হাদি ফিরে আসুন

  • প্রকাশ : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫, সময় : ১২:৫৫ এএম


হাদি ফিরে আসুন

51Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
হাদি ফিরে আসুন

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র আলোচিত মুখ ওসমান হাদি এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। শুক্রবার তার সম্ভাব্য সংসদীয় আসন ঢাকা-৮-এ জনসংযোগে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি।

ওসমান হাদি গ্রামবাংলার নিভৃত আঙিনা থেকে উঠে এসেছেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের মুন্সিবাড়িতে জন্ম তার। তিনি কেবল একজন ব্যক্তিমানুষ নন, তিনি একটি পারিবারিক ঐতিহ্য, শিক্ষা ও সংগ্রামের উত্তরাধিকার। মরহুম মাওলানা আব্দুল হাদির ছোট ছেলে হিসেবে শৈশব থেকেই তিনি ধর্ম ও জ্ঞানের আবহে বেড়ে ওঠেন। তার জন্মভূমির মাটি যেমন স্নিগ্ধ, তেমনি তার মানসগঠনেও রয়েছে গ্রামবাংলার সহজ-সরল দৃঢ়তা।

মাওলানা আব্দুল হাদি ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ। তিনি একজন শিক্ষানুরাগী আলেম। তার পরিবার ছিল জ্ঞান ও আদর্শের এক পাঠশালা। তিন পুত্র ও তিন কন্যার পরিবারে বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক আজ বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং গুঠিয়ার ঐতিহ্যবাহী জামে মসজিদের খতিব। এই পরিবারের ছোট সন্তান হিসেবেই ওসমান হাদি নিজের পথ খুঁজে নেন ভিন্ন এক পরিসরে।

তিন বোনের সংসারও জড়িয়ে আছে শিক্ষা, দাওয়াহ ও জীবিকার নানা দায়িত্বে। বড় বোনের স্বামী ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার। ছোট বোন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক, তার স্বামীও একজন আলেম—মাওলানা আমির হোসেন। এই পারিবারিক পরিমণ্ডলে ওসমান হাদির শেকড় দৃঢ়, বিশ্বাস গভীর।

শিক্ষাজীবনের শুরুতে তিনি পিতার কর্মস্থল নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করেন। এরপর ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কামিল মাদ্রাসায় অধ্যয়ন তার জ্ঞানচর্চাকে দেয় নতুন দিগন্ত। ছোটবেলা থেকে তিনি ছিলেন মেধাবী, স্পষ্টভাষী ও বক্তৃতায় পারদর্শী। তার কণ্ঠে আত্মবিশ্বাস, কথায় যুক্তির দীপ্তি তাকে ধীরে ধীরে বৃহত্তর অঙ্গনে নিয়ে যায়।

ধর্মীয় শিক্ষার ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি পা রাখেন আধুনিক উচ্চশিক্ষার পথে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে ওসমান হাদি নিজের চিন্তার পরিসরকে বিস্তৃত করেন। এখানেই তার ভেতরে জন্ম নেয় সময় ও সমাজকে নতুনভাবে দেখার দৃষ্টি। তিনি হয়ে ওঠেন এমন এক মানুষ। তিনি ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক রাষ্ট্রচিন্তাকে একই সূত্রে গাঁথতে চান।

২০২৪ সালের সরকার পতনের আন্দোলন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভূমিকা ওসমান হাদিকে এনে দেয় জাতীয় পরিচিতি। তার বক্তব্য, উপস্থিতি ও সাহসী উচ্চারণ দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন গণমাধ্যম ও জনমানুষের আলোচনার কেন্দ্রবিন্দু—কারও কাছে প্রতিবাদের প্রতীক, কারও কাছে বিতর্কের নাম।

ব্যক্তিগত জীবনে ওসমান হাদি বরিশালের রহমতপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সংসারে রয়েছে ১০ মাসের এক পুত্র সন্তান—ভবিষ্যতের প্রতি এক নতুন আশার নাম। বর্তমানে তিনি ঢাকার রামপুরায় বসবাস করছেন। বৃদ্ধা মাতাও এখন তার সান্নিধ্যে ঢাকাতেই অবস্থান করছেন যেন সংগ্রামী জীবনের ব্যস্ততার মাঝেও মায়ের দোয়া তার নীরব শক্তি।

ওসমান হাদি তাই কেবল একজন আন্দোলনের মুখপাত্র নন, তিনি একটি ধারাবাহিক জীবনের ফলাফল। গ্রাম থেকে নগর, মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়, পরিবার থেকে রাষ্ট্র—সব পরিসরেই তার যাত্রা প্রশ্ন তোলে, আলোড়ন তোলে, ভাবায়। ইতিহাসে কীভাবে তিনি মূল্যায়িত হবেন, তা ভবিষ্যৎ বলবে। তবে বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এই দোয়া করি।

বিষয় : হাদি



সর্বশেষ সব খবর

ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং একসঙ্গে

  • প্রকাশ : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:১৫ পিএম

বিশ্বরাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নয়াদিল্লিতে হয়ে গেল ব্রিকসের ২০২৬ সালের সম্মেলন। সম্প্রসারিত এই জোটে সদস্যসংখ্যা বেড়েছে। বেড়েছে অর্থনৈতিক ও কূটনৈতিক গুরুত্বও। কিন্তু পশ্চিম এশিয়ার সংঘাত থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কার, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে সদস্যদের মধ্যে ঐকমত্য তৈরি করা কঠিন হয়ে পড়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো নেতাদের অংশগ্রহণ এবারের সম্মেলনকে অ–পশ্চিমা বিশ্বের বড় কূটনৈতিক সমাবেশে পরিণত করেছে। এ কারণেই ব্রিকস বড় ধরনের আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।



ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারতের চতুর্থ মেয়াদ অবশ্য বেশ নিরুত্তাপ। ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের মতো এবার জাঁকজমক দেখা যাচ্ছে না। সে সময় কয়েক মাস ধরে রাজধানীর সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছিল। বিভিন্ন স্থানে রঙিন দেয়ালচিত্র আঁকা হয়েছিল। বিদেশি অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল বিলবোর্ডও ছিল। এবার প্রস্তুতি অনেকটাই নীরব ও সংযত।



ব্রিকস এখন যুক্তরাষ্ট্রের নজরেও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ব্রিকসের ১১টি সদস্যদেশ ‘ডি-ডলারাইজেশন’ বা আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর পথে এগোলে তাদের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হবে।


অন্যদিকে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ব্রিকসের অভ্যন্তরীণ বিরোধও সামনে এনেছে। ইরান ও সংযুক্ত আরব আমিরাত এই সংঘাতে ভিন্ন অবস্থানে রয়েছে। ফলে জোটটি যত বড় হয়েছে, তাকে একমত করানো তত কঠিন হয়েছে। অথচ ১১ বছর আগে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার পর উল্লেখযোগ্য বাস্তব সাফল্যের তালিকা খুব দীর্ঘ নয়।


তারপরও ভারতের জন্য এবারের সম্মেলন একটি বড় কূটনৈতিক সুযোগ। নয়াদিল্লির প্রধান চ্যালেঞ্জ হলো, তার দুই গুরুত্বপূর্ণ অংশীদার ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে একই জায়গায় এনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করানো। ভারত যদি তা করতে পারে, তাহলে পশ্চিম এশিয়ার পরস্পরবিরোধী দুই দেশের মধ্যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা আরও জোরালো হবে।


