ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তির রেকর্ড
এক দিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গতকালের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জনে।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৯ জন নারী ও ২২ জন পুরুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে।
আজ সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ। সরকারপ্রধান হওয়ার পর এটি তাঁর প্রথম জন্মদিন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে গত বছরের মতো এবারও কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া রয়েছে। দিবসটি পালনে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয়ভাবে উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষ রোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশেষ ‘বই উৎসব’-এর আয়োজন করা হয়েছে। এতে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তারেক রহমান ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তাঁর ডাকনাম পিনো। তিনি ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তাঁর মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান তিনি। এর পরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। মূল সংগঠনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল সভার আয়োজন করেন। এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
তবে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তাঁকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝেও আস্থার প্রতীক হয়ে ওঠেন তারেক রহমান। তবে সে ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়। আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতের মাধ্যমে এক আদেশে তাঁর বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করেন তিনি।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এপ্রিলে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।
আগুনে ক্ষতিগ্রস্ত এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়ি। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের একাধিক সংসদ সদস্য আজ বৃহস্পতিবার জানিয়েছেন, গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। সেখানে শুধু প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন।
বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়। একই সঙ্গে তিনি সর্বদলীয় মিছিল করার বিষয়ে কথা বলেন।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতা রুখে দিতে এবং দেশের প্রয়োজনে সেই ঐক্য আরও সুদৃঢ় হতে পারে। তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে বলেছেন। বিরোধীদলীয় নেতা গণমিছিল না করে প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন বলে জানান জামায়াতের এই সংসদ সদস্য। বিরোধীদলীয় নেতার কথা মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী।
জামায়াত নেতারা বলছেন, জুলাই সনদের ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। কিন্তু সরকার এই সনদ বাস্তবায়ন না করায় সেই ঐক্য আর নেই। নতুন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
বৈঠকটির বিষয়ে ঢাকা-১২ আসনে জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আজ বৃহস্পতিবার বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, সরকার জুলাই সনদ থেকে সরে গেছে বলেই ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি এই জুলাই সনদ ও গণভোটের রায়। ফ্যাসিবাদী শক্তির আস্ফালন রুখে দিতে প্রধানমন্ত্রীকে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিতে বলেছেন জামায়াতের আমির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল।
জামায়াত সূত্র জানায়, বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলো উঠে আসে।
গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান
পলাতক স্বৈরাচার দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গুম, খুন ও ভোটাধিকার কেড়ে নেয়ার রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, সরকার যখন দেশের মানুষের জন্য কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর ডামি নির্বাচন দেখতে চায় না। যারা ১৬ বছর ক্ষমতায় ছিল, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, তারা দেশপ্রেমিক হতে পারে না। দেশের মানুষ নিরাপত্তা ও ভাগ্যের পরিবর্তন চায়।
২০২৪ সালের মতো স্বৈরাচারের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষায় সেসময় যেসব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাবেদারি শক্তির বিরুদ্ধে একটাই বক্তব্য—‘এনাফ ইজ এনাফ’।
জনসভায় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খনন করা খালগুলো তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
তিনি বলেন, চলতি বছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে। ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়া হবে এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। এ ছাড়া আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সোনারগাঁয়ের কাঁচপুরে বাসে আগুন
দেশের ছয় জেলায় বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চারটি বাস, দুটি পিকআপ ও একটি খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া রেললাইন ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিনিধিদের পাঠানো খবর
নারায়ণগঞ্জে বাসে আগুন
সোনারগাঁয়ের কাঁচপুর সেতুর ঢাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টটার দিকে ‘মামা ভাগিনা পরিবহন’ নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় যাত্রীবেশী কয়েকজন। যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা। এর আগে ভোরে জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই একটি ট্রাকে মোটরসাইকেলে আসা তিনজন আগুন দেয় বলে জানান সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক।
ময়মনসিংহে পুড়ে গেছে বাস
ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘মীর এক্সক্লুসিভ’ নামের একটি বাসে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটির ভেতরের সব সিট ও বাইরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। নাশকতার উদ্দেশ্যে এ আগুন দেওয়া হয়েছে জানিয়ে ভালুকা মডেল থানার ওসি মো. মহিদুল ইসলাম বলেন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খাগড়াছড়িতে পার্কিং করে রাখা পিকআপে অগ্নিসংযোগ
সদর উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে পার্কিং করে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, একটি পিকআপের সিটসহ ভেতরের অংশ পুড়ে গেছে এবং অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
পাবনায় ককটেল বিস্ফোরণ
বুধবার রাতে পাবনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ককটেল বিস্ফোরণে মিলনায়তনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউএনও তামারা তাসবিহা। এছাড়া আজ ভোররাত দুইটার দিকে সুজানগরের নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেলেও কেউ আহত হননি বলে জানিয়েছেন সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেন।
রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন
বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার ভোররাত ২টা ২৫ মিনিটের মধ্যে রাজশাহী নগরী ও চারঘাটে তিনটি ঘটনা ঘটে। নগরীর আমচত্বর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন দিলে কয়েকটি সিট পুড়ে যায় এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান আরএমপির মুখপাত্র গাজিউর রহমান। এ ছাড়া রাত সোয়া ১১টার দিকে চারঘাটের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ায় প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও এএসপি সাবিনা ইয়াসমিন।
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের অফিসের বারান্দায় আগুন
বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে পূর্বধলার বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নৈশপ্রহরী, স্থানীয় লোকজন ও টহল পুলিশ দ্রুত আগুন নেভানোয় ভেতরে কোনো ক্ষতি হয়নি বলে জানান শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও পূর্বধলা থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন। আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো লালমনিরহাট সফর করছেন তারেক রহমান। এ সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের শুরুতেই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।