মো. ফারুক ওরফে শহীদ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো.ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
নিহত শহীদ উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় তেঁতুলতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আটকরা হলেন, মো. আরশাদ ওরফে আকাশ (২৪)। তিনি একই গ্রামের মুন মুন্সিবাড়ির আল আমিনের ছেলে। অপর আটক ব্যক্তি মো.সাজ্জাদ হোসেন আকাশ (১৯) আকবর পুত্রের বাড়ির দুলালের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া।
এর আগে, বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে মো. ইমরান হোসেন বলেন, আকাশ আগে মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন এবং এলাকায় চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। তার বেপরোয়া মাদকসেবনের প্রতিবাদ করেন উপজেলা ছাত্রদল নেতা জহির। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে স্থানীয় তেঁতুলতলা বাজারের একটি দোকানে আকাশের মাদকসেবন নিয়ে কথা উঠে। এ সময় আকাশ বেপরোয়া আচরণ করে ছাত্রদল নেতা জহিরকে উদ্দেশ্য করে বলেন, তিনি তার মাদকসেবনের প্রতিবাদ করার কে? তখন ওই দোকানে থাকা তার বাবা ফারুক তাকে বলেন, ‘তুমি কাউকে মানো না।’ একপর্যায়ে তিনি আকাশকে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেন।
ইমরান আরও বলেন, পরদিন বুধবার সকালে আকাশ কয়েকজনের কাছে তার বাবাকে হত্যার হুমকি দেন। পরে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পেছন থেকে তার বাবার মেরুদণ্ডে ছুরিকাঘাত করেন আকাশ। পরে গুরুতর আহত অবস্থায় ফারুককে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
ওসি রোমেল বড়ুয়া আরও জানান, মাদকসেবনের প্রতিবাদ করার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক দুজন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’
আজ রোববার সকাল ১১টার দিকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গত রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
ওসির এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে ওসি শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আন্দোলনকারীরা যাতে কোনো ভাঙচুর ও নাশকতা না চালায়, তাই এ কথা বলা হয়েছে। আন্দোলনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পুলিশ বা সাধারণ মানুষের ওপর হামলা চালাত তাহলে প্রাণহানির ঘটনা ঘটতেও পারত। এমন শঙ্কা থেকেই এসব কথা বলা হয়েছে।’
অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জরুরি যানবাহন চলাচল নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান তারা। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে ওসি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি না করার কথা বলেছেন এমপি।
অবরোধকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না, আগ্রাসী ভূমিকা নিয়ে আমরা বা আমি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাসায় হামলা করেছি বা হয়রানি করেছি। এখানকার এমপি বলেছেন, আমি (জাহান্দার আলী মিয়া) আওয়ামী লীগের ভোটে নির্বাচিত। এখানে ১০ বা ১৫ শতাংশ অন্য ভোটার। বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু তাঁকে (এমপি) ভোট দিয়েছেন।’
ওসি বলেন, ‘তিনি (এমপি) কখনও বলেননি অমুককে ধরো, তমুককে ধরো। এগুলো কিন্তু এক বছরেও বলেননি। এজন্য আমার কথা হচ্ছে, কারও মনে যদি কোনো কষ্ট থেকে থাকে, সেগুলো ভুলে আপনাদের (স্থানীয়দের) ও রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন। তারাই (স্থানীয়রা) আপনাদের আত্মীয়স্বজন।’
এ বিষয়ে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘এটা ওসির বক্তব্য। ওসিকে জিজ্ঞেস করেছিলাম, এমন কথা কখন তাকে বলেছি? ওসি বললেন, পরিস্থিতি সামাল দিতে তিনি এ কথা বলেছেন। আমি সকলের ভোটে নির্বাচিত। সকলে আমাকে ভোট দিয়েছে।’
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রোববার। ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন তারা।
শনিবার রাত ১২টার পর জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ভোর ৪টা থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান ও অবরোধ শুরু করেন তারা। ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট-পাটকেল। আত্মরক্ষায় টিন দিয়ে তৈরি করা হয় বেষ্টনী ও ঢাল।
এমন দৃশ্য দেখা গেছে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোর থেকে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরের যাত্রী ও চালকরা। তবে জরুরি সেবার গাড়ি ছেড়ে দেওয়া হয়।
জলবায়ু সহনশীল হই, নিরাপদ ভবিষ্যৎ গড়ি স্লোগানে গাইবান্ধায় বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশের অবক্ষয় মোকাবিলায় মঞ্চনাটক এবং জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত সুশীল প্রকল্পের অওতায় গঠিত গাইবান্ধা সিএসও হাব এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমদ আবীর এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আনিস মোস্তফা তোতন, নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি ও সিএসও হাবের কোষাধ্যক্ষ সালাহ উদ্দিন কাশেম, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, এসকেএস ফাউন্ডেশনের লিগ্যাল এইড কর্মকর্তা এ্যাড. রুহুল আমিন পলাশ,মানবাধিকার নাট্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলম মিয়া,পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক লিপি খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে মানবাধিকার নাট্য পরিষদের নাট্য দলের একটি মঞ্চ নাটক পরিবেশিত হয় এবং পরে পৌরপার্ক চত্বরে ও শহরের ডিবি রোডের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।