ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০১ জুন, ২০২৬, সময় : ৯:২১ এএম

প্রজনন মৌসুম ঘিরে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে জেলে-বাওয়ালী-মৌয়াল ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। এই সময়টাতে বনের প্রাণী-পশু-পাখি ডিম ও বাচ্চা দিয়ে থাকে। নৌযানের বিকট শব্দ ও লোকজনের কোলাহল এবং আনাগোনায় এসব প্রাণীর প্রজনন কার্যক্রম বিঘ্নিত হয়।


এছাড়া বনের বিভিন্ন প্রজাতির গাছের বীজ থেকে এসময় চারা গজিয়ে থাকে। জেলে-বাওয়ালী ও মৌয়ালদের হাঁটাহাঁটিতে সেগুলো নষ্ট হয়ে থাকে। আর এই সময় মাছেরও প্রজনন মৌসুম। বিভিন্ন প্রজাতির মাছ এসময় ডিম দিয়ে থাকে।


তাই এই তিন মাস বন্যপ্রাণী, গাছপালা ও মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বনবিভাগের এই সিদ্ধান্ত। ২০২০ সাল থেকে সুন্দরবনে এ নিষেধাজ্ঞা পালন হয়ে আসছে। এই তিন মাস নির্বিঘ্ন থাকলে সুন্দরবনের বন্যপ্রাণী, গাছপালা ও মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে সমৃদ্ধ হবে সুন্দরবনের জীববৈচিত্র্য। আর এতে উপকৃত হবে বন নির্ভরশীল জনগোষ্ঠী।


তিন মাসের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে বনবিভাগ। নিষিদ্ধ এই সময়ে কেউ যদি বনে প্রবেশ করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বনবিভাগ। এই প্রজনন মৌসুম ঘিরে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। এছাড়া কেউ যাতে বনে প্রবেশ করতে না পারে সেজন্য থাকছে বনবিভাগের ড্রোন নজরদারি।


প্রজনন মৌসুমের এই তিন মাস সুন্দরবনের সকল পর্যটন স্পট গত বছর পর্যন্ত বন্ধ থাকলেও এবার শুধু খোলা থাকছে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। তাই দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা এবারই প্রথম শুধু নিষেধাজ্ঞাকালীন করমজল ভ্রমণ করতে পারবেন। বাকি সব স্পট বন্ধ থাকবে।


করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, মোংলার লোকালয় থেকে করমজল খুব কাছাকাছি অবস্থানে। এখানে পর্যটক এলে প্রজননের তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তাই মন্ত্রণালয়ের নির্দেশনায় এবার শুধু করমজল খোলা থাকছে। বনের অভ্যন্তরের সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এছাড়া এই তিন মাস কোনো জেলে, বাওয়ালী ও মৌয়ালীরা বনে প্রবেশের অনুমতি পাবে না। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে ঢোকে কিংবা ঢোকার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ২০২০ সাল থেকে জুন, জুলাই ও আগস্ট তিন মাস সুন্দরবন বন্ধ রাখা হচ্ছে। এতে বনের প্রাণ-প্রকৃতি সমৃদ্ধ হবে। তবে এবার শুধু করমজল পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাকি সব কেন্দ্র বন্ধ থাকবে।



সর্বশেষ সব খবর

সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৭ এএম

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।

রোববার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থক ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, ‘দুজন নিহতের খবর পেয়েছি। একজন শরীয়তপুর জেলার, অপরজন মাদারীপুর জেলার। তারা দুজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ সব খবর

রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১:০১ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্কে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আহতদের একজনের মাথায় আঘাত ও অন্যজনের পিঠে ভাঙা কাচ ঢুকে গেছে বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) ফিল্ড ওয়ার্কের উদ্দেশে কুয়াকাটা যাওয়ার পথে মুকসুদপুর উপজেলার ছাগলছিরা এলাকায় এ ঘটনা ঘটে। ফিল্ড ওয়ার্কে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাদের বহনকারী গাড়িগুলো ছাগলছিরা এলাকায় পৌঁছালে আটকে দেওয়া হয়।

