ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • প্রকাশ : মঙ্গলবার ১৯ মে, ২০২৬, সময় : ৭:১৫ এএম

ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় বলে জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আল হাদাথ। ফাঁস হওয়া একটি নথির বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো তেহরানের সবশেষ শান্তি প্রস্তাবের অংশ হিসেবে বিষয়টি সামনে আনা হয়েছে। আল হাদাথের সোমবারের প্রতিবেদনটি ইংরেজিতে প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন গণমাধ্যম আরটি। 


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে প্রস্তুত। তবে শর্ত হলো- তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে। 


আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজির (৬০ শতাংশ) বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ বা এর বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।


যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের অবসান ঘটাতে মস্কো শুরু থেকেই সহযোগিতার প্রস্তাব দিয়ে আসছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে সংরক্ষণের আগ্রহও দেখিয়েছে। চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু প্রস্তাবই দেইনি, ২০১৫ সালে এ ধরনের প্রস্তাব সফলভাবে বাস্তবায়নও করেছিলাম।’ 


সোমবার মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানায়, তেহরানের সবশেষ প্রস্তাবটি ওয়াশিংটন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। কারণ, তারা আগের প্রস্তাবটিতে নামমাত্র পরিবর্তন করে তা নতুন প্রস্তাব হিসেবে পাঠিয়েছে। 


স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর সময় থেকেই ট্রাম্প দাবি করছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তর করতে হবে। গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়ামের মজুত হাতে পেলে তিনি মানসিকভাবে স্বস্তি পাবেন।




ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:২৬ পিএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বলেছেন, তার দেশ ইরানের অধিকার ‘রক্ষায়’ প্রস্তুত।


বিবিসি নিউজ ফার্সির এক খবরে বলা হয়েছে, বেইজিং সফররত আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে প্রস্তুত।


তিনি বলেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করার কথা রয়েছে।


এএফপির তথ্য অনুযায়ী, ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদারদের অন্যতম চীন দীর্ঘদিন ধরে কয়েক মাসব্যাপী মধ্যপ্রাচ্য সংঘাতের উত্তেজনা প্রশমনের চেষ্টা করে আসছে। এই সংঘাত ইরানের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।


ওয়াং ই বলেন, আমরা ইয়েমেন ও লোহিত সাগরে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখতে চাই না।


এ সপ্তাহে চীন মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সেই প্রতিবেদন অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল যে চীনা প্রতিষ্ঠানগুলো জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটির উপগ্রহচিত্র “ইসলামি প্রজাতন্ত্রকে সরবরাহ করেছে”। ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন।

বিষয় : ইরান চীন


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:২৭ পিএম

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউরোপীয় পার্লামেন্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপস্থিতিতে লিয়েন নজিরবিহীন এই প্রস্তাব দেন।


ফন ডার লিয়েন মত দেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু সংকট, ইউক্রেন যুদ্ধ ও ভূরাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে। তিনি বলেন, ‘আমরা কানাডার সঙ্গে সম্পর্ককে যথা সম্ভব সর্বোচ্চ পর্যায়ে নিতে চাই। আমাদের অংশীদারত্বকে জরুরিভিত্তিতে নতুনভাবে ভাবতে হবে।’


এর আগে কানাডার প্রধানমন্ত্রী কার্নি যুক্তরাষ্ট্রের ওপর তাঁর দেশের অতিরিক্ত বাণিজ্যনির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গঠনের আহ্বান জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর কানাডা ও ইউরোপীয় পণ্যে শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য করার কথা বলায় অটোয়া ও ব্রাসেলসের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।


ফন ডার লিয়েন জানান, বিদ্যমান ইইউ-কানাডা বাণিজ্য চুক্তিকে ‘ভবিষ্যতের জোটে’ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর আওতায় অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, ব্যাটারি, এআই, কোয়ান্টাম কম্পিউটিং ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো হবে। আর্কটিক অঞ্চলকেও দুই পক্ষের যৌথ প্রকল্পের অন্যতম কেন্দ্র করা হবে।


