আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার উদাহরণ টেনে যে বক্তব্য দিয়েছেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।’
হাসনাত আরও লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা, সিনেমা অনেকটা নিষিদ্ধের মতোই। এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ওপর চাপিয়ে দিয়েছেন। সেখানকার আলেম-ওলামাদের ওপর দিয়েছেন। তাদের ভাবমূর্তি বিশ্বের সামনে ক্ষুণ্ন করেছেন।’
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধ হওয়ার খবর মিডিয়ায় যেভাবে এসেছিল, বাস্তব চিত্র তা থেকে আলাদা ছিল দাবি করে ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তাই শিক্ষার্থীরা শব্দ কমাতে বলে। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের কথা-কাটাকাটি থেকে পরবর্তী ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হন পুলিশের লাঠিপেটায়।
তিনি আরও লিখেছেন, ‘মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করলেও ঘটনাপ্রবাহ থেকে এটা স্পষ্ট, মাদ্রাসা শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করে দেয়নি। তারা শুধু শব্দ কমাতে বলেছিলেন। এর মানে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ নয়, যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। যার মাধ্যমে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সম্পর্কে ভুল বার্তা দিয়েছিলেন, তাদেরকে ছোট করেছিলেন। অন্যদিকে নৌকাবাইচের বিষয়টিতে স্থান নিয়ে আমার তথ্যগত ত্রুটি হয়েছে। সিলেটের জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলি। এই ত্রুটিতে যে অনাকাঙ্ক্ষিত ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তাতে আমি বিব্রত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি।’
মূল ঘটনা কী ছিল, মিডিয়া কী ফ্রেমিং করেছে, সেটা নিয়ে সংসদে কথা বলা উচিত ছিল বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা। তিনি জানান, সম্পূরক প্রশ্নে সময় সীমাবদ্ধতার কারণে বিস্তারিত বলার সুযোগ ছিল না।
হাসনাত আরও জানান, ‘জুলাই একটা সর্বজনীন সমাজের স্বপ্ন দেখায়, যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে, এবং কেউ কারও মত বা দৃষ্টিভঙ্গি আরেকজনের ওপর চাপিয়ে দেবে না। বিতর্ক থাকবে, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে, কিন্তু কেউ কাউকে জোর করবে না তার মতামতকেই একমাত্র গ্রহণযোগ্য মতামত হিসেবে গ্রহণ করতে। জুলাই এই কমন মিনিমাম গ্রাউন্ডের ঐক্যের প্রতীক। এই আদর্শের প্রতি আমি কমিটেড ছিলাম, আছি, থাকব।’
এনসিপির এই নেতা পোস্টে আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি যে, যদি কোনও গ্রুপ বা ব্যক্তি যদি অন্যায়ভাবে কারও ওপর জোর খাটান কাউকে বাধ্য করেন নিজের মতামতকে চাপিয়ে দিতে, তাহলে সরকারের দায়িত্ব সেটাকে প্রতিহত করা, সকল মানুষের সমান অধিকারকে নিশ্চিত করা। সরকার যখন সেই দায়িত্ব পালনে দ্বিধা করে, অস্বীকৃতি জানায়, তখন দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ভেঙে পড়ে, সরকারের ব্যর্থতাই প্রমাণিত হয়। আমি এই কথাটাই সংসদে বলতে চেয়েছি।’
হাসনাত আরও লেখেন, ‘এই বাংলাদেশ সবার, যেখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, সঙ্গীত থাকবে, ওয়াজ থাকবে, মাজার থাকবে, কনসার্ট হবে, মাহফিল হবে, রথযাত্রা হবে, সিনেমা উৎসব হবে, আবার বিজ্ঞ আলেমদের আলোচনাও হবে। সব ধর্মের, মতের মিলনস্থল এই বাংলাদেশ। যার যেটা পছন্দ হবে, সে সেটায় যাবে, অংশ নেবে, যার যেটা পছন্দ হবে না, সে সেটায় যাবে না। আর সরকার এইটুকু নিশ্চিত করবে, কেউ যেন আরেকজনের অধিকার ক্ষুণ্ন হয়, এমন কিছু করতে না পারে। আজকে সরকার সেই নিরাপত্তা দিতে পারছে না এবং তার ফলে সমতার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে।’
কেন দুঃখ প্রকাশ করলেন হাসনাত
গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি সম্পূরক প্রশ্ন করেন হাসনাত আবদুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না- সে প্রশ্ন রাখেন এনসিপির এই নেতা।
হাসনাতের এই বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তারা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ক্ষমা না চাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেককে হাসনাত আবদুল্লাহর সমালোচনা করতে দেখা গেছে। অনেকে করছেন কটূক্তি। এসবের পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেন। এনসিপির পক্ষ থেকেও হাসনাতের দুঃখপ্রকাশের কথা শেয়ার করে সেটা ফটোকার্ড করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশন ও বিএনপির লোগো। ছবি: সংগৃহীত
'গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে দলটি।
রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।
বিবৃতিতে আগামীকাল দেশের সব উপজেলা ও থানায় পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন স্থান নির্ধারণের বিষয়টি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত পরশুদিন আমরা সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করেছিলাম। কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর বিজয় মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি নয়াপল্টনে পার্টি অফিসের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে।তিনি জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে, অর্থাৎ বিজয়নগরের দিকে মুখ রেখে সমাবেশের মূল মঞ্চ নির্মাণ করা হবে।
