সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

  • প্রকাশ : সোমবার ০২ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ১০:৫৯ এএম



বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে বন্দি রাখার ধারণা প্রচার করছে। তারা কীভাবে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে একপাশে সরিয়ে রেখে দেশ পরিচালনার পরিকল্পনা করছে? আজ সোমবার দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, দেশ গড়তে নারী ও পুরুষ উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে আমরা দেখেছি, একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতা বিদেশি গণমাধ্যমে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যারা নিজের দেশের নাগরিকদের সম্পর্কে কুৎসা রটায় ও মিথ্যাচার করে, তারা দেশের মঙ্গল কামনা করে না।


তিনি বলেন, যে নেতা নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলতে পারেন, ক্ষমতা পেলে তিনি নারীদের আরও অপমান করতে পারেন।


তারেক রহমান আরও বলেন, দেশকে এগিয়ে নিতে নারীদের অগ্রাধিকার দেওয়া জরুরি বলে বিএনপি বিশ্বাস করে। 


বিএনপির চেয়ারম্যান বলেন, একটি নির্দিষ্ট দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা শুনছি, ভোট গণনায় অনেক সময় লাগতে পারে। যারা এই প্রক্রিয়া বিলম্বিত করতে চায়, তাদের সতর্ক নজরে রাখতে হবে। অতীতে আমরা দেখেছি, সাধারণত গণনায় কত সময় লাগে।


তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন করা। কৃষকদের জন্য নির্মিত খালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে হাজার হাজার খাল খনন করা হয়েছিল, যা কৃষকদের উপকারে এসেছিল। বিএনপি ক্ষমতায় গেছে সেই খালগুলো পুনরায় খনন ও সংস্কার করা হবে।


তারেক রহমান আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। পাশাপাশি মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সম্মানী দেওয়া হবে।


তারেক রহমান বলেন, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সঙ্গে মিলেই দেশ গড়তে চাই। এই দেশের মালিক জনগণ। তাদের সমর্থন নিয়েই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।



সর্বশেষ সব খবর

আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা ও তার বাবা ইদ্রিস মৃধা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৩ এএম

ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বাবা ইদ্রিস মৃধা। এ জন্য আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে ২৬ নভেম্বর জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এফিডেভিট করে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা। ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার মেজ ছেলে।

এফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, রাহাত তার মেজ ছেলে। তাকে লালন-পালন করে প্রতিষ্ঠিত করলেও বর্তমানে তিনি নিজের ইচ্ছা ও খেয়ালখুশিমতো চলাফেরা করেন। রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত হতে নিষেধ করলেও ছেলে তার কথা শোনেননি। ভালোভাবে চলার পরামর্শ দিলে রাহাত তার ওপর ক্ষিপ্ত হন বলেও এফিডেভিটে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, রাহাত সমাজের আচার-আচরণ ও নিয়মনীতি মানেন না এবং কারও কথার তোয়াক্কা করেন না। ভবিষ্যতের কথা চিন্তা করে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন ইদ্রিস মৃধা। কেউ রাহাতের সঙ্গে বাবা-ছেলের সম্পর্ক দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও এফিডেভিটে উল্লেখ করা হয়।

ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘আমার কথা না শোনায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তাকে বারবার বুঝিয়েছি, আমরা গরিব মানুষ, আমাদের রাজনীতি করার দরকার নেই। কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। আমার তো নিজের চলতে হবে, থাকতে হবে। এ কারণেই ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি।’

এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।’

সর্বশেষ সব খবর

নির্বাচন কমিশন ও বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২০ এএম

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে।

নতুন করে সময় চেয়েছে দলটি। পরবর্তী সময়ে সংলাপের তারিখ নির্ধারণ করা হলে এতে অংশ নেবে বিএনপি। রোববার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রমানুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসার আগ্রহের কথা ইসিকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সোমবার দলটির সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করে ইসি। তবে শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। নতুন করে সময় চাওয়ায় সোমবার বিএনপির সঙ্গে সংলাপ হচ্ছে না।

সর্বশেষ সব খবর

'গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০১ পিএম

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় এবং বর্তমান পরিস্থিতি সামাল দিতে না পেরে দলটি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার বিকালে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে অভিযোগ করে তিনি বলেন, “এর ফলে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে।”

আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতির সুযোগ পাবে না। এ সময় দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল ও দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তিনি। গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে।

নতুন কোনো চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে, আর সেই ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে এ দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও। তাই এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।

সমাবেশে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম দেশের কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর সমালোচনা করে বলেন, “কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমকে চিহ্নিত করে তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।”

স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে ‘তথাকথিত’ জ্যেষ্ঠ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করার হুঁশিয়ারি দেন সারজিস আলম।

এর আগে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১৯ পিএম

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে দলটি।


রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়।


বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।


তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।


বিবৃতিতে আগামীকাল দেশের সব উপজেলা ও থানায় পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৭ পিএম

বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন স্থান নির্ধারণের বিষয়টি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত পরশুদিন আমরা সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করেছিলাম। কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর বিজয় মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি নয়াপল্টনে পার্টি অফিসের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে।তিনি জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে, অর্থাৎ বিজয়নগরের দিকে মুখ রেখে সমাবেশের মূল মঞ্চ নির্মাণ করা হবে।


সংবাদ সম্মেলনে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।তিনি বলেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।


আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে। তাদের এই নিষ্ক্রিয়তা নিয়ে আজ সবার মনে প্রশ্ন উঠেছে।তিনি আরও সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।


সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৩ পিএম

ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তা বহন করে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে ক্রমাগত এই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মন থেকে।

সর্বশেষ সব খবর