২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ০৬ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মরাপুকুরপাড় গ্রামের শামসুজ্জামান সবুজ ও স্ত্রী কুলসুম আক্তার দম্পতি। ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কুলসুম একটি পুত্রসন্তানের জন্ম দেন। মাত্র চার মাস বয়সে পুত্রসন্তানের মৃত্যু হয়। এরপর ওই দম্পতি সন্তানের জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। চিকিৎসক দেখিয়েও সুফল মেলেনি। তবে চলতি বছর তারা সন্তান না হওয়ার কারণ হিসেবে জানতে পারেন কুলসুম আক্তারের অনুমতি ছাড়াই তার লাইগেশন করা হয়েছে।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সময় গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ জিনান রেজা অনুমতি ছাড়াই কুলসুমের দুই ফেলোপিয়ান টিউব কেটে বন্ধ দিয়েছিল (লাইগেশন)। চিকিৎসকের এই ভুলে বন্ধ্যত্বকরণের কবলে পড়ে সন্তান নিতে পারছেন না গৃহবধূ কুলসুম।


তবে হাসপাতালের ভাষ্য, গাইনি ওয়ার্ডে লাইগেশনের রেজিস্ট্রারে এই রোগীর বিষয়ে কোনো তথ্য নেই। রোগীসহ পরিবারের সম্মতি ছাড়া লাইগেশন সম্পন্ন হয় না। ওই রোগী কোথায় কী করেছেন, তিনিই ভালো বলতে পারবেন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে কোথায়, কীভাবে এই লাইগেশন হয়েছে। এদিকে এ ঘটনায় গত ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত আবেদন দিয়ে তৎকালীন চিকিৎসার মূল নথিপত্র চেয়েছেন ভুক্তভোগী স্বামী।


অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ জানুয়ারি দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন কুলসুম আক্তার। ওই দিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। সে সময় অস্ত্রোপচার করান চিকিৎসক জিনান রেজা। এর চার দিন পর ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন তারা। কিন্তু ২০২০ সালের ১০ এপ্রিল শিশুটি মারা যায়। সন্তান হারিয়ে দম্পতি পুনরায় সন্তান নেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ ছয় বছর ধরে স্থানীয় চিকিৎসক, বিশেষজ্ঞ ও কবিরাজি চিকিৎসার পেছনে ঘুরেও কোনো ফল না পেয়ে তারা হতাশ হয়ে পড়েন।


সন্তান ধারণ না হওয়ার কারণ খুঁজতে গিয়ে এক চিকিৎসকের পরামর্শে কুলসুম আক্তারের পরীক্ষা করানো হলে তার জরায়ুর দুটি ফ্যালোপিয়ান টিউব বন্ধ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হতে গত ২ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুলসুম আক্তারের ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করা হলে সেখানেও বিষয়টি স্পষ্ট হয়।


সন্তান পাওয়ার শেষ চেষ্টায় দম্পতি ছোটেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৩ আগস্ট সেখানে ভর্তি হন। গত ৮ সেপ্টেম্বর চিকিৎসকরা কুলসুম আক্তারের ‘মাইক্রোসার্জিক্যাল রিক্যানালাইজেশন’ (টিউব পুনর্সংযোগ) অস্ত্রোপচার সম্পন্ন করেন। ওসমানী মেডিকেল কলেজের অপারেশন নোটে উল্লেখ করা হয়, কুলসুমের ডান ও বাম উভয় পাশের ফ্যালোপিয়ান টিউব ‘ইস্থমাস’ অংশে শক্ত করে লাইগেশন (বাঁধা) ও কাটা ছিল। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে টিউব দুটির ব্লকেজ অপসারণ করে পুনরায় সংযোগ স্থাপন করেন।


এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ২০২০ সালের ২ জানুয়ারির অস্ত্রোপচার কক্ষের রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায়, রেজিস্টারের ২০ নম্বর ক্রমিকে কুলসুমের অপারেশনের বিবরণে শুধু লোয়ার ইউটেরিন সিজারিয়ান সেকশন উল্লেখ রয়েছে। অর্থাৎ সরকারি নথিতে লাইগেশন করার কোনো তথ্যের উল্লেখ নেই।


ভুক্তভোগীর স্বামী মো. শামসুজ্জামান সবুজ বলেন, ছয়টি বছর আমার চোখের জলে কেটেছে। এখনো আমার স্ত্রী অসুস্থ। বেঁধে রাখা টিউব জোড়া লাগানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন বাধা থাকায় টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন সন্তান ধারণের সম্ভাবনা খুব কম। আমি চিকিৎসকের বিচার চাই।


তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক জিনান রেজা বলেন, এটি ২০২০ সালের ঘটনা। একজন রোগীর সব চিকিৎসা কার্যক্রম রেজিস্টার খাতায় লেখা থাকে। ওই রোগীর স্থায়ী লাইগেশন হয়েছে এমন কোনো তথ্য-প্রমাণ হাসপাতালের ওটির রেজিস্ট্রারে নেই। ওই রোগীর কোনো লাইগেশন করা হয়নি। আমি অনুমতি ছাড়া রোগীর লাইগেশন করিনি। রোগী ও তার স্বজনের অনুমতি ছাড়া স্থায়ী বন্ধ্যত্বকরণ করা হয় না। আমরা কুমিল্লা মেডিকেলের প্রতিবেদনের বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে তারা ওই রোগীর টিউব ব্লকের কথা উল্লেখ করেছে। আর টিউব ব্লক ইনফেকশন বা নানা কারণে হয়ে থাকতে পারে। আমরা সাধারণত দলগতভাবে কাজ করি। তখনও আমি দলগত কাজের অংশ ছিলাম।


ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, ওই রোগীর স্বজন হাসপাতালে একটি অভিযোগ করেছিল। ছয় বছর আগের ঘটনা এটি। নথিপত্র ঘেঁটে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের তথ্য রেজিস্ট্রারে আছে। কিন্তু ওই রোগীর লাইগেশন করা হয়েছে এমন কোনো তথ্য হাসপাতালের নথিতে নেই। গৃহবধূর স্বামীর সামনেই সব নথি উপস্থাপন করা হয়েছে। ওই রোগীর অন্যান্য প্রতিবেদন দেখে আমাদের ধারণা, অন্য কোথাও তার অস্ত্রোপচার হয়ে থাকতে পারে।


এ বিষয়ে জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোগীর অনুমতি ছাড়া সার্জনরা লাইগেশন করার কোনো সুযোগ নেই। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের ওটি নোট কিংবা কোথাও ওই রোগীর লাইগেশনের কথা উল্লেখ নেই। ঘটনাটি আসলে কী ঘটেছে, তা তদন্ত করে দেখতে হবে।



সর্বশেষ সব খবর

চোর দলের সক্রিয় সদস্য ১৩ জন আটক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৬ এএম

বিরলে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর দলের সক্রিয় সদস্য ১৩ জন আটক এবং গোডাউন হতে চুরি হওয়া ভূট্টা উদ্ধারসহ একইরাতে অপর একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 


বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান আটককৃতদের পরিচয়ে জানান বৃহস্পতিবার রাতে আটককৃতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতচোর গ্রামের খলিল মিঞা এর ছেলে দিনাজপুরের বিরল পৌরশহরের চকভবানী বলদিয়া মোড়ের ভাঙ্গারী মালামাল ক্রয়- বিক্রয়ের দোকানদার ও পিকআপ চালক মোঃ রাশেদুল ইসলাম (২৬), পীরগাছা উপজেলার রহমতচোর গ্রামের মৃত আইজদ্দীন এর ছেলে বিরল উপজেলার ফেরীওয়ালা খইবুর আলী (৫০), একই গ্রামের বাসিন্দা আলেবদ্দীন শেখ এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা আফাজ আলী (৩২), একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা মোঃ শাখাওয়াত হোসেন (২৮), একই গ্রামের খলিল এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা আজিজুল ইসলাম (৩৮) ও একই গ্রামের আলেক উদ্দীন এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা ছাপড় আলী (৩০), একই জেলার পীরগাছা উপজেলার চরছাওলা কামলাহাটের হযরত আলী এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা জাহাঙ্গীর আলম (২৮), একই উপজেলার কিষামত ছাওলা গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা রফিকুল ইসলাম (৩০), একই উপজেলার চর ভুট্টার (বাজার) গ্রামের ইউছব আলী এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা জিয়াউল ইসলাম (২৮), একই গ্রামের মজিবর এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা আব্দুল কুদ্দুস (২৪), একই জেলার বদরগঞ্জ উপজেলার যাদুনগর সর্দারপাড়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা মাহিদুর রহমান (২৩), একই এলাকার দুলাল প্রামাণিক এর ছেলে এই এলাকার ফেরীওয়ালা মোঃ সাপেল (২১), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লাটশালা গ্রামের মোকছেদ আলী এর ছেলে এই উপজেলার ফেরীওয়ালা সাইফুল ইসলাম (২০)।


অপরদিকে, বিরল পৌরশহরের কইদিঘী ঈদগাহ মাঠের গেট সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান এর গোডাউন হতে ভাড়াটিয়া নর্থ বেঙ্গল এগ্রো এর আমদানীকৃত হাইব্রীড ৬ বস্তা ভূট্টা বীজ চুরির ঘটনায় কালিয়াগঞ্জ বাজার হতে বীজগুলো উদ্ধার এবং একজনকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাকিল আহমেদ।


গোডাউন হতে বীজ চুরির ঘটনায় আটককৃত উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামের সমশদ্দীন এর ছেলে আলফাজ হোসেন (৪৯)সহ অপর ১৩ জন আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের সক্রিয় সদস্যকে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার।

