ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ মার্চ, ২০২৬, সময় : ১২:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই সেই হোটেলগুলোকে হামলার নিশানা করা হবে। উপসাগরীয় দেশ বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের হোটেল মালিকদেরকে এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা হোটেলে আশ্রয় পেলে সেই হোটেলগুলো হামলার বৈধ সামরিক নিশানা হবে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইরানের আধা সরকারি ফারস বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।


খবরে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিগুলোর ওপর ইরানের হামলার মুখে সেখান থেকে সরে গিয়ে অস্থায়ী শিবির এবং বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে মার্কিন সেনারা।


তারা যেখানেই আশ্রয় নেবে সেইসব স্থানই হামলার নিশানা হবে এবং এমন কর্মকাণ্ড চলতে থাকলে তাৎক্ষণিকভাবে হামলা চালানো হবে বলেও ইরান হুঁশিয়ারি দিয়েছে।


ফারস বার্তা সংস্থার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনারা উপসাগরীয় অঞ্চলজুড়ে বিভিন্ন বেসামরিক এলাকাতে আশ্রয় নিয়েছে।


বৈরুতের পুরোনো বিমানবন্দরের কাছে একটি লজিস্টিক ঘাঁটিতে, দামেস্কের রিপাবলিক প্যালেস, ফোর সিজনস হোটেল এবং রিসোর্ট এবং শেরাটন হোটেলগুলোতেও মার্কিন সেনারা উপস্থিত রয়েছে।


যুক্তরাষ্ট্রের নৌ সেনারা এ সপ্তাহে ইস্তাম্বুল এবং সোফিয়া হয়ে জিবুতি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে চলে গেছে বলেও খবর পাওয়া গেছে।


‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৩টি সেনাঘাঁটি গুঁড়িয়ে গেছে। সেই সব ঘাঁটি ছেড়ে সেনাদেরকে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে।


সেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সেনাদেরকে হামলার নিশানা করার হুঁশিয়ারি দিল ইরান।


এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহার করতে শুরু করেছে মার্কিন সেনারা।


তাই সেনাঘাঁটি ছেড়ে তারা এখন হোটেলসহ বিভিন্ন বেসামরিক স্থান এবং সরকারি দপ্তরেও আশ্রয় নিচ্ছে। আরাকচি ওই অঞ্চলের দেশের হোটেলগুলোকে মার্কিন সেনাদের জন্য বুকিং না দেওয়ার আহ্বান জানান।


ইরানের হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুবাই, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে মোতায়েন থাকা মার্কিন সেনাদের একটি বড় অংশই বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে।


ইরানের মার্কিন সেনাদের নিশানা করার হুঁশিয়ারির ফলে সাধারণ পর্যটকদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


সূত্র: এনডিটিভি।




বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

  • প্রকাশ : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৩০ এএম

ইরান যুদ্ধের উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেন শেষে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। দিনের লেনদেনে একপর্যায়ে ব্রেন্টের দাম ১১৮ ডলারে উঠেছিল।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে প্রায় ২ দশমিক ১ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৪ ডলার ১২ সেন্টে।


অক্টোবর মাসে ব্রেন্টের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।


এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ঘিরে একাধিক ঘটনার খবর সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। 


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দিনের মধ্যে সুপারট্যাংকার সংশ্লিষ্ট চারটি ঘটনা ঘটেছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় দুটি ট্যাংকার মাইনে আঘাত করেছে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা তেলের সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়াচ্ছে।


সূত্র : আল জাজিরা


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ১:২৬ এএম

ইউরোপের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা রাশিয়ার নেই, তবে এমন পরিস্থিতি তৈরি হলে ও তারা চাইলে মস্কো যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই বিজয়ী হবে না। খবর দ্য টেলিগ্রাফের।


নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনালাপের পর পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগকে সমর্থন করে রাশিয়া। তবে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছানো উচিত নয়, যার পরিণতি কারও জন্যই ভালো হবে না।


পশ্চিমা দেশগুলো ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে; এমন প্রেক্ষাপটে পুতিন বলেন, ‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। তবে তাদের কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে নিতে পারে। আমরা প্রস্তুত রয়েছি।’ ২০২৫ সালের ডিসেম্বরে একই ধরনের অবস্থান জানিয়েছিলেন পুতিন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছি না।


তবে ইউরোপ যদি হঠাৎ আমাদের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেয় এবং তা শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত।’ বৃহস্পতিবার পুতিন আরও বলেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। তিনি ইউরোপীয় দেশগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ হলে কোনো বিজয়ী থাকবে না।


চলতি সপ্তাহের শুরুতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। তার দাবি, ইউরোপীয় নেতারাই এ ফোনালাপের উদ্যোগ নিয়েছিলেন। আলোচনাকে সঠিক পথে একটি পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, গ্রীষ্মে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ন্যাটোর দৃঢ়তা যাচাই করতে কয়েক সপ্তাহের মধ্যে জোটটির পূর্বাঞ্চলীয় সীমান্তে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল, বাল্টিক অঞ্চলের কোনো দেশে সীমিত স্থল অভিযান অথবা পূর্ব ইউরোপজুড়ে সাইবার হামলার মাধ্যমে উত্তেজনা বাড়াতে পারেন পুতিন।


যদিও ইউরোপের সঙ্গে যুদ্ধ না চাওয়ার কথা বলছেন রুশ প্রেসিডেন্ট, তবে অভিযোগ রয়েছে, কয়েক মাস ধরে ড্রোনসহ বিভিন্ন ধরনের ‘হাইব্রিড’ হামলার মাধ্যমে ইউরোপীয় দেশ ও ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করছে মস্কো। 


দিনিপ্রো শহরের ব্যস্ত রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলার পরের দৃশ্য। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ১২:০৫ এএম

দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে একটি জেটচালিত ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া। হামলার সময় স্টেশনটির একটি প্ল্যাটফর্মে যাত্রীবাহী ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল।


হামলার পর প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল মরদেহ। বিস্ফোরণের আঘাতে মেঝেতে রক্ত জমে যায়। বিমান হামলার সতর্কসংকেতের মধ্যে পুলিশকে কালো ব্যাগে মরদেহ ভরতে দেখা গেছে।


স্টেশনের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ৬৭ বছর বয়সী স্বিতলানা শেরবাক বলেন, ‘আবার হামলা কেন? রাশিয়ানরা কী লক্ষ্য অর্জন করতে চাইছে? আমি কিছুই বুঝতে পারছি না।’


দিনিপ্রোতে আরেকটি হামলায় একটি শিক্ষার্থীদের আবাসিক ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর হানজা। তিনি জানান, দিনভর হামলায় শহরটির প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


দিনিপ্রোর বাইরে উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের কেন্দ্রীয় সড়কে ড্রোন হামলায় দুই কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় চার শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।


শহরটির সামরিক প্রশাসনের প্রধান দিমিত্রো ব্রিজিনস্কি বলেন, সাধারণ শান্তিপ্রিয় মানুষ হামলার শিকার হয়েছেন।


মধ্যাঞ্চলীয় ক্রেমেনচুক শহরে আবাসিক ভবন ও ব্যক্তিগত বাড়িতে হামলায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩২ জন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।


এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় তিনটি পৃথক হামলায় শহরের বাস লক্ষ্য করে রুশ ড্রোন আঘাত হানে। এতে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ১০:২২ পিএম

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে কাতার ও তুরস্কের মতো বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই দাবিকে পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী শিবিরের গাদি আইজেনকট। এই অভিযোগের প্রেক্ষিতে আরব দলগুলোর প্রাপ্ত তহবিলের উৎস খতিয়ে দেখতে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতকে নির্দেশ দেওয়া হয়েছে।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে হাস্যকর ও বিপজ্জনক বলে উড়িয়ে দিয়েছে। দোহার বিরুদ্ধে ইসরায়েলি রাজনীতিকেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে দেশটি।নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এটা স্পষ্ট-নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট, কোনো পক্ষ পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে সব সমীকরণ পাল্টে গেছে। ১২০ আসনের নেসেটে দুটি আরব দলের জোট জয়েন্ট লিস্ট এবং রাআম রেকর্ড ১৯টি আসন পেয়েছে।


নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। এমন ফলাফলে আরব দল দুটি এখন সরকার গঠনের প্রধান নিয়ামক হয়ে উঠেছে।নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে গুরুতর সন্দেহের তদন্ত করতে শিন বেইতকে অনুরোধ জানান কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) প্রধান। এরপর বৃহস্পতিবার লিকুদ পার্টি অভিযোগ তোলে যে আরব দলগুলোকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ঘুষ দেওয়া হয়েছে।


দুটি আরব দলই এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সংখ্যাগরিষ্ঠ আরবদের জোট জয়েন্ট লিস্ট এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।


নেতানিয়াহুর সমালোচকেরা এই পুরো বিতর্ককে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, নেতানিয়াহু আরব দলগুলোর বৈধতা নষ্ট করতে চাইছেন। যাতে আইজেনকট তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা করতে না পারেন। কারণ, বর্তমানে আরবদের সমর্থনই বিরোধী জোটের ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ।


ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে একটি অভিযোগ আসে যে আরব এলাকায় ভোটারদের উপস্থিতি বাড়াতে কাতার তহবিল জুগিয়েছে। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে।


নেতানিয়াহু এবং তার দল লিকুদ এই অভিযোগকে রাজনৈতিক ভূমিকম্প এবং গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যা দেয়। তাদের দাবি-কট্টর ডানপন্থী সরকারকে হটাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।


তবে শিন বেইত পরবর্তী সময়ে স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই তদন্ত বৈধভাবে ভোট দেওয়া পুরো আরব সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করে না। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে জানান, নির্বাচনের স্বচ্ছতা পদ্ধতিগতভাবে লঙ্ঘনের কোনো প্রমাণ মেলেনি।


তদন্তের বিষয়ে তথ্য পাওয়ার পর আইজেনকট জানান, ঠিক কী ঘটেছে বা আদৌ কিছু ঘটেছে কি না, তা বলার সময় এখনো আসেনি। একই সঙ্গে তিনি নির্বাচনের ফলাফলকে অবৈধ প্রমাণ করতে নেতানিয়াহু সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন।


জয়েন্ট লিস্টের শরিক দল বালাদের চেয়ারম্যান সামি আবু শেহাদেহ এই অভিযোগ উড়িয়ে দেন। পরাজিত পক্ষ বর্ণবাদী মিথ্যা অপবাদ তৈরি করছে এবং নির্বাচনের ফল উল্টে দিতে নিরাপত্তা বাহিনীকে বলপ্রয়োগের আহ্বান জানাচ্ছে বলে দাবি তার।


নেতানিয়াহু কয়েক দিন ধরে আরব ভোটার ও দলগুলোর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ করে আসছেন। নির্বাচনের দিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আরব ভোটারদের ব্যাপক উপস্থিতি ডানপন্থীদের জন্য চরম জরুরি অবস্থা এবং এটি তাদের বেঁচে থাকার প্রশ্ন। ডানপন্থী সমর্থকদের ভোটকেন্দ্রে টানতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আরব ভোটারদের ছবিও প্রকাশ করেন।


ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ আরব নাগরিক। তাদের অনেকে নিজেদের ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক হিসেবে পরিচয় দেন।


বহুবছর ধরে অনেক আরব ভোটাররা ইসরায়েলের নির্বাচন বর্জন করে আসছিলেন। তাদের বক্তব্য ছিল-ভোট দিলে এমন একটি ব্যবস্থাকে বৈধতা দেওয়া হয়, যেখানে তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হয়; কিন্তু এবার নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী জোট সরকারকে উৎখাত করার লক্ষ্যেই তারা বিপুলসংখ্যক ভোট দিয়েছেন।


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৫০ পিএম

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র আল্ট্রা-অর্থোডক্স ধর্মীয় দল ‘ইউনাইটেড তোরাহ জুডায়িজম’ (ইউটিজে) সরকার থেকে সরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, দলটি এখন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিরোধী জোটের প্রধান নেতা গ্যাডি আইজেনকোটের নতুন সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা ভাবছে। এই সমঝোতা বাস্তবায়িত হলে ইসরাইলি রাজনীতিতে নেতানিয়াহুর দীর্ঘদিনের একক আধিপত্য চরম সংকটের মুখে পড়বে।


নতুন প্রস্তাবিত রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, ইউটিজে আইজেনকোটের নতুন মন্ত্রিসভায় সরাসরি যোগ দেবে না। তবে তারা সংসদে গুরুত্বপূর্ণ কোনো বিল বা ভোটাভুটির সময় ভোটদানে বিরত থেকে আইজেনকোটের সংখ্যালঘু সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। বর্তমানে সংসদে ইউটিজের ৭টি আসন রয়েছে। তারা নেতানিয়াহুর পাশ থেকে সরে দাঁড়ালে নেতানিয়াহু জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৪৬-এ, যা আইজেনকোটের ৪৮টি আসনের চেয়েও কম। তাছাড়া, সংসদীয় এই সমীকরণে ৮টি আসন থাকা ইসলামপন্থী দল ‘রা'আম’-এর সমর্থন নেওয়ার সুযোগও বিরোধী জোটের সামনে খুলে যাবে।