এমন সাফল্য পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার পর ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। পাকিস্তান কিছুদিন আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় সাফল্যের দাবি করেছিল। কিন্তু ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়ে। ভারত সফল হলে সেটি ২০২৩ সালে জি-২০ সম্মেলনে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে অভিন্ন ভাষা তৈরির সাফল্যের ধারাবাহিকতা হবে।


ভারতের জন্য এবারের সম্মেলনে কোনো বড় বিরোধ ছাড়াই বর্তমান অবস্থান ধরে রাখতে পারা একটি কূটনৈতিক সাফল্য হবে। কিন্তু তাতেও ১১টি দেশের সামনে থাকা সবচেয়ে বড় প্রশ্নটির উত্তর মিলবে না। ব্রিকস শেষ পর্যন্ত কী হতে চায়; একটি অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ, নাকি পশ্চিমা প্রভাবের বিকল্প একটি ভূরাজনৈতিক শক্তি? এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে জরুরি।


একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে আনায় ভারতের প্রচেষ্টাও শক্তিশালী হবে। গত মাসে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মোদি পুতিনকে ‘অন্তহীন যুদ্ধ থেকে অবসানের’ পথে যাওয়ার আহ্বান জানান। কয়েক দিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করে বলেন, যুদ্ধ বন্ধে সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধ প্রায় পাঁচ বছরে পা দিতে চলেছে।


এসব কারণে ভারতের এবারের ব্রিকস সভাপতিত্বের গুরুত্ব অনেক বেশি। শুক্রবার বিকেলে মোদি পুতিনের সঙ্গে এবং পরে সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। উভয় বৈঠকেই বৈশ্বিক সংঘাত এবং তার প্রভাব নিয়ে আলোচনা হয়। বিশেষ করে খাদ্য, সার ও জ্বালানির ওপর সংঘাতের প্রভাব ছিল আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।


ব্রিকসের শুরু অবশ্য ভূরাজনীতি দিয়ে হয়নি। ২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের একটি গবেষণাপত্রে ‘ব্রিক’ শব্দটির জন্ম। সেখানে বলা হয়েছিল, ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মতো উন্নয়নশীল অর্থনীতির বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্ব আগামী দিনে আরও বাড়বে। পরে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও উৎপাদনশিল্পের বড় শক্তিতে পরিণত হয়েছে। ব্রাজিল, রাশিয়া ও ভারতও গত ২৫ বছরে বিভিন্ন মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।


২০০৬ সালে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবার বৈঠক করেন। ২০০৯ সালে হয় প্রথম নেতাদের সম্মেলন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে ব্রিকস পাঁচ সদস্যের জোটে পরিণত হয়। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও তখন অগ্রগতি হচ্ছিল। দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার চার বছরের মধ্যেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন সহায়তার জন্য এটি ছিল একটি নতুন আর্থিক প্রতিষ্ঠান। পশ্চিমা দেশগুলোর প্রচলিত ভূমিকার বাইরে যাওয়ার ক্ষেত্রে এটিই ছিল ব্রিকসের প্রথম বড় পদক্ষেপ।


অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি ভূরাজনীতি দ্রুত ব্রিকসের ভেতরে ঢুকে পড়েছে। ২০২০ সালে গালওয়ানে ভারত ও চীনের সংঘর্ষ হয়। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফিরে আসেন।


এই পরিবর্তিত পরিস্থিতিতে ২০২৩ সালে ব্রিকস সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। ব্রাজিল ও ভারত সম্প্রসারণের জন্য কিছু নিয়ম তৈরিতে ভূমিকা রাখে। এর একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, নতুন সদস্যদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করতে হবে।


সৌদি আরবকে পূর্ণ সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হলেও দেশটি মূল ব্রিকস সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী পাঠায়নি। শুধু আউটরিচ সম্মেলনে অংশ নিয়েছিল। আরও একটি নতুন দিক হলো, ভারত এখন ব্রিকসের আর সম্প্রসারণের বিরোধিতা করছে। কিন্তু তাতে মূল প্রশ্নটি আরও জোরালো হয়েছে, ১১টি সদস্যদেশ আসলে ব্রিকসের মাধ্যমে কী অর্জন করতে চায়?


ট্রাম্পের প্রত্যাবর্তন, চীনের অর্থনৈতিক উত্থান এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা সংঘাত ব্রিকসকে আবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এনেছে। বিশ্বের বড় উন্নয়নশীল অর্থনীতিগুলো বৈশ্বিক সমস্যা নিয়ে কী ভাবছে, ব্রিকস তার একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে।


ভারতের জন্য এবারের সম্মেলনে কোনো বড় বিরোধ ছাড়াই বর্তমান অবস্থান ধরে রাখতে পারা একটি কূটনৈতিক সাফল্য হবে। কিন্তু তাতেও ১১টি দেশের সামনে থাকা সবচেয়ে বড় প্রশ্নটির উত্তর মিলবে না। ব্রিকস শেষ পর্যন্ত কী হতে চায়; একটি অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ, নাকি পশ্চিমা প্রভাবের বিকল্প একটি ভূরাজনৈতিক শক্তি? এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে জরুরি।


লেখক- দ্য প্রিন্ট-এর প্রধান প্রতিবেদক 



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:৪২ পিএম

বিশ্বরাজনীতিতে ক্ষমতার মানচিত্র কখনো স্থির থাকে না। যে রাষ্ট্রগুলো একসময় আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রান্তে অবস্থান করত, অর্থনৈতিক শক্তি অর্জনের সঙ্গে সঙ্গে তারাই একসময় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রের দিকে এগিয়ে আসে। ব্রিকসের উত্থানকে এই বৃহত্তর ঐতিহাসিক পরিবর্তনের মধ্যেই বুঝতে হবে। 


এটি কেবল কয়েকটি উদীয়মান অর্থনীতির সহযোগিতা কাঠামো নয়, বরং বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় ক্ষমতা, অর্থ, প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের অসম বণ্টন সম্পর্কে একধরনের রাজনৈতিক প্রশ্ন।


ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর থেকে ‘ব্রিকস’ নামটির উৎপত্তি। পরবর্তী সময়ে এর পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া-এই ১১টি দেশ এর সদস্য। একই সঙ্গে বেশ কয়েকটি রাষ্ট্রকে অংশীদার দেশের মর্যাদা দেওয়া হয়েছে।


ফলে ব্রিকস এখন আর পাঁচ দেশের একটি সীমিত মঞ্চ নয়, এটি ক্রমে বৃহত্তর দক্ষিণের অর্থনৈতিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রকাশভূমিতে পরিণত হচ্ছে।


ব্রিকস কেন গুরুত্বপূর্ণ?


দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এমন এক সময়ে নির্মিত হয়েছিল, যখন বর্তমানের বহু উদীয়মান শক্তির অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা ছিল তুলনামূলকভাবে সীমিত।


কিন্তু বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্র ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। চীন ও ভারত বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে; ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।




ফলে প্রশ্ন উঠেছে-বিশ্ব অর্থনীতির বাস্তব ক্ষমতাবিন্যাস যদি বদলে যায়, তবে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের কাঠামো অপরিবর্তিত থাকবে কেন? ব্রিকস মূলত এই অসামঞ্জস্যের জায়গাটিতেই প্রবেশ করেছে।


এর অন্যতম প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক ব্যবস্থাকে অধিকতর বহুকেন্দ্রিক, প্রতিনিধিত্বশীল এবং উন্নয়নশীল বিশ্বের প্রতি সংবেদনশীল করা।


আন্তর্জাতিক মুদ্রা ও উন্নয়ন কাঠামোতে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কণ্ঠ শক্তিশালী করা, অবকাঠামো ও টেকসই উন্নয়নে অর্থায়ন বৃদ্ধি, সদস্যদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিজস্ব মুদ্রায় লেনদেনের সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক সংকটে পারস্পরিক সহযোগিতা জোরদার করা-এসবই ব্রিকসের বৃহত্তর উদ্দেশ্যের অংশ।


ব্রিকসের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক অর্জন হলো নতুন উন্নয়ন ব্যাংক। এই ব্যাংক অবকাঠামো, জ্বালানি, পানি, নগরায়ণ, পরিবহন, পরিবেশ ও টেকসই উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন করে। এর লক্ষ্য প্রচলিত আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত করা নয় বরং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জন্য অর্থায়নের আরও একটি পথ তৈরি করা।


ব্রিকস কি অন্য আঞ্চলিক সংস্থার জন্য হুমকি? এখানে একটি বিষয় পরিষ্কার রাখা প্রয়োজন, ব্রিকস প্রকৃত অর্থে কোনো আঞ্চলিক সংস্থা নয়।


কারণ, এর সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার রাষ্ট্র এতে রয়েছে। ফলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, দক্ষিণ-পূর্ব এশীয় রাষ্ট্রগুলোর জোট কিংবা আফ্রিকার আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এর সরাসরি প্রতিযোগিতা নেই।


বরং ব্রিকসের উত্থান সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে সেই আন্তর্জাতিক কাঠামোগুলোর প্রাধান্য নিয়ে, যেখানে ঐতিহাসিকভাবে পশ্চিমা শক্তির প্রভাব প্রবল। তবে ব্রিকসকে ‘পশ্চিমবিরোধী জোট’ হিসেবে দেখা অতিসরলীকরণ হবে।


ভারত যেমন ব্রিকসের গুরুত্বপূর্ণ সদস্য, একই সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গেও তার গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে।


সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বজায় রেখেছে। অতএব, ব্রিকসের প্রকৃত তাৎপর্য সম্ভবত পশ্চিমকে প্রতিস্থাপনে নয়; বরং আন্তর্জাতিক ব্যবস্থায় বিকল্প দর-কষাকষির ক্ষেত্র সৃষ্টি করার মধ্যে।


বাংলাদেশ কী অর্জন করতে পারে?


বাংলাদেশের জন্য ব্রিকসের গুরুত্ব বহুমাত্রিক। প্রথমত, বাংলাদেশের উন্নয়নের পরবর্তী পর্যায়ে বিপুল অবকাঠামোগত অর্থায়ন প্রয়োজন।


বাংলাদেশ ইতিমধ্যে ২০২১ সাল থেকে নতুন উন্নয়ন ব্যাংকের সদস্য। ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশের জন্য ব্যাংকটির অনুমোদিত অর্থায়নের পরিমাণ প্রায় ৪৫ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থাৎ ব্রিকসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল রাজনৈতিক আগ্রহের পর্যায়ে নেই; এর একটি কার্যকর আর্থিক ভিত্তিও ইতিমধ্যে তৈরি হয়েছে।


দ্বিতীয়ত, ব্রিকস বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির পরিসর বাড়াতে পারে। চীন ও ভারত বাংলাদেশের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।


একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ব্রিকস সদস্যরাষ্ট্রগুলো বাংলাদেশের জ্বালানিনিরাপত্তা, শ্রমবাজার ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।


তৃতীয়ত, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশকে বৈদেশিক অর্থায়ন, বাজার সুবিধা এবং উন্নয়ন অংশীদারত্বের নতুন উৎস খুঁজতে হবে।


ব্রিকস সেই পরিবর্তনপর্বে একটি অতিরিক্ত কূটনৈতিক ও অর্থনৈতিক অবলম্বন হতে পারে।


চতুর্থত, ব্রিকসের সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশের ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ভিত্তিক পররাষ্ট্রনীতিকে আরও কার্যকর বহুমুখিতা দিতে পারে।


একটি ক্ষুদ্র বা মাঝারি শক্তির রাষ্ট্রের কৌশলগত সাফল্য সব সময় কোনো একটি শক্তিকেন্দ্রের সঙ্গে নিজেকে আবদ্ধ করার মধ্যে থাকে না; বরং একাধিক শক্তিকেন্দ্রের সঙ্গে সম্পর্ক রেখে নিজের দর-কষাকষির পরিসর বাড়ানোর মধ্যেই থাকে।


তাহলে বাধা কোথায়?


সম্ভাবনা যত বড়, কূটনৈতিক হিসাবও তত জটিল। বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা। দেশটির রপ্তানি, উন্নয়ন সহযোগিতা ও আর্থিক ব্যবস্থায় ইউরোপ ও উত্তর আমেরিকার গুরুত্ব বিপুল। অন্যদিকে চীন, ভারত, জাপান, মধ্যপ্রাচ্য ও অন্যান্য এশীয় রাষ্ট্রও বাংলাদেশের অর্থনীতি ও কৌশলগত স্বার্থের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে ব্রিকসে যোগদানকে যদি কোনো পক্ষের দিকে বাংলাদেশের ভূরাজনৈতিক ঝুঁকে পড়া হিসেবে উপস্থাপন করা হয়, তাহলে অপ্রয়োজনীয় কূটনৈতিক চাপ তৈরি হতে পারে।


দ্বিতীয় চ্যালেঞ্জ ব্রিকসের অভ্যন্তরেই। এর সদস্যদের স্বার্থ সর্বক্ষেত্রে অভিন্ন নয়। চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা রয়েছে; রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের গভীর বিরোধ বিদ্যমান; ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের নিরাপত্তা-অগ্রাধিকারও এক নয়। এত বৈচিত্র্যের মধ্যে ব্রিকস কতটা সুসংহত রাজনৈতিক শক্তি হয়ে উঠবে, তা এখনো নির্ধারিত নয়।


তৃতীয়ত, সদস্যপদ নিজেই কোনো অর্থনৈতিক সাফল্যের নিশ্চয়তা নয়। একটি রাষ্ট্র কোনো জোটে প্রবেশ করলেই বিনিয়োগ, বাণিজ্য কিংবা উন্নয়ন অর্থায়ন স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় না।


তার জন্য প্রয়োজন সুস্পষ্ট জাতীয় কৌশল, প্রকল্প প্রস্তুতির সক্ষমতা, বাণিজ্যিক পরিকল্পনা এবং দক্ষ অর্থনৈতিক কূটনীতি।


বাংলাদেশের সামনে ‘ব্রিকসে যোগ দেওয়া উচিত কি না’ এত সরল নয়। অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ব্রিকসকে বাংলাদেশ তার জাতীয় 


স্বার্থে কীভাবে ব্যবহার করবে?