পরে নিরাপত্তার কথা ভেবে শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় একটি হাইওয়ে হোটেলে অবস্থান নেন ও দিনভর সেখান থেকে বের হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, আলোচনার একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে ‘সিলেটের যারা আছেন, বের হয়ে যান’ বলে মন্তব্য করেন। পরে একধরনের চাপের মুখে তারা সেখান থেকে রওনা দেন। কিছুক্ষণ পর একটি বাজার এলাকায় পৌঁছালে তাদের গাড়িতে আবারও হামলা চালানো হয় ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এতে চালকসহ কয়েকজন আহত হন।

হামলার পর চালক গাড়ি ঘুরিয়ে তাদের আবার আগের হোটেলে ফিরিয়ে নিয়ে যান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা সবাই এখনো আতঙ্কিত রয়েছি। কী হবে, এখনো কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। তাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সারাদিন তা সম্ভব না হলেও এখন সবার সঙ্গে যোগাযোগ করে নিরাপদে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আধা ঘণ্টার মধ্যেই তারা রওনা দেবেন। আহতদের অবস্থার বিষয়ে প্রক্টর জানান, আমাদের সহকর্মীরা জানিয়েছেন, দুজন আহত হয়েছেন। একজনের মাথায় আঘাত লেগেছে, আরেকজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় পাঠানো হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানকার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ও তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৮ এএম

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।


অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।


নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ সব খবর

মো. আরিফ হোসেন

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৩ এএম

নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।

সর্বশেষ সব খবর

ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৮ পিএম

ঢাকা থেকে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ২১ জেলায় দূরপাল্লার বাস ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে গাড়ি চলাচল বন্ধ হয়। সর্বশেষ রোববার রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙ্গা হয়ে বরিশাল ও ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পুলিশ, বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টা থেকে টেকেরহাট এলাকায় অবরোধ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড, সাড়ে ১১টার দিকে মুকসুদপুর চন্ডীবর্দি ও কলেজমোড় অবরোধ করেন লকডাউন সমর্থকরা। এতে ঢাকা থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে বরিশাল ও খুলনা অঞ্চলের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে, বিকেল ৩টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট পর্যন্ত চলাচল স্বাভাবিক হলেও টেকেরহাট থেকে বরিশাল, গোপালগঞ্জ অংশে অবরোধ চালু রয়েছে। 



এছাড়া ঢাকা-খুলনা-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশে সন্ধ্যার আগেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সকাল থেকে ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভাঙ্গা থেকে ফরিদপুর হয়ে কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে। তবে, জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন ছিল। ভাঙ্গা লোকাল ও হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের যানবাহন চলাচল ও মানুষের জানমালের নিরাপত্তায় বিজিবি, এসআরবি, ডিবি, ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানসহ এক হাজার পুলিশ মাঠে কাজ করে। 

এদিন সকালে লকডাউনের প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া দিয়ে ২১টি জেলায় দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন বড় যানবাহন ঢাকা থেকে ছেড়ে যায়নি। 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসে ওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় পুলিশ, ট্রাফিক ও বিজিবি, এসয়ারবি একাধিক যৌথ বাহিনীর টহল টিম ঘুরতে দেখা গেছে। এ সময় হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পয়েন্টগুলোর দুই পাশে থেমে থেমে দাঁড়িয়ে ছিল যাত্রীবিহীন একাধিক বাস, মালবোঝাই লরি, ট্রাক, কাভার্ডভ্যানসহ দূরপাল্লার যানবাহনগুলোর চালক ও শ্রমিকরা শুয়ে বসে সময় কাটাচ্ছেন।



