ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৬ পিএম

দেশের অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। তালিকায় প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে।


ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই বিআইএন নেই। এমনকি তারা আনুষ্ঠানিক ব্যবসা পরিচালনার নিয়মকানুন সম্পর্কেও সচেতন নন।


ওই কর্মকর্তা বলেন, দেশের অর্থনীতিতে অনেক ব্যবসা এখনো আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন এমন গৃহিণীরাও, যারা বাড়িতে বসে অনলাইনে পণ্য বিক্রি করেন। এসব ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার বিষয়ে সচেতনতা ও আগ্রহ কম। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।


তিনি জানান, ভ্যাট কমিশনারেটগুলো পাঠানো তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।


ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় খাত দুটিকে রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।


ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তার মতে, একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে পুরো খাতের আর্থিক কর্মকাণ্ডের পরিমাণ অনেক বড়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের প্রকৃত আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের হিসাব পাওয়া যাবে। এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি)।


২৯ রেস্তোরাঁর বিক্রির হিসাবে গরমিল


এদিকে, পৃথক এক অনুসন্ধানে ২৯টি রেস্তোরাঁর বিক্রির তথ্যে বড় ধরনের অসংগতি পেয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা বিভাগ। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে এসব রেস্তোরাঁর বিক্রির যে তথ্য রয়েছে, ভ্যাট রিটার্নে তার চেয়ে অনেক কম বিক্রি দেখানো হয়েছে।


২০২৬ সালের আগস্ট মাসের বিক্রির তথ্য নিয়ে এই অনুসন্ধান চালানো হয়। এ জন্য ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর দাখিল করা ভ্যাট রিটার্নের তুলনা করা হয়।


তদন্তে দেখা গেছে, বেশ কয়েকটি রেস্তোরাঁ অনলাইন প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রির তুলনায় ভ্যাট রিটার্নে উল্লেখযোগ্য পরিমাণ কম বিক্রি দেখিয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন ও রাজস্ব আদায়ের হিসাব যাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে।


অনলাইন ব্যবসা ও রেস্তোরাঁ খাতের এসব অনিয়ম ও অসংগতি যাচাইয়ের মাধ্যমে করজাল সম্প্রসারণ এবং রাজস্ব আদায় বাড়াতে চায় এনবিআর।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৬ এএম

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।


বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।


এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ দুই দিনেই প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা।


এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।


এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।


চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৮০ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। তখন ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৬ এএম

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।


বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব তথ্য পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়।


সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।


রোজায় দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের দাবি জানান তারা।


সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২২ পিএম

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর সম্প্রতি বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা সংক্রান্ত একটি বিশেষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। গত বুধবার রাতে প্রকাশিত এই প্রতিবেদনে বাংলাদেশের উৎপাদন খাতের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর এর বিভিন্ন প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রতিবেদনটি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক ও নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হচ্ছে, যা মার্কিন অর্থনীতিতেও এক ধরনের প্রভাব ফেলছে। বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে এই অতিরিক্ত সক্ষমতার বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে রেখেছে মার্কিন কর্তৃপক্ষ।

বিশেষ করে তৈরি পোশাকসহ অন্যান্য প্রধান রপ্তানি পণ্যগুলোর উৎপাদন ও সরবরাহের গতিপ্রকৃতি এই গবেষণায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন বাণিজ্য দপ্তরের এই ধরনের প্রতিবেদন প্রায়শই ভবিষ্যতের বাণিজ্য নীতি নির্ধারণে দিকনির্দেশনা হিসেবে কাজ করে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার কিংবা শুল্কসংক্রান্ত নীতিমালায় নতুন কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশি রপ্তানিকারকরাও বিশ্ববাজারের এই নতুন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আগামী দিনগুলোতে এই প্রতিবেদনের Findings বা পর্যবেক্ষণগুলো দুই দেশের বাণিজ্যিক আলোচনার টেবিলে প্রধান এজেন্ডা হতে পারে। বাংলাদেশের শিল্প খাতের নীতিনির্ধারকরা বলছেন, বৈশ্বিক বাণিজ্যের এই প্রতিযোগিতা মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বহুমুখীকরণের ওপর আরও বেশি জোর দিতে হবে। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৩ পিএম

নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে একগুচ্ছ শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আমদানির ওপর ধার্য করা এই নতুন করের আওতায় পড়তে যাচ্ছে দেশটির শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশসহ আরও ১২টি অর্থনৈতিক অঞ্চল।বুধবার (২৫ নভেম্বর) বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব বাণিজ্য নীতি নিয়ে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আমেরিকায় আমদানির ওপর আরোপিত এই নতুন শুল্ক দেশটির অনেক বড় বাণিজ্য অংশীদার—চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১২টি দেশের ওপর প্রভাব ফেলবে। 


মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্বে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর, মার্চ মাসে অন্যান্য দেশের বাণিজ্য নীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের ওপর সর্বোচ্চ ‘৪০% পর্যন্ত’ শুল্ক আরোপ করা হয়েছে, এরপর ভিয়েতনামের ওপর ৩৫% পর্যন্ত এবং বাকি দেশগুলোর ওপর ২০% বা ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। 


ট্রাম্পের সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণের কারণে এই হারগুলোর কয়েকটি কার্যকরভাবে হ্রাস পাবে। তথাকথিত ‘ধারা ৩০১’ তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো: চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত। 


ধারা ৩০১ তদন্তের আওতায় বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতি এবং সেগুলো মার্কিন ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের ওপর অন্যায়ভাবে প্রভাব ফেলে কি না, তা খতিয়ে দেখা হয়। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন বা তা আরোপ করেছেন, এই যুক্তিতে যে এই নীতি আমেরিকান উৎপাদন বৃদ্ধি করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০২ পিএম

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মতৈক্য এবং বোর্ড সদস্যদের ভোটে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।


তিনি জানান, প্রথমবারের মতো ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে বোর্ড।


প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে চারজন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।


নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা।


তৃতীয় গ্রেডে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি ১৯ হাজার ২০০ টাকা।


দ্বিতীয় গ্রেডে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ সংশ্লিষ্ট কর্মীদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।


এ ছাড়া যেসব শ্রমিক ইতিমধ্যে ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাঁদের বেতন অন্তত দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতা অনুযায়ী কারখানাগুলো এর বেশি বেতনও দিতে পারবে।


বৈঠক সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষ শেষ পর্যায়ে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, সোমবার মালিকপক্ষের প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিরতি দিয়ে রাত দেড়টা পর্যন্ত চলে দর-কষাকষি।


সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে সরকারের কাছে সুপারিশ করার কথা জানান তিনি।



্র

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৯ পিএম

দেশের বাজারে টানা দুই দিন বাড়ার পর আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।


এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সোমবার ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।


বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে স্বর্ণ ও রৌপ্য অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

সর্বশেষ সব খবর