তবে ‘সহযোগী সদস্য’ বলতে ঠিক কী বোঝাবে, তা এখনো স্পষ্ট নয়। ২৭ সদস্যের ইইউতে এ ধরনের সদস্যপদের কোনো বিদ্যমান কাঠামো নেই। নরওয়ে, আইসল্যান্ড ও সুইজারল্যান্ডের সঙ্গে ইইউর ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকলেও তারা ইউনিয়নের সদস্য নয়।


আগামী অক্টোবরের শেষ দিকে ইইউ-কানাডা শীর্ষ সম্মেলনে প্রস্তাবটি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা। এরই মধ্যে কানাডার সঙ্গে ইইউর বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন রয়েছে—২০১৬ সালে চুক্তি স্বাক্ষরিত হলেও এখনো ১০টি ইইউ সদস্যদেশ তা অনুমোদন করেনি।


বিশ্লেষকদের মতে, বিশ্বব্যবস্থার পরিবর্তিত বাস্তবতা ইইউকে তৃতীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও নমনীয় কাঠামো তৈরির দিকে ঠেলে দিচ্ছে।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো

  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:১৬ পিএম

সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য আরোপ করা সতর্কতা হালনাগাদ করেছে ওয়াশিংটন। এখন ‘সতর্কতা লেভেল ৩’ জারি করেছে মার্কিন প্রশাসন। হালনাগাদ সতর্কতায় মার্কিন নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। মূলত ইয়েমেনের ইরানপন্থী হুতিদের সঙ্গে সৌদি আরবের বিরোধ এবং আঞ্চলিত অস্থিরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে মার্কিন প্রশাসন।


আজ বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় মার্কিন স্বার্থের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে।


সেই সঙ্গে সৌদি আরবের কিছু এলাকায় হামলার ঝুঁকি ক্রমেই বেড়ে যাওয়ার কথাও সতর্কতায় উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।


অন্যদিকে মার্কিন নাগরিকদের জন্য ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকেই ‘সতর্কতা লেভেল ৪’ জারি রয়েছে। এতে ইয়েমেনে ভ্রমণ না করার কথা বলা হয়েছে।


ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ২০১৫ সাল থেকে হুতিদের লড়াই চলছে। ওই সময় হুতিরা রাজধানী সানা দখল করে নেয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরে হুতিদের সঙ্গে এ লড়াইয়ে জড়িয়ে পড়ে সৌদি আরবও।


চলমান ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সঙ্গে হুতিদের আগের সেই বিরোধ এখন নতুন মাত্রা পেয়েছে। সৌদি আরবের দাবি, পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে হুতিরা। এ কারণে শহরটিতে গতকাল নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরব সরকার।


সর্বশেষ ২০১৭ সালে হুতিরা পবিত্র এ নগরীতে হামলার চেষ্টা করেছিল। এরপর এবারই প্রথম মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। তবে জারি করার কয়েক মিনিটের মধ্যে তা তুলে নেয় সরকার। একই ধরনের সতর্কতা তাইফ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও জারি করা হয়েছিল।


  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:৫৯ পিএম

সরকারি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে ভুয়া বোমা হামলার হুমকি পাঠানোর জন্য পাঁচ লাখেরও বেশি ভুয়া জিমেইল অ্যাকাউন্ট তৈরি ও পরিচালনার সঙ্গে জড়িত এক অপরাধ চক্রকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় পুলিশ। এ ঘটনার পর পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও সুরক্ষা বলয়ের ত্রুটি নিয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পুলিশ।


গতকাল মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।


গুগলের অন্যতম বড় বাজার ভারত। এর আগে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অপরাধীরা গুগলের ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘ফায়ারবেইস’-এর অপব্যবহার করায় এরইমধ্যে ভারত সরকারের কড়া নজরদারিতে রয়েছে গুগল।


পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমের রাজ্য গুজরাটের সাইবার ক্রাইম শাখা এ সপ্তাহে আন্তঃরাজ্য বোমা হামলার হুমকি পাঠানোর কাজে ব্যবহৃত এক বড় পরিসরের ইমেইল নেটওয়ার্কের সন্ধান পেয়েছে।