পররাষ্ট্রনীতিতে সদস্যপদ কোনো অলংকার নয়, এটি একটি উপকরণ। ব্রিকসে প্রবেশের লক্ষ্য যদি কেবল একটি নতুন পরিচয় অর্জন হয়, তার মূল্য সীমিত। কিন্তু যদি এর মাধ্যমে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন, নতুন বাজার, জ্বালানিনিরাপত্তা, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা এবং বৃহত্তর দক্ষিণের রাজনৈতিক মঞ্চে অধিক কণ্ঠস্বর অর্জন করতে পারে, তবে এর কৌশলগত মূল্য অনেক বেশি।


আজকের বিশ্ব আর একক কেন্দ্রকে ঘিরে আবর্তিত হচ্ছে না। ক্ষমতা ছড়িয়ে পড়ছে, নতুন মেরু তৈরি হচ্ছে, পুরোনো জোটের পাশাপাশি নতুন সমীকরণ গড়ে উঠছে।


এই পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের প্রয়োজন কোনো একটি শিবির নির্বাচন করা নয়; প্রয়োজন নিজের অবস্থানের মূল্য বৃদ্ধি করা। ব্রিকস সেই সুযোগগুলোর একটি।


বাংলাদেশের কূটনৈতিক সাফল্য তখনই হবে, যখন ঢাকা বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গভীর করেও ওয়াশিংটনকে হারাবে না, দিল্লির সঙ্গে সহযোগিতা রেখেও নিজস্ব কৌশলগত স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখবে, মস্কোর সঙ্গে কাজ করেও ব্রাসেলসের বাজারকে বিপন্ন করবে না এবং ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠ হয়েও অন্য অংশীদারদের কাছে নিজেকে কোনো ভূরাজনৈতিক শিবিরের অনুসারী হিসেবে তুলে ধরবে না।


কারণ, ছোট ও মাঝারি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি সব সময় তার সামরিক সামর্থ্য নয়-অনেক সময় তার সবচেয়ে বড় শক্তি হলো কারও স্যাটেলাইট স্টেট বা অনুগ্রহ নির্ভর রাষ্ট্র না হয়ে সবার কাছে প্রয়োজনীয় হয়ে ওঠার কূটনৈতিক সক্ষমতা।


ব্রিকস বাংলাদেশের জন্য সেই সক্ষমতা বাড়ানোর একটি পথ হতে পারে-যদি সদস্যপদকে গন্তব্য নয়, জাতীয় স্বার্থ অর্জনের মাধ্যম হিসেবে দেখা হয়।


ড. এ কে এম আহসান উল্লাহ অধ্যাপক, আন্তর্জাতিক, নিরাপত্তা এবং অভিবাসন। ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনেই। ই–মেইল: akmahsanullah@gmail.com

সর্বশেষ সব খবর

মরুভূমিতে মুসলিম উটচালকদের রেখে যাওয়া ইতিহাস

  • প্রকাশ : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৫৪ এএম

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমি। চারদিকে লাল মাটি, তীব্র রোদ আর শুষ্ক প্রান্তর। এই দুর্গম পরিবেশের মাঝেই উনিশ শতকে গড়ে উঠেছিল মুসলিম উটচালকদের একটি গুরুত্বপূর্ণ বসতি। তাদের হাত ধরে নির্মিত হয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম দিকের পরিচিত মসজিদ, যা দেশটির অভ্যন্তরীণ অঞ্চল অনুসন্ধান, যোগাযোগ ও পণ্য পরিবহনের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে যুক্ত।


সিডনি থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে দক্ষিণ অস্ট্রেলিয়ার মারে এলাকায় এই ঐতিহাসিক স্থানের অবস্থান। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ১৮৬০-এর দশকে সেখানে মুসলিম উটচালকদের বসতি গড়ে ওঠে এবং তাদের উদ্যোগেই মসজিদ নির্মিত হয়। 


তবে মসজিদটির সুনির্দিষ্ট নির্মাণকাল নিয়ে ঐতিহাসিক সূত্রে কিছুটা মতভেদ রয়েছে। কোনো কোনো সূত্রে ১৮৬০-এর দশক, আবার কিছু সূত্রে ১৮৮০-এর দশকের কথা উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনও মসজিদটিকে ১৮৬০-এর দশকের স্থাপনা হিসেবে উল্লেখ করেছে।


১৮৬০ থেকে ১৯৩০ সালের মধ্যে আনুমানিক ৩ হাজার মানুষ আফগানিস্তান, বেলুচিস্তান, পাঞ্জাব, সিন্ধু ও তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে অস্ট্রেলিয়ায় আসেন। তাদের অনেককে সম্মিলিতভাবে ‘আফগান ক্যামেলিয়ার’ বলা হলেও সবাই আফগানিস্তানের নাগরিক ছিলেন না। ভারত ও বর্তমান পাকিস্তানের বিভিন্ন অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের কিছু এলাকা থেকেও মুসলিম উটচালক ও ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন।


তখন অস্ট্রেলিয়ার দুর্গম অভ্যন্তরীণ অঞ্চলে যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম কার্যকর মাধ্যম ছিল উট। মরুভূমির কঠিন পরিবেশে দক্ষ মুসলিম উটচালকেরা উটের কাফেলার মাধ্যমে দূরবর্তী খনি অঞ্চল, বসতি, রেললাইন নির্মাণ এলাকা ও টেলিগ্রাফ স্টেশনে খাদ্য, পানি, পণ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতেন। ফলে দেশটির বিস্তীর্ণ অভ্যন্তরীণ অঞ্চলকে যোগাযোগের আওতায় আনতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


অস্ট্রেলিয়ার ইতিহাসে এই সময়কে ‘ক্যামেল এরা’ বা ‘উটের যুগ’ হিসেবেও উল্লেখ করা হয়। বর্তমান মারে এলাকার পুরোনো নাম ছিল হারগট স্প্রিংস। প্রাকৃতিক পানির উৎসের কারণে এটি উটের কাফেলার জন্য গুরুত্বপূর্ণ বিশ্রাম ও যোগাযোগকেন্দ্রে পরিণত হয়। মুসলিম উটচালকেরা সেখানে নিজেদের বসতি গড়ে তোলেন, যা পরে ‘ঘান টাউন’ নামে পরিচিতি পায়।


সে সময় বসতির পরিচায়ক হিসেবে সেখানে খেজুরগাছও লাগানো হয়েছিল। মারে শহরে জাতিগত বিভাজনও ছিল। মুসলিম ও আদিবাসী জনগোষ্ঠীর বসতি ছিল শহরের উত্তর দিকে, আর ইউরোপীয়দের বসতি ছিল দক্ষিণ দিকে।


মারে মসজিদটি ছিল খুবই সাধারণ। বর্তমানের বড় গম্বুজ, মিনার কিংবা অলংকৃত স্থাপত্যের সঙ্গে এর কোনো মিল ছিল না। মাটির দেয়াল, কাঠ ও স্থানীয় উপকরণ দিয়ে তৈরি ছোট এই মসজিদের ছাদ ছিল সাধারণ গেবল ধরনের। ভেতরে নামাজের স্থান, ছোট মিম্বর ও অজুর ব্যবস্থা ছিল। কাছাকাছি পানির উৎস ও আর্টেসিয়ান বোরের পানি অজুর কাজে ব্যবহার করা হতো। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, একসময় সেখানে প্রায় ৪০ থেকে ৫০ জন মুসল্লি নিয়মিত নামাজ আদায় করতেন।


মসজিদটির সঙ্গে যুক্ত ছিলেন বেশ কয়েকজন মুসলিম উটচালক, ব্যবসায়ী ও ধর্মীয় ব্যক্তি। ইতিহাসে বেজাহ দারভিশ, দাদলেহ বালুচ, ফাইজ ও তাগ মহমেতের মতো ব্যক্তিদের নাম পাওয়া যায়। বিশ শতকের শুরুর দিকে আসিম খানও মারে এলাকার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন।


