কোটায় আবেদনকারীদের জন্য নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে স্পেশাল কোটায় (এসকিউ) আবেদন করা শিক্ষার্থীদের নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চিতকরণে তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৯টার মধ্যে কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এ-সংক্রান্ত এক চিঠি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে Special Quota (SQ) কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চায়ন বা অনুমোদন ১ অক্টোবর রাত ৯টার মধ্যে ভর্তি ওয়েবসাইট এর (Login) প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
ভর্তি ওয়েবসাইটে এ-সংক্রান্ত (User Guide for Institution) অনুসরণ করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক (SQ) কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের নিশ্চায়ন ও অনুমোদন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী
উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ ও অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী অনুসারীরা আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন। টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এক বাণীতে মজলুম জননেতার অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। দেশের অন্যান্য স্থানেও সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’র আয়োজন করা হয়েছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও তাঁর জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তী সময়ে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, জমিদারিপ্রথার বিরুদ্ধে আন্দোলন এবং শোষণ-বৈষম্যের প্রতিবাদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ছবি : সংগৃহীত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। এই নিম্নচাপ আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও এই ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে, যার সম্ভাব্য নাম হবে ‘আকভান’।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গভীর নিম্নচাপটি ক্রমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হচ্ছে। ১৯ নভেম্বর রাতের দিকে এটি ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
ঘূর্ণিঝড়ের নাম আকভান প্রস্তাব করেছে ইরান। ফার্সি পুরাণ ও শাহনামা মহাকাব্যে আকভান হলো একটি দৈত্য আকৃতির চরিত্র। কাছেপিঠে সময়ের মধ্যে বঙ্গোপসাগরে আঘাত হানতে যাওয়া বা তৈরি হওয়া তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। এর আগে অর্ণব ও মুরাসু ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছিল।
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হলো। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।
এদিকে, চলতি মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন মারা যান। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
প্রতীকী ছবি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী এসেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৮৮ জন, রাজশাহীতে ৫৩ জন, সিলেটে ২৫২ জন, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১৭২ জন, ময়মনসিংহে ৭৯ জন, খুলনায় ১৩২ জন এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪২ জন।
ছবি : সংগৃহীত
নতুন বছরে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে কোন ধাপে কয়টি ইউনিয়নের ভোট হবে তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১০২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১,১৩০টি ইউপি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১০০২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
কবে কত ইউপির ভোট
ধাপ ভোটগ্রহণ উপজেলা ইউনিয়ন
প্রথম ধাপ ২১ জানুয়ারি ১৩১ ১,০২৬
দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি ১২৯ ১,১৩০
তৃতীয় ধাপ ২৯ এপ্রিল ১১৮ ১,০০২
চতুর্থ ধাপ ১৩ মে ৯৩ ৭৯৩
পঞ্চম ধাপ ২৭ মে ৩৭ ৩৫৬
মোট — ৫০৮ ৪,৩০৭
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন বর্তমানে আটকে আছে, পরবর্তীতে সেগুলো জটিলতামুক্ত হলে পঞ্চম ধাপের সঙ্গে সমন্বয় করে ভোট নেওয়া হবে।
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু হলে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক কর্মসূচি ভোটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিশন মনে করে না এতে নির্বাচনের পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে তা সহায়ক ভূমিকা পালন করবে বলেই কমিশন আশা প্রকাশ করছে।”
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের আদলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ সম্পন্ন করা হবে।
“চলতি মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর মতামত ও সহযোগিতা চাওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পাঁচ ধাপে ইউপি নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে। কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী ভিসাপ্রত্যাশীদের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়া, নিজে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দিয়েছে দূতাবাস। সোমবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।
পোস্টে বলা হয়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নিতে হবে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।
তবে ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
এর আগে, ভিজিটর ভিসা নিয়ে দেওয়া আরেকটি পোস্টে মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের।