প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

একদিনেই রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর ) তিন বিভাগের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। সফরে রাজশাহীতে একটি জনসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।


এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।


রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।


তিনি আরও বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী  পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।


চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই তিনি ঢাকা ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।মঙ্গলবার উদযাপিত হবে দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।




তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৪৮ এএম

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তারেক রহমান।


এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘পূজামণ্ডপ পরিদর্শন করতে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন তিনি।’


আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।


রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।


পরে রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।


এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।


আজ উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।


ফাইল ফটো

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৪০ পিএম

কলকাতা মহানগরীর মানিকতলায় অবস্থিত ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ গভীর শোক প্রকাশ করছে। রোববার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠায় এক শোকবার্তায় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। 



হতাহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজের শোক। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয় শোকবার্তায়। 



বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি প্রফেসর ড. এম. ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. মশিউর রহমানের পাঠানো শোকবার্তায় বলা হয়, শারদীয় দুর্গোৎসবের আনন্দমুখর পরিবেশে এমন মর্মান্তিক দুর্ঘটনা ও প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। এ অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত।



এই শোকাবহ মুহূর্তে আমরা বিশ্বাস করি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চর্চা ভারত ও বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বন্ধন, সৌহার্দ্য ও পারস্পরিক সংহতিকে আরও সুদৃঢ় ও অটুট রাখবে। মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও আত্মত্যাগ দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের এক অবিস্মরণীয় দলিল।



বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে।



  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৪৫ পিএম

সরকার গঠনের মাত্র আট মাসের মধ্যে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। একই সময়ে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যও। 


এসব পদত্যাগের পেছনে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা কাজ করেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সর্বশেষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। অভিযানের সময় তার নিজের হাতে এবং সঙ্গে থাকা সহযোগীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। অস্ত্র উঁচিয়ে অভিযান পরিচালনার ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও সরকারের উচ্চপর্যায়েও এ ঘটনায় অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।


এরপর রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই নির্দেশনার পর সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


ইশরাকের পদত্যাগের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন-কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করলে, তিনি যত ঘনিষ্ঠই হোন না কেন, তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।


আইনমন্ত্রী বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’


ইশরাক হোসেনের আগে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় গত ১ জুন তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গৃহীত হয়।


পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন দীপেন দেওয়ান। তিনি লেখেন, দায়িত্ব গ্রহণের পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। এ কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়াতে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন।


গত ২২ আগস্ট তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। তবে একই দিন তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এর আগের দিন তথ্যমন্ত্রীর দায়িত্ব পান আন্দালিভ রহমান পার্থ। এ পরিস্থিতিতে জহির উদ্দিন স্বপনের মন্ত্রিত্ব কার্যত কেড়ে নেওয়া হয়েছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।


মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। এরপর জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।


সরকার গঠনের আট মাসের মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ধারাবাহিক পদত্যাগ এবং একজন সংসদ সদস্যের বিদায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিশেষ করে এসব সিদ্ধান্তের পেছনে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩০ পিএম
  • আপডেট : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩০ এএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩০ পিএম

বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম এবং কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আনিস। তাঁদের পুনর্নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর উত্তরা এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান, সহসভাপতি মো. শামীম হাওলাদার ও মো. সোহেল রানা চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম বাশার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাওলানা মেহেদী হাসান নাজমুল, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সাংবাদিক বশির আলম, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাহা, সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিটন শেখ এবং সাংবাদিক জুয়েল, আক্তার ঢালী ও জাহিদ হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে পুনর্নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম ও কার্যকরী সভাপতি আতিকুর রহমান আনিসকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের নতুন মেয়াদে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং মানবকল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।


সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের সব জেলায় সংগঠনের কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর কক্সবাজারে সংগঠনের উদ্যোগে শিক্ষা সফরের ঘোষণা দেন।


অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন মানবসেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একদিনে দুই বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সকালে ফ্রাইপ্যানে স্বর্ণবার, সন্ধ্যায় যাত্রীর পেটে ‘স্বর্ণের ডিম’


চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে উদ্ধার স্বর্ণবার ও ‘স্বর্ণের ডিম’

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১০ পিএম

চট্টগ্রাম ও ঢাকার দুই আন্তর্জাতিক বিমানবন্দরে একই দিনে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণপেস্টের বস্তু আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।


রোববার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে লুকানো স্বর্ণবার উদ্ধার করা হয়। সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের ছয়টি বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা।


কোটি টাকার স্বর্ণ লুকানো রান্নার সরঞ্জামে 


আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৫০ ফ্লাইটে রোববার সকাল ৭টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাত্রী কামরুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা আগে থেকেই বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থানে ছিলেন। কামরুল ইসলাম ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও তার কাছে অতিরিক্ত স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। 


পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় একটি ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম। ঘোষিত ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা, যা প্রায় ১ কোটি টাকার কাছাকাছি।


‘স্বর্ণের ডিম’ যাত্রীর পায়ুপথে 


একই দিন সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৩৮ ফ্লাইটে আসা দুই যাত্রী মোহাম্মদ সোলায়মান ও জোবায়েদ আহমদের পায়ুপথে লুকানো অবস্থায় স্বর্ণপেস্টের বস্তু পাওয়া যায়।


দুই যাত্রীর প্রত্যেকের কাছ থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়। উদ্ধার করা ছয়টি বস্তুর প্রাথমিক মোট ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। তবে এসব বস্তুতে প্রকৃতপক্ষে কতটুকু বিশুদ্ধ স্বর্ণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, দুই যাত্রীকে আসামি করে মামলা হওয়ায় এবং আলামতের যথাযথতা সংরক্ষণের স্বার্থে স্বর্ণপেস্টের বস্তুগুলো অবিকৃত অবস্থায় রাখা হয়েছে। উপযুক্ত পরীক্ষা শেষে বিশুদ্ধ স্বর্ণের ওজন ও প্রকৃত মূল্য নিশ্চিত করা যাবে।


এদিকে, একই দিনে দুই বিমানবন্দরের একটিতে নিত্যব্যবহার্য রান্নার সরঞ্জামের ভেতরে স্বর্ণবার, আরেকটিতে মানবদেহের অভ্যন্তরে ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার অভিযানে স্বর্ণ চোরাচালানের দুটি ভিন্ন কৌশল সামনে এসেছে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, নিবিড় নজরদারি ও ঝুঁকিভিত্তিক যাত্রী তল্লাশির মাধ্যমে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।


চোরাচালানকারীদের কৌশল পরিবর্তনের সঙ্গে সঙ্গে নজরদারিও জোরদার করছে সংস্থাটি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী

মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী


প্রবাসী কল্যাণমন্ত্রী

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৪৪ পিএম

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায়। অন্যজন কুমিল্লার বাসিন্দা। 


এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আকাশ পথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।


বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর করা হয়। এ সময় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব তথ্য জানান। 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 


ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে। 


সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়া দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করা হয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই বাংলাদেশি হলেন- নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার। নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে স্থানান্তর করা হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন। 


তবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে ঢাকাকে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে বাংলাদেশ। এরপর ঘটনার বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। 


গত বৃহস্পতিবার পাঠানো চিঠিতে ওই দুই বাংলাদেশির পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দার কনস্যুলেটের সূত্রে এ তথ্য জানা গেছে।


কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, দুই বাংলাদেশির গ্রেপ্তার, বিচার কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় খবর প্রকাশের পর বিষয়টি মিশনের নজরে আসে।


সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে ওই দুই ব্যক্তির নাম ছাড়া তাদের পরিচয় শনাক্ত করার মতো বিস্তারিত তথ্য ছিল না। তাদের পাসপোর্ট, আকামা ও নাগরিকত্বের তথ্যও পাওয়া যায়নি। এ কারণে ঘটনার পূর্ণ বিবরণ জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে কনস্যুলেট।


মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষও রায় বহাল রাখে।