সংবাদ সম্মেলনে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।তিনি বলেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে। তাদের এই নিষ্ক্রিয়তা নিয়ে আজ সবার মনে প্রশ্ন উঠেছে।তিনি আরও সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তা বহন করে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে ক্রমাগত এই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মন থেকে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এত দিনে বাংলাদেশের ইউরোপ-আমেরিকা হয়ে যাওয়ার কথা ছিল। তবে তাঁরা ইউরোপ-আমেরিকা হতে চান না, একটি ভালো বাংলাদেশ চান।
আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন।জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, সংসদে এ বিষয়ে জবাবদিহি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন। অতীতেও দায়িত্বে থাকা মন্ত্রীরা একই কথা বলেছেন। তাঁদের এই বক্তব্য ঠিক হলে এত দিনে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাওয়ার কথা ছিল।
তবে তিনি ইউরোপ-আমেরিকার মতো নয়, একটি ভালো বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। কবে সেই বাংলাদেশ হবে, তা নিয়ে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা ও প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, মেয়েশিশুদের ওপর অবর্ণনীয় নির্যাতন ও তাদের নিরাপত্তাহীনতার কারণে মানুষ আতঙ্কিত। চারদিকে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এর জন্য সরকারি দলের নেতা-কর্মীরা দায়ী। মাদক নিয়ন্ত্রণে আইন পাস হয়েছে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কিন্তু এসব ঘোষণার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। দৃশ্যমান কোনো পদক্ষেপ বা ফলাফল জনগণের সামনে নেই।দ্রব্যমূল্য নিয়েও সমালোচনা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সংসদে দ্রব্যমূল্যের একটি তালিকা দেখানো হয়। কিন্তু এক বছর আগে গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দাম কত ছিল, এখন কত—তা বলা হয় না। একইভাবে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম আগে কত ছিল, এখন কত, সেটিও বলা হয় না।
শফিকুর রহমান বলেন, ‘নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। সব দোষ অতীতের সরকারগুলোর আর সব দোষ বর্তমানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এটার। আমাদের কোনো দোষ নাই।’
সংবিধান সংশোধন কমিটি অসাংবিধানিক
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করেছে, সেটি আইনসম্মত নয় বলে মন্তব্য করেন শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেন, বিরোধী দল এ কমিটির বিষয়ে প্রতিবাদ জানালে এর নামের সঙ্গে ‘বিশেষ’ শব্দটি যুক্ত করা হয়। কিন্তু সংসদে এই শব্দসহ কমিটি গঠনের প্রস্তাব পাস হয়নি। তাই এটি একটি অসাংবিধানিক সংবিধান সংশোধন কমিটি।
জাতীয় ঐক্য গঠনের বিষয়ে সরকারের উদ্দেশে জামায়াতের আমির বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা করা হলে ২০২৪ সালের মতো আবারও সবাই ঐক্যবদ্ধ হবেন। নতুন করে জাতীয় ঐক্য গঠনের কোনো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় সিসাঢালা ঐক্য তৈরি হবে।
শফিকুর রহমান বলেন, মূল বিষয়টি উপেক্ষা করে সরকার ঐক্যের চেষ্টা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এতে বাংলাদেশের কোনো সুবিধা হবে না। বরং এর সুযোগ নেবে অতীতের ফ্যাসিবাদীরা। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা ফ্যাসিবাদীদের সেই সুযোগ দেবে কি না।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে প্রশ্ন
গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, দেশের একটি জেলায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে এক সপ্তাহ ধরে সরকারের কোনো ছায়াও মানুষ খুঁজে পায়নি। ওই জেলার সরকারদলীয় তিন সংসদ সদস্য এখন পর্যন্ত নিজ এলাকায় গিয়ে জনগণের খোঁজ নিয়েছেন কি না, সে ধরনের কোনো তথ্যও নেই।
শফিকুর রহমান বলেন, ‘বিশৃঙ্খলা এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা হয়েছে। কী আশ্চর্য! যেখানে সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা, সেখানে আমাদের গভীর নীরবতা।’
গোপালগঞ্জের ঘটনার সঙ্গে প্রতিবেশী দেশের কেউ কেউ অতি উৎসাহে জড়িয়ে পড়ছেন বলে দাবি করেন জামায়াতের আমির। তিনি বলেন, তাঁদের কেউ বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। একটি সরকার কীভাবে এ বিষয়ে নীরব থাকতে পারে, তা তাঁদের বিস্মিত করেছে।
সীমান্ত রক্ষা এবং মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালনে সরকার কতটা সফল, জনগণই তার বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা জনগণের দাবি নিয়ে সরকারের সঙ্গে বসবেন।পোশাকশিল্প নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে শফিকুর রহমান বলেন, এ শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, যাতে এটিকেও মাটির সঙ্গে ধসিয়ে দেওয়া যায়।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর সংবাদমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শিল্প নিয়ে ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। এমনকি এসব শিল্প টিকবে না বলেও মন্তব্য করা হচ্ছে। এ ধরনের সমালোচনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বাংলাদেশের শিল্প ধ্বংসের পেছনে ওই দেশগুলোরও কোনো ভূমিকা আছে কি না।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।