তিন শর্তে ব্যবহার করা যাবে জবির উন্মুক্ত লাইব্রেরী

তিন শর্তে ব্যবহার করা যাবে জবির উন্মুক্ত লাইব্রেরী

তিন শর্তে ব্যবহার করা যাবে জবির উন্মুক্ত লাইব্রেরী

তিন শর্তে ব্যবহার করা যাবে জবির উন্মুক্ত লাইব্রেরী

  • প্রকাশ : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫, সময় : ৩:০৬ এএম

তিন শর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্মুক্ত লাইব্রেরী ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। বুধবার (১৯ নভেম্বর) জকসু নির্বাচন কমিশন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জবি ক্যাম্পাসের উন্মুক্ত লাইব্রেরী তিন শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে।

শর্তগুলো হলো-উন্মুক্ত লাইব্রেরী ব্যবহারকারীগণ ক্যাম্পাসে অবস্থানকালীণ সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন বিধিমালা ২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলবেন ও জবির শৃঙ্খলা বিধিমালা মেনে চলবেন।

কেউ কোনো বিধি লঙ্ঘন করলে বা আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকান্ডে জড়িত হলে তার উন্মুক্ত লাইব্রেরী ব্যবহারের অনুমতি বাতিলসহ তার বিরুদ্ধে অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; উন্মুক্ত লাইব্রেরী ৮ ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে এবং ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।



সর্বশেষ সব খবর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৪২ পিএম

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার।


আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে কর্মসূচিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


এ সময় ওমর ফারুক কাওসার বলেন,  'দেশনায়ক তারেক রহমানের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতা-কর্মীরা সদা প্রস্তুত। দেশের স্বার্থবিরোধী সব চক্রান্ত রুখে দিতে এবং দলের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।'


তিনি আরো বলেন, 'নেতা-কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংগঠনের প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।'


ওমর ফারুক কাওসার আরও বলেন, 'যুবদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।'


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জিকরুল হাসান, মনির খান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন, আহসান হাবীব, আব্দুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি।


এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সাবেক সহসাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, শামীম হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।


উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট  জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির যুবসংগঠন হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম।

সর্বশেষ সব খবর

রাজপথে শেকৃবি শিক্ষার্থীরা

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৪৪ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গবেষণা মাঠ পুনরুদ্ধার ও সেখানে এশিয়া বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধের দাবিতে মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় মাঠে চলমান মাটি পরীক্ষা বা সয়েল টেস্টের কাজ বন্ধ করে পরীক্ষার সরঞ্জাম ও স্যাম্পল সংগ্রহের দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লাগানো সাইনবোর্ড উপড়ে ফেলে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসেন তাঁরা।


আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে তাঁরা সচিবালয় নির্মাণের জন্য চলমান সয়েল টেস্টের কাজ বন্ধ করে দেন। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও স্যাম্পল সংগ্রহের দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে গণপূর্ত অধিদপ্তরের লাগানো সাইনবোর্ডটি উপড়ে ফেলে প্রশাসনিক ভবনের সামনে রেখে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা মাঠটি ফিরিয়ে না দেওয়ায় ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ওই মাঠে কোনো ধরনের বহিরাগত কার্যক্রম বা নির্মাণকাজ করতে দেওয়া হবে না। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়া এবং সেখানে অন্য কোনো স্থাপনা বা কার্যক্রম পরিচালনা বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।


এদিন বেলা ১১টার দিকে গবেষণা মাঠের জমি বিশ্ববিদ্যালয়ের নামে স্থায়ীভাবে উদ্ধার ও সুরক্ষার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এতে আগামী তিন দিনের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে মাঠটিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা মাঠ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং জমি উদ্ধারে হাইকোর্টে রিট করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে মাঠে এশিয়া প্যাসিফিক বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধের দাবি জানান তাঁরা।


আন্দোলনরত শিক্ষার্থী মো. আশিক আহমদ বলেন, “চোখের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের মাঠ নিয়ে যাওয়া হচ্ছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা প্রশাসনকে তিন দিনের সময় দিচ্ছি। এর মধ্যে সিন্ডিকেট সভা ডেকে জোরালো আইনি লড়াইয়ের ঘোষণা দিতে হবে এবং ওই জায়গা যে আমাদের, তা নিশ্চিত করতে হবে।”


স্নাতকোত্তরের শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার জানান, গবেষণা মাঠ রক্ষার আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তরের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, বাণিজ্য মেলার মাঠ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি রয়েছে। কমিটি রিটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তারা সিদ্ধান্ত জানালে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার বা বুধবারের মধ্যে কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত কাজ শুরু করার কথা জানান তিনি।


তবে মেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নিয়েই তাঁরা মেলার কাজ করছেন। তাঁর দাবি, মেলার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। নিয়ম মেনেই অর্থ ব্যয় ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি।


এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শেকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিন মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে ২০১৫ সালে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলে এর প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।


শিক্ষার্থীদের ভাষ্য, গবেষণার জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়া না হলে শিক্ষা ও গবেষণার কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। তাই মাঠটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

সর্বশেষ সব খবর

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ৪:১৬ পিএম

পেশা নির্বাচনের ক্ষেত্রে ছোট-বড় বিবেচনা না করে ব্যক্তির উপযোগিতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেছেন, জীবনে সফলতা অর্জনে সঠিক লক্ষ্য নির্ধারণের পাশাপাশি কাঙ্ক্ষিত পেশায় দক্ষতা অর্জন জরুরি।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হুইচ ক্যারিয়ার ইজ রাইট ফর ইউ? আ রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপাচার্য বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আমরা জীবনের লক্ষ্য নিয়ে রচনা পড়লেও, বাস্তবে লক্ষ্যহীন জীবন হলো হাল ছাড়া নৌকার মতো। এখন তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের সবচেয়ে উত্তম সময়। জীবনে কোনটা ছোট বা বড় পেশা, তা না ভেবে কার জন্য কোন পেশা উপযুক্ত, সেটির ওপর বেশি গুরুত্ব দিতে হবে।’


কাঙ্ক্ষিত পেশায় সফলতা অর্জনে কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘একাডেমিক পড়া শেষ করে অলস সময় না কাটিয়ে কাঙ্ক্ষিত পেশার জন্য বিশেষ পারদর্শিতা অর্জন করতে হবে। তবেই তোমরা জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।’


বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ সাব-প্রজেক্টের উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হিট প্রজেক্টের এএসপিএম ও হিসাববিজ্ঞান এবং তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম।


এ ছাড়া কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড রুরাল সোশিওলজির অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন।

সর্বশেষ সব খবর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৩১ পিএম

টানা ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামী ২৮ অক্টোবর থেকে ক্লাস ও পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের পক্ষ থেকে রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 


বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের অচলাবস্থায় শিক্ষাজীবনের ক্ষতি ও ভবিষ্যতের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে তারা ক্লাস-পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


তবে ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়াকে আন্দোলনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


বিবৃতিতে শিক্ষার্থীরা আরও জানান, অধ্যাপক শরিফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে কিংবা উপাচার্যের দায়িত্ব পালনের উদ্যোগ নিলে তারা আবারও শাটডাউন কর্মসূচি ঘোষণা করে ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।


শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


তাদের মতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সর্বশেষ সব খবর

নোবিপ্রবিতে তিন দিনের মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন, অংশ নেবেন ৪০০ শিক্ষার্থী

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ১২ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘এনএসটিইউ মডেল ইউনাইটেড নেশনস (এনএসটিইউএমইউএন) ২০২৬’ সম্মেলন। ১৪ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও বৈশ্বিক নীতিনির্ধারণ বিষয়ে আগ্রহী তরুণদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।


‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে পরিবর্তনশীল বিশ্বরাজনীতি, রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার অসম বণ্টন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে সাতটি কমিটি ও ফোরামের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন আন্তর্জাতিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক ও মতবিনিময় করবেন। কমিটিগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন (ইউএনসিএসটিডি), জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি), ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ), জাতীয় সংসদ (জেএএসএ) এবং আন্তর্জাতিক প্রেস (আইপি)।


