বিশ্বজুড়ে ধরে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক ও টিমস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অসংখ্য সরকারি দপ্তর এবং করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।মাইক্রোসফট তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে স্বীকার করেছে যে সেবা স্বাভাবিক করার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হচ্ছে না। প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে সার্ভারের সক্ষমতা বাড়াতে তারা বিকল্প কর্মপন্থা ও রুট খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিপর্যয় যখন চরমে পৌঁছায়, তখন কেবল যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টার দিকেও সেখানে ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। এ ছাড়া শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতেও মাইক্রোসফটের একাধিক সেবা অচল হয়ে পড়ার তথ্য নথিভুক্ত হয়।
একটি ‘সার্ভিস হেলথ নোটিশে’ মাইক্রোসফট স্পষ্ট করেছে, মাইক্রোসফট ৩৬৫-এর যেসব ফিচার সরাসরি ‘এক্সচেঞ্জ অনলাইন’ এবং ই-মেইলের ওপর নির্ভরশীল, সেগুলোই মূলত এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক্সচেঞ্জ অনলাইনের বাইরে থাকা অন্যান্য সেবাগুলো সচল রয়েছে। উল্লেখ্য, এক্সচেঞ্জ অনলাইন হলো প্রতিষ্ঠানটির ক্লাউডভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ই-মেইল, ক্যালেন্ডার, কন্টাক্ট ও দৈনন্দিন কাজের সমন্বয় করা হয়।এ ঘটনায় কোনো সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তামন্ত্রী টনি বার্ক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাইক্রোসফটের ধারণা অনুযায়ী এটি কোনো হ্যাকিং বা সাইবার আক্রমণ নয়; বরং ২০২৪ সালে ‘ক্রাউডস্ট্রাইক’ সফটওয়্যার আপডেটের ত্রুটির কারণে বিশ্বজুড়ে যে নজিরবিহীন ইন্টারনেট বিপর্যয় ঘটেছিল, অনেকটা সে ধরনের কোনো কারিগরি ত্রুটি থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
মন্ত্রী আরও জানান, এই বিপর্যয়ের মূল আঘাতটি এসেছে ই-মেইল সিস্টেমের ওপর। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এবং ফেডারেল পুলিশসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলোও শুক্রবারের এই বিভ্রাটের কবলে পড়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) জানিয়েছে, এ বিভ্রাটে তাদের ব্যবহারকারীরাও ভুক্তভোগী হয়েছেন এবং সংসদীয় প্রকৌশলীরা সমস্যা সমাধানে মাইক্রোসফটের সঙ্গে কাজ করছেন।
এর আগে দিনের শুরুতে মাইক্রোসফট জানিয়েছিল, আকস্মিকভাবে বেশ কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ায় এ সংকট তৈরি হয়েছে; এর পেছনে অতিরিক্ত ট্রাফিকের কোনো ভূমিকা নেই। সন্ধ্যা ৬টার দিকে প্রতিষ্ঠানটি জানায়, পুনরুদ্ধারকৃত সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে এবং ব্যবহারকারীরা পুনরায় সংযুক্ত হতে শুরু করায় ধাপে ধাপে সেবার মান ফিরে আসছে।
মাইক্রোসফটের এই বিভ্রাটের ধাক্কা লেগেছে বিশ্বের অন্যান্য শীর্ষ প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ‘মাইক্রোসফট কানেক্টর’-এ ত্রুটি দেখা দেওয়ায় নতুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং টুলগুলো ঠিকমতো কাজ করছে না। আরেক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও জানিয়েছে, আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যার কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সেবা বিঘ্নিত হচ্ছে।
এ ছাড়া বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপ ১২ নভেম্বর তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের কথা থাকলেও মাইক্রোসফটের এই বৈশ্বিক বিভ্রাটের কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় তা পিছিয়ে আগামী ১৬ নভেম্বর পুনর্নির্ধারণ করেছে। উল্লেখ্য, এর আগে গত মাসেও মাইক্রোসফটের ‘অ্যাজুর’ ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল, যা বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ও বিভিন্ন শিল্প খাতকে বিপাকে ফেলেছিল।
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে আগ্রাসী পক্ষকে সতর্ক করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে প্রস্তুত রয়েছে তাদের মহাকাশ বাহিনী।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের একটি গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় গোবর ছোড়াছুড়ির এক উৎসব। এই উৎসব দেখতে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন। শতাব্দীপ্রাচীন এ উৎসবের নাম ‘গোরিহাব্বা’। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এর প্রচলন।ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির তৃতীয় দিনে দক্ষিণ ভারতের গুমাতাপুরা গ্রামে উৎসবটি অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে পূজিত দেবতা বীরেশ্বরের সম্মানে এ আয়োজন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গোবরের স্তূপ থেকে তার আবির্ভাব হয়েছিল। পরে প্রতিবছর তার সম্মানে গোরিহাব্বা উৎসব পালনের ইচ্ছা প্রকাশ করেন তিনি। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। গ্রামের বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে মন্দিরের কাছে জড়ো করেন বাসিন্দারা। এরপর গাধার পিঠে দানবের সাজে এক ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়।
