ছবি : সংগৃহীত
অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়সূচি (ক্যালেন্ডার) নির্ধারণ করা হয়েছে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে রোববার সভা করে পৃথকভাবে এই ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৫ মে গুটি আম দিয়ে রাজশাহীর বাগানগুলোতে আম নামানো শুরু হবে। নওগাঁয় আম পাড়া শুরু হবে ২২ মে। ওই দিন থেকে গুটি ও স্থানীয় জাতের আম নামানো শুরু করবেন চাষিরা। অন্যদিকে ১৩ মে গুটি, গোপালভোগ ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় আম পাড়া শুরু হবে। তবে অন্যান্য জাতের আমের জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
এর আগে রোববার সাতক্ষীরায় সর্বপ্রথম ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ বিভিন্ন বৈশাখী জাতের আম নামানো শুরু হয়েছে। ইতিমধ্যে সেই আম বাজারে এসেছে।
রাজশাহীর আম আসবে ১৫ মে
১৫ মে রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। রোববার বেলা সোয়া তিনটায় নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তার আগে আমচাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামানো যাবে। এরপর ২২ মে গোপালভোগ, ২৫ মে রানিপসন্দ ও লক্ষ্মণভোগ, ৩০ মে হিমসাগর বা ক্ষীরশাপাতি, ১০ জুন ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া; ১৫ জুন আম্রপালি ও ফজলি; ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি নামানো যাবে। এ ছাড়া কাটিমন ও বারি আম-১১ সারা বছরই সংগ্রহ করা যাবে। কিছু কিছু গুটি আম বৈশাখ মাসেও পাকে। উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে সেই আম নামানো যাবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বাজারে পরিপক্ব আমের সরবরাহ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হলো। তিনি এই সময়সূচি অনুযায়ী চাষিদের গাছ থেকে আম নামানোর আহ্বান জানান। অপরিপক্ব আম গাছ থেকে নামিয়ে বাজারে নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর আম কবে আসছে
নওগাঁয় ২২ মে গুটি আম দিয়ে আম পাড়া শুরু হবে। আর জিআই স্বীকৃতি পাওয়া নওগাঁর নাক ফজলি আম বাজারে আসবে ৫ জুন। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নওগাঁ জেলায় ২০২৫-২৬ অর্থবছরে জাতওয়ারি আম সংগ্রহের সময় নির্ধারণী সভা’ শীর্ষক মতবিনিময় সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়।
সময়সূচি অনুযায়ী ২২ মে থেকে গুটি, ৩০ মে গোপালভোগ, ২ জুন হিমসাগর বা ক্ষীরশাপাতি, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ব্যানানা ম্যাঙ্গো ও ফজলি এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।
চলতি বছর নওগাঁয় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১২ দশমিক ৭৮ টন হিসাবে জেলায় আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৩৬১ টন। চলতি মৌসুমে জেলায় প্রায় তিন হাজার কোটি টাকার আম-বাণিজ্য হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। পাশাপাশি এবার নওগাঁ থেকে ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। পরিপক্ব আম নামানোর জন্য এ সময়সূচি। তবে আবহাওয়ার কারণে সময়ের আগে আম পরিপক্ব হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সেই অনুযায়ী তারিখ পুনর্নির্ধারণ করবেন। আম পাকানো, সংরক্ষণ বা বাজারজাতকরণে কোনো রাসায়নিক মেশানো যাবে না। আমে ভেজাল ঠেকাতে বিশেষ নজরদারি রাখবে প্রশাসন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নওগাঁর উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ করতে জেলায় ব্যাপক প্রচারণা চালানো হবে। মূলত ভোক্তাদের পরিপক্ব ও ক্ষতিকারক রাসায়নিকমুক্ত আম খাওয়াতে আম সংগ্রহের এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গত বছর নওগাঁ থেকে প্রায় ১০০ মেট্রিক টন আম মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। এ বছর রপ্তানির পরিমাণ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
চুয়াডাঙ্গার আম নামবে ১৩ মে
চুয়াডাঙ্গায় ১৩ মে আঁটি, গুটি, ক্ষীরশাপাতি, গোপালভোগ ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে আম পাড়া শুরু হবে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৩ মে থেকে আঁটি, গুটি, ক্ষীরশাপাতি, গোপালভোগ ও বোম্বাই, ২২ মে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি, ২০ জুন হাঁড়িভাঙা, ২২ জুন ব্যানানা ম্যাঙ্গো, ৩০ জুন আশ্বিনা (বারি-৪), ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম পাড়া যাবে।
জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, কৃষি বিপণন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর এবং চুয়াডাঙ্গা জেলা ফল ও আম ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল কুদ্দুস মহলদার বক্তব্য দেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ১৩ মে বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকায় আবদুল কুদ্দুস মহলদারের বাগানে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হবে। গত বছর ১৫ মে এসব আম সংগ্রহ শুরু হয়েছিল।