ধারাবাহিক অভিযানে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০২২ সাল থেকে অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ৫ লাখ ১৩ হাজার ৮৪৭টি জিমেইল আইডি ও এর পাসওয়ার্ড জব্দ করেছে পুলিশ।


রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে সবার আগে যে বিষয়টি উঠে এসেছে, তা হচ্ছে, এ বড় অপরাধ চক্রের নেপথ্যে গুগলের সিস্টেমের নিরাপত্তা দুর্বলতাও তদন্তের আওতায় আসছে।


গুজরাট পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সিনিয়র পুলিশ কর্মকর্তা বিবেক ভেদা বলেছেন, “এত বিপুল সংখ্যক ভুয়া জিমেইল অ্যাকাউন্ট একত্রে ব্যবহারের ঘটনা এর আগে কখনো দেখা যায়নি, যা বিস্ময়কর।


“আমরা খুব দ্রুতই গুগলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব। তাদের প্ল্যাটফর্মের পলিসিতে কিছু পরিবর্তন আনতে বলা হবে, যাতে এ ধরনের সুরক্ষাব্যবস্থা সহজেই এড়িয়ে যাওয়া না যায়।”


তিনি বলেছেন, খুব শিগগিরই গুগলকে এ মামলার তদন্তের কাঠগড়ায় একটি পক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগের পরিকল্পনা রয়েছে পুলিশের।


এ ঘটনা ও তদন্তের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। এ ঘটনায় শেষ পর্যন্ত গুগল কোনো ধরনের আইনি অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়বে কি না তা এখনও স্পষ্ট নয়।


ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে বোমা হামলার হুমকি


ভারতে আর্থিক জালিয়াতির কারণে সাইবার অপরাধে বার্ষিক ক্ষতি ২০০ কোটি ডলার ছাড়িয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন অপরাধে ব্যবহৃত প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানও নিয়েছে।


সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের কয়েক দিন আগে ১০ সেপ্টেম্বর গুজরাট রাজ্য সরকার এক বোমা হামলার হুমকির ইমেইল পাওয়ার পর এ তদন্ত শুরু হয়।


পুলিশ এক বিবৃতিতে বলেছে, ওই ইমেইলটিতে ব্রিকস সম্মেলনের সময় ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ বিভিন্ন দেশকেও হুমকি দেওয়া হয়েছিল।


ভেদা বলেছেন, শেষ পর্যন্ত এসব হুমকি ভুয়া ছিল। তবে এ চক্রের আন্তর্জাতিক সংযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন বাংলাদেশের এক ক্রেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এই ক্রেতা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আংশিক অর্থ পরিশোধ করে জিমেইল অ্যাকাউন্টগুলোর বিভিন্ন ব্যাচ কিনতেন ও পরবর্তীতে ভুয়া ইমেইল পাঠাতেন।


পুলিশের উদ্বেগের আরেকটি বিষয়, প্রতিটি ভুয়া অ্যাকাউন্টে গুগলের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল। অপরাধ চক্রটি এত বড় সংখ্যক অ্যাকাউন্টে তা কীভাবে করল সেটাও তদন্তের আরেকটি দিক।


এফ–১৫ যুদ্ধবিমান

  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:৪৮ পিএম

ইয়েমেনে সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। ইরানপন্থী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আজ বুধবার এ দাবি করেন।


এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের মারিব এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি স্থানীয়ভাবে নির্মিত।


বিবৃতিতে হুতিদের মুখপাত্র আরও বলেন, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুতি বিদ্রোহীরা) সৃষ্টিকর্তার সহায়তা ও অনুগ্রহে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’


যুদ্ধবিমানটি ইয়েমেনের মারিবের আকাশসীমায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর তৎপরতায় সহায়তা করার সময় ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করেন ইয়াহিয়া সারি।


স্থানীয় সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে হুতিরা যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।


হুতিদের পক্ষ থেকে এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির বিষয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ২০১৫ সাল থেকে হুতিদের লড়াই চলছে। ওই সময় হুতিরা রাজধানী সানা দখল করে নেয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরে হুতিদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে সৌদি নেতৃত্বাধীন জোট।


