নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ফের ১৬৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ৯ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে, মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে ১৬৩ জনকে আটক করা হয়।
থানাভিত্তিক অভিযানের মধ্যে সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাকি ২৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় ৯ জন, চরজব্বর থানায় ৭ জন, সোনাইমুড়ী থানায় ৫ জন এবং কবিরহাট থানায় ৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ছাড়া হাতিয়া থানায় ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার, পাঁচজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে ।
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অবিস্ফোরিত ককটেলটি সড়ক থেকে উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত
সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগচিহ্ন সদৃশ অঙ্কন। তার মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেল গাছের কাঁটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং।
একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক, তার পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।
আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির প্রধান ফটকের সমানে এমন দৃশ্য দেখে আলী হোসেন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী এই বাড়িতে থাকি। বাড়ির চারপাশ বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫-২০টি বেল কাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা। পাশেই গোলাপজলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল।’তিনি বলেন, ‘পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বোঝা যায়। তবে কে বা কারা এ কাজ করল বুঝতে পারছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নেই।’ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহল মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, ফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে ‘কালো জাদু’ বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তার জানামতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম এবং ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, ‘এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদুটোনার কাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইসলামে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ সে আল্লাহর সঙ্গে শিরক করে জ্বিন-শয়তানের সাহায্য নেয়।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তারা ফিরলে বলতে পারব বিষয়টা আসলে কী।’