• প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৪৮ পিএম

লালপুরে আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর জেনাস তা'লিমুল কোরআন মাদরাসায় হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং হাফেজ সোয়াইফ আহমেদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক আলোচক ও সমাজ সেবক মাওলানা মোঃ আকবর আলী।


বিশেষ অতিথি ছিলেন বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও ইসলামি বক্তা হাফেজ মো. সুলতান মাহমুদ সাইফী,  মোহরকয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন ইসলাম টিপু, জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের। বক্তব্য রাখেন সংস্থাটির শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল হালিম।


আলোচনা সভায় বক্তারা বলেন, কোমলমতি শিশুদের সহিহ দ্বীন ও পবিত্র কোরআন শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে জেনাসের উদ্যোগ প্রশংসনীয়। আজকের শিশুরাই আগামী দিনের সমাজের কর্ণধার। তাই শৈশব থেকেই শিশুদের ইসলামি শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।


বক্তারা আরও বলেন, সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা-মাতার সচেতনতা, সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। পারিবারিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়ে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৫:৩৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় তাকে বহনকারী রুয়েটের বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আবু বকরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আবু বকরের বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।


মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে তিনি রাজশাহী নগরীতে প্রবেশ করেন। ওই বাসে করেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজা উপলক্ষে ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। পরে একই বাসে করে নগরী থেকে শাহ মখদুম বিমানবন্দরে ফেরেন তিনি।


রুয়েটের ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?’


পোস্টটির মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।


মন্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু বকরকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।’


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন মন্তব্য করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


মারুফ হোসেন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় মারুফ হোসেন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী।  গততকাল বুধবার (২১ অক্টোবর) আফ্রিকান স্থানীয় সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় রাত ১টার দিকে কেপটাউনের বুস্টারের জুলুটেম্বা এলাকায় ঘটনাটি ঘটে।


নিহত মারুফ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম সিড্যা গ্রামের মৃত আব্দুস সোবাহান বেপারির ছেলে। তিনি দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন। তার এক ছেলে সিফাত হোসেন ও দুই মেয়ে রয়েছে।


আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা কামরুজ্জামান কাউছার। দক্ষিণ আফ্রিকা বসবাসরত মারুফ হোসেনের ভাই বিল্লাহ হোসেনের বরাত দিয়ে কামরুজ্জামান কাউছার বলেন, ভোর সাড়ে ৩টার দিকে চাচা মোবাইলে আমাদেরকে তার মৃত্যুর খবর জানান। 


এর আগে গত ১৪ বছর আগে ভাগ্য পরিবর্তনের উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় যান মারুফ চাচা। যাওয়ার পর এখনো তিনি দেশে আসেননি। তবে এ বছর দেশে আসার কথা ছিল তার। 


তিনি বলেন, বিভিন্ন কারণে তিনি গত দুই মাস দোকান বন্ধ রাখেন। বুধবার রাতে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসে। এ সময় ওই দোকানের ক্যাশে বসা ছিলেন চাচা মারুফ হোসেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের ছেলে মো. সিফাত বলেন, আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়ি তখন আমার বাবা ২২ দিনের চেষ্টায় দক্ষিণ আফ্রিকা পৌঁছায়। সেখানে পৌছানের পর ব্যবসা শুরু করেন। ১৬ বছর ধরে তিনি দেশে আসে নাই। তিনি যাওয়ার পর আমার ছোট বোন জন্ম নেয়। বুধবার রাতে সন্ত্রাসীরা দোকানে ক্যাশে বসা অবস্থায় বাবার বুকে গুলি করে। তিনি সেখানে মারা যান। আমার দাবি, আমার বাবার লাশ যেন দ্রুত দেশে পাঠানো সহযোগিতা করে সরকার।


এদিকে ঘাউটেং প্রদেশের স্প্রিংসের নিকটবর্তী কোয়াতেমার সোমেমোর এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গুলিতে মাহফুজুর রহমান রাজু (৩১) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) জোহরের নামাজের পর স্প্রিংসের বেকারটন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার লাশ দেশে পাঠানো হবে জানান গণমাধ্যমকর্মী মো. সৌরভ।


নিহত রাজু নিহত রাজু নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী, মাইজদী কোর্ট ১নং ওয়ার্ডের বাসিন্দা। 


  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৫৭ পিএম

নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহ.) মাজার ও মসজিদে চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায় তারা।


চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সিন্দুকে প্রায় তিন বছরের টাকা জমা ছিল। তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হলে প্রতিবার ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়।


মাজার কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেশকাতুল ইসলাম বলেন, মাজারে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের দানবাক্স প্রতি শুক্রবার খোলা হয়। এ ছাড়া চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল এবং একটি পুরোনো বাক্সে কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গেছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৩২ পিএম

‎নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর ট্রাফিক পুলিশ বক্স সামনে গাড়িচালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক কমিটি।

‎

‎আজ ২২ অক্টোবর ২০২৬ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।

‎



‎এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক কমিটির সভাপতি এডভোকেট মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন, কোষাধ্যক্ষসহ আসাদ খান সহ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎

‎বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা এবং অসতর্কভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকার মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

‎

‎তাঁরা আরও বলেন, একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, বরং একটি পরিবারকে চিরদিনের জন্য বিপর্যস্ত করে দিতে পারে। তাই নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

‎

‎সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক নিশ্চিত হোক- এটাই হোক আমাদের অঙ্গীকার।


  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৪:১৯ পিএম

গাইবান্ধায় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়ে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামের এক যুবক। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।


স্বজন সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটি কাটাতে সম্প্রতি বাড়িতে আসেন নিয়ন। বুধবার তিনি সদর উপজেলার কাজলডোপ এলাকায় তাঁর বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। এরপর বৃহস্পতিবার দুপুরে চারজন একসঙ্গে বাড়ির পাশে ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে অন্য তিনজন নদী থেকে তীরে উঠে এলেও পানির তোড়ে বা স্রোতে নিখোঁজ হন নিয়ন। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।


ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে নিয়নকে উদ্ধারের জন্য রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।


গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতার পাশাপাশি রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালেই নদীতে উদ্ধার অভিযান জোরদার করা হবে।


এদিকে ছুটির দিনে বেড়াতে এসে এভাবে নদীতে নেমে নিখোঁজ হওয়ার ঘটনায় নিয়নের পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে দ্রুত ফিরে পাওয়ার আশায় নদীর তীরে অপেক্ষা করছেন তাঁর স্বজনেরা।



  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৪:১৪ পিএম

মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড়ে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতা তরুণ যুব সংগঠন, জগদলের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।


টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ১ নম্বর সদস্য সচিব পদমর্যাদার নেতা মো. শামসুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম।


এতে সভাপতিত্ব করেন ১ নম্বর অমরখানা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদিন। এ সময় স্বাধীনতা তরুণ যুব সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং যুবসমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


তারা টুর্নামেন্ট সফল করতে সংগঠনের সকল নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা কামনা করেন।