ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

  • প্রকাশ : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:২৯ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন গোয়েন্দা সংস্থা বা সিক্রেট সার্ভিস। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।


ইরানের প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির প্রতিনিধি দলের অন্য কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক নিরাপত্তা শাখার গোয়েন্দারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।


পেজেশকিয়ান ও ইরানের প্রতিনিধি দলের নিরাপত্তায় নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা সদস্যদের পাশাপাশি গোয়েন্দা বিভাগের অন্যান্য সদস্য এবং মহাসড়ক পুলিশের গাড়িবহরও থাকবে।


জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান কয়েক দশক ধরে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি।


তবে এবারের অধিবেশনে ইরানের উপস্থিতি কিছুটা ভিন্ন। কারণ ইরানের প্রতিনিধি দল এমন একটি দেশের মাটিতে অবস্থান করছে, যার সঙ্গে দেশটির যুদ্ধ এখনো চলছে।


এ অবস্থায় ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই করা হচ্ছে।


জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নিচ্ছেন। অধিবেশন ঘিরে নিউইয়র্কে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।




মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৯ পিএম

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচার করার অভিযোগে চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ভিডিও ধারণ করছেন। পরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় এসব এলাকাকে নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’ তিনি আরও বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে প্রচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চীনা ভিডিও নির্মাতা ও সরাসরি সম্প্রচারকারীরা ঢাকার দরিদ্র এলাকাগুলোতে গিয়ে ভিডিও ধারণ করছেন। এসব ভিডিওতে স্থানগুলোকে ভারতের রাজধানীর অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই প্রেস ব্রিফিংয়ে, রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয়, সে অনুযায়ীই এগিয়ে নেয়া হবে।


একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে জয়সওয়াল বলেছেন, বিষয়টি সম্পর্কে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে। শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার খবর প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।


ব্রিফিংয়ের শুরুতেই জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরে যেতে চাইলে এ ক্ষেত্রে নয়াদিল্লির কোনো ভূমিকা রয়েছে কি না? এ বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনা বা বিষয়টি উত্থাপন করবে কি না ভারত? দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় কনস্যুলার সার্ভিসবিষয়ক বৈঠকে এ ধরনের বিষয় আলোচনার সুযোগ রয়েছে কি না, সেটিও জানতে চান সাংবাদিক।


জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুটির প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে জয়শওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেয়া হবে।’ 


  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৬ পিএম

ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে বায়ুদূষণের আশঙ্কাজনক চিত্র ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহে (স্যাটেলাইট)। মহাকাশ থেকে তোলা ছবিতে দুই দেশের ওপর ধোঁয়া ও ধুলার ঘন আস্তরণ দেখা গেছে। শীতের শুরুতেই দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণের এই বিস্তার নতুন উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার মডারেট রেজল্যুশন ইমেজিং স্পেকট্রোরেডিওমিটার (মোডিস) যন্ত্রে ধারণ করা ছবিটি প্রকাশ করা হয়েছে সংস্থাটির ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে। এতে পাকিস্তান থেকে ভারতের উত্তরাঞ্চল পেরিয়ে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত ধূসর ধোঁয়াশা দেখা গেছে। 


ছবিতে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ ও আশপাশের অঞ্চল সবচেয়ে বেশি দৃশ্যমান। উত্তরে হিমালয়ের তুষারাবৃত পর্বতমালার বিপরীতে সমতল অঞ্চলে দূষণের ঘন আস্তরণ স্পষ্ট হয়ে উঠেছে। ছবিতে কৃষিপ্রধান কয়েকটি অঞ্চলে আগুনের উৎস শনাক্ত হওয়ার চিহ্নও দেখা গেছে। এগুলো ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।


প্রতিবেদন অনুযায়ী, প্রতি শীতেই ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল ও প্রতিবেশী পাকিস্তানে বায়ুর মানের অবনতি ঘটে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও নির্মাণকাজের ধুলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।শীতের সময় তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের গতি কম থাকা এবং বায়ুমণ্ডলের নিচের স্তরে দূষিত কণা আটকে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়। দিল্লি ও আশপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও নাসার ছবিতে স্পষ্ট, দূষণের এই সংকট কোনো একটি শহরে সীমাবদ্ধ নয়; বরং পুরো অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ।


ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


হরমুজ প্রণালি ও এর আশপাশে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৮ পিএম

হরমুজ প্রণালি ও এর আশপাশে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রণালিটিতে ৪টি ট্যাংকারের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