মারে এলাকায় একাধিক মসজিদ নির্মিত হয়েছিল। প্রাথমিক পর্যায়ের মাটির তৈরি মসজিদগুলোর অন্তত একটি ১৯১০ সালের দিকে বিলীন হয়ে যায়। পরবর্তী সময়ে নির্মিত গ্যালভানাইজড লোহার মসজিদটিও ধীরে ধীরে ব্যবহারের বাইরে চলে যায় এবং একসময় জরাজীর্ণ হয়ে পড়ে।


মুসলিম উটচালকদের প্রথম প্রজন্মের অনেকের মৃত্যুর পর এবং তাদের বংশধরদের একটি বড় অংশ ইসলামি অনুশীলন থেকে দূরে সরে যাওয়ায় মসজিদগুলোর নিয়মিত ব্যবহার কমতে থাকে। শেষ পর্যন্ত মূল মসজিদটি সংরক্ষণ করা সম্ভব হয়নি।


বর্তমানে মারে এলাকায় যে মসজিদটি দেখা যায়, সেটি মূল ভবনের একটি পুনর্নির্মিত প্রতিরূপ। ঐতিহাসিক স্থানটির স্মৃতি ধরে রাখতে ২০০৩ সালে এটি পুনর্নির্মাণ করা হয়। মূল স্থাপনাটি টিকে না থাকলেও মসজিদটির ইতিহাস অস্ট্রেলিয়ায় মুসলিমদের প্রাথমিক উপস্থিতি এবং দেশটির দুর্গম অভ্যন্তরীণ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদানের গুরুত্বপূর্ণ স্মারক হয়ে আছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ৫:৪৯ পিএম

ইরান ও হরমুজ প্রণালি ঘিরে সংঘাত এখনো শেষ হয়নি; কিন্তু বিশ্লেষকেরা এর মধ্যেই এ থেকে কী শিক্ষা নেওয়া উচিত, তা ঘোষণা করতে তাড়াহুড়া শুরু করে দিয়েছেন। নিরাপত্তা নীতি-সংক্রান্ত একটি নতুন ধারার নিবন্ধে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের বিভিন্ন রসদ-সংক্রান্ত ও কৌশলগত ঘাটতিগুলো তুলে ধরা হচ্ছে। 


যেমন জ্বালানি তেল ও সার পরিবহনে বিঘ্ন ঘটার প্রস্তুতি না থাকা, নিখুঁত অস্ত্র ও প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়া, সস্তা একমুখী আক্রমণকারী ড্রোন মোকাবিলার কার্যকর প্রস্তুতির অভাব, পর্যাপ্ত মাইন অপসারণকারী জাহাজের ঘাটতি ইত্যাদি।


ভবিষ্যতের সংঘাতগুলোর প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের জন্য এগুলো হয়তো দরকারি শিক্ষা হতে পারে। কিন্তু হরমুজ প্রণালিতে দেশের চরম ব্যর্থতার মূল কারণ এগুলো নয়। সংঘাতের অনেক আগেই যদি এই বিষয়গুলো সমাধান করা যেত, তাহলেও ট্রাম্প প্রশাসন তাদের প্রাথমিক লক্ষ্য-অর্থাৎ শাসনব্যবস্থার পতন, ইরানের দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা ধ্বংস করা বা পারমাণবিক অস্ত্র ও আঞ্চলিক প্রক্সিগুলোর বিষয়ে তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা-অর্জন করতে পারত কি না, তা বলা কঠিন।


অস্ত্রের মজুত বাড়ানো কিংবা তেলসংকটের প্রস্তুতি হয়তো দীর্ঘমেয়াদি বোমাবর্ষণ অভিযান বা অর্থনৈতিক চাপ সৃষ্টির সুযোগ দিত। কিন্তু গত ছয় মাসে যা অর্জিত হয়নি, তা যে আরও সাত মাসের বোমাবর্ষণ বা অবরোধে অর্জিত হতো-এমনটা ভাবার কোনো কারণ নেই। 


কৌশলগত ব্যর্থতার ফলে ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা পূরণে আরও উন্মুক্ত সুযোগ পাওয়া, হরমুজ প্রণালিতে আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং এর ফলে উপসাগরীয় দেশগুলোর ওপর প্রভাব বৃদ্ধির সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো অত্যন্ত সক্ষম। এমনকি এই ভুলভাবে পরিকল্পিত যুদ্ধেও তারা এমন প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছে, যা বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনীর নেই। তারা নিজস্ব উপকূল থেকে সাত হাজার মাইলের বেশি দূরে সামরিক শক্তি প্রয়োগ করেছে এবং ইরানের আকাশসীমার ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।


এর ফলে ক্ষয়ক্ষতির চিত্রটি অত্যন্ত একপেশে। যুক্তরাষ্ট্রের পক্ষে অন্তত ১৮ জন নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন, যেখানে ইরানের পক্ষে মৃতের সংখ্যা নিশ্চিতভাবেই হাজার ছাড়িয়ে গেছে (যদিও সুনির্দিষ্ট তথ্য জানা নেই)। 


সংক্ষেপে বলতে গেলে, পরিকল্পনা ও সরবরাহের ব্যর্থতা সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী দেখিয়েছে যে তারা এখনো অত্যন্ত বিপজ্জনক।


তবে কোনো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই সেই কৌশলগত অক্ষমতার ক্ষতিপূরণ করতে পারে না, যা সামরিক বাহিনীর কাছে অসম্ভব কিছু দাবি করে বসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর কাছে একটা নয়, তিন-তিনটি অসম্ভব কাজ চেয়েছেন এবং সেগুলো করতে ব্যর্থ হলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।


প্রথম অসম্ভব কাজ ছিল-কোনো ধরনের পদাতিক বা স্থল অভিযান ছাড়াই বোমাবর্ষণ করে শাসনব্যবস্থার পতন ঘটানো। কেবল বিমানশক্তি দিয়ে কৌশলগত বিজয় অর্জনের স্বপ্ন স্বাধীন বিমানবাহিনীগুলো ১৯২১ সাল থেকেই দেখে আসছে, যখন ইতালীয় তাত্ত্বিক জিউলিও দুহেত ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কেবল বোমারু বিমান দিয়েই ভবিষ্যৎ যুদ্ধে জয় পাওয়া সম্ভব। তিনি ১৯২৮ সালে এমনকি এটাও দাবি করেছিলেন যে একটি মাঝারি আকারের দেশে মাত্র ৩০০ টন বোমা ফেললেই এক মাসের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটবে।


কেবল আকাশপথেই যুদ্ধ জেতা যায়-এই তত্ত্ব আধুনিক শিল্পযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি পরীক্ষিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডনের ওপর জার্মানির ফেলা ৪০ হাজার টন বোমা কেবল ব্রিটিশদের প্রতিরোধ গড়ে তোলার মানসিকতাকে আরও শক্ত করেছিল। জবাবে অক্ষশক্তির ওপর মিত্রবাহিনীর ফেলা ২৫ লাখ টন বোমা অ্যাডলফ হিটলারের রাজত্বকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করলেও তা কিন্তু তাদের পতন ঘটাতে পারেনি; বরং যুদ্ধের প্রতি সাধারণ জনগণের সমর্থনকে আরও চাঙা করেছিল।


ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেলা ৮০ লাখ টন বোমায় কাজের কাজ কিছুই হয়নি; বরং তা সেখানে কমিউনিস্টদের প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়াতে সাহায্য করেছিল।