চলমান ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সঙ্গে হুতিদের আগের সেই বিরোধ এখন নতুন মাত্রা পেয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে হুতিরা। এ কারণে শহরটিতে গতকাল মঙ্গলবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।


সর্বশেষ ২০১৭ সালে হুতিরা পবিত্র মক্কায় হামলার চেষ্টা করেছিল। এরপর এবারই প্রথম মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। তবে হুতিরা পবিত্র স্থানে হামলার এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।


মক্কা নগরীতে গতকাল নিরাপত্তা সতর্কতা জারি করার কয়েক মিনিটের মধ্যে অবশ্য তা তুলে নেয় সৌদি সরকার। একই ধরনের সতর্কতা তাইফ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও জারি করা হয়েছিল।



ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে ২ হাজার পাউন্ড ওজনের বোমার এক বিশাল চালান বিক্রির প্রস্তুতি নিচ্ছে। কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তি সাম্প্রতিক বছরগুলোতে বিতর্কিত এই সমরাস্ত্রের সবচেয়ে বড় একক চালান হতে যাচ্ছে বলে খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।


এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি লিখেছে, ২৮০ কোটি ডলারের এই অস্ত্র চুক্তির আওতায় দুই হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার বোমা দেওয়া হবে, যার মধ্যে রয়েছে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা।


এছাড়া এই বিক্রয় তালিকায় ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেডও থাকছে।


পশ্চিমা সামরিক অস্ত্রভাণ্ডারের অন্যতম ধ্বংসাত্মক এই এমকে-৮৪ বোমা বিস্ফোরণের পর এর ধাতব টুকরোগুলো কয়েক হাজার ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটি পুরু কংক্রিট ও লোহা ভেদ করতে পারে এবং মাটিতে বড় ধরনের গর্তের সৃষ্টি করে।


বিএলইউ-১১৭ বোমা হল এমকে-৮৪ এর একটি বিশেষ রূপ। এতে তাপ প্রতিরোধী প্রলেপ থাকে, যা নৌবাহিনীর গুদামে নিরাপদে সংরক্ষণের উপযোগী। আর আই-২০০০ বোমা ভূগর্ভস্থ বা সুরক্ষিত কাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয়।


এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রের হতাশা এবং দুই দেশের সম্পর্কে নজিরবিহীন টানাপড়েনের মধ্যে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের জন্য একটি বড় পরীক্ষা হতে পারে।


যদিও এটিকে 'বিক্রি' বলা হচ্ছে, বাস্তবে 'ফরেন মিলিটারি ফাইন্যান্সিং'-এর মাধ্যমে এই লেনদেনের অর্থায়ন করা হচ্ছে। অর্থাৎ, যে অর্থে ইসরায়েল এই অস্ত্র কিনবে, তা যুক্তরাষ্ট্রই তাদের সরবরাহ করবে। আর তা মেটানো হবে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে।


এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রশ্নের জবাবে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, "বিদেশে অস্ত্র বিক্রির সব সিদ্ধান্তই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আমরা প্রক্রিয়াধীন কোনো বিষয় নিয়ে মন্তব্য করি না।"


এ বিষয়ে ইসরায়েলি দূতাবাসও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই চুক্তির আকার বাইডেন ও ট্রাম্প প্রশাসনের আগের সব ২ হাজার পাউন্ডের বোমা বিক্রির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৫ সালে কংগ্রেসের সাধারণ পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে ২.০৪ বিলিয়ন ডলারের একটি বিতর্কিত চালান পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন।


গাজা ও লেবাননে শত শত বার ২ হাজার পাউন্ড ওজনের ওইসব বোমা ব্যবহার করেছে ইসরায়েল, যা বিপুল প্রাণহানির অন্যতম কারণ।


গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেও নিয়মিত এমকে-৮৪ বোমা ফেলেছে ইসরায়েল, যা নিয়ে তারা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।