সভায় কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার বলেন, গত বছর আমের জন্য ‘অফ ইয়ার’ হলেও এ বছর আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলনের আশা করা হচ্ছে। জেলায় এ বছর ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের বাগান করা হয়েছে। হেক্টরপ্রতি ১৩ দশমিক ৯২ মেট্রিক টন হিসাবে এ বছর ৩ হাজার ৬৫৭ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা আছে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, স্বাদে-গন্ধে দেশজুড়ে চুয়াডাঙ্গার আমের সুনাম আছে। সবার সঙ্গে আলোচনা করে সময়সীমা বেঁধে দেওয়া হলো। উল্লিখিত সময়কাল অনুসরণ করে আম সংগ্রহ করতে হবে। কোনো অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ব আম পাড়া যাবে না।
বাজারে এসেছে সাতক্ষীরার আম
সাতক্ষীরায় ৫ মে থেকে আম পাড়া শুরু হয়েছে। ওই দিন গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ বিভিন্ন বৈশাখী জাতের আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়। গত রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়।
ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে জনপ্রিয় সুগন্ধি জাতের হিমসাগর আম বাজারে আসবে। ল্যাংড়া আমের জন্য অপেক্ষা করতে হবে আরও এক মাস। ২৭ মে থেকে এ জাতের আম পাড়া যাবে। আর জুনের শুরুতে ৫ জুন থেকে আম্রপালি সংগ্রহ করা হবে।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে ১০০ টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রপ্তানিযোগ্য মান নিশ্চিত করতে আমের গুণগত মান বজায় রাখা এবং সময়ের আগে আম সংগ্রহ বন্ধ রাখা হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ তদারকি দল কাজ করবে। পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের সচেতন করতে প্রচার কার্যক্রম চালানো হবে।
সন্ত্রাসী সাকিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাকিল (৩৭) ওরফে বুলেট সাকিল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিল উপজেলা বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।
স্থানীয়রা বলেন, সাকিল তারাব , বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাং দিয়ে মাদক নিয়ন্ত্রণ করে। সাকিল ও তার বাহিনীর সদস্যরা মাদক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে। এছাড়া তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই, ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্ম করে বেড়ায় সাকিল ও তার বাহিনীর সদস্যরা। তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। তুচ্ছ ঘটনাতেও সাকিল ও তার বাহিনীর সদস্য অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি বর্ষণ ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার এজাহার নামীয় আসামী সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র শীল (৪৫) পরলোকগমন করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর এই আকস্মিক মৃত্যুতে কাউখালীর শিক্ষক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানাগেছে, বাবু দীপক চন্দ্র শীল একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষা-অনুরাগী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষা ক্ষেত্রে অবদান সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ইজিএস শিক্ষা নিকেতনের সাবেক সভাপতি সবুজ হোসেন চৌধুরী এফসিএ, শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি কিরণ চন্দ্র হালদার, বাংলাদেশ প্রধান শিক্ষক পরিষদের পিরোজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ নাজমুছ সাকিব, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাউখালী শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম এবং জোলাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুস্তম আলী, তাতীদল কাউখালী উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মো. গিয়াস উদ্দিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে দীপক চন্দ্র শীলের অবদান ও স্মৃতি শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে সুমন মিয়া নামে এক হোটেল মালিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে সুমন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন।
সুমন মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহরের জলসিড়ি এলাকায় একটি খাবারের হোটেল চালান। শুক্রবার দুপুরে তার হোটেলের কর্মচারী শামীম রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় সুমন মিয়া বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা চলে যায়। কিছুক্ষণ পরেই ইজিবাইকের ভেতরে থাকা সোহেল মিয়া, রাব্বিল, রাসেল আহমেদ, মাহবুবুরসহ অজ্ঞাত ৪/৫ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুমনের হোটেলে অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। সুমন মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেন।
এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ শাহপরীর দ্বীপের নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই কিশোরের লাশ সাড়ে ৩ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর)শুক্রবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় ২ কিশোর। অনেক খোজাখুজির পর দুপুর আড়াই টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলো উত্তর-পূর্ব পাড়ার মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) এবং কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ অরজিন (১৫)।
বেশ কয়েক ঘণ্টা পর জুমার নামাজের পর স্থানীয়দের সহায়তায় নাফ নদীতে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে তারা গোসলে নেমে সাতার কাটতে গিয়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। কারণ এসময় জোয়ারের প্রবল স্রোতে পড়ে শারীরিক সক্ষমতা হারিয়ে পানিতে তলিয়ে গেলে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হলে বিব্রতবোধ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে। গতকালও (শুক্রবার) আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে যারা প্রশ্ন করেন, আওয়ামী লীগ নিয়ে তো এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক না, উচিতও না। কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে নিয়ে আমাদের পর্যায়ে প্রশ্ন করলে আমরা বিব্রতবোধ করি।’
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না জানিয়ে এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তবে স্থানীয়ভাবে বিএনপি-সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে আগের মতো দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না। ধানের শীষের মতো জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না। নির্বাচন হবে দলনিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে।
মীর শাহে আলম বলেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী–উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করবে। এ জন্য স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন বা কর্মী সভার মাধ্যমে নির্দিষ্ট ইউনিয়নে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে।
তিনি বলেন, এটি দলীয় প্রার্থী বা দলীয় মনোনয়ন নয়, বরং দলীয় সমর্থন। দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একজন প্রার্থী রাখার চেষ্টা করা হবে।
কোনো ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে বলেও জানান তিনি। একজনকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দিয়ে অন্যজনকে অন্য কোনোভাবে দলের কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এরপরও কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থেকে গেলে এবং কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে বগুড়া জেলা বিএনপি ও উপজেলা বিএনপি যৌথভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, ওসি শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গ্যাসের ১৫ সংযোগ বিচ্ছিন্ন ও আড়াই লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ ও নিয়মবহির্ভূত গ্যাস সংযোগ এবং গ্যাসের অপব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
অভিযানে ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ১৩ জনকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবাল (৯ সেপ্টেম্বর) উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। একই সঙ্গে প্রায় ৭০০ ফুট অবৈধ প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ ও জব্দ করা হয়েছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে ৯টি অবৈধ সংযোগে ১৭টি ডিবি, অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে দুটি সংযোগে অতিরিক্ত ২ ডিবি, জিআই লাইন বর্ধিত করায় ১০ ডিবি এবং আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মোবাইল কোর্টের তথ্যানুযায়ী, অভিযানে মোট ১৭টি ডিবি আবাসিক এবং ৩টি ছোট বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ আইনসহ সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ১৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে তাদের কাছ থেকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে বিজিডিসিএলের ভিজিলেন্স বিভাগ, গৌরীপুর এরিয়া বিতরণ কার্যালয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিস কুমিল্লা, সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ ও জনসংযোগ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ, গ্যাস চুরি ও নিয়মবহির্ভূত ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।