পুলিশ কনস্টেবল আল আমিন সরদার

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৩০ পিএম

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এর আগে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনের সময় দুর্ঘটনাটি ঘটে। আল আমিন সরদার সিএমপির অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বাড়ি মাদারীপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।


পুলিশ জানায়, রোববার সকালে ওয়াসা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালনের সময় আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য সন্দেহজনকভাবে হাঁটতে থাকা তিন যুবককে থামার সংকেত দেন। এ সময় তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তার পিছু নেন। আল আমিনও মোটরসাইকেল নিয়ে অন্য পথ দিয়ে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।


একপর্যায়ে আল আমিন মসজিদের পশ্চিম ফটকের দিকে এগিয়ে গেলে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও স্টাফকে আটক করেন। 


আহত আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস চালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।


কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল আল আমিনের মৃত্যু হয়েছে। তার লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৫২ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে রিপা আক্তারকে (২৭) নামক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় নির্যাতনের শিকার হওয়া গৃহবধূকে বাঁচাতে এসে মারধরের শিকার হয় ওই গৃহবধুর মা রুবি আক্তার (৫২)ও ছোট বোন ফাতেমা জান্নাত রিয়া (২২)। গত ২ অক্টোবর সন্ধ্যায়  উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রুবি আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দেবর হাসান হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। 


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মান্দ্রা গ্রামের প্রবাসী জসিম হাওলাদারের সাথে পালিয়ে গিয়ে  বিয়ে হয় রুবি আক্তারের মেয়ে রিপা আক্তারের। বিয়ের পর থেকেই  পারিবারিক নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন রিপার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। গত ২ অক্টোবর শাশুড়ি মনোয়ারা বেগম, দেবর হাসান হাওলাদার ও ননদ রুপা মার্জিনা আক্তার মিলে তাকে  শারীরিক নির্যাতন করে। নির্যাতনের শিকার রিপা বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে তার মা রুবি আক্তার ও বোন ফাতেমা জান্নাত রিয়া তাকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে আসেন। এসময় শ্বশুরবাড়ির লোকজন এসে কাঠের লাঠি  ও লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বোনকে বাঁচাতে গেলে রিয়াকে মারধর করা হয় এবং মেয়েকে রক্ষা করতে গেলে মা রুবি আক্তারের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার পরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি হাসান হাওলাদারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ৪:০৩ পিএম

জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার আট দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি মামলায় আসামি হয়েছেন মো.আমির হোসেন ওরফে ইলিয়াস (৩৯) নামে এক যুবক। তার দাবি, ঘটনার সময় তিনি সৌদি আরবের জেদ্দা অবস্থান করছিলেন। ইলিয়াস সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবিরপাড়া-শোকরপুর গ্রামের নতুন বাড়ির শামছুল হকের ছেলে।




ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দুই মাস পর ইলিয়াস সৌদি আরবে চলে যান। পরে চলতি বছরের ২০ মে ছুটিতে দেশে ফেরেন। এরপর গত ১২ সেপ্টেম্বর জীবিকার তাগিদে আবারও সৌদি আরবে যান। এর আট দিন পর ২০ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় করা একটি মামলায় তাকে ১২ নম্বর আসামি করা হয়। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।


গণমাধ্যমের কাছে ইলিয়াস অভিযোগ করেন, তিনি একসময় যুবলীগের স্থানীয় কর্মী ছিলেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। “আমি গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে এসেছি। পরে জানতে পারি, ১৯ সেপ্টেম্বর সকাল ৫টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী হাইওয়ে সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই দিনই মামলা করে। মামলায় আমাকেও আসামি করা হয়। যাহার মামলার নম্বর ১৬। অথচ ওই সময় আমি সৌদি আরবে অবস্থান করছি।”


ইলিয়াস আরও অভিযোগ করেন, মামলা থেকে তার নাম বাদ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করছেন। টাকা দিলে মামলা তুলে নেওয়া হবে বলেও তাকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ইলিয়াস।


এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ২:৪৫ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে ভ্যাপসা গরমের অস্বস্তি কমে এলাকায় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে।


আবহাওয়া সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে ভ্যাপসা গরম কমে চারদিকে এক ধরনের শীতল আমেজ বিরাজ করছে।