মার্কিন সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক বিশেষজ্ঞ ট্রেভর বল বলেন, কোনো ভবনে হামলা করতে চাইলে তারা এ বোমা ব্যবহার করতে পছন্দ করে। কারণ একটি এমকে-৮৪ বোমা পুরো ভবনটি ধসিয়ে দিতে পারে।


প্রথম উপসাগরীয় যুদ্ধে মার্কিন পাইলটদের কাছে ‘হ্যামার’ বা হাতুড়ি নামে পরিচিতি পায় এ বোমা।


গাজা যুদ্ধ চলাকালে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহতের আশঙ্কায় এ ধরনের বোমা ইসরায়েলে পাঠানো বন্ধ করে দিয়েছিল জো বাইডেনের প্রশাসন। ২০২৪ সালে এর একটি চালান স্থগিত করা হয়েছিল।


তবে ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার প্রথম মাসেই সেই নীতি উল্টে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন বলেন, "ইসরায়েল গাজা এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যেভাবে বিমান হামলা চালিয়েছে, তাতে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। ইসরায়েল আসলে কাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু মনে করে, তা নিয়েই প্রশ্ন আছে।"


পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানসহ বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের মধ্যে টানাপড়েন থাকার পরও এই অস্ত্র বিক্রির পক্ষে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।


গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, যেখানে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিপরীতে হামাসের নিরস্ত্রীকরণের প্রস্তাব ছিল।


এর আগে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধের জন্য একটি স্বল্পস্থায়ী চুক্তিতে পৌঁছালে নেতানিয়াহুর মিত্ররা এর কঠোর সমালোচনা করেছিল এবং চুক্তিতে মধ্যস্থতা করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমালোচনায় মুখর হয়েছিল।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প ও তার সহযোগীদের হতাশা ক্রমশ বাড়ছে। কারণ নেতানিয়াহু দ্রুত ও চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন।


ফিনুকেন বলেন, নতুন চুক্তির আওতায় এসব অস্ত্র সরবরাহ করতে কয়েক বছর সময় লাগতে পারে। তবে এ চুক্তির অনুমোদন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বার্তা দেয়।


"পশ্চিম এশিয়ায় শান্তি আনা যদি ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হয়, তাহলে এই চুক্তি অস্বাভাবিক। তারা চাক বা না চাক, এর মাধ্যমে ইসরায়েলের প্রতি একটি আস্থার বার্তাই দেওয়া হচ্ছে।"


সিনেট ফরেন রিলেশনস কমিটি এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতাদের এই অস্ত্র বিক্রির অনুমোদন দিতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।


রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক নেতারা অতীতে এ ধরনের অস্ত্র বিক্রিতে সমর্থন দিয়ে এলেও গাজা ও ইরানের যুদ্ধের হতাশাজনক ফলাফলের কারণে তারা এখন সাধারণ সদস্যদের বাধার সম্মুখীন হচ্ছেন।


বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানে যুদ্ধের বিপক্ষে, যা জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়িয়েছে।


প্রতিনিধি পরিষদের ১০০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য জুলাই মাসে ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করার পক্ষে ভোট দিয়েছিলেন।


মঙ্গলবার ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, তিনি এই অস্ত্র বিক্রির বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন।


" ডোনাল্ড ট্রাম্প মার্কিন করদাতাদের অর্থে এমন এক সরকারের কাছে বোমা পাঠাচ্ছেন, যার নেতৃত্বে রয়েছেন একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধী। অথচ নেতানিয়াহু সরকার গাজা ও লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং আমেরিকানদের হত্যার জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতার পথ আটকে দিচ্ছে।"


তিনি বলেন, "এটি 'আমেরিকা ফার্স্ট' নীতি নয়। আমরা এটি বন্ধ করার চেষ্টা করব।"


ইসরায়েলের প্রতি রিপাবলিকানদের সমর্থন থাকলেও মেগিন কেলি, টাকার কার্লসন এবং ক্যান্ডেস ওয়েন্সের মত রক্ষণশীল বিশ্লেষকরা ইসরায়েলকে পাঠানো বার্ষিক ৩.৮ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।