ধর্মীয় শিক্ষা বা ‘ইয়েশিভা’র শিক্ষার্থীদের জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতির আইন পাস না করায় নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ইউটিজে। দলটির অভ্যন্তরীণ সূত্রের খবর, নেতানিয়াহুর সাথে তাদের রাজনৈতিক জোটের মেয়াদ শেষ হয়ে এসেছে এবং তার কাছে একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) না থাকায় নতুন কিছু পাওয়ার আশাও তারা দেখছে না। তাছাড়া, সংসদে কোনো জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে নিজেদের বিরোধী দলে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


তাই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও প্রভাব টিকিয়ে রাখতেই তারা কৌশলগতভাবে আইজেনকোটের দিকে ঝুঁকছে। তবে প্রস্তাবিত এই নতুন সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো সেনাসদস্য নিয়োগের বিষয়টি। বিরোধী নেতা গ্যাডি আইজেনকোট শুরু থেকেই আল্ট্রা-অর্থোডক্স শিক্ষার্থীদের সামরিক ছাড় দেওয়ার কট্টর বিরোধী।


তা সত্ত্বেও, ইউটিজের অনেক নেতাই আশাবাদী যে আলোচনার মাধ্যমে একটি মাঝামাঝি সমাধান তৈরি করা সম্ভব। সেই পরিকল্পনা অনুযায়ী, সামরিক নিয়োগ সংক্রান্ত খসড়া আইনটি পাসের সময় ধর্মীয় এমপিরা লোকদেখানো প্রতিবাদ জানালেও বিরোধী জোটে অবস্থান নিয়ে ভোটাভুটিতে অংশ নেবেন না, যাতে সরকারের কোনো ক্ষতি না হয়।


ইতোমধ্যেই ইউটিজের শীর্ষ ধর্মীয় নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহুর ডানপন্থী জোটের ওপর তাদের আর কোনো আস্থা নেই। যে রাজনৈতিক নেতাই ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক ছাড় দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারবেন, নিজেদের ধর্মীয় গুরুদের অনুমতি সাপেক্ষে তাঁকেই তারা সমর্থন জানাতে প্রস্তুত।


যদিও এই প্রস্তাবে বিরোধী নেতা আইজেনকোটের দল 'ইয়াশার' এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে দুই দলের মধ্যে নিচু স্তরে আলোচনা শুরু হয়েছে। এই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হলে নেতানিয়াহু সরকারের পতন কেবল সময়ের ব্যাপারে পরিণত হবে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ১০:২০ পিএম

তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্বাস ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। একই সঙ্গে দেশের শক্তি ও সক্ষমতা বাড়াতে আরও বেশি প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠানো চিঠির জবাবে এসব কথা বলেন মোজতবা খামেনি। ভবিষ্যৎ গঠনে তরুণদের দৃঢ় সংকল্প, দায়িত্ববোধ ও অঙ্গীকারের প্রশংসা করেন তিনি।


শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া জবাবে মোজতবা খামেনি বলেন, জ্ঞান ও বিশ্বাসের পাশাপাশি আত্মশুদ্ধি, স্রষ্টার সঙ্গে নিবিড় সম্পর্ক এবং পবিত্র কোরআন ও আহলে বাইতের শিক্ষার গভীর উপলব্ধি অর্জনে তরুণদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।


তিনি বলেন, আরও বেশি পরিশ্রম ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে প্রিয় ইরানের শক্তি ও সক্ষমতা বাড়াতে তরুণদের ভূমিকা রাখতে হবে।চিঠিতে মোজতবা খামেনি বলেন, তরুণ ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া চিঠিগুলো ভবিষ্যৎ নির্মাণে তাদের দৃঢ় সংকল্প ও দায়িত্ববোধের প্রতিফলন। এই অঙ্গীকার পবিত্র ইসলামের শিক্ষা এবং ইমাম খোমেনি ও শহীদ খামেনির উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত। এটি নেতৃত্ব ও তরুণদের একই লক্ষ্যে যুক্ত করেছে।


তিনি আরও বলেন, ইমাম মাহদির দোয়া ও অনুগ্রহে উন্নতি এবং ইসলামি-ইরানি সভ্যতা গড়ে তোলার পথে এই অঙ্গীকারবদ্ধ শক্তির অগ্রযাত্রা আরও কার্যকর ও দ্রুত হবে বলে তিনি আশা করেন।