লালপুরের একমাত্র সরকারি ফুটবল মাঠকে ঘিরে আবারও জেগে উঠেছে নতুন স্বপ্ন। একসময় উত্তরাঞ্চলের অন্যতম প্রাণবন্ত ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত বিলমাড়ীয়া ফুটবল মাঠ। আজ অবহেলা ও অযত্নে অনেকটাই হারিয়েছে তার জৌলুস। তবে মাঠটিকে আধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তরের সম্ভাবনায় আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও এলাকাবাসী।
ব্রিটিশ ইতিহাস বয়ে চলা বিলমাড়ীয়া ফুটবল মাঠ একসময় ছিল বিভিন্ন টুর্নামেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক মিলনমেলার কেন্দ্রবিন্দু। প্রবীণদের ভাষ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামল থেকেই মাঠটিতে নিয়মিত ফুটবল খেলার আয়োজন হতো। নব্বইয়ের দশকেও দেশের নামকরা ফুটবলারদের পদচারণায় মুখর ছিল এই মাঠ। দূর-দূরান্ত থেকে দর্শকরা ছুটে আসতেন খেলা উপভোগ করতে। কালের পরিক্রমায় সেই গৌরবময় অধ্যায় অনেকটাই ম্লান হয়ে গেছে। বর্তমানে মাঠটির অবকাঠামো নাজুক অবস্থায় রয়েছে। মাঠের সমতলতা নষ্ট হয়েছে, বর্ষা মৌসুমে পানি জমে দীর্ঘ সময় খেলার অনুপযোগী হয়ে পড়ে। নেই পর্যাপ্ত দর্শক গ্যালারি, আধুনিক ড্রেসিং রুম কিংবা নিরাপত্তা ব্যবস্থা। ফলে স্থানীয় ক্রীড়াচর্চা বাধাগ্রস্ত হচ্ছে।
মাঠটির উন্নয়নে প্রথম বড় উদ্যোগ নেওয়া হয় সাবেক সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সময়। তাঁর উদ্যোগে মাঠের সীমানাপ্রাচীর ও দুটি গেট নির্মাণের কাজ শুরু হয়। তবে বিভিন্ন কারণে সেই কাজ অসমাপ্ত থেকে যায়। দীর্ঘদিন ধরে প্রকল্পটি আর এগিয়ে না যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন এলাকাবাসী।
সম্প্রতি সেই স্থবিরতায় নতুন গতি এসেছে। বাবার অসমাপ্ত রেখে যাওয়া ফুটবল মাঠের সংস্কার কাজের জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের কাছে মাঠ সংস্কার ও মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানানো হলে তিনি সরেজমিনে মাঠ পরিদর্শন করেন। এ সময় বিলমাড়িয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে নির্মাণাধীন ড্রেসিং রুমের কাজ সম্পন্ন করার জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, উত্তরাঞ্চলের উন্নয়নের রূপকার মরহুম ফজলুর রহমান পটলের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ পুনরায় সংস্কার করা হবে এবং এটিকে একটি আধুনিক ‘ডিজিটাল মিনি স্টেডিয়াম’-এ রূপান্তর করা হবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, একটি মানসম্মত খেলার মাঠ শুধু ক্রীড়া উন্নয়নের জন্য নয়, সামাজিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাদের ভাষায়, তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে অনেক তরুণ মাঠমুখী হতে পারছে না।
লালপুর উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক মনে করেন, বিলমাড়ীয়া মাঠ আধুনিকায়ন করা গেলে এখানে জেলা, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন সম্ভব হবে। এতে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং এলাকায় ক্রীড়া সংস্কৃতির নতুন জাগরণ সৃষ্টি হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মাঠ সংস্কারের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ ও পরিকল্পনা বাস্তবায়িত হলে দ্রুত উন্নয়ন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একসময় যে মাঠে হাজারো দর্শকের উল্লাস ধ্বনিতে মুখর থাকত বিলমাড়ীয়া, সেই মাঠকে ঘিরেই এখন নতুন প্রত্যাশা। এলাকাবাসীর বিশ্বাস, সরকারি উদ্যোগ ও জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতায় বিলমাড়ীয়া ফুটবল মাঠ আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। আধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তরিত হলে এটি শুধু লালপুরের নয়, সমগ্র নাটোর অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নতুন ঠিকানা হয়ে উঠতে পারে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।