গোবরবোঝাই একটি গরুর গাড়িও ফুল ও কলাপাতা দিয়ে সাজিয়ে মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে শুরু হয় গোবর ছোড়াছুড়ি। উৎসব দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসেন। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছ থেকে এ উৎসবের কথা জেনে সেখানে গেছেন বলেও জানিয়েছেন।
অংশগ্রহণকারীদের বিশ্বাস, গোবর শুধু ধর্মীয়ভাবে পবিত্র নয়, এর রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। তাদের ধারণা, গোবর ছোড়াছুড়ির এই রীতি অসুস্থতা দূর করতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কপ সম্মেলনের পরিভাষা বুঝতে বাংলা শব্দকোষ প্রকাশ।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও পরিবেশবিষয়ক আলোচনার জটিল পরিভাষাগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে প্রকাশিত হয়েছে ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ শীর্ষক নতুন একটি বই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় কপ-৩১ সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার বইটি রচনা করেছেন। বইটির মুখবন্ধ লিখেছেন দেশের বিশিষ্ট জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এটি যৌথভাবে প্রকাশের দায়িত্ব পালন করেছে সিথ্রিইআর (C3ER), লিডার্স (LEDARS), ওসিএল (OCL) এবং এসআরসিএল (SRCL)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, সেফ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমত উল্লাহ ও সিপিআরডির প্রধান নির্বাহী শামসুদোহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশনা সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু কূটনীতি ও নীতিনির্ধারণী আলোচনায় অভিযোজন, প্রশমন, ক্ষতিপূরণ তহবিল, কার্বন বাজার, এনডিসি (NDC), টিপিং পয়েন্ট কিংবা জলবায়ু শরণার্থীর মতো নতুন নতুন কারিগরি শব্দ যুক্ত হচ্ছে। ইংরেজি এসব শব্দের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট বাংলায় স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যেই এই শব্দকোষটি সংকলন করা হয়েছে।
বইটিতে মোট ১ হাজার ২৯৪টি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ুবিষয়ক পরিভাষার সহজ বাংলা ব্যাখ্যা স্থান পেয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু চুক্তির সংক্ষিপ্ত রূপ, আলোচনার কারিগরি শব্দের অর্থ এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা উল্লেখযোগ্য সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য-উপাত্তও বইটিতে সন্নিবেশিত করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কপ-৩১ (COP31) সম্মেলনকে সামনে রেখে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের জন্য এই শব্দকোষটি একটি অপরিহার্য সহায়িকা হিসেবে কাজ করবে এবং দেশের জলবায়ু কার্যক্রম ও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতীকী ছবি
ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন নরওয়ের সাংবাদিক হেলে লিং। সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেলিস্ট ও বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। নরওয়েতে মোদিকে প্রশ্নের মুখে ফেলে আলোচনায় এসেছিলেন সাংবাদিক হেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিওবার্তায় হেলে লিং বলেন, ভারত সফরের জন্য তার ভিসা ইস্যু করা হয়েছিল। সম্মেলনে যোগ দিতে সকালে তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বৃহস্পতিবারের (১২ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। ওই সময় তিনি মোদিকে প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে তিনি কেন আগ্রহী নন।
পরবর্তী সময়ে এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে হেলে লিং বলেন, রাজনৈতিক নেতাদের প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব।
এ ঘটনা ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের এক সংবাদ ব্রিফিংয়েও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে হেলে লিং বারবার ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তিনি প্রশ্ন করেন, ‘আমরা আপনাদের বিশ্বাস করব কেন?’
এরপর ভারত সামিটে যোগ দেওয়ার আগে ভিসা বাতিলের অভিযোগ সামনে আনেন তিনি। তবে তার অভিযোগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে যোগ দিতে প্যারিসের এলিসি প্রাসাদে পৌঁছান স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। এ সময় তাকে স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা চলাকালে ফরাসি সম্মানরক্ষী বাহিনীর এক সদস্য হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
এ ঘটনায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁসহ উপস্থিত কর্মকর্তারা দ্রুত তার দিকে এগিয়ে যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিতা সেই স্বাগত অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করে। যেখানে দেখা যায়, স্লোভাক প্রেসিডেন্টের গাড়িটি এলিসি প্রাসাদের প্রবেশপথে পৌঁছানোর ঠিক সময়েই ওই গার্ড সদস্য জ্ঞান হারিয়ে পড়ে যান। ঘটনাটি দেখে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং সেখানে উপস্থিত অন্য কর্মকর্তারা দ্রুত তার কাছে ছুটে যান।
উল্লেখ্য, পরবর্তীকালে কর্মীরা অসুস্থ হয়ে পড়া ওই সম্মানরক্ষী বাহিনীর সদস্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।