সোমবার (০৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরআইবি জানায়, হামলা চালিয়ে ৪টি ট্যাংকারকে থামিয়ে দেওয়া হয়েছে। তবে জাহাজগুলোর পরিচয়, অবস্থান কিংবা কীভাবে সেগুলোর চলাচল বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে নিজেদের আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের দাবি, প্রণালির উত্তর অংশে নিজেদের উপকূলের কাছের নৌপথ ব্যবহার করতে হলে সব বাণিজ্যিক জাহাজকে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র দক্ষিণের নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করছে। তবে ওই পথ ব্যবহারকারী কয়েকটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব জাহাজ দক্ষিণের পথ ব্যবহার করছিল বলে অভিযোগ তেহরানের। গত কয়েক সপ্তাহে ইরানি কর্তৃপক্ষ একাধিকবার দাবি করেছে, দক্ষিণের নৌপথ ব্যবহারকারী জাহাজগুলো সমুদ্রের মাইন বিস্ফোরণের শিকার হয়েছে। এতে কয়েকটি জাহাজে আগুন ধরে যায় বলেও জানিয়েছে তারা।

জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও দক্ষিণের নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বন্দর ও জাহাজের ওপর মার্কিন সামরিক অবরোধ লঙ্ঘনের অভিযোগে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে দেশটির বাহিনী। ইরানের তেল ও গ্যাস বিক্রি বন্ধ করতেই এ অবরোধ দেওয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির ঠিক পূর্বে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের চলাচল অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকেরা বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করেন এবং একাধিকবার ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেন।


একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪০ পিএম

নাবিকদের কাজ ও বিশ্রামের রেকর্ড ইচ্ছাকৃতভাবে জাল করে অতিরিক্ত কর্মঘণ্টা লুকানোর প্রমাণ পাওয়ায় মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার উয়াং ভেনাস-কে ৯০ দিনের জন্য অস্ট্রেলিয়ার বন্দরগুলোতে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)। অস্ট্রেলিয়ার নেভিগেশন অ্যাক্ট ২০১২-এর ২৪৬ ধারায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।  জিক্যাপ্টেন এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেরিটাইম। 


এতে বলা হয়, মেরিটাইম লেবার কনভেনশন (এমএলসি)-এর আওতায় একটি অভিযোগের পর ২৯ অক্টোবর নিউক্যাসল বন্দরে পোর্ট স্টেট কন্ট্রোল পরিদর্শনে দেখা যায়, জাহাজের রেকর্ডে নাবিকদের প্রকৃত কর্মঘণ্টা প্রতিফলিত হয়নি।


তিন বছরের কম সময়ে তৃতীয়বার আটক: 


আগস্ট ২০২৬: নাবিকদের কাজ ও বিশ্রামের সময় ঠিকমতো রেকর্ড বা নজরদারি না করায় আটক।


ডিসেম্বর ২০২৩: ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিএফ) অভিযোগের পর পরিদর্শকরা নিম্নমানের খাবার, জাল কর্মঘণ্টার রেকর্ড এবং মাস্টার এক নাবিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন — এমন প্রমাণ পান।


নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশয়: ২০২৩ সালের আটকের পর অপারেটর নাবিক প্রত্যাবাসন, ভালো খাবার ও কর্মঘণ্টা বিষয়ে বাড়তি প্রশিক্ষণের একটি সংশোধনমূলক পরিকল্পনা জমা দেয়, কিন্তু পরেও একই ধরনের সমস্যা ধরা পড়ে। এএমএসএ জাহাজটির বারবার ত্রুটি এবং মালিক ও অপারেটরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশয়ের কথাও উল্লেখ করেছে।


ক্লান্তি নিরাপত্তার ঝুঁকি


এএমএসএর মেরিটাইম সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স বিভাগের নির্বাহী পরিচালক গ্রেগ উইথারাল বলেন, জাল রেকর্ড গুরুতর ঝুঁকি তৈরি করে, কারণ ক্লান্তি বিচারবুদ্ধি দুর্বল করে এবং সংঘর্ষ ও চরায় ওঠার ঝুঁকি বাড়ায়। গুরুতর বা বারবার ব্যর্থতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


২০২৬-২৭ জাতীয় কমপ্লায়েন্স পরিকল্পনায় ক্রুইং ও ক্লান্তি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছে এএমএসএ। এমএলসি অনুযায়ী নাবিকদের ন্যূনতম বিশ্রামের অধিকার আছে; বিশ্রামের সঠিক রেকর্ডই পরিদর্শকদের কাছে অতিরিক্ত খাটুনি ধরার অন্যতম উপায়। বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্যও এই সুরক্ষা গুরুত্বপূর্ণ।


  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন।


সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে তিনি বৈঠকে বসতে যাচ্ছেন।নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি এখন দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন।স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’


ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।আরাঘচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।