পারমাণবিক হামলা ছাড়া কেবল বিমান থেকে বোমাবর্ষণ করে কোনো শাসনব্যবস্থাকে ভেঙে ফেলা হয়তো অসম্ভব। এর কাছাকাছি যা গিয়েছিল, তা হলো স্লোবোদান মিলোসেভিচের অধীনে সার্বিয়ার ওপর ন্যাটোর বিমান হামলা। কিন্তু ১৯৯৯ সালের জুনেই সেখানে বোমাবর্ষণ বন্ধ হয়েছিল, আর মিলোসেভিচ সরকারের পতন ঘটেছিল ২০০০ সালের অক্টোবরে গণবিক্ষোভের মুখে।


কেবল বিমান হামলার মাধ্যমে ইরানি সরকারের পতন ঘটানোর সম্ভাবনা ছিল শূন্যের কোঠায়। তাই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে পরবর্তী অসম্ভব দাবি ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা অকার্যকর করা-সেটিও কেবল আকাশপথ থেকে। কিন্তু সামান্য পদাতিক বাহিনী ব্যবহার করে মোবাইল লঞ্চার অকার্যকর করার এই চেষ্টাও অতীতে বারবার করা হয়েছে এবং প্রতিবারই ব্যর্থ হয়েছে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমেরিকান ও ব্রিটিশ বিমানবাহিনী একটি বিস্তৃত বোমাবর্ষণ অভিযান চালিয়ে জার্মানির ভি-১ ও ভি-২ রকেটের উৎপাদন ও উৎক্ষেপণকেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তারা উৎক্ষেপণ বন্ধ করতে পারেনি। এগুলো লুকিয়ে রাখা বা শক্ত আবরণে ঢেকে রাখা খুবই সহজ ছিল।


নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের বিকাশ এই হিসাবকে পাল্টে দিতে পারেনি। কারণ, এর বিপরীতে চলে এসেছে মোবাইল লঞ্চব্যবস্থা। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় আকাশ থেকে ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্রের লঞ্চার ধ্বংস করার চেষ্টা একটিও নিশ্চিত ধ্বংসের প্রমাণ দিতে পারেনি।


একইভাবে ইসরায়েলও গাজা ও দক্ষিণ লেবানন থেকে হামাস ও হিজবুল্লাহর রকেট হামলা ঠেকাতে দুই দশক ধরে ব্যাপক বিমান অভিযান চালিয়েছে, কিন্তু কেবল স্থল অভিযান চালিয়েই সেই রকেটগুলোকে নীরব করা সম্ভব হয়েছিল।


ইয়েমেন থেকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বন্ধ করতে একাধিক দেশের জোট চেষ্টা করেছে, অথচ এখনো সেই আক্রমণ অব্যাহত রয়েছে। সুতরাং নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র থাকা সত্ত্বেও কেবল আকাশ থেকে মোবাইল উৎক্ষেপণব্যবস্থাগুলোকে ধ্বংস করা সম্ভব নয়, যা সহজে আড়াল থেকে নিক্ষেপ করে দ্রুত নতুন জায়গায় সরে যেতে পারে। শাসনব্যবস্থার পতনের মতোই, রকেট হামলা পুরোপুরি বন্ধ করতেও স্থলবাহিনীর প্রয়োজন হয়।


ট্রাম্প প্রশাসনের শেষ ভরসা ছিল পারস্য উপসাগরীয় অঞ্চলে এক নিখুঁত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চালু রাখা, যাতে জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) দেশগুলোর অবকাঠামো ইরান ধ্বংস করতে না পারে। কারণ, এই দেশগুলোর আতিথেয়তার ওপরই মার্কিন সামরিক অভিযান নির্ভর করছিল। আক্রমণ রোখার সস্তা উপায়ে বেশি বিনিয়োগ এবং স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করলে হয়তো মার্কিন সামরিক বাহিনী ইরানি আক্রমণের বড় একটি অংশ প্রতিহত করতে পারত।


কিন্তু যেখানে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সেগুলোকে ঠেকানোর ব্যবস্থার চেয়ে অনেক বেশি সস্তা এবং দ্রুতগতির, সেখানে ইরান শেষ পর্যন্ত আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতাকে ভাসিয়ে দেবে-এটাই ছিল স্বাভাবিক। দুটি ব্যর্থতার পর তৃতীয় আরেকটি অসম্ভব কাজ মার্কিনদের রক্ষা করতে পারল না।


মার্কিন সামরিক বাহিনীর যদি ড্রোন এবং রণতরি, মাইন অপসারণকারী জাহাজ ও সুরক্ষিত বিমানঘাঁটি-সম্পর্কিত কেনাকাটার দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়ে চোখ খোলার প্রয়োজন থেকে থাকে, তবে সেই শিক্ষা তারা পেয়ে গেছে। কিন্তু এই যুদ্ধ পেন্টাগনের ভেতরে হারেনি; এটি হেরেছে হোয়াইট হাউসের অলিন্দে।


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে অসম্ভব কিছু দাবি করার ঝুঁকি যদি ট্রাম্পের মাথায় না ঢোকে, তবে তা মনে করিয়ে দেওয়া ছিল তাঁর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব। অবশ্য ট্রাম্প কোনো অভিজ্ঞ ও যোগ্য প্রতিরক্ষামন্ত্রীকে বেছে নেননি; বরং পিট হেগসেথের মতো একজন অনুগত তোষামোদকারীকে বসিয়েছেন, যাঁর চরম অক্ষমতা তাঁকে কেবল আরও বেশি অনুগত করে তুলেছে।


হেগসেথ পেন্টাগনের শীর্ষ পদে থাকা এমন যেকোনো অভিজ্ঞ কর্মকর্তাদের ছেঁটে ফেলার জন্য বহুদূর হেঁটেছেন, যিনি অন্য কোনো মতামত দিতে পারেন। মার্কিন অফিসার কোর কখনোই রাজনীতিবিদের কাছে অপ্রিয় খবর পৌঁছে দেওয়ার কাজে খুব একটা পারদর্শী ছিল না, কিন্তু হেগসেথের এই কৌশলের কারণে প্রেসিডেন্টকে থামানোর মতো কেউ পেন্টাগনে অবশিষ্ট ছিল না।


বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন কাঠখড় পুড়িয়ে কোনোমতে সমস্যার সংকেত দেওয়ার চেষ্টা করলেও হেগসেথের অন্ধ সমর্থনের মুখে তা ধামাচাপা পড়ে যায়।


এর সবই পূর্বানুমানযোগ্য ছিল এবং বস্তুত এর অনেকটাই আগেভাগে বলা হয়েছিল। ফলে ইরানে এই বিপর্যয়ের তাৎক্ষণিক দায় ট্রাম্প এবং তাঁর অপদার্থ উপদেষ্টাদের ওপর বর্তালেও, চূড়ান্ত দায় এমন এক জায়গায় গিয়ে ঠেকে, যা কোনো রাজনীতিবিদ স্বীকার করবেন না-আর তা হলো দেশটির ভোটাররা।


ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ছিল মার্কিন সাধারণ ভোটারদের। একজন ব্যক্তি, যিনি স্পষ্টতই অক্ষম, যিনি অপ্রিয় বা ভিন্ন কোনো তথ্য গ্রহণে চরমভাবে অক্ষম এবং যিনি নিজেকে তোষামোদকারীদের দিয়ে ঘিরে রাখতে পছন্দ করেন।


বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতা নির্বাচন করা আর কোনো রিয়্যালিটি শোর বিনোদনমূলক উপস্থাপক নির্বাচন করা যে এক কথা নয়, সেটাই এখন প্রমাণিত। পেন্টাগনের ভেতরে হয়তো ভুলগুলো নিয়ে প্রতিবেদন লেখা শুরু হয়ে গেছে।