এ সময় ঢাকা থেকে খুলনার উদ্দেশে ভাঙ্গায় নামার পর এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার দিয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে পার হতে দেখা যায় শিশুসহ নারী, পুরুষ পথযাত্রীদের। তাদের হেঁটে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে ও পৌরসভার সামনে অবস্থিত কাউন্টারগুলোতে যেতে দেখা যায়। কিন্তু বাসচলাচল বন্ধ থাকায় সেখানে গিয়েও তাদের পড়তে হয় ভোগান্তিতে। 

এদিন বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। বাস কাউন্টারের শ্রমিকরা জানান, লকডাউনের কারণে ঢাকা থেকে বাসগুলো ছেড়ে আসেনি। এতে ২১ জেলায় ভাঙ্গা হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে, প্রয়োজনের তাগিদে অনেকেই ঢাকা থেকে বরিশাল, গোপালগঞ্জ এবং খুলনা অঞ্চলে যাওয়ার জন্য বাসকাউন্টারগুলোতে আসেন। পরে তারা লোকাল বাস ও অটো, মাহিন্দ্রগুলোতে ভেঙে ভেঙে তাদের গন্তব্যে রয়ানা দেন। 

ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন সিমা রানী, গোকূল কুন্ডসহ আরও কয়েকজন যাত্রী। তারা জানান, খুব ভোরে ঢাকা থেকে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে ভাঙ্গা পর্যন্ত খুব কষ্টে পৌঁছেছেন। ভাঙ্গায় এসে দেখেন, বরিশালের কোনো বাস চলছে না। অতিরিক্ত ভাড়া দেওয়াসহ নানা ভোগান্তির কথা জানান তারা। 

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভা সংলগ্ন দূরপাল্লার কাউন্টারগুলোতে বেশকিছু যাত্রীর সঙ্গে কথা হয়। গোপালগঞ্জের বাসিন্দা কলেজছাত্র আকাশ জানান, তিনি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্য রওনা দেন। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অ্যাডমিট কার্ড প্রয়োজন। কিন্তু ভাঙ্গায় এসে আটকে পড়েছেন। 
ভাঙা পৌরসভা সদরের বাসিন্দা ইস্কেন্দার মিয়া বলেন, সকাল থেকেই বাসের জন্য অপেক্ষা করছি। ডাক্তার দেখানোর জন্য ঢাকায় যাব। কিন্তু ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া দুই একটা লোকাল বাসে ভেঙে ভেঙে গেলেও সময়মতো ডাক্তার দেখাতে পারব কিনা, সে নিয়ে সংশয়ে আছি।  

স্থানীয় বাস কাউন্টারের শ্রমিকরা জানান, শনিবার বিকেল থেকেই ২১টি জেলায় দূরপাল্লার যানবাহনগুলো ভাঙ্গায় আসেনি। তবে, যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কয়েকজন অটোচালক জানান, ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশাল ও ফরিদপুর-ভাঙ্গা খুলনা অংশের অনেক যাত্রী ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন। 

ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সড়ক সম্পাদক আব্দুল কাইয়ুম মোল্লা জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত শুধুমাত্র লোকাল বাস চলেছে। এছাড়া ২১টি জেলার অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া দিয়ে দূরপাল্লার যানবাহনগুলোকে বিকেল থেকেই চলাচল করতে দেখা যায়নি। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ভাঙ্গায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রায় ১ হাজার পুলিশ, এসআরবি, বিজিবিসহ সাদা পোশাকের ডিবি পুলিশ এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। 

ওসি জানান, দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় লোকাল বাসগুলো কিছু কিছু চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো এলাকা পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।  

ভাঙ্গা হাইওয়ে থানার থানার অফিসার তৌহিদ ইসলাম জানান, বিজিবি, এসআরবি ও পুলিশের যৌথ টিম মহাসড়কে অবরোধ স্বাভাবিক করতে কাজ করছে।

সর্বশেষ সব খবর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।


রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।


ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।


গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর