বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাথরঘাটায় ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলে বহু প্রতিক্ষিত বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাথরঘাটায় ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি প্রধান অতিথি হিসেবে ওই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনের এমপি ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্লাহ, বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান প্রমুখ।
স্থানীয় জনগণের জন্য দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে পাথরঘাটা ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজটি নির্মিত হলে তিনটি উপজেলার মানুষের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এই ব্রিজ অপরিসীম ভূমিকা রাখবে।
প্রকাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৬৩ কোটি ৫০ লাখ টাকা চুক্তিমূল্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করছে। আগামি ২০২৭ সালের ৩ জুন ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই ব্রিজটি নির্মিত হলে বাসাইল, মির্জাপুর ও সখীপুর উপজেলার মাঝে সংযোগ স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন হবে।
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ইউনিটের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার একটি রেস্টুরেন্টে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক দেশের কণ্ঠ-এর প্রতিনিধি নুরুল আলম, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. সেলিম উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি বেলাল উদ্দীন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ডা. সুজন নাথ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক নুরুল আমিন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবু নাঈম মোহাম্মদ মুজিবুল করিম, নাজিম উদ্দীন, কাউছার আলম, খুরশেদ আলম এবং মঈনুদ্দিন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি নুরুল আলম বলেন, “লোহাগাড়ার সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। একটি দায়িত্বশীল, শক্তিশালী ও গতিশীল প্রেস ইউনিট গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।”
সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন বলেন, “সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে অগ্রাধিকার দেওয়া হবে। সকল সদস্যের সহযোগিতায় লোহাগাড়া প্রেস ইউনিটকে আরও শক্তিশালী, কার্যকর ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।”
পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লোহাগাড়া প্রেস ইউনিট সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি নীতিমালা তোয়াক্কা না করে বিদ্যালয়ের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক দপ্তরি কাম প্রহরীর বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের মুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বিশাল আকৃতির শুকনো আমের গাছ টেন্ডার বা নিলাম ছাড়াই কেটে ফেলায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ রোববার(২৬ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে থাকা বিশালাকার গাছটি শ্রমিক লাগিয়ে কেটে ফেলেন ওই বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী আব্দুল লতিফ। তাকে সহযোগিতা করেন স্থানীয় আরোও কয়েকজন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৌখিক নির্দেশে দপ্তরি কাম প্রহরী আব্দুল লতিফ এই গাছটি কেটেছেন। নিয়ম অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানের যেকোনো সম্পদ বা গাছ অপসারণের জন্য যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করা হয়নি।
গাছ কাটার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। গাছ কাটার কোনো মৌখিক নির্দেশও আমি দেইনি।
এবিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমাকে জানানো হয়নি। আপনারা নিউজ করেন সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, টেন্ডার ছাড়া সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটার কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাধারণ নাগরিকদের ওপর কোনো ধরনের অতিরিক্ত কর বা ট্যাক্স না বাড়িয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট ৫,১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই, ২০২৬) আয়োজিত বাজেট উপস্থাপন ও সংবাদ সম্মেলনে এই বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করা হয়। নতুন এই বাজেটে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ২,৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ২,৬২১ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় জানানো হয় যে, বর্তমান অর্থবছরে সাধারণ নাগরিকদের ওপর নতুন কোনো ট্যাক্স বা করের বোঝা বাড়ানো হয়নি। হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসসেসমেন্ট কার্যক্রম শেষে পূর্বের ন্যায় একই কর বহাল রাখা হয়েছে। নগরীর আধুনিকায়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষে বাজেটে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব অর্থায়ন ও সরকারি অনুদানে রাস্তা ও ড্রেন নির্মাণ এবং মেরামতের জন্য প্রায় ৩৭৫ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ডিপিপি প্রকল্পের আওতায় ১ থেকে ৮ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্মা ও ফুটপাত নির্মাণের কাজও বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে।
শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে ৩৭টি নতুন যানবাহন ক্রয় এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি মশা তথা ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়ে মশার প্রজননস্থল ধ্বংসকরণ, লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা ও খেলাধুলার মান উন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৫৭টি খেলার মাঠ এবং ৮টি জোনে নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নগরবাসীর উদ্দেশ্যে জানানো হয় যে, একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য আধুনিক নগরী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত জরুরি। শহরটিকে নিজেদের মনে করে সবাই মিলে পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই বাজেট বাস্তবায়নে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
আনন্দঘন পরিবেশে রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুর শহরের প্রকৌশলী ভবনের হলরুম জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, ডি৬৪ ও পিডিজি একেএম সামসুল হুদা।
ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সভাপতিত্বে ও ক্লাবের প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডাক্তার আমিরুল ইসলাম, রিপসা টিম মেম্বার রোটারিয়ান জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর ও আইপিপি জাহাঙ্গীর কবির, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী শাহ মামুন সারোয়ার, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জাহাঙ্গীর আলম পিএইচএফ, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এরশাদ হোসেন, রোটারী ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট সৈয়দ মনির হোসেন, রোটারী ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট মনিরুজ্জামান মুন্না, রোটারী ক্লাব ভাওয়াল হেরিটেজের প্রেসিডেন্ট গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, রেফেল ড্র, সার্ভিস প্রজেক্ট গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে অসহায় দুটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ, দুইজনকে শিক্ষাবৃত্তি, একজন অটিস্টিক শিশুকে চিকিৎসা সহায়তা, আত্মকর্মসংস্থানের জন্য টেইলারিং কাজে আর্থিক সহযোগিতাসহ ৮টি প্রজেক্টের মাধ্যমে সহযোগিতা করা হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বরগুনায় পরকীয়ার জের ধরে স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রাবেয়াকে অবরুদ্ধ করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরে এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে স্ত্রী রাবেয়া এবং তার মাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা নামক এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন স্বজনরা।
নিহত ওই ব্যক্তি হলেন-আফাং শিকদার (৪৫)। তিনি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা নামক এলাকার মৃত খবির শিকদারের ছেলে।
মানববন্ধনে উপস্থিত স্বজন ও স্থানীরা অভিযোগ করে বলেন, নিহত আফাং জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। সেখানে কাজ করে বিভিন্ন সময়ে স্ত্রীর রাবেয়ার কাছে টাকা পাঠাতেন। তবে স্বামীর অনুপস্থিতিতে অন্য আরেক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী রাবেয়া। পরবর্তীতে আফাং দেশে ফিরলে বিষয়টি জানাজানি হলে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
পরে এ ঘটনাকে কেন্দ্র করে, গত শনিবার (১৯ জুলাই) স্ত্রী রাবেয়া স্বামীকে হত্যার উদ্দেশ্যে ইঁদুর মারার বিষ খাইয়ে দেন বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পরদিন রোববার (২০ জুলাই) আফাং শিকদারকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (২৪ জুলাই) মৃত্যু হয় আফাং শিকদারের। পরবর্তীতে সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করে শনিবার বিকেলে মরদেহ বরগুনা উদ্দেশ্যে নিয়ে এলে ক্ষিপ্ত হয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
এসময় অভিযুক্ত স্ত্রী রাবেয়াকে অবরুদ্ধ করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক সড়ক অবরোধ ও মানববন্ধন করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে সাংসদ নিজেই আফাং শিকদারের জানাযার নামাজ পড়ান।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে। স্থানীয়দের দাবির সাপেক্ষে প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুশীল নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন। এ সময় সুশীলও কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য তিনি লুঙ্গি পরে কৃষকের ছদ্মবেশে ফসলি মাঠে যান। আসামির কাছাকাছি পৌঁছালে সুশীল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রায় তিন মাস আগে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-(২) পলাতক আসামি সুশীলকে সাজা দেন। এর পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।