তিতাস গ্যাস

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩০ পিএম

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


গ্যাস সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি এলাকা।


এ ছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত ছয় ঘণ্টা এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।


সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।




জব্দ স্বর্ণসহ আটক মোহাম্মদ রুহুল আমিন

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ১৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে। তার নাম মোহাম্মদ রুহুল আমিন। সোমবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছে থাকা ২ কেজি ১০৬ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ জব্দ করা হয়।


জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। এ সময় দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানো যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের চলাফেরা ও গতিবিধি গোয়েন্দাদের কাছে সন্দেহজনক মনে হয়।


তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রীর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যানিংয়ের আওতায় আনা হয়। লাগেজ তল্লাশির পাশাপাশি তার শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বা চোরাচালান পণ্য থাকতে পারে—এমন সন্দেহে তাকেও বিশেষভাবে স্ক্যান করা হয়।


তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওই ব্যক্তি গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সকল লাগেজ স্ক্যান করা হয়, একইসাথে শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বস্তু পাচারের সন্দেহে উক্ত যাত্রীকে স্ক্যান করা হলে তিনি তার কাছে লুকায়িত অবস্থায় স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন।


বিমানবন্দরে কর্মরত সকল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো কিছু ধাতব দ্রব্য উদ্ধার করে সকলের সামনে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খোলার পর প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮ টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ গোল্ডবারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৭৮ কোটি টাকা।



শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৯ এএম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।


জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 





নিউগিনি প্রোপার্টিজে হামলার পরবর্তী দৃশ্য (বাঁয়ে) ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড সম্বলিত প্রবেশ পথ। (ডানে)। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৮ পিএম

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার জন্য এক কোটি টাকায় ভাড়া করা হয়েছিল সন্ত্রাসী বাহিনী। হামলার পরিকল্পনা ও অর্থের লেনদেনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনাক্ত হয়েছেন শতাধিক হামলাকারীও।

তবে ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও হামলার অন্যতম সমন্বয়ক ভাষানটেকের যুবরাজকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দফার হামলার মামলায় গ্রেপ্তার ১১ আসামির আটজনই জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যেই প্রকল্পটিতে তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তির অভিযোগ করেছেন প্রকল্পের মালিক।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে হামলার পরিকল্পনা করেন ১৩ জন। সেখানে মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের সঙ্গে এক কোটি টাকার চুক্তি হয় যুবরাজের। হামলার জন্য লোকবল সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনি। তবে ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তাবলিগ জামাতে গিয়ে আগে থেকেই শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয়েছিল হামলার পরিকল্পনায় নাম আসা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর। এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনিও জামিনে মুক্তি পেয়েছেন।

ওই রাতেই নিউগিনি প্রপার্টিজের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিও। এ ঘটনায় প্রকল্পের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকল্পসংলগ্ন ৩৫ কাঠা জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলার পরিকল্পনা করা হয়। ওই জমিতে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীরও মালিকানা রয়েছে। সেখানে একটি কন্ডোমিনিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের।

কিন্তু জমি থেকে সরাসরি বের হওয়ার রাস্তা না থাকায় নিউগিনি প্রকল্পের মূল ফটক ভেঙে ভেতরের রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়। এ জন্য শাহরিয়ার মাহমুদকে দেওয়া হয় হামলার দায়িত্ব। বিনিময়ে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট উপহার, নগদ এক কোটি টাকা এবং ইট-বালু সরবরাহের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন বলেন, হামলায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে।

একই প্রকল্পে গত ৭ নভেম্বর দ্বিতীয় দফায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দিনই ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হামলার ১৩ দিন পর, গত ২০ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম।

মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আবুল কাশেম, মো. ওয়াসিম, মো. বাবুল হোসেন, নূর আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, মোহাম্মদ শাহিনুজ্জামান, তাজুল ইসলাম বাবু, রাশেদ আলী, মো. রনি, মো. মহিউদ্দিন, হোসাইন ফাহমিদ, মাসুদুর রহমান, আ. হালিম, মো. হাসান, সজিব, মো. আজাদুর ইসলাম, দুলাল হোসেন, নুর নাহার, কুলসুম ও শাহনাজ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নাজিম উদ্দিনের সঙ্গে নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। নুর মোহাম্মদ লোকজন নিয়ে প্রকল্পে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। কিছু লোককে বাদ দিয়ে প্রকল্পের মালিক নাজিম উদ্দিনকে মামলা করতে বলা হলেও তিনি মামলা করেননি।

একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকল্পের মালিক নাজিম উদ্দিন। তার অভিযোগ, প্রকল্পে তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করা হয়েছে।

নাজিম উদ্দিন বলেন, ‘পরিস্থিতি ভালো না। তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে। আমি প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে আছি।’


ছবি: ডিএমপি

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৮ পিএম

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তির নাম ইফাত বিন আল দিহানী প্রিয়ম (৩২)।


শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইনভেস্টিগেশন বিভাগ।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিয়ম মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে এবং শান্তিনগর মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরক সংগ্রহ, সরবরাহ ও ককটেল নিক্ষেপে সহায়তার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জানিয়েছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২০ পিএম

রাজধানী ঢাকার ধানমন্ডিতে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সাবা (৩০) নামে এক মা ও তার দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছরের শিশুটি মারা যায়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মারা যান তার মা।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।


গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় সাবাসহ ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।


দগ্ধ বাকি তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৪ পিএম
  • আপডেট : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৪ পিএম


নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজের একদল শিক্ষার্থী। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৪ পিএম

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজের একদল শিক্ষার্থী। শনিবার (২১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে বাসগুলো আটকে দেওয়া হয়।


শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরই প্রতিবাদে শনিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে নেমে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেন।



খোঁজ নিয়ে জানা গেছে, হেনস্তার শিকার ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) ওই শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তাকে বাস থেকে নেমে যেতে বলেন। এমনকি ওই হেলপার শিক্ষার্থীকে উদ্দেশ করে ‘তুই নামবি, তোর বাপ নামবে’ বলেও হুমকিসূচক মন্তব্য করেন।


এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী জানান, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আইডি কার্ড দেখিয়ে নীলাচল পরিবহনসহ বিভিন্ন বাসে হাফ ভাড়া দিয়ে আসছেন। কিন্তু আইডি কার্ড দেখানোর পরও একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এমন অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার ভিডিও ফুটেজ ও অভিযুক্ত হেলপারের ছবি শিক্ষার্থীদের কাছে থাকলেও এখনো তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।


দাবির বিষয়ে আলিফা রামী বলেন, বাস মালিক কর্তৃপক্ষকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে এর দায়ভার তারা নেবে। পাশাপাশি চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু নীলাচল নয়, ভিআইপি ও মৌমিতাসহ সব পরিবহন কর্তৃপক্ষের কাছেই শিক্ষার্থীদের একই দাবি।


ক্ষোভ প্রকাশ করে আরেক শিক্ষার্থী জানান, গণপরিবহনে মেয়েদের সঙ্গে প্রায়ই এমন আচরণ করা হয় এবং অনেকেই লজ্জা ও ভয়ের কারণে প্রতিবাদ করেন না। এই সুযোগে বাসের কর্মীরা বেপরোয়া হয়ে উঠছেন। ভবিষ্যতে যাতে আর কোনো নারী শিক্ষার্থী এমন হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতেই বাসগুলো আটকানো হয়েছে। এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা শিক্ষার্থীদের পাশে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই বাস মালিকদের কাছে দাবি-দাওয়া তুলে ধরা হবে।


এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির বিষয়টি তারা জেনেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।