ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৪:২৪ পিএম

নোয়ালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে নিলামে মাছটি বিক্রি করা হয়।


জানা গেছে, হাতিয়ার জেলে জাহিদ মাঝি মেঘনা নদীতে মাছটি ধরেন। পরে মাছটি চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সিতে নিয়ে নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দর হাঁকিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী বিষ্ণু বেপারি।


নিলাম পরিচালনা করেন কুতুবউদ্দিন বাবু। তিনি বলেন, মাছটির আকার ও ওজন ভালো হওয়ায় নিলামে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। একপর্যায়ে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দাম ওঠে। পরে ওই দামেই মাছটি বিক্রি করা হয়।


সাদিয়া ফিশ এজেন্সির মালিক মো. সালা উদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটে বড় ইলিশ এলে সাধারণত ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যায়। এই রাজা ইলিশটিরও ভালো দাম পাওয়া গেছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষ্ণু বেপারি মাছটি কিনে নেন।


মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে এর চাহিদা ও দাম দুটোই বেশি থাকে। রাজা ইলিশটি আকারে ভালো হওয়ায় নিলামে এর দামও বেশ উঠেছে।


নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মেঘনা নদীতে ইলিশের প্রাপ্যতা ও আকার অনেকটাই প্রাকৃতিক পরিবেশ ও নদীর পরিস্থিতির ওপর নির্ভর করে। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনা মেনে মাছ ধরতে হবে।

বিষয় :




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। মারাত্মক আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


মুকসুদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


এতে পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫টি যানবাহনের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ ঘটে। এতে শতাধিক যাত্রী আহত হন। 


তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।




প্রতীকী ছবি, প্রকৃত অভিযানের দৃশ্য নয় (ছবি- চ্যাটজিপিটি দিয়ে বানানো)

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৪ এএম

খুলনার রূপসায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। জাকির হোসেন (৪৩) নামে ওই বিএনপি নেতাকে যখন গুলি করা হয়, তখন খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা চলছিল। 


রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। জাকির হোসেনের বাড়ি রূপসার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতি রাতের মতো ওই দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জাকির। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক জাকির হোসেনের মাথায় গুলি করে পালিয়ে যায়। 


রূপসা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। খুলনার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত খুলনা সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং অপরাধ দমনে বিভিন্ন ইউনিটের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা, মহাসড়ক ও প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন, এজন্য ২০০ আনসার পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 


খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ডসহ গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


এর আগে সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।রাজনৈতিক দলের প্রোফাইল


সভায় উপস্থিত ব্যক্তিরা খুলনার আইনশৃঙ্খলা সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা অবস্থার ভয়াবহতা তুলে ধরে বলেন, একটা শহর এভাবে চলতে পারে না। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের চৌকস কর্মকর্তাদের দিয়ে যৌথ বাহিনী গঠন করে বিশেষ অভিযান শুরু করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূল করা পর্যন্ত অভিযান যেন অব্যাহত থাকে। উপস্থিত ব্যক্তিদের মতামত সংগ্রহ করেন খুলনার বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে পৃথক আরেকটি বৈঠক শুরু হয়। 


আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত, খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক, মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) রিপন চন্দ্র সরকার প্রমুখ। এ ছাড়া এসআরবি ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক নেতারাও ছিলেন।


ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও তার ছেলে

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃত টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এবং পরবর্তীতে 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।


বৃহস্পতিবার  (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের কামারগাঁও মোকার দোকান এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।




সংবাদ সম্মেলনে স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিফ খানসহ এলাকাবাসী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারগাঁও মোকার দোকান এলাকার ডলি চৌকিদারের বাড়িতে এক নারীসহ ইউপি সদস্য মোশারফ হোসেন অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে আলিফ খান ও রবিন, ইমন,তাজিম, রাতুল সানজিদ, পায়েল ইয়াসিন রুকন, শিহাব,এলাকার  মুরব্বি- সমাদ খান, জসীম 


কাজি সহ স্থানীয় কয়েকজন যুবক সেখানে খোঁজ নিতে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন বাড়ির পেছনের টিনের গেট দিয়ে নিজের জুতা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে মেম্বারের ছেলে ও তার সমর্থকরা সেখানে এসে এলাকাবাসীর ওপর হামলা চালায় এবং মোশারফ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। 


সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মূলত উত্তেজিত জনতার হাত থেকে আমরাই তাকে রক্ষা করেছিলাম। কিন্তু ইউপি সদস্য মোশারফ হোসেন নিজের অপকর্ম ও অনৈতিক ঘটনা আড়াল করতে এবং স্থানীয়দের হেয় প্রতিপন্ন করতে উল্টো 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা গল্প সাজিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।


ভুক্তভোগী এলাকাবাসী ও সংবাদ সম্মেলনের আয়োজকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় যুবকদের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি (সংগৃহীত: ছবি)

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩০ পিএম

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।


আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তবে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজিত কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।


একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।


উল্লেখ্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে দলের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হলেও এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত জানান, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।



ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৯ পিএম

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) মোট সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের বেশকিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


এরমধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি আসরতপুর ফিডারের আওতাধীন বিজিবিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, খামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, টি আই টি পাম্প, তাজহাট মোল্লাপাড়া, জুম্মাপাড়া, বাবুপাড়া, টেকনিক্যাল মোড়, আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো।


নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।