আবহাওয়ার হঠাৎ পরিবর্তন প্রসঙ্গে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হঠাৎ করেই আবহাওয়ায় একটা ঠান্ডা ভাব চলে এসেছে। তাপমাত্রা কমে যাওয়ায় গরমের অস্বস্তি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে।


বৃষ্টি ও ঠান্ডা আমেজের এই পরিবেশ সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরাতেও স্বস্তি এনে দিয়েছে। 

সর্বশেষ সব খবর

সুনামগঞ্জের ছাতক শহরে ফোর লেন সড়ক নির্মাণকাজের সময় গ্যাসলাইনে লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়

  • প্রকাশ : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬, সময় : ১:২৫ পিএম

সুনামগঞ্জের ছাতক শহরে গ্যাসলাইনে লিকেজ হয়ে সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় শহরের জালালিয়া মাদ্রাসার সামনের সড়কে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে সড়কে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 


জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পাগল হাসান গোলচত্বর পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সক্যাভেটর ও পেলোডার দিয়ে সড়কের খোঁড়াখুঁড়ির কাজ শুরু করলে জালালিয়া মাদ্রাসার সামনের গ্যাসলাইন লিকেজ হয়। বিকেল সাড়ে ৪টায় হঠাৎ করে মূল সড়কের ওপর আগুনের সূত্রপাত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


ছাতক সড়ক ও জনপথের (সওজ) উপসহকারী প্রকৌশলী মো. জুনদ মিয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১১:০৯ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে শিক্ষক মোছা. পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে।


রোববার দুপুরে ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, চিলমারী ইউনিয়ন পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চল হওয়ায় অন্য এলাকা থেকে আসা অনেক শিক্ষক এখানে এসে থাকতে অনাগ্রহী। পারভীন আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি নিয়মিতভাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ হওয়ায় তা বাতিলের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন।


অভিযোগ করা হয়, মানববন্ধন চলাকালে বাবু ঢালী, আবু সুফিয়ান, সবুজ ঢালীসহ কয়েকজন সেখানে হামলা চালান। এ সময় দিলু ব্যাপারীর ছেলে শাহ আলী গুরুতর আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত শাহ আলী বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার ঢালী। তিনিও ঘটনায় আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নীতিমালা ও আবেদন ছাড়াই বদলি, পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ; উঠছে নানা প্রশ্ন


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৪৬ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসানের ছোট ভাই তারেক রহমান রাজনের বিরুদ্ধে।


রোববার (৪ অক্টোবর) দুপুরে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের পূর্ব গেটসংলগ্ন প্রায় দুই শতক জায়গায় বালু ফেলে ভরাটের কাজ শুরু করলে স্থানীয়রা এতে বাধা দেন। তবে সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন তারেক রহমান রাজন। এ ঘটনায় মালিকানা নির্ধারণে জায়গা মাপের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।


স্থানীয়দের অভিযোগ, কবিরহাট বাজারের কলেজ গেট সড়কের পাশে খুঁটি দিয়ে চিহ্নিত নোয়াখালী জেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু ফেলে ভরাট করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ভরাটকাজে বাধা দেন। একই সঙ্গে জায়গাটির প্রকৃত মালিকানা ও ভরাটের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


অভিযোগের বিষয়ে তারেক রহমান রাজন বলেন, ওই জায়গার পেছনে তার কেনা দুই শতক জমি রয়েছে। নিজের জমি ভরাটের সুবিধার্থে সাময়িকভাবে সামনের জায়গায় বালু রাখা হয়েছে। সরকারি জায়গা দখল চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।


এ বিষয়ে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসান বলেন, ভাইয়ের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগ সঠিক নয়। সেখানে আমার ছোট ভাইয়ের চান্দিনা ভিটার জায়গা কেনা রয়েছে। তবে জায়গাটি সামনে নাকি পেছনে, তা তিনি নিশ্চিত নন।


কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, খবর পেয়ে তহশিলদার ও সার্ভেয়ারকে ম্যাপসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি দুই ধরনের জায়গা রয়েছে। সোমবার সকালে মাপ দিয়ে কোনটি সরকারি এবং কোনটি ব্যক্তি মালিকানাধীন জায়গা, তা চিহ্নিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নোটিশ দেওয়া হয়েছে।


ইউএনও আরও বলেন, সরকারি জায়গায় বালু ফেলে ভরাটের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে কেউ কোনো অনুমতি নেননি। অভিযোগ পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ সব খবর