এসব কমিটিতে বিভিন্ন দেশের কূটনীতিক কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অংশ নেবেন শিক্ষার্থীরা। আলোচ্য বিষয় নিয়ে গবেষণা, যুক্তিনির্ভর বিতর্ক এবং প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মাধ্যমে তাঁরা বৈশ্বিক সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজবেন। পাশাপাশি আলোচনা ও দর-কষাকষির মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তাঁরা।

সম্মেলনে জাতিসংঘের কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তাঁদের অংশগ্রহণ সম্মেলনের আলোচনা সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেতে সহায়তা করবে।


এ বিষয়ে এনএসটিইউ মডেল ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল তারেক মুকতার বলেন, ‘এই সম্মেলনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে তারা শুধু বিতর্ক বা মডেল ইউনাইটেড নেশনসের কৌশলই নয়, বরং বাস্তব জীবনে কীভাবে যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে হয়, মতপার্থক্য সামলাতে হয় এবং দায়িত্বশীল নেতৃত্ব দিতে হয়, তা শিখবে।’

তিনি আরও বলেন, এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে তিনি আনন্দিত ও আশাবাদী। সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও ব্যক্তিগত বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।


সম্মেলনের ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল চৌধুরী বলেন, ‘কূটনীতি মানুষকে শুধু নিজের মত প্রকাশ করতে শেখায় না, বরং ভিন্নমতকে বুঝতে, যুক্তির মাধ্যমে সমাধান খুঁজতে এবং সম্মিলিতভাবে এগিয়ে যেতে শেখায়। এই মূল্যবোধগুলোকে ধারণ করেই আসছে এনএসটিইউএমইউএন।’

তিনি বলেন, একটি সফল সম্মেলনের সার্থকতা শুধু সুশৃঙ্খল আয়োজনে সীমাবদ্ধ নয়; অংশগ্রহণকারীদের অর্জিত অভিজ্ঞতা ও পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়েও এর সাফল্য প্রকাশ পায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলপর্যায়ের প্রতিনিধিদের জন্যও অতিথিপরায়ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশ নিশ্চিত করতে আয়োজকেরা কাজ করছেন বলে জানান তিনি।


আয়োজকদের মতে, এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্লেষণী চিন্তা, গবেষণা, জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, নেতৃত্ব ও কূটনৈতিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মতবিনিময় ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে।

আয়োজকেরা আশা করছেন, এনএসটিইউএমইউএন ২০২৬ তরুণদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তিবাদী ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখবে।

সর্বশেষ সব খবর

ফারজানা ইসলাম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৩২ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার স্বামীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা গেছে, ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্বামী নাজমুল ইসলাম একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ফারজানার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। গত বছরের ডিসেম্বরে মারধরের শিকার হয়ে তিনি স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এ ঘটনায় নারী নির্যাতনের মামলা করেন তিনি। পরে নাজমুলের পরিবারের সদস্যরা ভবিষ্যতে নির্যাতন না করার আশ্বাস দিয়ে মামলা প্রত্যাহারের অনুরোধ জানান। দুই পক্ষের পারিবারিক সমঝোতার পর মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। পরিবারের দাবি, মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো।

এছাড়া, বিভিন্ন সময়ে ফারজানার পরিবারের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘নাজমুল প্রথমে বেকার ছিল। পরে চাকরি পাওয়ার পর তার অর্থের চাহিদা বাড়তে থাকে। একপর্যায়ে অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও চলতে থাকে। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ফারজানার সঙ্গে তার কথা হয়েছিল। তখন তার কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। রাতে খাওয়ার জন্য সে চিপস ও কোমল পানীয়ও কিনেছিলেন। তবে, রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়।’

আরিফুল আরও বলেন, ঘটনার আগের দিন বিকেলে নাজমুলের দুলাভাই তাকে ফোন করে মামলা প্রত্যাহার হয়েছে কি না, তা জানতে চান। জবাবে তিনি জানান, মামলা প্রত্যাহার হয়ে গেছে এবং এ-সংক্রান্ত কাগজপত্রও পাওয়া গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

সর্বশেষ সব খবর