• প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:১০ পিএম

রেস্টুরেন্টে গিয়ে টেবিলে মেনুর বদলে দেখলেন একটি কিউআর কোড। মোবাইল ফোনে স্ক্যান করতেই সামনে এলো খাবারের তালিকা। দোকানে বিল দেওয়া কিংবা কোনো অনুষ্ঠানে নিবন্ধনের ক্ষেত্রেও এখন কিউআর কোডের ব্যবহার বাড়ছে।বাংলাদেশেও বাংলা কিউআর, ব্যাংকিং সেবা ও মোবাইল আর্থিক লেনদেনসহ নানা কাজে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এতে সময় ও ঝামেলা দুটোই কমছে। তবে কিউআর কোড ব্যবহারের কিছু ঝুঁকিও রয়েছে। কারণ, কোডটি স্ক্যান করার আগে এর ভেতরে কোন ওয়েব ঠিকানা বা তথ্য রয়েছে, তা বোঝার উপায় নেই। একই রকম দেখতে একটি কোড আপনাকে সঠিক ওয়েবসাইটে নিতে পারে, আবার নিয়ে যেতে পারে প্রতারকদের তৈরি নকল ওয়েবসাইটেও।


কোডের ওপর নতুন স্টিকার আছে কি না দেখুন

প্রতারকেরা আসল কিউআর কোডের ওপর নিজেদের তৈরি কোডের স্টিকার লাগিয়ে দিতে পারে। ফলে রেস্টুরেন্টে বিল দেওয়ার জন্য স্ক্যান করা কোড আপনাকে অন্য কারও পেমেন্ট হিসেবে নিয়ে যেতে পারে। একই ঘটনা পার্কিং, অনুষ্ঠানস্থল বা দোকানের ক্ষেত্রেও ঘটতে পারে।


তাই স্ক্যান করার আগে কোডটি ভালো করে দেখুন। এর ওপর নতুন কোনো স্টিকার লাগানো হয়েছে কি না কিংবা কোডটি অস্বাভাবিকভাবে বসানো মনে হচ্ছে কি না, খেয়াল করুন। সন্দেহ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।


স্ক্যান করার পর ওয়েব ঠিকানা যাচাই করুন

কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে খোলা লিংকে প্রবেশ করবেন না। আগে ওয়েব ঠিকানাটি দেখে নিন। সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবার আসল ওয়েবসাইট কি না, যাচাই করুন।


প্রতারকেরা অনেক সময় আসল প্রতিষ্ঠানের নামের সঙ্গে সামান্য পরিবর্তন এনে নকল ওয়েবসাইট তৈরি করে। বানানে একটি অক্ষর বদলে বা অতিরিক্ত শব্দ যোগ করেও বিভ্রান্ত করা সম্ভব। মনে রাখবেন, ওয়েবসাইটে তালা চিহ্ন বা নিরাপদ সংযোগের সংকেত থাকলেই সেটি আসল বলে নিশ্চিত হওয়া যায় না।


টাকা পাঠানোর আগে প্রাপকের নাম মিলিয়ে নিন

বাংলা কিউআরসহ বিভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট সেবায় লেনদেনের আগে প্রাপকের নাম দেখার সুযোগ থাকে। টাকা পাঠানোর আগে নামটি সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে নিন।


ধরুন, রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে পর্দায় কোনো অপরিচিত ব্যক্তির নাম দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে লেনদেন না করে কর্মীদের সঙ্গে কথা বলুন। শুধু টাকার পরিমাণ ঠিক আছে কি না দেখলেই হবে না, প্রাপকের পরিচয়ও নিশ্চিত হতে হবে।


পাসওয়ার্ড ও ওটিপি দেওয়ার আগে সতর্ক হোন

কিউআর কোড স্ক্যান করার পর কোনো ওয়েবসাইট বা পেজে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক কার্ড কিংবা হিসাবের গোপন তথ্য চাওয়া হলে সতর্ক থাকুন। তথ্য দেওয়ার আগে সেবাটির সত্যতা ও প্রয়োজনীয়তা যাচাই করুন।