কিন্তু তেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে মার্কিন সম্পদের ক্ষয়-এই ব্যর্থতার কৌশলগত পরিণতিগুলো যখন আরও ঘনীভূত হতে থাকবে, তখন দেখার বিষয় একটাই: আমেরিকান ভোটাররা আদৌ বুঝতে পেরেছেন কি না যে ব্যালট বাক্সে করা ভুল পছন্দ থেকে কেবল সামরিক শ্রেষ্ঠত্ব কখনোই তাদের সুরক্ষা দিতে পারে না।


ব্র্যাট ডেভরোক্স একজন সামরিক ইতিহাসবিদ, রোমান অর্থনীতি ও সামরিক বিষয়ে বিশেষজ্ঞ। ফরেন পলিসি থেকে সংক্ষেপে অনূদিত।

সর্বশেষ সব খবর

সাকিব জাহান (মিশু)

  • প্রকাশ : বুধবার ০৫ আগস্ট, ২০২৬, সময় : ২:২৮ পিএম

ক্যাম্পাস মানেই এক টুকরো ভালোবাসার নাম। প্রথম যেদিন এই চত্বরে পা রেখেছিলাম, বুকের ভেতর কাজ করছিল এক অজানা ভয় আর জড়তা। কিন্তু সময়ের আবর্তে এই ক্যাম্পাসকে কখন যে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, বুঝতেই পারিনি। আজ ভীষণ মনে পড়ে সেই দিনগুলোর কথা—সিনিয়রদের স্নেহের পরশ, বন্ধুদের সাথে ক্লাস করা, আর ক্যাফেটেরিয়ার টেবিলে চায়ের কাপে ঝড় তোলা আড্ডা। বিশেষ করে ক্যাফেটেরিয়ার সেই চেনা সিঙ্গারার স্বাদ এখনো মুখে লেগে আছে। ক্লাসের ফাঁকে অসময়ের আড্ডা কিংবা দল বেঁধে ভার্সিটির বাসে বাড়ি ফেরা—সবই এক অনন্য অনুভূতি। কখনো কোনো বন্ধুর মন খারাপ হলে সবাই মিলে তাকে হাসিয়ে তোলার সেই চেষ্টা, আমাদের এক নিবিড় ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিল। ফেলে আসা দিনগুলোর কথা ভাবলে মনটা ব্যাকুল হয়ে ওঠে। চেনা ছন্দ ফিরে আসুক, আমাদের স্বপ্নের ক্যাম্পাস আবার প্রাণচঞ্চল হয়ে উঠুক—এটাই মনে-প্রাণে প্রত্যাশা।


সোশ্যাল মিডিয়া আর পত্রিকার পাতায় দেখেছিলাম ক্যাম্পাসটি অনেক সুন্দর। কিন্তু বাস্তবে এর মায়াবী রূপ যে কতটা ছোঁয়াচে, তা এখানে না এলে অনুধাবন করা অসম্ভব। ক্যাম্পাসের সুউচ্চ বিল্ডিং, সবুজ মাঠ, শান্ত পরিবেশ, এমনকি সিঁড়ির প্রতিটি কোণে কোণে কত শত খুনসুটি আর আড্ডার গল্প লুকিয়ে আছে!


ক্যাম্পাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একঝাঁক প্রাণোচ্ছল বন্ধু পেয়েছিলাম। খুব দ্রুতই জমে উঠেছিল আমাদের বন্ধুত্ব। মাঠজুড়ে দল বেঁধে ঘুরে বেড়ানো আর দিনের ক্লান্তি শেষে টংয়ের দোকানের এক কাপ ধোঁয়া ওঠা চা—আমাদের দিনের সমাপ্তিটাকে করে তুলত অসাধারণ। এক পরম আনন্দের সময় পার করছি আমরা। আমাদের প্রিয় এই শহরের সুস্থতা কামনা করি, চারপাশের এই চেনা আনন্দগুলো যেন কখনো মলিন না হয়, কখনো মরিচা না ধরে স্মৃতির পাতায়।


লেখা:

সাকিব জাহান (মিশু)

শিক্ষার্থী, যন্ত্রকৌশল বিভাগ, পঞ্চম পর্ব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

সর্বশেষ সব খবর

বঙ্গভবন

  • প্রকাশ : শনিবার ২৫ জুলাই, ২০২৬, সময় : ৯:১২ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদে নতুন অভিভাবক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সাংবিধানিক নিয়মে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সবার নজর এখন বঙ্গভবনের পরবর্তী স্থায়ী বাসিন্দার দিকে। ঘটনাটি খানিকটা আকস্মিক। আমরা দেখতে পেলাম শেখ হাসিনার শেষ আমল থেকে যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন, তিনি ২৪ জুলাই পদত্যাগ করেছেন। একই সঙ্গে, সংবিধান অনুযায়ী এই পদের ধারাবাহিকতা রক্ষার্থে বিদ্যমান জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 



হঠাৎ করে রাষ্ট্রপতি পদত্যাগ করার আগে পুরো বিষয়টি দেখে মনে হচ্ছিল, বর্তমান সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত সংশোধনীগুলো গৃহীত হওয়ার পর বিএনপি নতুন রাষ্ট্রপতির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। রাষ্ট্রপতির পদত্যাগের ফলে প্রক্রিয়াটি কিছুটা এগিয়ে এসেছে। এতে যা বোঝা যাচ্ছে বা আমি যেভাবে অনুমান করছি, বিএনপির নীতিনির্ধারকদের পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে হয়তো একটি বার্তা দেওয়া হয়েছিল এবং তাদের সরকারের ইচ্ছাকে ব্যক্ত করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই তিনি বেশ তড়িঘড়ি করে পদত্যাগ করলেন। প্রথমত আমি বলতে চাই যে, শেখ হাসিনার সবচেয়ে অনুগত একজন ব্যক্তি হিসেবে তিনি যেভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন, তা ছিল প্রায় অবিশ্বাস্য। 



অবিশ্বাস্য এই অর্থে যে, আওয়ামী লীগের প্রথম সারির রাজনীতিবিদদের সবাইকে বাইরে রেখে এমন একজনকে বেছে নেওয়া হয়েছিল, যা মানুষকে বেশ বিস্মিত করেছিল। বিষয়টি একদিকে যেমন হাসি-তামাশার খোরাক জোগায়, অন্যদিকে তেমনি বিস্ময় ও উদ্বেগেরও সৃষ্টি করেছিল। এই নির্বাচনের মধ্য দিয়েই বোঝা গিয়েছিল যে, এসব পদের ক্ষেত্রে সরকারের নির্বাহী প্রধান বা সরকারি দল ১০০ ভাগ আনুগত্য দাবি করে; ৯৯ পেলেও সেটাকে যথেষ্ট বিবেচনা করা হয় না। 



সম্ভবত মো. সাহাবুদ্দিন সেই ১০০ ভাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলেই ওই পদে আসতে পেরেছিলেন। আমাদের গণঅভ্যুত্থানের পর এটা খুবই প্রত্যাশিত ছিল যে, তিনি নৈতিক দায়দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন। কিন্তু তিনি পদত্যাগ করেননি। বরঞ্চ একটি জটিল ও কঠিন সময়ে কিছুটা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং তাৎক্ষণিকভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও আমরা তার কোনো পদত্যাগ দাবি করিনি। এই বিবেচনা থেকেই দাবি করা হয়নি যে, সে সময় একটা সহিংসতার আশঙ্কা ছিল, অভ্যন্তরীণ সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল এবং একটি সাংবিধানিক শূন্যতার ঝুঁকি তৈরি হয়েছিল। অভ্যুত্থানের পরপরই রাজনৈতিক নৈরাজ্যের সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছিলেন। সেই জায়গা থেকে আমরা রাষ্ট্রপতির পদে তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন দেখতে চাইনি। 



