ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রত্যাশা, এসব আগ্রাসন বন্ধ হলে দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আমি এ বিষয়ে নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমি চাই, প্রেসিডেন্ট পুতিন ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করবেন, যাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হয়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, (যুদ্ধ শেষ হওয়ার) জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে—এটি একটি ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত।’
ট্রাম্প বরাবরই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন। তবে তাঁর বক্তব্যে ‘ইউরোপের বিভিন্ন ভূখণ্ড’ কথাটির মাধ্যমে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকাগুলোর দিকেও ইঙ্গিত করা হয়েছে।
অবশ্য পুতিনকে ঠিক কোন ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর থেকে ইউরোপের অন্যান্য দেশও মাঝেমধ্যে মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ তুলেছে।
গতকাল দিনের শেষ ভাগে ট্রাম্প আবারও বলেন, তাঁর বিশ্বাস পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান। তবে কূটনীতিকে প্রায়ই ব্যক্তিগত সম্পর্কের নিরিখে দেখা ট্রাম্প জানান, রুশ নেতা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার চরম বৈরিতা এ আলোচনাকে কঠিন করে তুলেছে।
ছুটি কাটাতে ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো ক্লাবে অবস্থান করছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সমাধানের পথে সবচেয়ে বড় বাধা, এ দুই নেতা একে অপরকে প্রচণ্ড ঘৃণা করেন।’
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা জানেন না বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার ওপর নির্ভর করলে, আমি তাঁকে সম্মেলনে পেতে চাইতাম।’
এদিকে ক্রেমলিন গতকাল জানিয়েছে, শীর্ষ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চলতি সপ্তাহেই ন্যাটো সদস্যদেশ পোল্যান্ড অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আর এস্তোনিয়া সম্প্রতি একটি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছে।
গত সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ও বৃহত্তর নিরাপত্তা ইস্যুর সমাধানে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার অংশ ছিল ওই সম্মেলন। সেখানে তিনি পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।
জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে ভালোবাসার সন্ধান পেয়েছেন ভারতের হিমাচল প্রদেশের ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সী সাবিনা। পরিবারের সমর্থন ও সঙ্গহীন এই দুই মানুষ একে অপরের মধ্যে খুঁজে পেয়েছেন বেঁচে থাকার অবলম্বন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর বিশ্বাস ও ভালোবাসা-শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
বুধবার হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার দয়োলির ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল সাড়ে ১১টার দিকে আনন্দঘন পরিবেশে মালাবদল করেন তারা। এরপর হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উপকমিশনার কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান।কিরণ ভাদানা বলেন, ‘জীবন সব সময়ই দ্বিতীয় সুযোগ দেয়। আমাদের উচিত সেই সুযোগ গ্রহণ করে আনন্দের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া।’ তার মতে, বার্ধক্য মানেই মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা কিংবা সঙ্গ পাওয়ার ইচ্ছার সমাপ্তি নয়। এই বিয়ে সমাজে ইতিবাচক বার্তা দেবে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মান্ডি জেলার জানজেহলি এলাকার বাসিন্দা কানহাইয়া লাল কয়েক বছর আগে স্ত্রী ও ছেলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি বনের একটি গুহায় বসবাস শুরু করেন। ২০২২ সালে তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নেওয়া হয়। তিনি গণপূর্ত বিভাগে চাকরি করতেন। ২০০০ সালে অবসরে যান।অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনাকে প্রায় চার বছর আগে শিমলা যাওয়ার পথে অপ্রকৃতিস্থ অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাকে মাশোবরা এলাকার নারী নিকেতনে ভর্তি করে। সেখান থেকে ২০২৫ সালে তাকে বিলাসপুরের ওই বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।
সেখানেই কানহাইয়া ও সাবিনার পরিচয়। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক। জীবনের বাকি সময় একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তারা।
বিয়ের অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল, বৃদ্ধাশ্রম পরিচালনাকারী মানব সেবা ট্রাস্টের চেয়ারম্যান প্রকাশ চাঁদ বনসালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানহাইয়ার গ্রামের দু-একজনও অনুষ্ঠানে যোগ দেন। তবে বর-কনের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে হামাস।
বৃহস্পতিবার হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা সহ্য করার অবস্থায় নেই তার সংগঠন।বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এক বছরের যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সংগঠনটির নিয়োগ দেওয়া শিক্ষা উপমন্ত্রী ছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ ছিল এ হামলা।গত এক মাসে ইসরায়েল প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, “কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের নাগালের বাইরে থাকতে পারবে না।”
ইসরায়েলি হামলায় মঙ্গলবারের পর থেকে তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হিসেবে আবু নাদা নিহত হলেন। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল।
হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, “যুদ্ধবিরতি চুক্তির অধীনে হত্যা ও অবরোধের এই সমীকরণ মেনে নেওয়া যায় না।”
কীভাবে জবাব দেওয়া হবে, ভাবছে হামাস
গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পান খলিল আল-হাইয়া। এর আগে ২০২৫ সালে কাতারে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিজেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ওই হামলায় তার ছেলে ও সহযোগীরা নিহত হন।
