
প্রস্তাবিত চুক্তির আওতায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। এ ক্ষেত্রে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা পাওয়ার চেষ্টা করছে ভারত। নতুন শুল্ক আরোপের উদ্যোগ দুই দেশের চলমান বাণিজ্য আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
ছবি : সংগৃহীত
ঘরকে বলা হয় নিরাপদ আশ্রয়। বিপদে-আপদে মানুষ সেখানেই ফেরে, খোঁজে আপনজনের সঙ্গ ও ভরসা। কিন্তু অনেক নারী ও কিশোরীর জন্য সেই ঘরই হয়ে উঠছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। আপনজনের হাতেই তাদের জীবন থেমে যাচ্ছে।
জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ নারী ও কিশোরীকে হত্যা করেছেন তাদের সঙ্গী বা পরিবারের সদস্যরা।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নারীর প্রতি সহিংসতা বন্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বে প্রায় ৭৮ হাজার নারী ও কিশোরীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৪৭ হাজারকে হত্যা করেছেন তাদের ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের কোনো সদস্য।
অর্থাৎ, মোট হত্যাকাণ্ডের প্রায় ৬০ শতাংশ ঘটেছে আপনজনের হাতে। প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কিশোরী এভাবে প্রাণ হারিয়েছেন।
নারী ও কিশোরীদের জন্য এখনো সবচেয়ে বিপজ্জনক জায়গা তাদের নিজের ঘর। বছরের পর বছর এ পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে ইউএন উইমেন।
সংস্থাটি আরও বলেছে, বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের হত্যাকাণ্ডের ঝুঁকিমুক্ত নয়।
আঞ্চলিক হিসাবে আফ্রিকায় এ ধরনের হত্যাকাণ্ডের হার সবচেয়ে বেশি। সেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে প্রাণ হারিয়েছেন।
আমেরিকায় এ হার ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।
২০২৪ সালে এভাবে হত্যার শিকার নারীর সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। গত বছর তা কমে ৪৭ হাজারে নেমেছে।
তবে, এ সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে বাস্তবে হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে। জাতিসংঘ জানিয়েছে, তথ্য সংগ্রহ ও হিসাবের পদ্ধতি উন্নত হওয়ায় সংখ্যায় এ পরিবর্তন এসেছে।
ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেছেন, সমাজের কিছু ক্ষতিকর দৃষ্টিভঙ্গি ও রীতিনীতি এবং নারীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থার অভাবের কারণে সহিংসতা বাড়ছে।
এমন পরিস্থিতিতে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকেও হত্যার শিকার হতে হচ্ছে। এ অবস্থা বদলাতে সমাজের সব পর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে, পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য বিশেষ কর্মসূচি চালু করার ওপর জোর দিয়েছেন মনিকা জুমা। তার মতে, এসব উদ্যোগের পাশাপাশি নারীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করাও জরুরি।
অন্যদিকে ইউএন উইমেন জানিয়েছে, নারীদের হত্যা সাধারণত হঠাৎ ঘটে না। এর আগে দীর্ঘদিন ধরে তাদের ওপর সহিংসতা, হুমকি ও নির্যাতন চলে।
কিন্তু, অনেক নারী ও কিশোরী এসব বিষয়ে সাহায্য চান না। আবার কেউ কেউ প্রয়োজনীয় সুরক্ষাও পান না। ফলে, অনেক অপরাধী শাস্তি ছাড়াই পার পেয়ে যান।
বিশ্বে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের হত্যার হার কমছে ধীরগতিতে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকায় সামগ্রিক হত্যার হার কমার গতি নারীদের হত্যার হারের তুলনায় প্রায় দ্বিগুণ এবং ইউরোপে দেড় গুণ বেশি ছিল।
এ অবস্থায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহিংসতা ও নির্যাতনের ঘটনা আগেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে জাতিসংঘ।
সূত্র: আল-জাজিরা
মুহাম্মদ জিশান আলী। ছবি: রয়টার্স
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। এর মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী প্রবেশ করতে যাচ্ছেন। প্রায় এক সপ্তাহের এই অভিযানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন জিশান আলী।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের গোবি মরুভূমি থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে পাকিস্তানের জিশান আলী ছাড়াও রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাদের গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন।
পাকিস্তানের সঙ্গে গত বছর মহাকাশ সহযোগিতা চুক্তি করে চীন। মহাকাশযানে ওঠার আগে জিশান আলী বলেন, তার কাঁধে শুধু পাকিস্তানের নামই নয়, বরং দেশটির ২৫ কোটি মানুষের প্রত্যাশাও বহন করছেন তিনি। প্রায় এক সপ্তাহ তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানের পর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন জিশান আলী।
বিবিসি বলছে, বুধবার সূর্য ওঠার সময় গোবি মরুভূমি থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটির কমান্ডার হিসেবে আছেন তাং হংবো। আর উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং মুহাম্মদ জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশযানটিতে আছেন। তিনিই মহাকাশে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী।
বিবিসি বলছে, উৎক্ষেপণের পরপরই মহাকাশযানের ভেতরে নভোচারীরা মুখের মাস্ক খুলে ফেলেন। এতে বোঝা যায়, মহাকাশযানের ভেতরের বায়ুচাপ ও বাতাসের মান স্বাভাবিক রয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে যুক্ত হওয়ার কথা।
এদিকে চীনের বেইজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারের ফ্লাইট তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, শেনঝৌ-২৪ নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে এবং মহাকাশযানটি স্বাভাবিকভাবে কাজ করছে। পরে জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে অভিযানটিকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করা হয়।
মহাকাশে কী করবেন নভোচারীরা?
মহাকাশে অবস্থানকালে শেনঝৌ-২৪-এর নভোচারীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন এবং প্রযুক্তি যাচাই করবেন। তাদের গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে মহাকাশে প্রাণবিজ্ঞান, মহাকাশ চিকিৎসাবিজ্ঞান ও দহনপ্রক্রিয়া।
মহাকাশের পরিবেশ কীভাবে রক্তনালির বয়সজনিত পরিবর্তনকে প্রভাবিত করে, তা-ও পরীক্ষা করে দেখবেন তারা। এর মাধ্যমে এ ধরনের পরিবর্তন প্রতিরোধ ও চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের আশা করছেন গবেষকেরা।
জিশান আলী বিশেষভাবে ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করবেন। পাশাপাশি মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটি বা অতি কম মাধ্যাকর্ষণ শক্তি কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, তা-ও পরীক্ষা করবেন তিনি।
অন্যদিকে তাং হংবো ও উ ই তিয়াংগং মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করবেন। তাদের সঙ্গে সেখানে থাকবেন শেনঝৌ-২৩ অভিযানের নভোচারী ঝু ইয়াংঝু। দীর্ঘ সময় মহাকাশে থাকলে মানবদেহ কীভাবে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়, তা নিয়ে গবেষণা করছেন তিনি।
পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী। ছবি: সংগৃহীত
কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ছবি: সংগৃহীত