বিশেষ করে এসএমএস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে আসা কিউআর কোডের ক্ষেত্রে বেশি সতর্ক থাকা দরকার। ‘এখনই যাচাই করুন’, ‘অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে’ কিংবা ‘টাকা ফেরত পেতে স্ক্যান করুন’—এ ধরনের তাড়াহুড়ো তৈরি করা বার্তা প্রতারণার কৌশল হতে পারে।


পুরস্কার বা পার্সেলের বার্তায় সতর্ক থাকুন

কিউআর কোড ব্যবহার করে প্রতারণার আরেকটি কৌশল হলো পুরস্কার, কুরিয়ার বা টাকা ফেরতের প্রলোভন দেখানো। যেমন, পার্সেল ছাড়াতে টাকা দিতে হবে, পুরস্কার পেতে কোড স্ক্যান করতে হবে কিংবা ভুল লেনদেনের টাকা ফেরত পেতে নির্দিষ্ট লিংকে যেতে হবে।


এ ধরনের বার্তা পেলে সরাসরি কোড স্ক্যান না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহকসেবার মাধ্যমে তথ্য যাচাই করুন।


কিউআর কোড স্ক্যান করলেই কি ফোন হ্যাক হয়?

সাধারণত শুধু কিউআর কোড স্ক্যান করলেই ফোন হ্যাক হয়ে যায় না। তবে কোডটি যদি কোনো ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যায়, সেখানে ব্যক্তিগত তথ্য দিলে বা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করলে বিপদ হতে পারে। তাই স্ক্যান করার পর কোথায় যাচ্ছেন এবং কী তথ্য দিচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।


অচেনা পোস্টার, লিফলেট, দেয়াল বা বিদ্যুতের খুঁটিতে থাকা কিউআর কোডের ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োজন। কোডটি কে দিয়েছে এবং স্ক্যান করলে কোথায় নিয়ে যাবে, তা নিশ্চিত না হয়ে ব্যবহার না করাই ভালো।


সন্দেহজনক কোড স্ক্যান করলে কী করবেন

কোনো সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করেছেন, কিন্তু কোনো তথ্য দেননি বা লেনদেন করেননি—তাহলে সাধারণত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট পেজটি বন্ধ করে দিন।


তবে সেখানে পাসওয়ার্ড দিয়ে থাকলে দ্রুত তা পরিবর্তন করুন। ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার তথ্য দিয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকসেবায় যোগাযোগ করুন। কোনো সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করলে সেটি মুছে ফেলুন এবং ফোনের নিরাপত্তা ও অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করুন।


কিউআর কোডের ব্যবহার দিন দিন বাড়ছে। তাই এটি এড়িয়ে চলার প্রয়োজন নেই। স্ক্যান করার আগে কোডের উৎস যাচাই করা, ওয়েব ঠিকানা দেখা এবং লেনদেনের সময় প্রাপকের পরিচয় নিশ্চিত করলেই অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৯ পিএম

কোনো অনুষ্ঠান বা ভ্রমণের দৃশ্য ধারণের পাশাপাশি একই ভিডিওতে নিজের অভিব্যক্তিও তুলে ধরতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এই সুবিধায় ফোনের সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে একই সময়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে। ফলে আলাদা করে নিজের প্রতিক্রিয়া রেকর্ড করার প্রয়োজন হবে না।


প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত ব্যক্তিরা এই সুবিধা পাচ্ছেন। পেছনের ক্যামেরা দিয়ে কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের মুখ ও প্রতিক্রিয়াও একই সঙ্গে রেকর্ড করা যাবে।


নতুন ফিচারে পেছনের ক্যামেরার দৃশ্য পুরো পর্দাজুড়ে থাকবে। অন্যদিকে সামনের ক্যামেরার দৃশ্য ছোট একটি উইন্ডোতে দেখা যাবে। ব্যবহারকারী চাইলে উইন্ডোটি পর্দার যেকোনো জায়গায় সরিয়ে রাখতে পারবেন। এতে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য আড়াল হওয়ার আশঙ্কা কমবে।


