• প্রকাশ : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪০ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) এক সিএনজি চালিত অটোরিকশা চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।    


বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের ১নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।


আহত রাকিব একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।  


ভুক্তভোগী রাকিব অভিযোগ করে বলেন, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় যাওয়ার পথে একদল অস্ত্রধারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১৫শত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে দেয়। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান।


এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি


বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, এক ব্যক্তির শরীরে একটি ২.২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।




  • প্রকাশ : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪৮ এএম

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়।


বুধবার (১২ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে  উপজেলার মৌলভীচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন,বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।


কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন বাল্কহেডটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাল্কহেড থেকে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।


কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. সাব্বির আলম সুজন আরও বলেন, আটক তিনজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪৪ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১২ আগস্ট) দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান উজ্জ্বল, উপদেষ্টা অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম গুরু, দিনাজপুর জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, সহ-প্রচার সম্পাদক হীরা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও নাজমুল হুদা জনিসহ দলীয় নেতাকর্মীরা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহমেদ কচি। এ সময় দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হাসু খান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম এবং জেলা মহিলা দলের সভানেত্রী জিন্নাত আরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলে বক্তারা আরাফাত রহমান কোকোর রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে পরিচয়ের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, ক্রীড়া সংগঠক হিসেবে ক্রিকেটের উন্নয়ন ও সংগঠনের সঙ্গে কোকোর সম্পৃক্ততা দেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে আছে।


আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বলে সমকালীন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।


২০১৫ সালের ২৪ জানুয়ারী মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে মারা যান আরাফাত রহমান কোকো। পরে তাঁর মরদেহ দেশে এনে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। দোয়া মাহফিলের শেষপর্যায়ে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনার পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


ময়লা পরিস্কারে অংশ নেন বিএনপি নেতা হাজী আক্কাস আলী

  • প্রকাশ : বুধবার ১২ আগস্ট, ২০২৬, সময় : ১১:১৭ পিএম

নওগাঁর মহাদেবপুরে ডাবলওয়ে সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা আর মাটি স্বেচ্ছাশ্রমে পরিস্কার করে ট্রাক্টরযোগে পরিবহণ করে অন্যত্র ফেলে দিয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি নেতা হাজী আক্কাস আলী। 


আজ বুধবার (১২ আগস্ট) সকাল থেকে সারাদিন ১২ জন শ্রমিক লাগিয়ে তিনি এসব পরিস্কার করার কাজ সম্পন্ন করেন।


বিকেলে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আক্কাস আলী রাস্তার পাশের ময়লা আবর্জনা কোদাল দিয়ে সংগ্রহ করে স্তুপ করে রাখার পর আনুষ্ঠানিকভাবে সেগুলো ট্রাক্টরে তুলে কাজ সমাপ্ত করেন তিনি। 


এ সময় তিনি বলেন, উপজেলা সদরের ব্র্যাকের মোড় থেকে বচনা ব্রীজ পর্যন্ত দেড় কিলোমিটার ডাবলওয়ে সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা, নোংরা পানি জমা হয়ে পুঁতি দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি করে। এসব দেখাশুনার কেউ নেই। সদর ইউনিয়ন পরিষদ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্থানীয় জনতাকে এরকম দূর্ভোগে পড়তে হতো না। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এসব পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। আগামীতে পুরো মহাদেবপুর উপজেলা সদরের ময়লা পরিস্কারের দায়িত্ব তিনি নিতে চান বলেও জানান।


স্থানীয়রা তার এই স্বেচ্ছাউদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


  • প্রকাশ : বুধবার ১২ আগস্ট, ২০২৬, সময় : ৭:২৭ পিএম

সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠে পড়ে থাকা প্রেশার কুকারে রাখা বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষায়িত ইউনিটটি বস্তুটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া দেখা যায়।


পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার ছিল। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রেশার কুকারটি দেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে সেটি নিষ্ক্রিয় করা হয়।


স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ শোনা যায় এবং পরে আকাশে ধোঁয়া দেখা যায়।


সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে বিকেল সাড়ে ৩টার দিকে বস্তুটি নিষ্ক্রিয় করে।


এর আগে মঙ্গলবার সাভারের দক্ষিণ শ্যামনগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে নয়টি পাইপ বোমা, পাঁচটি ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় আরিফ হোসেন নামে একজনকে আটক করা হয়।


পরপর বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সাভারে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সাধাপুরের মসজিদের মাঠে পাওয়া প্রেশার কুকারের ভেতরে কী ধরনের বিস্ফোরক ছিল এবং কারা এটি সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।


  • প্রকাশ : বুধবার ১২ আগস্ট, ২০২৬, সময় : ৬:৩৫ পিএম

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। 


গতকাল মঙ্গলবার উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


ইউএনও মুনমুন নাহার আশা বলেন, তদন্ত চলমান রয়েছে। মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা কাশিকাপন এলাকায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। 


এর আগে গত ৭ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় নয়জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর থেকে দুই বাসের চালকই পলাতক রয়েছেন। এ ঘটনায় গত ৮ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে ওসমানীনগর থানায় মামলা করা হয়।


এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।


গতকাল মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তদন্ত শেষে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব।


  • প্রকাশ : বুধবার ১২ আগস্ট, ২০২৬, সময় : ৬:৩৪ পিএম

ঢাকার আশুলিয়ায় ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তর জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম সানভিসহ দুই জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।



বুধবার (১২ আগস্ট) দুপুরে আটককৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গেল ১০ তারিখ আশুলিয়ার নবীনগর এলাকায় একটি স্কুলের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।



এ ঘটনায় কিশোরীর মা আরিফা আক্তার আশুলিয়া থানায় বাদী হয়ে একটি অপহরন মামলা নং-৬২ দায়ের করেন।



এ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতাকে আটক করতে পারেনি আশুলিয়া থানা পুলিশ।



এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় মা বাদি হয়ে থানায় অপহরণ মামলা রুজু করলে আমরা তাতক্ষণিক তদন্ত শুরু করলে অপহরণে সংগঠিত সহযোগী তৌহিদুল ইসলাম সানভি ও নাজিম কে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। ভিকটিমকে উদ্ধারে আমাদের অভিযান চলমান আছে।

বিষয় :