অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২০ পিএম

আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।

‎

‎নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র  সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।

‎

‎মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।

‎

‎স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।

‎

‎এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

‎

‎তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।



সর্বশেষ সব খবর

গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।


​স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।


 আমন্ত্রিত অতিথিদের আটার ডাল ও ভাত খাওয়ানো হয়। খাবার খেয়ে বাড়ি ফেরার পরপরই অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশুসহ আট সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।



​কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার ডাল তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।


​স্থানীয় বাসিন্দা আ. রহিম বলেন, ‘‘এ এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়নি এমন পরিবার খুব কমই আছে। অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’’


​সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ​তিনি আরও জানান, খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি কমেছে।

সর্বশেষ সব খবর

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।


কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী ও গণমাধ্যম কর্মী মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার, নাজমা বেগম।


এ ছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, গুড নেইবারস, আভাস ও গ্রামবাংলার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য এখন উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ। পর্যটন নির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা জরুরি।


তাঁরা বলেন, শুধু পৌরসভার উদ্যোগে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্জ্য উৎপত্তিস্থল থেকে পৃথক করা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।


সভায় কুয়াকাটা সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুয়াকাটাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পর্যটননগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা।

সর্বশেষ সব খবর

গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫২ পিএম

গ্রামীন ব্যাংক সিলেট সদর উপজেলা শাখায় আগুন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও ছড়িয়ে পড়েছে গত রাত থেকে। এ নিয়ে সিলেটজুড়ে গ্রামীন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা চরম আতঙ্কে আছেন, এমন খবরও চাউর চারদিকে।

তবে আগুন লাগার বিষয়টি মোটেও সত্য নয় বলে জানিয়েছেন গ্রামীন ব্যাংক সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিনি  কথা বলেন। এ সময় তিনি জানান, এসব খবরের কোনো ভিত্তি নেই।

আমাদের সিলেট সদর উপজেলা শাখায় আগুন লাগা দূরে থাক, সদর উপজেলা শাখা বলতেইতো কিছু নেই। তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের সিলেট বিভাগজুড়ে যত শাখা আছে, তার কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া ভিডিও ও সংবাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সব খবর

আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৩ পিএম

নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রনজিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে বুধবার ভোর রাত ৩টার দিকে রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর পুত্র রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের পুত্র ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র ফারুক আহমদ (৫৯) ও নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের পুত্র আলী হোসেন (৩৪)।


গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।জানা যায়, গত ৮ নভেম্বর রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন।



তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান।সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুকে ওই সভার ভিডিও প্রকাশ করলে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে রনজিত সরকার ও রিসোর্ট মালিক আত্মগোপনে রয়েছেন। 


অন্যদিকে, স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সভার আয়োজন করা সেই ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টের’ মালিক সোহেল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই।  বিএনপির শীর্ষস্থানীয় এক নেতার আত্মীয়ের রিসোর্টে জাতীয় পর্যায়ে আলোচিত এ সভার আয়োজন ও ঘটনার পর কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাত ১২টার দিকে রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ সব খবর

সিলেটে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে এক আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও হয়ে গেছে, আইনজীবীর অভিযোগ

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১৩ পিএম

সিলেটে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে এক আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও হয়ে গেছে। ওই আইনজীবীর অভিযোগ, ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার অজান্তেই অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ।সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখার অ্যাকাউন্ট থেকে এই বিপুল অংকের টাকা লোপাট হয়। দিলীপ কুমারের অভিযোগ, এই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও ব্যাংক কর্তৃপক্ষ বা পুলিশের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি তিনি।


দিলীপ কুমার জানান, নিজের জীবনের সব সঞ্চয় জমা রেখেছিলেন এই ব্যাংক অ্যাকাউন্টে। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। প্রতারণার বিষয়টি ধরা পড়ে গত সোমবার (৯ নভেম্বর)। এদিন, ২০ হাজা্র টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান ড. দিলীপ। তবে ব্যাংক থেকে জানানো হয়- তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই।পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বর ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। কয়েকদফায় এই টাকা স্থানান্তর করা হয়। ড. দিলীপ কুমার দাশ চৌধুরী বলেন, আমার ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস নেই।


ডিজিটাল লেনদেন আমি কখনো করিনি। তিনি বলেন, আমার অজান্তেই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা গায়েব হয়। টাকা স্থানান্তরের কোনো ম্যাসেজও আমার মোবাইলে আসেনি।বৃহস্পতিবার প্রবীণ এই আইনজীবী জানাান, এ ব্যাপারে আমি ব্যাংক কর্তৃপক্ষ ও কতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত টাকা উদ্ধারে তাদের কাছ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।তিনি বলেন, কালকে পুলিশ এসেছিল। তারা এসে বলছে- এটি ব্যাংকের বিষয়। আর ব্যাংক কর্তৃপক্ষ বলছে- তারা খতিয়ে দেখছে।


ড. দিলীপ বলেন, এই অ্যাকাউন্টে আমার সঞ্চয়ের সব টাকা জমা ছিল। এই টাকা না পেলে আমি নিঃস্ব হয়ে যাব। এ ব্যাপারে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম জানান, এই অভিযোগ পেয়েছি। এর সাথে যেহেতু আমার ব্যাংকের সুনামের বিষয় জড়িত তাই ব্র্যাঞ্চের পক্ষ থেকে তার টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব।টাকা খোয়া যাওয়ার সাথে ব্যাংকের নিরাপত্তা ব্যববস্থায় কোন গাফিলতি আছে কী না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।


সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টাকাগুলো কোন কোন অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা যাছাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৩ পিএম

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ডিসি কার্যালয়ের রেকর্ড রুমের সার্টিফিকেট সহকারী মো. জাহাঙ্গীর হোসেনের (৪১) বিরুদ্ধে নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর (৪৬), মো. মিজানুর রহমান মীর (৫৭) ও মো. রিপন সরদার (৫৫)। পুলিশ জানিয়েছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মীর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেপ্তার রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক লোকের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজনই এ মামলার এজাহারনামীয় আসামি।


পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, সোমবার দিবাগত রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর