ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:১০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেন-এআই প্রযুক্তির নোটিফিকেইশন, সোশ্যাল মিডিয়ার অবাস্তব এয়ারব্রাশড ফিল্টার এবং ক্লিনিকে গিয়ে কৃত্রিম ফিলার্স বা বোটক্স ইঞ্জেকশন নেওয়ার অন্ধ জোয়ারে মানুষ দিন দিন ক্লান্ত হয়ে উঠছেন।


চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এবং কসমেটিক ডার্মাটোলজির সাম্প্রতিক তথ্যানুসারে, কৃত্রিম উপায়ে রাতারাতি ফর্সা বা নিখুঁত ‘গ্লাস স্কিন’ বা চকচকে ত্বক পাওয়ার চটকদার ‘ইনফ্লুয়েন্সার’গুলো ২০২৬ সালের এই সময়ে এসে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা পুরোপুরি হারাচ্ছে।


সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন যে, মেকি নিখুঁত সৌন্দর্য বা অবাস্তব নিখুঁত অবয়ব আসলে কোনো প্রকৃত সুস্থ ত্বকের লক্ষণ নয়; বরং এটি হল এক ধরনের ফাঁদ। এর পরিবর্তে বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে নতুন বৈজ্ঞানিক বিপ্লব, যাকে চিকিৎসকেরা বলছেন ‘বায়োলজিক্যাল বিউটি’ বা প্রাকৃতিক সৌন্দর্য।


চর্মরোগ ও প্রসাধনী বিশেষজ্ঞদের মতে, প্রসাধন সামগ্রীর মনগড়া চটকদার বিজ্ঞাপনে না ভুলে, উপাদানের ঘনত্ব এবং নিজস্ব ত্বকের মান বুঝে পরিচর্যা করাই হবে উপকারী।


অস্ট্রেলিয়ার ‘ডা. তানিয়া স্কিনকেয়ার’-এর প্রতিষ্ঠাতা ও চর্মরোগ গবেষক ডা. তানিয়া উন্নি এবং কসমোপলিটান ডার্মাটোলজি প্যানেলের রূপচর্চা বিশেষজ্ঞরা ২০২৬ সালের এই সুনির্দিষ্ট রূপান্তর এবং ৬টি প্রধান নিয়ম বিস্তারিত আলোচনা করেছেন, ডা. তানিয়ার নিজস্ব ব্লগ সাইটে।


উপাদানের ঘনত্ব ও রাসায়নিক পরিচর্যা


ডা. তানিয়া উন্নি জানান, ২০২৬ সালের আধুনিক রূপচর্চায় চটকদার ব্র্যান্ডের লেবেল দেখে পণ্য কেনার অন্ধ বাতিক পুরোপুরি বর্জন করতে হবে।


যেকোনো সেরাম বা ক্রিম কেনার আগে বোতলের লেবেলে থাকা সুনির্দিষ্ট উপাদান এবং কনসেন্ট্রেশন বা ঘনত্বের মান পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেওয়া জরুরি।


যেমন, উজ্জ্বলতা বাড়াতে ভিটামিন-সি সেরাম মাখা কার্যকর হলেও সংবেদনশীল ত্বকে ‘১০% এল-অ্যাসকরবিক অ্যাসিড’-এর কড়া ডোজ তীব্র প্রদাহ তৈরি করতে পারে।


দীর্ঘমেয়াদী কোলাজেন ব্যাংকিং বনাম সাময়িক রূপচর্চা


গবেষণায় দেখা গেছে, বিশ শতকের গোড়ার দিকে নারীদের মনে বার্ধক্যের অবান্তর আতঙ্ক তৈরি করে করপোরেট সংস্থাগুলো অ্যান্টি-এইজিং ক্রিম বিক্রি শুরু করেছিল, যা কেবল ত্বকের উপরিভাগে সাময়িক আস্তরণ তৈরি করত।


তবে ২০২৬ সালের আধুনিক বিজ্ঞান বলছে, সাময়িক ‘ফিলার্স’ বা ‘বোটক্স’-এর ক্ষতিকর শর্টকাট বর্জন করে ত্বকের অভ্যন্তরীণ কোষের ভেতরের অবস্থা উন্নত করাই আসল লক্ষ্য হওয়া উচিত। একে বলা হয় ‘কোলাজেন ব্যাংকিং’ বা দীর্ঘমেয়াদী সেলুলার স্বাস্থ্য।


ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত যে, কড়া পেপটাইডস স্নায়ুতন্ত্রের কোষীয় যোগাযোগ বাড়িয়ে দেয় এবং প্রদাহ বা ইনফ্লেমেইশন নিয়ন্ত্রণে রেখে কোষের বার্ধক্যের গতি ধীর করতে জাদুকরী ভূমিকা রাখে।


‘বায়োলজিক্যাল বিউটি’ ও বাস্তব ত্বকের গঠন


ত্বক-বিজ্ঞানিদের মতে, “বাস্তব ও স্বাভাবিক ত্বকে প্রাকৃতিকভাবেই সুক্ষ্ম লোমকূপ, গঠন এবং ছোটখাটো খামতি থাকবেই। এটিই সম্পূর্ণ সুস্থ মানুষের স্বাভাবিক লক্ষণ।”


রূপচর্চার চাবিকাঠি হল, কৃত্রিম প্লাস্টিক উজ্জ্বলতা বা ‘ফেইস লিফট’ বর্জন করে ত্বকের নিজস্ব রক্ষাকবচ বা স্কিন ব্যারিয়ারের যত্ন নেওয়া।


ত্বক যখন ভেতর থেকে সুস্থ থাকে, তখন কোষের আর্দ্রতা সচল হয়ে প্রাকৃতিকভাবেই মখমলে প্রাকৃতিক দীপ্তি ফুটে ওঠে।


প্রসাধনী মাখার কৌশল


ডা. তানিয়া উন্নি পরামর্শ দেন, “অতিরিক্ত মিক্সড সেরাম মুখে মাখলেই ভালো ফল মেলে না; বরং এটি উল্টো ত্বকের রক্ষাকবচ পুড়িয়ে একজিমা বা মারাত্মক ডার্মাটাইটিসের সৃষ্টি করতে পারে। এজন্য মাত্র দুটি সামঞ্জস্যপূর্ণ সেরামের জোড় বা ‘স্মার্ট পেয়ারিং’ করা আসল নিয়ম।”


রূপচর্চার প্রধান কৌশল হল— সবচেয়ে পাতলা তরল আগে মাখতে হবে এবং ক্রমান্বয়ে ঘন ক্রিমের দিকে যেতে হবে।


> হায়ালুরোনিক অ্যাসিড ও রেটিনল: আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি কোষের পুনর্নবীকরণ ঘটায়।


> ভিটামিন সি ও হায়ালুরোনিক অ্যাসিড: অ্যান্টি-অক্সিডেন্ট সুরক্ষা ও মুখের বলিরেখা হ্রাস করে।


> ভিটামিন বি৫ ও নিয়াসিনামাইড: স্কিন ব্যারিয়ার বা ত্বকের রক্ষাকবচ মেরামত ও লোমকূপের পরিষ্কার রাখতে সাহায্য করে।


প্রাচ্যের আয়ুর্বেদ প্রজ্ঞা ও প্রাশ্চাত্যের আধুনিক নিউরোসায়েন্স


রূপচর্চায় এই বছরের আলোচিত ধারা হল, প্রাচ্যের ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ভেষজ প্রজ্ঞার সঙ্গে প্রাশ্চাত্যের আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মেলবন্ধন। শতাব্দী প্রাচীন আয়ুর্বেদে ব্যবহৃত ‘তুলসী’-কে আধুনিক রূপসজ্জার বিজ্ঞানে  শক্তিশালী ‘অ্যাডাপ্টোজেন’ হিসেবে প্রামাণ্য স্বীকৃতি দিয়েছে।


তুলসী সমৃদ্ধ ক্রিম মানসিক চাপের কারণে ত্বকে তৈরি হওয়া কর্টিসল হরমোনের ক্ষতিকর দহন শান্ত করে এবং কোষের প্রদাহ নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদে সজীবতা ফিরিয়ে আনে।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৯ এএম

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে রূপচর্চা বিষয়ক নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।  বিভিন্ন ধরনের তথ্যের ভিড়ে রূপচর্চার সঠিন রুটিন বেছে নেওয়া কারও কারও কাছে বেশ কঠিন হয়ে পড়ে। 


চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের ত্বকের ধরন ও চাহিদা আলাদা হওয়ায়, না বুঝে ভুল পণ্য বা পদ্ধতি অনুসরণ করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাদের ভাষায়, ত্বক সুন্দর রাখতে জটিল কোনও রুটিনের প্রয়োজন নেই; বরং ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুরক্ষিত রাখাটাই জরুরি। 


যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে রূপচর্চার বিভিন্নরকম ক্ষতিকর ভুল এবং সেগুলো সংশোধনের উপায় তুলে ধরা হয়েছে। যেমন-


১. অতিরিক্ত এক্সফোলিয়েশন বা মেইকআপ না তুলে ঘুমানো। এতে ত্বকের সুরক্ষা স্তর নষ্ট করে লালচেভাব ও প্রদাহ তৈরি করে। দীর্ঘমেয়াদে এর ফলে অকাল বার্ধক্য, বলিরেখা, হাইপারপিগমেন্টেশন এমনকি ত্বকের ক্যানসারের ঝুঁকিও দেখা দিতে পারে। ত্বক সুস্থ রাখতে সপ্তাহে সর্বোচ্চ তিনবারের বেশি মৃদুভাবে এক্সফোলিয়েট করা উচিত নয়।


২. ত্বকে মেকআপ, ধুলোবালি, ঘাম ও তেল জমে থাকলে লোমকূপ বন্ধ করে ব্রণ ও ত্বকের নির্জীবতা তৈরি করে। এ কারণে নিয়মিত ত্বক পরিষ্কার জরুরি। 


৩. অকাল বার্ধক্য, কালো দাগ এবং ত্বকের ক্যানসারের প্রধান কারণ হল সূর্যের অতিবেগুনি রশ্মি। এ বারণে সারা বছর প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।


৪. একই রাতে গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল এবং ভিটামিন ‘সি’সেরাম একসঙ্গে স্তরে স্তরে ব্যবহার করলে, ত্বকে তীব্র প্রদাহ ও লালচেভাব দেখা দেয়। প্রতিটি উপাদান আলাদাভাবে উপকারী হলেও একসঙ্গে সব ব্যবহার করলে ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয়।


৫. তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার বাদ দেওয়া ঠিক নয়। কারণ আর্দ্রতার অভাবে তৈলাক্ত ত্বক নিজেকে রক্ষা করতে আরও বেশি তেল উৎপাদন শুরু করে, যা ব্রণ ও প্রদাহ বাড়ায়। এ কারণে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। 


৬. অনেকেই নখ দিয়ে ব্রণ খুঁটতে থাকেন। এতে ব্যাকটেরিয়া ত্বকের আরও গভীরে প্রবেশ করে এবং স্থায়ী কালো দাগ বা ক্ষত তৈরি করে।


৭. টিকটক বা সামাজিক মাধ্যমে রাতারাতি ত্বক বদলে দেওয়ার যেসব ভাইরাল ট্রেন্ড দেখা যায়, সেগুলো ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। কোনো বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া এসব ব্যবহার ঠিক নয়। 


৮. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন বাড়াতে এবং ত্বকের ক্ষয় রোধে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী রুটিনে অ্যান্টিঅক্সিডেন্ট, রেটিনল বা পেপটাইড যুক্ত করা প্রয়োজন।


৯. মনে রাখবেন, ত্বকের সুস্থতা ভেতর থেকে শুরু হয়। রাতের গভীর ঘুম ত্বকের কোলাজেন গঠন এবং সারাদিনের ক্ষয়ক্ষতি মেরামত করতে সাহায্য করে। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল পান করলে শরীরে ‘গ্লাইকেইশন’ প্রক্রিয়া শুরু হয়, যা কোলাজেন ও ইলাস্টিন ভেঙে ত্বকে দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৭ এএম
  • আপডেট : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৭ পিএম


  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৭ এএম

সুস্থভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম জরুরি। তবে আধুনিক পুষ্টিবিজ্ঞান ও বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত এসব অভ্যাসের বাইরেও আরেকটি প্রয়োজনীয় উপাদান প্রায়ই অবহেলা করা হয়, তা হলো ‘সূর্যালোক’বা প্রতিদিন কিছুটা সময় রোদে কাটানো। সঠিক নিয়ম মেনে পরিমিত মাত্রায় সূর্যের আলো গ্রহণ করলে শরীর রোগমুক্ত থাকে। 


জীবনযাপন-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘অ্যান্টি-এইজিং’ ও ‘রিজেনারেটিভ মেডিসিন’ বিশেষজ্ঞ ডা. সাবরিনা সোল্ট জানিয়েছেন, মানবদেহ প্রাকৃতিকভাবেই এমনভাবে তৈরি, যা সূর্যালোকের সংস্পর্শে এলে ভালো কাজ করে। 


হরমোন উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য এবং শরীরের ভেতরের ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’নিয়ন্ত্রণ করতে সূর্যের আলো ভূমিকা রাখে। অতিরিক্ত রোদ ত্বকের জন্য ক্ষতিকর। তবে পরিমিত ও কৌশলগতভাবে রোদ পোহানো শরীর সুস্থ রাখতে খুবই জরুরি। 


কতক্ষণ রোদে থাকা নিরাপদ ?


বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র ১০ থেকে ৩০ মিনিট সরাসরি খোলা ত্বকে সূর্যের আলো লাগানো উচিত। এছাড়া প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত ৫ থেকে ১০ মিনিট শরীরে ভোরের নরম আলো লাগালে, ‘সার্কাডিয়ান রিদম’বা শরীরের অভ্যন্তরীণ ঘড়ি সচল থাকে। এর ফলে হরমোন উৎপাদনও ঠিক থাকে। 


দীর্ঘায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় রোদের উপকারিতা 


বিশেষজ্ঞরা দীর্ঘায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত রোদের বিভিন্ন উপকারিতার কথা বলেছেন। যেমন- 


মন ভালো রাখা ও অবসাদ মুক্তি: সূর্যের আলো মস্তিস্কে ‘সেরোটোনিন’ নামক নিউরোট্রান্সমিটার বা হরমোনের নিঃসরণ দ্রুত বাড়িয়ে দেয়। এর ফলে মেজাজ শান্ত হয়, মনোযোগ বাড়ে। সেই সঙ্গে মানসিক স্থিতিশীলতা আনে। এটি দীর্ঘমেয়াদী বিষণ্নতা, তীব্র অ্যাংজাইটি বা দুশ্চিন্তা এবং বয়সজনিত স্মৃতিভ্রমের ঝুঁকি কমায়। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে স্ট্রোক, হৃদ্-রোগ রোগ এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি। 


ভালো ঘুম: রাতে ভালো ঘুমের জন্য ক্যাফিন বর্জন বা স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি সকালের রোদ বেশ কাজ করে।  সঠিক ঘুম বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।


প্রাকৃতিক ভিটামিন ডি-এর জোগান


হাড়, মস্তিস্ক এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ‘ডি’ অপরিহার্য। নিয়মিত পরিমিত পরিমাণে রোদ রক্তে ভিটামিন ‘ডি’-এর মাত্রা ঠিক রাখে। এর ফলে বয়সকালে ‘অস্টিওপরোসিস’বা হাড় ক্ষয় রোগ, হৃদরোগ এবং কিছু বিশেষ ক্যানসারের ঝুঁকি কমিয়ে দেয়।


রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রদাহ দূর করা: সূর্যালোক শরীরের রোগ প্রতিরোধকারী প্রধান কোষ, বিশেষ করে ‘টি-সেল’-এর উৎপাদন ও কার্যকারিতাকে সরাসরি চাঙা করে তোলে, যা যেকোনো ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।


এছাড়া রোদ শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেইশন কমায়। যেহেতু হৃদরোগ থেকে শুরু করে আলঝেইমার’স-এর মতো প্রায় প্রতিটি দীর্ঘমেয়াদি রোগের মূল উৎস হল এই ইনফ্লামেইশন বা প্রদাহ, এ কারণে পরিমিত রোদ পোহানো সুস্থ থাকার সহজ একটি প্রাকৃতিক উপায়।


অতিরিক্ত রোদের ঝুঁকি


রোদ উপকারী হলেও দুপুরের কড়া রোদ বা অতিরিক্ত সময় রোদে থাকা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন প্রোটিন ধ্বংস করে দ্রুত চামড়া কুঁচকে দেয় এবং ডিএনএ ক্ষতি করে। এর ফলে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ে। এ কারণে রোদ থেকে উপকার পেতে সকালের নরম আলো বেছে নেওয়া ভালো। এর পাশাপাশি বাইরে বের হলে ‘নন-কমেডোজেনিক সানস্ক্রিন’ব্যবহার করা, ছাতা বা চওড়া টুপি পরা এবং খাদ্যতালিকায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রাখা উচিত।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১:০০ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় যেকোনো সময় পথচারী, যাত্রী কিংবা আশপাশের মানুষ বিপদের মুখে পড়তে পারে। আকস্মিক বিস্ফোরণ, আগুন বা ধোঁয়ার মধ্যে আতঙ্কিত হয়ে পড়লে বিপদ আরও বাড়তে পারে। তাই এমন পরিস্থিতিতে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে, কোন কাজগুলো এড়িয়ে চলতে হবে এবং কোথায় জরুরি সহায়তা চাইতে হবে, তা জানা জরুরি।


ককটেল বিস্ফোরণ হলে প্রথমেই যা করবেন: কাছাকাছি কোথাও ককটেল বিস্ফোরণ হলে প্রথম কাজ হলো বিস্ফোরণের স্থান থেকে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়া। বিস্ফোরণের শব্দ শুনে কৌতূহলবশত ঘটনাস্থলের দিকে এগিয়ে যাওয়া বা ভিড় করা যাবে না। আশপাশে আরও বিস্ফোরক থাকতে পারে। তাই নিরাপদ দূরত্বে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।


বিস্ফোরণের পর আশপাশে কোনো অবিস্ফোরিত ককটেল, সন্দেহজনক কৌটা, ব্যাগ বা প্যাকেট পড়ে থাকতে দেখলে সেটি স্পর্শ করা যাবে না। লাথি দেয়া, সরানো কিংবা খোলার চেষ্টা করাও বিপজ্জনক। এ ধরনের বস্তু থেকে দূরে সরে গিয়ে অন্যদেরও সতর্ক করতে হবে। নিরাপদ স্থানে পৌঁছে পুলিশ বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানাতে হবে।


বিস্ফোরণের সময় খুব কাছাকাছি থাকলে নিরাপদে সরে যাওয়ার সুযোগ বুঝে দ্রুত আড়াল নিতে হবে। কাচের জানালা, দোকানের সামনের অংশ কিংবা সহজে ভেঙে পড়তে পারে এমন স্থাপনার কাছ থেকে দূরে থাকতে হবে। বিস্ফোরণের পর আহত কাউকে দেখতে পেলেও নিজের নিরাপত্তা নিশ্চিত না করে ঘটনাস্থলে ছুটে যাওয়া উচিত নয়।


বাসে আগুন লাগলে যেভাবে বের হবেন: চলন্ত বা দাঁড়িয়ে থাকা বাসে আগুন কিংবা ধোঁয়া দেখা গেলে চালককে দ্রুত গাড়ি থামিয়ে দরজা খুলতে বলুন। বাসের দরজা দিয়ে বের হওয়ার সুযোগ থাকলে ধাক্কাধাক্কি না করে দ্রুত নেমে আসুন। দরজা বন্ধ থাকলে জরুরি নির্গমন পথ বা জানালা ব্যবহার করতে হবে। বাসে থাকা জরুরি নির্গমন পথ বা জানালা ভাঙার হাতুড়ি থাকলে নির্দেশনা অনুযায়ী সেটি ব্যবহার করা যায়।


আগুন লাগার সময় ব্যাগ, মোবাইল ফোন বা অন্য কোনো জিনিসপত্র নিতে গিয়ে সময় নষ্ট করবেন না। বের হওয়ার সময় শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও চলাচলে অক্ষম যাত্রীদের সহায়তা করুন। তবে কাউকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে নিজেকে আগুন বা ধোঁয়ার মধ্যে আটকে ফেলবেন না।


আগুনের ধোঁয়া সাধারণত ওপরের দিকে জমা হয়। তাই বাসের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়লে যতটা সম্ভব নিচু হয়ে, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করতে হবে। বের হওয়ার পথে কোনো দরজা বা জানালা দিয়ে ঘন ধোঁয়া কিংবা আগুন আসতে দেখলে সেই পথ ব্যবহার না করে বিকল্প পথ খুঁজতে হবে।


বাস থেকে নেমে গাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে। আগুনের কাছে দাঁড়িয়ে ছবি বা ভিডিও ধারণ করা কিংবা অন্যদের উদ্ধার দেখতে ভিড় করা উচিত নয়। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাসে ফিরে যাওয়া যাবে না।


পোশাকে আগুন ধরলে দৌড়াবেন না : আগুনের সংস্পর্শে এসে শরীর বা পোশাকে আগুন ধরে গেলে আতঙ্কিত হয়ে দৌড়ানো যাবে না। এতে বাতাসের প্রবাহে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘স্টপ, ড্রপ অ্যান্ড রোল’ পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রথমে থেমে যেতে হবে, এরপর মাটিতে শুয়ে পড়তে হবে এবং গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। সম্ভব হলে হাত দিয়ে মুখ ঢেকে রাখতে হবে।


শীতের সময় ভারী বা ঢিলেঢালা পোশাক, ওড়না কিংবা ঝুলে থাকা কাপড়ের অংশ আগুনের সংস্পর্শে আসতে পারে। তাই বাসে ওঠানামা ও ভিড়ের মধ্যে চলাচলের সময় এসব বিষয়ে সতর্ক থাকা ভালো।


আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন: রাস্তায় চলাচলের সময় চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা জরুরি। মোবাইল ফোনে কথা বলা, ভিডিও দেখা কিংবা অন্য কাজে অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে আশপাশের বিপদ চোখ এড়িয়ে যেতে পারে। অস্বাভাবিক কিছু চোখে পড়লে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত সরে যেতে হবে। সন্দেহজনক কোনো বস্তু দেখলে সেটির ছবি তুলতে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে কাছে যাওয়া যাবে না।


গণপরিবহনে অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা উচিত। বাসে ওঠার সময় দরজা, জানালা ও জরুরি নির্গমন পথের অবস্থান খেয়াল রাখতে পারেন। দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনে দাঁড়িয়ে থাকা বা যাত্রীশূন্য বাসে অবস্থান করাও এড়িয়ে চলা ভালো। শিশু, বয়স্ক ও বিশেষ সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের সঙ্গে চলাচলের সময় জরুরি পরিস্থিতিতে কীভাবে বের হতে হবে, তা আগে থেকেই বুঝিয়ে রাখা প্রয়োজন।


জরুরি সহায়তা কোথায় চাইবেন: কোথাও আগুন, বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটলে নিরাপদ স্থানে সরে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করতে হবে। ১০২ নম্বরে ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া যায়। আর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়।


ফোনে দুর্ঘটনার সঠিক স্থান, কী ধরনের ঘটনা ঘটেছে, কেউ আহত হয়েছেন কি না এবং সেখানে আগুন বা বিস্ফোরণের ঝুঁকি এখনো আছে কি না, তা স্পষ্ট করে জানাতে হবে। আহত ব্যক্তিকে সহায়তা করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুরুতর আহত কাউকে অপ্রয়োজনে নাড়াচাড়া না করে জরুরি উদ্ধারকর্মীদের জন্য অপেক্ষা করাই নিরাপদ।


মনে রাখতে হবে, দুর্ঘটনার সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি, ঘটনাস্থলে ভিড় কিংবা সন্দেহজনক বস্তুতে হাত দেওয়ার মতো ভুল বিপদ বাড়াতে পারে। সচেতন থাকা, দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং সঠিক সময়ে জরুরি সহায়তা চাওয়াই এমন পরিস্থিতিতে জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৯ পিএম

ভোরে হালকা শীতের আমেজ, দিনে গরম আবার রাতের শেষ ভাগে ঠান্ডা ভাব। ঋতু পরিবর্তনের এই সময়েই অনেকেরই সর্দি-কাশি, গলাব্যথা কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। তবে সামান্য কিছু নিয়ম মেনে চললে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কমানো সম্ভব। যেমন-


বাইরে থেকে ফিরেই হাত ধুয়ে নিন


আমাদের হাতের মধ্যে থাকা জীবাণু সহজেই নাক, মুখ ও চোখে পৌঁছতে পারে। এ কারণে বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধুয়ে নিন। খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরেও ভালোভাবে হাত পরিষ্কার করুন। অপরিষ্কার হাত চোখ, নাক বা মুখে দেওয়া এড়িয়ে চলুন।


ঘরের জানালা খুলে রাখুন


ঘরে দীর্ঘ সময় বন্ধ থাকলে বাতাস চলাচল কমে যায়। সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকলে বাতাসের মাধ্যমে ছড়ানো ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি বাড়তে পারে। এ কারণে বাড়ি ও কর্মস্থলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ভিড়ের মধ্যে গেলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন।


পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান


শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি খাওয়া জরুরি। খাবারের তালিকায় মৌসুমি ফল, শাকসবজি, ডাল, ডিম ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। ভিটামিন সি-সমৃদ্ধ ফল খেতে পারেন। তবে কোনও একটা খাবার খেলেই সর্দি-কাশি নিয়ন্ত্রণে রাখা যাবে এমন কোনো প্রমাণ নেই। অকারণে ভিটামিনের সাপ্লিমেন্টও খাওয়া ঠিক নয়।


ঘুম 


প্রতিদিন পর্যাপ্ত ঘুম শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা করুন। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন।


কাশি-হাঁচির সময় সতর্ক থাকুন


কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ ও নাক টিস্যু কিংবা কনুই দিয়ে ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু সঙ্গে সঙ্গে ফেলে দিন। অসুস্থ হলে অন্যদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন।  ফ্লু টিকা নিতে হলে চিকিৎসকের পরামর্শ নিন। 


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩০ পিএম

অনেকেরই সকালের নাশতায় কলা খাওয়ার অভ্যাস আছে। কেউ আবার দিনের অন্য সময়ে কলা খান। কলা স্বাদ ও পুষ্টিতে ভরপুর একটি ফল। কিন্তু বাজার থেকে কেনা কলা রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ রয়েছে। এরকম কলা খেলে শরীরে নানারকম ক্ষতি হতে পারে। 


কলা রাসায়নিক দিয়ে পাকানো কি না তা চেনার কয়েকটি লক্ষণ জানানো হয়েছে ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে। যেমন-


খোসায় কোনও কালচে ছোপ নেই


প্রাকৃতিকভাবে পাকলে কলার খোসায় ছোট ছোট বাদামি ছোপ দেখা যেতে পারে। তবে সব প্রাকৃতিকভাবে পাকা কলাতেই ছোপ থাকবে, এমন কোনো কথা নেই। 


অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং


কলার খোসা যদি পুরোটাই একই রকম উজ্জ্বল হলুদ হয়, অথচ কোনও প্রাকৃতিক দাগ বা রঙের তারতম্য না থাকে, তা হলে তা রাসায়নিকভাবে পাকানো হতে পারে।


কলার বোঁটা সবুজ, অথচ ফল হলুদ


কলার বোঁটা সবুজ বা কাঁচা রয়ে গেছে, অথচ গোটা কলা হলুদ রয়েছে, এমন হলে কৃত্রিমভাবে পাকানো হতে পারে।


বাইরে পাকা, ভিতরে কাঁচা


খোসা হলুদ হলেও কলার ভিতরের অংশ শক্ত, স্বাদে কষভাব বা কাঁচা ভাব থাকলে সতর্ক হওয়া জরুরি। 


স্বাভাবিক মিষ্টি গন্ধ নেই


পাকা কলার সাধারণত মিষ্টি গন্ধ থাকে। সেই গন্ধ না থাকলে কলায় রাসায়নিক মেশানো থাকতে পারে। 


সব কলা একই সময়ে একই রকম পাকা


একটি গোটা থোকের সব কলা যদি অস্বাভাবিকভাবে একই রং থাকে,তাহলে তা কৃত্রিমভাবে পাকানো হতে পারে।


রাসায়নিক পাকানো কলা খাওয়ার ঝুঁকি


এ ধরনের কলা খেলে পেটের সমস্যা হতে পারে। বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। দূষিত কার্বাইডের সংস্পর্শে এলে মাথাব্যথা, মাথা ঘোরা-সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৩ এএম

সবজিতে থাকা ভিটামিন, খনিজ, খাদ্যআঁশ ও শরীরের জন্য প্রয়োজনীয় নানান পুষ্টির যোগান দেয়। চোখের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে এসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তবে সবজি ধোয়া, কাটা, সংরক্ষণ ও রান্নার সময় কিছু ভুলের কারণে পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই সবজির পুষ্টি ধরে রাখতে রান্নার সঠিক পদ্ধতি জানা থাকা চাই।


রান্নার সময় পাত্রের ঢাকনা খোলা রাখা


অনেকে মনে করেন, ঢাকনা খুলে বেশি আঁচে সবজি রান্না করলে এর রং ও স্বাদ ভালো থাকে। তবে দীর্ঘ সময় এভাবে রান্না করলে কিছু তাপ-সংবেদনশীল ভিটামিন নষ্ট হতে পারে। তাই অল্প পানিতে সবজি রান্নার সময় পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে রাখা ভালো। এতে রান্নার সময় কমে এবং পুষ্টি ধরে রাখতে সুবিধা হয়।


রান্নার আগে সবজি কেটে রাখা


অনেকে সবজি ধুয়ে কেটে দীর্ঘ সময় রেখে দেন। এতে বাতাস ও আলোর সংস্পর্শে কিছু ভিটামিনের পরিমাণ কমতে পারে। বিশেষ করে ভিটামিন সি সহজেই নষ্ট হয়। তাই রান্নার ঠিক আগে সবজি কাটা ভালো। কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে।


সবজির পাতা ফেলে দেওয়া


অনেকে সবজির পাতা ফেলে দিয়ে শুধু ডাঁটা রান্না করেন। এতে পুষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। লালশাক, পুঁইশাক, মুলাশাকসহ বিভিন্ন শাকের পাতায় ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ থাকে। তাই খাওয়ার উপযোগী পাতা ফেলে না দিয়ে রান্না করা উচিত।


অতিরিক্ত সময় ধরে সেদ্ধ করা


অনেকক্ষণ ধরে সবজি সেদ্ধ করলে তাপের কারণে কিছু ভিটামিন নষ্ট হয়। আবার পানিতে দ্রবণীয় ভিটামিনের একটি অংশ রান্নার পানিতে চলে যায়। তাই সবজি অতিরিক্ত নরম হওয়া পর্যন্ত রান্না না করে, প্রয়োজন অনুযায়ী অল্প সময় সেদ্ধ করা ভালো।


সেদ্ধ করার পর পানি ফেলে দেওয়া


সবজি সেদ্ধ করার সময় ভিটামিন ‘বি’ এবং ভিটামিন ‘সি’র মতো পানিতে দ্রবণীয় ভিটামিনের কিছু অংশ পানিতে মিশে যায়। সেদ্ধ করার পর সেই পানি ফেলে দিলে পুষ্টির একটি অংশও চলে যায়।


তাই সম্ভব হলে সবজির সেদ্ধ পানি স্যুপ বা তরকারিতে ব্যবহার করা যেতে পারে।


শুধু তিনবার ধুয়েই পরিষ্কার মনে করা


সবজি তিনবার ধুলেই সব ধরনের ময়লা ও রাসায়নিক দূর হয়ে যায়, এমন ধারণা ঠিক নয়। সবজি পরিষ্কার প্রবাহমান পানির নিচে ভালোভাবে ঘষে ধুতে হবে। পাতাযুক্ত সবজির প্রতিটি পাতা আলাদা করে পরিষ্কার করা ভালো। রাসায়নিক দূর করার জন্য ভাতের মাড় বা লবণ-পানি ব্যবহারের নির্ভরযোগ্য প্রমাণ নেই।


সবজি সংরক্ষণে অসতর্কতা


অনেকে সবজি কেনার পর দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেন। এতে ধীরে ধীরে কিছু ভিটামিনের পরিমাণ কমতে পারে। সবজি যতটা সম্ভব তাজা অবস্থায় খাওয়া ভালো। দীর্ঘ সময় রাখতে হলে উপযুক্ত তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করতে হবে।


অতিরিক্ত পানিতে সেদ্ধ করা


অতিরিক্ত পানিতে সবজি সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিনের একটি অংশ পানিতে চলে যায়। ভাপে রান্না করলে পানির সংস্পর্শ কম হয় এবং অনেক ক্ষেত্রে ভিটামিন ও খনিজ উপাদান তুলনামূলক বেশি ধরে রাখা যায়। তাই সবজি ভাপে রান্না করা পুষ্টি সংরক্ষণের ভালো পদ্ধতি।


পুষ্টিগুণ ধরে রাখতে করণীয়


সবজির পুষ্টিগুণ ধরে রাখতে তাজা সবজি নির্বাচন, রান্নার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধোয়া, রান্নার ঠিক আগে কাটা এবং অল্প সময়ে রান্না করা জরুরি। পাশাপাশি অতিরিক্ত পানি ব্যবহার না করে ভাপে বা অল্প পানিতে রান্না করা ভালো। এতে খাবারের পুষ্টিমান বজায় রাখা সহজ হয়।