সর্বশেষ সব খবর

লালমনিরহাটে ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১০ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও অন্তত ৩জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।


শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিপ্লবসহ কয়েকজন যুবক নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে অটোরিকশায় করে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।


​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরে মাওলা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সব খবর

কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৫ পিএম

দিনাজপুরের বড়পুকুরিয়া ও ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের আলোকে কয়লা উত্তোলনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।


গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া খনি এলাকা সংলগ্ন ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ফুলবাড়ী কয়লাখনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন।



তিনি বলেন, ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করতে হবে। একই সঙ্গে খনির কারণে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ইতিপূর্বে বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন। ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়নের ক্ষেত্রে যেন একই পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে আগে থেকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে। খনির কারণে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের অধিকার ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।


জাকারিয়া নয়ন বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লাখনির মুখ রয়েছে। এখান থেকেও কয়লা উত্তোলনের দাবি জানান তিনি। তাঁর মতে, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ফুলবাড়ী কয়লাখনির কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য দ্রুত খনি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি। এ সময় বড়পুকুরিয়া ও ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের পক্ষে আরও বক্তব্য দেন মো. আব্দুল কাদের, মো. আব্দুল আজিজ ও মো. বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


ফুলবাড়ী কয়লাখনি এলাকার সর্বস্তরের জনগণ’ এ মানববন্ধনের আয়োজন করে।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৫ পিএম

বর্তমান সরকারের আট মাসের দেশ পরিচালনায় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌরাস্তা থেকে সোনাইমুড়ী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সোহেল উদ্দিন সজীব ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান মায়েনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাসে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সোহেল উদ্দিন সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান মায়েন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান ভূঁইয়া ও শাহজাহান সাজু প্রমূখ।

এ সময় সোহেল উদ্দিন সজীব বলেন, বর্তমান সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাশাপাশি দেশের ভেতরে থাকা একটি গুপ্ত সংগঠনও বিদেশে অবস্থানরত গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

নিজ দলের সাংগঠনিক বিষয় তুলে ধরে সজীব বলেন, সোনাইমুড়ী উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। গত জুলাই-আগস্টের আন্দোলনে তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মতো শত শত নেতাকর্মী দলের জন্য জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। অথচ নতুন কমিটিতে তাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে দলের স্বার্থে ভবিষ্যতেও সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন সজীব। একই সঙ্গে দল থেকে যথাযথ মূল্যায়ন করা হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ জানান তিনি।
শোভাযাত্রায় সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ সব খবর

আদাবর থানা। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৩ পিএম

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয়।

রাত ৯টা ৪৫ মিনিটে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর

বর-কনের প্রতীকী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫১ পিএম

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুটি বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। আকস্মিক এ অভিযানে অপ্রাপ্তবয়সী মেয়েদের বিয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তালা উপজেলার বিভিন্ন এলাকায় এ দুটি পৃথক অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানটি সমন্বয় করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।


প্রশাসন সূত্র জানায়, প্রথম অভিযান হয় উপজেলার কুমিরা ইউনিয়নের হাজরাপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক নাজমুন নাহার জানতে পারেন, তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজেরপাড়া এলাকায় ধুমধাম করে একটি বাল্যবিয়ে চলছে। কনে ওই এলাকার বাসিন্দা এবং বর পার্শ্ববর্তী খলিশখালী এলাকার অপ্রাপ্তবয়সী ওসমান গাজী।


খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে তালা উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রিংকু আইচ, কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্য এবং ক্লাবের দপ্তরি মিনা দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া পাটকেলঘাটা থানার ওসির সহযোগিতায় এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিমও ঘটনাস্থলে যায়। তবে অভিযানের টের পেয়ে বর দ্রুত কনেকে গাড়িতে তুলে পালিয়ে যায়।


এ ঘটনায় মেয়ের বাবা মুচলেকা দিয়েছেন এবং আগামী সোমবার সকাল ১০টায় মেয়েসহ অভিভাবকদের ইউএনও মহোদয়ের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কুমিরা মধ্যপাড়া এলাকা প্রথম ঘটনাটি প্রতিরোধ করে ফেরার সময় এলাকাবাসী অভিযোগ করেন, কুমিরা মধ্যপাড়া এলাকায় দশম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্তবয়সী এক মেয়ের বিয়ের আয়োজন চলছে। তাৎক্ষণিকভাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ওই বিয়েটিও সফলভাবে প্রতিরোধ করেন।


এ ক্ষেত্রেও মেয়ের পরিবার থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় মেয়েসহ অভিভাবকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।


তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালা উপজেলার পৃথক এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালিত হয়। এতে বিয়ের দুটি বন্ধ করা হয়েছে। তাছাড়া অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সর্বশেষ সব খবর