তবে তার পক্ষ থেকে নিজের মর্যাদা ও সম্মানের সঙ্গে সঙ্গতি রেখে পদত্যাগ করার একটা দায়িত্ব ছিল। পরবর্তীকালে অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা যখন তার পদত্যাগের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করল, তখন বিএনপিসহ আমরা অধিকাংশ রাজনৈতিক দল একমত হইনি। এর কারণ ছিল, তখন দেখা যাচ্ছিল অন্তর্বর্তী সরকার তাদের ক্ষমতা প্রলম্বিত ও দীর্ঘায়িত করতে চায় এবং গোটা নির্বাচনকে অনিশ্চিত সময়ের জন্য ঝুলিয়ে দিতে চায়। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে তাকে কে প্রতিস্থাপন করবেন, রাষ্ট্রপতি পদে কাকে বসানো হবে—এ নিয়ে বহু ধরনের তৎপরতা চলছিল। 



এমনকি এটা নিয়ে আরেকটি দ্বিতীয় বিপ্লব বা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ ও সমীকরণ তৈরির বহুমাত্রিক তৎপরতা লক্ষ্য করা গেছে। সম্ভবত সেই আশঙ্কা থেকেই বিএনপি বা অধিকাংশ রাজনৈতিক দল তখন আর পরিবর্তন দেখতে চায়নি। পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনের পর তিনি এক বিরল সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে পরপর তিনজন সরকার প্রধান বা নির্বাহী প্রধানকে শপথ পড়ালেন—শেখ হাসিনা, মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। এরপর এখন তিনি বিদায় নিয়েছেন। তবে আমি মনে করি, এই পদের যে একটি নৈতিক জায়গা রয়েছে, তা তিনি বহু আগেই হারিয়েছিলেন। তার কথাবার্তা ও আচরণের মধ্যেও কোনো সঙ্গতি ছিল না। 


শেখ হাসিনার সময়ে তার যে বক্তব্য ছিল, মুহাম্মদ ইউনূসের সময়ে তা পরিবর্তিত হয়েছে, আর শেষ কয়েক মাসে তিনি তো একেবারে ১৮০ ডিগ্রি উল্টো দিকে গিয়ে দায়িত্ব পালন করেছেন, সংসদে ভাষণ দিয়েছেন। অবশ্য, সংসদে রাষ্ট্রপতি যে ভাষণ দেন, সেটি মন্ত্রিসভায় অনুমোদিত হতে হয়। যে ভাষণে সরকারের গুণকীর্তন এবং মন্ত্রণালয়গুলোর ইতিবাচক কর্মকাণ্ডের সারসংক্ষেপ থাকে। রাষ্ট্রপতি মূলত এটি দেখে দেখে পাঠ করেন মাত্র। ফলে তার ওই ভাষণটি আদৌ তার নিজের কি না, সেটি অন্য তর্ক। কিন্তু তারপরও যেহেতু এটি রাষ্ট্রপতির ভাষণ বলেই গৃহীত এবং স্বীকৃত, এটি সংসদের কার্যবিবরণিতে রাষ্ট্রপতির ভাষণ হিসেবেই উল্লেখিত থাকবে। কিন্তু চাইলে তিনি তখনও পদত্যাগ করতে পারতেন।


 যা-ই হোক, শেষ পর্যন্ত একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি পদত্যাগ করেছেন এবং এর ফলে বাংলাদেশের জন্য এখন একটি নতুন পর্যায় ও পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে।ভবিষ্যতের কথা বলতে গেলে, সংসদের আগামী অধিবেশন পর্যন্ত হয়তো পরবর্তী নির্বাচিত একজন স্থায়ী রাষ্ট্রপতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমার ধারণা, জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি গঠিত হয়েছে এবং ‘জুলাই সনদ’-এ যেখানে বিএনপিসহ আমরা অধিকাংশ দল একমত হয়েছি, সে সংক্রান্ত একটি সংবিধান সংশোধন বিল তারা উত্থাপন করবেন। এটি হয়তো সংবিধানের অষ্টাদশ সংশোধনী আকারে আসবে, যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বৃদ্ধি বা তাকে ক্ষমতায়ন করার বেশ কিছু প্রস্তাবনা রয়েছে। এসব প্রস্তাবে বিএনপিসহ আমাদের অনেকেরই এক ধরনের সহমত রয়েছে। 



আমার ধারণা, রাষ্ট্রপতির কাজ এখনকার মতো কেবল রাষ্ট্রীয় অনুষ্ঠানে অভ্যর্থনা জানানো, মিলাদ মাহফিল করা এবং প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তার আরও কিছু নতুন দায়িত্ব ও কর্তব্যের জায়গা তৈরি হবে। আমি দেখতে চাইব এমন একজন রাষ্ট্রপতি, যার দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে এবং জনগণের সঙ্গে যার একটি ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান। যিনি গত কয়েক দশকের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে চিন্তার দিক থেকে ও শারীরিকভাবে ধারণ করবেন এবং দেশের মানুষের সঙ্গে যার একটি আত্মিক ও স্বাভাবিক সম্পর্ক রয়েছে। 



সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের পরীক্ষায় যিনি উত্তীর্ণ এবং ত্যাগী, সংগ্রামী ও আত্মনিবেদিত মানুষ হিসেবে যার সম্মান ও মর্যাদার জায়গায় বড় কোনো প্রশ্ন নেই—এমন ব্যক্তিকেই সেখানে প্রত্যাশা করি। আমি মনে করি, বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে নিশ্চয়ই এরকম যোগ্য ব্যক্তিবর্গ আছেন এবং সেখান থেকেই নীতিনির্ধারকরা একজনকে নির্বাচিত করবেন। কোনোভাবেই সামরিক আমলাতন্ত্রের কাউকে আমি এই পদে দেখতে চাইব না। এটি একটি সর্বসাধারণের পদ এবং রাষ্ট্রের অভিভাবকের স্থান। এই পদটির ওপর আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত; পাশাপাশি নির্বাচিত নতুন রাষ্ট্রপতির অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। 



আশা করি, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় যুক্ত হবে এবং পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমি যেমনটি বলেছি, আমি দেখতে চাইব এমন একজন রাষ্ট্রপতি—যার শক্ত মেরুদণ্ড রয়েছে, সততা ও নিষ্ঠা রয়েছে এবং সকল রাজনৈতিক দল ও সমাজের গুরুত্বপূর্ণ অংশগুলোর কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে। বিএনপি যদি প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে পারে, তবে এরকম যোগ্য, দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ এবং মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার ব্যক্তিত্বকে খুঁজে পাওয়া সম্ভব। আশা করছি সেভাবেই হয়তো কাজ এগোবে। হাতে ৯০ দিন সময় আছে। সেপ্টেম্বরে যে সংসদ অধিবেশন শুরু হবে, আশা করি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ৯০ দিন শেষ হওয়ার আগেই বর্তমান সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একজন স্থায়ী রাষ্ট্রপতি পাব।


লেখক: সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 

সর্বশেষ সব খবর