ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ১২:১১ পিএম

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নৌপরিবহনমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকের পর আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।


আগামীকাল সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ১২ অক্টোবর বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে গণ-অনশন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।


বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম খোকন আমরণ অনশন কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।


মো. ইব্রাহিম খোকন বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক বৈঠকে সব হয়তো সমাধান হবে না। সরকার পক্ষ আমাদের আশ্বস্ত করেছেন।’


কর্মসূচি স্থগিতের প্রসঙ্গে মো. ইব্রাহিম খোকন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান চাই। তাই আমরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।’




প্রতীকী ছবি

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ১:৩৮ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে ইউজিসি চেয়ারম্যানকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।


চিঠিতে বলা হয়, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন ও শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত ও পরামর্শক কমিটি গঠন করতে হবে। কমিটিকে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সুস্পষ্ট সুপারিশ জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৭ অক্টোবর চুয়েটের পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।


শুক্রবার সন্ধ্যা ৬টায় নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য অংশ নেন। তবে কোনো শিক্ষক সদস্য সভায় যোগ দেননি।


সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম সিদ্ধান্তে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়া ও সম্ভাব্য সেশনজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে নিয়মিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানানো হয়।


দ্বিতীয় সিদ্ধান্তে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের কথা বলা হয়। 


তৃতীয় সিদ্ধান্তে অচলাবস্থা নিরসন ও শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর টেকসই সমাধান খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।


সিন্ডিকেটের তৃতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে কমিটি গঠন করে সুপারিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে চুয়েটের সংকট নিরসন এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।


উল্লেখ্য, উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চুয়েটে দীর্ঘদিন ধরে ক্লাস ও পরীক্ষা ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়া এবং সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ১০:২৭ এএম

শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে।বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে সংগঠনটি।


চিফ হুইপ নূরুল ইসলাম মনি

  • প্রকাশ : রবিবার ১৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৪২ পিএম

ফ্যামিলি কার্ড চালুর ফলে পারিবারিক সম্পর্কে পরিবর্তন এসেছে এবং তালাকের প্রবণতা বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। সরকারের ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।


গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড চালু করেছেন যাতে তাঁরা এর সুবিধা সরাসরি ভোগ করতে পারেন।


তাঁর দাবি, এই উদ্যোগের ফলে স্বামী-স্ত্রীর সম্পর্ক ও পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবর্তন এসেছে এবং তালাকের প্রবণতা বন্ধ হয়েছে। সরকারের এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ভালো কাজ হলে তা গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার করা উচিত এবং মানুষকে বারবার এসব উদ্যোগের কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নূরুল ইসলাম মনি বলেন, বরগুনার সার্বিক উন্নয়ন জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন পুলিশ ও সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


অপরাধের সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়া যাবে না।


তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই সরকারি সেবা পায় তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সরকারি দপ্তরগুলোকে সততা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার করতে হবে।


উপকূলীয় বরগুনার উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।


বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তির সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, ওই চুক্তির পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো। এ ছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলে অভিযোগ করেন তিনি।


সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান হলো, বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে। তাঁর দাবি গত দুই বছরে দেশে প্রতিমা বা মূর্তি ভাঙার কোনো ঘটনা ঘটেনি।


সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার। এ সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এর পরে বেলা একটার দিকে বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন চিফ হুইপ। এ সময় তিনি হাসপাতালের জনবলসংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে বরগুনা পৌর এলাকার কড়ইতলা খাল খননকাজের উদ্বোধন করেন তিনি।


 কিশোর গ্যাংকে উল্টিয়ে ঝুলিয়ে দেবেন: চিফ হুইপ


সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

  • প্রকাশ : রবিবার ১৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:০১ পিএম

পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজার সপ্তমী উদযাপিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে এসে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপও ঘুরে দেখেন।


মন্দির প্রাঙ্গণে ডিআইজি পঞ্চগড়বাসীসহ সব পূজার্থীকে সপ্তমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, পরিদর্শনের সময় মাগরিবের আজান হচ্ছিল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে মন্দিরে ভক্তদের উপস্থিতি। হিন্দু, মুসলিম, সনাতনী, সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এই সম্প্রীতির পরিবেশই সবার কাম্য বলে মন্তব্য করেন তিনি।


ডিআইজি জানান, এই পরিবেশ রক্ষা এবং পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ করতে পূজা কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নিরাপদ ও সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


রংপুর বিভাগের পূজামণ্ডপ ব্যাপকভাবে ঘুরে দেখার পর ডিআইজি বলেন, কোথাও কোনো ঝুঁকি বা সমস্যা চোখে পড়েনি। মণ্ডপগুলোতে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে এবং সবার মেজাজ ভালো। নারী ভক্তরা নিরাপদে মণ্ডপে যাওয়া-আসা করছেন বলেও জানান তিনি।


<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1340343184719277%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>


মন্দিরে ছুরিকাঘাতের দায়ে পুলিশের হাতে আটক নতুন কুমার মন্ডল

  • প্রকাশ : রবিবার ১৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩২ পিএম

নওগাঁর মহাদেবপুরে গভীর রাতে মন্দিরে গিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকায় স্থানীয়রা নতুন কুমার মন্ডল (২৮) নামে এক যুবককে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। তার ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১১টায় উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর উত্তরপাড়া সার্বজনিন দূর্গামন্দিরে এঘটনা ঘটে।


আজ রোববার বিকেলে সরেজমিনে ওই মন্দিরে গেলে মন্দিরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য ও স্থানীয়রা জানান, মদ্যপ অবস্থায় নতুন কুমার মন্ডল মন্দিরে এসে মাইক অপারেটরকে মাইকের সাউন্ড বাড়িয়ে দিতে বলে। মাইকের সাউন্ড সিস্টেমে সর্বোচ্চ ভলিউম দিলেও সে আরও জোরে মাইক বাজাতে নির্দেশ দেয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে চাকু বের করে এলোপাথারি আঘাত করতে থাকে। এতে হামিদপুর উত্তরপাড়া গ্রামের দীপু কুমার, পলাশ কুমার ও রতন কুমার নামে তিনজন আহত হন। এদের মধ্যে দীপু কুমারের (২০) অবস্থা আশঙ্কাজনক হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ওইগ্রামের বিপ্লব কুমারের ছেলে।


এসময় স্থানীয়রা নতুন কুমার মন্ডলকে আটক করে মন্দির প্রাঙ্গনে একটি গাছের সাথে বেঁধে রাখে। তাকে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নতুন কুমারকে থানায় নিয়ে আসে। সে হামিদপুর উত্তরপাড়া গ্রামের অনুকুল চন্দ্র মন্ডলের ছেলে।আজ রোববার বিকেলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি জানান, পাওয়ার টিলার দিয়ে জমি চাষের বাঁকি টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।


এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্ততি নেয়ার পরও কিভাবে মদ্যপ অবস্থায় ছুরিকাঘাতের ঘটনা ঘটলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় মাদকের সহজলভ্যতায়ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।


  • প্রকাশ : রবিবার ১৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১৯ পিএম

হরিপুর ও পীরগঞ্জে উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা। ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ ও ২১৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা।


আজ রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।


সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসব মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের শনাক্ত করা সম্ভব হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারী ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।