আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান ত্রাণমন্ত্রীর
দিনাজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণসহ সামাজিক নানা সমস্যা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
তিনি বলেছেন, একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা জরুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু পুলিশের ওপর নির্ভর না করে জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “সবার আগে এই জেলার আইনশৃঙ্খলা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।” এ বিষয়ে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং দায়ীত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম থাকা উচিত নয়। দিনাজপুর শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হলেও এখানকার সার-সংক্রান্ত অনিয়মের ঘটনায় সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এসব বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, পরিবর্তন একদিনে আসেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে একটি সুন্দর, মানবিক, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। পুরোনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে দায়ীত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে দিনাজপুরে আত্মহত্যার বিষয়টিও উল্লেখ করেন মন্ত্রী। বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে তিনি বলেন, মাদক একটি বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে অনলাইন জুয়ার বিস্তার তরুণ সমাজের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধেও প্রশাসনের পাশাপাশি সামাজিক উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে এসব সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়ীত্ব প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট নানা সংকট মোকাবিলায় সরকারকে কাজ করতে হয়। ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র মানুষের পাশে সরকার সবসময় থাকার চেষ্টা করছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় শুধু দুর্যোগ মোকাবিলা নয়, গ্রামভিত্তিক বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিও বাস্তবায়ন করা হয়। এসব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, তিনি প্রতিমাসে অন্তত একবার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে বসে এলাকার সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে চান। পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পরিকল্পনার বাস্তবায়ন এবং তার জবাবদিহিতাও নিশ্চিত করা প্রয়োজন।উত্তরাঞ্চলের শিল্পায়নের প্রসঙ্গে তিনি জানান, এ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তুলতে বর্তমান সরকার বিশেষ প্যাকেজ দিয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক, দিনাজপুর পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মোঃ খালুকুজ্জামান বাবু, সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুলসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপস্থিত কয়েকজন অংশগ্রহণকারীও বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক সমস্যা ও প্রশাসনিক সমন্বয় আরও জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া বন্ধ, আত্মহত্যা প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি জানিয়েছে, দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের উল্লেখযোগ্য সংখ্যকের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগেও বড় ধরনের রদবদল এনেছে সরকার। রোববার জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর সহিংসতা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় পুলিশের গাড়িতে হামলার পাশাপাশি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়া হয়। পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এছাড়া চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও প্রথমে ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। সোমবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা।
বিজিবি আরও জানায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সংযম বজায় রাখছেন। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
ছবি : সংগৃহীত
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ওসি বলেন, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। আমরা কাজ করছি।
হাতিরঝিলে ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ‘এলোপাতাড়ি গুলি’ চালানোর অভিযোগ। ছবি: সংগৃহীত
শ্রীনগরে শিশু ধর্ষণের অভিযোগ ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম। ছবি: সংগৃহীত