আল-হাইয়া বলেন, ইসরায়েলি লঙ্ঘন ও প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হতে পারে।
এদিকে হামাস আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের ‘জঘন্য অপরাধ’।
হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-কে দায়ী করে আল-হাইয়া বলেন, “দখলদারদের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস ও চুক্তির জামিনদারদের নীরব থাকার নীতি অগ্রহণযোগ্য।”
চিকিৎসাকর্মীরা জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় চালানো আরও তিনটি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।
এছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি গুলিতে ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
হামাসকে লক্ষ্য করে হামলার কথা বললেও ইসরায়েলি অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন।
ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
প্রতীকী ছবি
স্যাটেলাইট ছবিতে সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারের ওপর ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের হুতি মিলিশিয়ারা। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালগুলোর একটির পাশেই এই শোধনাগারটির অবস্থিত। স্যাটেলাইট ছবিতে এই শোধনাগারটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই শোধনাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্সকে।
হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, শোধনাগারে চালানো হামলায় আগুন ধরে যায়।
রয়টার্স জানিয়েছে, নাসা এবং প্ল্যানেট ল্যাবস—উভয় সংস্থার স্যাটেলাইট চিত্রেই সেখানে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
হুতি মিলিশিয়ারা ইয়েমেনের রাজধানী সানাসহ পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে জুলাইয়ে ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ ফের শুরু হওয়ার পর থেকেই তারা সৌদির বিমানবন্দর, তেল অবকাঠামো এবং অফিস ভবনগুলোতে হামলা চালিয়ে আসছে।
এসব হামলার কারণে এর আগে আরামকোর কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল এবং রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এ ছাড়া ফুটবলের এএফসি এশিয়ান কাপ এবং সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন 'এফআইআই'-সহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত বা বাতিল করতেও বাধ্য হয়েছিল রিয়াদ।
ড্রোন ভূপাতিত করল সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবারের ভোরে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে সেখানে তেল শোধনাগারে কোনো আঘাত হানা হয়েছে কি না, সে বিষয়ে জোটটি কিছু বলেনি।
জোটটি বুধবারের পরের দিকে জানায়, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের জাজান বন্দরে আঘাত হেনেছে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক আহত হননি।
বুধবার গভীর রাতে হুতিরা জানায়, তারা জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে। জাজানের মতো জেদ্দাও সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত। তবে জেদ্দা বন্দরে আঘাত হানার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দৈনিক পাঁচ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের ক্ষমতাসম্পন্ন রাস তানুরা শোধনাগারটি হুতিদের সঙ্গে সংঘাতের পাশাপাশি বৃহত্তর ইরান যুদ্ধের সময়ও হামলার শিকার হয়েছিল। এটি পারস্য উপসাগরীয় উপকূলের একটি কমপ্লেক্সের অংশ, যা সৌদি আরবের প্রধান রপ্তানি টার্মিনাল ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরের গুরুত্ব বেড়ে যায়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সেখানে তেল সরবরাহ করে রপ্তানি করা হয়।
গত সেপ্টেম্বরে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত এলাকাগুলো দখল করে বাব এল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। আরব উপদ্বীপের বিপরীত পাশে থাকা হরমুজ প্রণালীর মতো এই বাব এল-মান্দেব প্রণালিও উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।
ছবি : সংগৃহীত
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ১৯ জন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।আহত ব্যক্তিদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করতে তিনি নিজেই দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।
এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন ওই জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। পরে সেটিতে বিস্ফোরণ ঘটে।
মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কায়রোর কাছের ওই সড়কে থাকা যানবাহনগুলো আগুনে পুড়ে যাচ্ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যাকে প্রাথমিক হিসাব হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভারী বৃষ্টির পানিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজধানী জাকার্তার দক্ষিণে বোগর অঞ্চলের ওই খনিতে সোমবার (২৩ নভেম্বর) মোট ২৬ জন শ্রমিক প্রবেশ করেন। এ সময় ভারী বৃষ্টির পানি খনির সুড়ঙ্গে ঢুকে পড়লে তারা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীরে আটকা পড়েন।
পশ্চিম জাভার পুলিশপ্রধান হেংকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল না হলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনির সুড়ঙ্গটি সরু, পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকর্মীরা খনির দুটি সুড়ঙ্গে অনুসন্ধানে গুরুত্ব দিচ্ছেন। সেখানে পৌঁছাতে দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে খনির ১০০ মিটার গভীরতা উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে।
ইন্দোনেশিয়ায় প্রত্যন্ত অঞ্চলে খনিজ সম্পদ থাকায় এসব এলাকায় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও নজরদারি কঠিন। ফলে দেশটিতে ছোট পরিসরের ও অবৈধ খনিতে একের পর এক দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে একই এলাকার একটি অবৈধ স্বর্ণের খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।
এদিকে ওই অঞ্চলে স্বর্ণখনি পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান আন্তাম (এএনটিএম.জেকে) জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। এটি তাদের পরিচালনাধীন কোনো কার্যক্রমের অংশ নয়।
সূত্র: রয়টার্স