দুই ক্যামেরার দৃশ্য অদলবদলের ব্যবস্থাও থাকছে। রোটেট বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে চলে আসবে। তবে দৃশ্যের অবস্থান পরিবর্তন হলেও দুটি ক্যামেরাই একসঙ্গে ভিডিও ধারণ করতে থাকবে।


ছবি বা ভিডিও ধারণের পর তা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। শেয়ার করার আগে ক্যাপশন যোগ করা এবং প্রয়োজনীয় সম্পাদনার সুযোগও থাকছে।


তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই সবাই ফিচারটি পাবেন না। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি উন্মুক্ত করা হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।


ভ্রমণ, কনসার্ট কিংবা বিশেষ কোনো মুহূর্ত ধারণের ক্ষেত্রে নতুন ফিচারটি কাজে আসবে। একই ভিডিওতে দৃশ্যের পাশাপাশি নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৩ পিএম

গুগল ওয়ালেট এখন যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হয়েছে। তবে অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ সুবিধা না থাকায় অনেক ব্যবহারকারীকে অ্যাপল ওয়ালেটের ওপরই নির্ভর করতে হতে পারে।গুগলের নিজস্ব ডিজিটাল ওয়ালেট সেবাটির মাধ্যমে পেমেন্ট কার্ড, বিভিন্ন পাস ও পরিচয়পত্র সংরক্ষণ করা যায়। এমনকি অনলাইনে কেনাকাটার অর্ডারের অবস্থানও জানা যায়। আইফোন ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেট অ্যাপ ও এর এজেন্টিক শপিং সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে এতে ট্যাপ-টু-পে সুবিধা থাকছে না।


গুগলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুগল ওয়ালেট স্বয়ংক্রিয়ভাবে জিমেইলসহ গুগলের অন্যান্য অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল বোর্ডিং পাস, কেনাকাটার রসিদ, কনসার্টের টিকিট এবং অর্ডারের হালনাগাদ তথ্য দেখাবে। পাশাপাশি ব্যবহারকারীরা পেমেন্ট কার্ড ব্যবস্থাপনার মাধ্যমে গুগল পে সমর্থিত ওয়েবসাইটে দ্রুত লেনদেন করতে পারবেন। সদস্যপদ ও লয়্যালটি কার্ডের মতো বিভিন্ন ফিজিক্যাল কার্ডও ডিজিটাল আকারে সংরক্ষণ করা যাবে।


তবে আপাতত ট্যাপ-টু-পে প্রযুক্তির মাধ্যমে সরাসরি সংযোগহীন লেনদেনের সুবিধা পাওয়া যাবে না। এ সুবিধা কবে চালু হবে, সে বিষয়েও গুগল স্পষ্ট করে কিছু জানায়নি।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডডিনেটের পর্যবেক্ষণ অনুযায়ী, আইফোনে গুগল ওয়ালেট চালুর পেছনে গুগলের অন্যতম লক্ষ্য হলো জেমিনির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বাড়ানো। ব্যবহারকারীরা কেনাকাটার জন্য গুগলের জেমিনিকে অনুমতি দিতে পারবেন। পাশাপাশি কেনাকাটার সর্বোচ্চ বাজেটও নির্ধারণ করে দেওয়া যাবে। এভাবে গুগল ওয়ালেট ব্যবহারকারীদের কেনাকাটা ব্যবস্থাপনার এআই হাবে পরিণত হবে। তবে ইতিবাচক দিক হলো, আইফোন ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেটের এমন কিছু সুবিধা ব্যবহার করতে পারবেন, যেগুলো এত দিন অনেকের নজরের বাইরে ছিল।


আইফোনে যেভাবে ব্যবহার করবেন গুগল ওয়ালেট


গুগল ওয়ালেট অ্যাপ চালুর আগে আইফোন ব্যবহারকারীদের মোবাইল ব্রাউজার, যেমন গুগল ক্রোমের মাধ্যমে পেমেন্ট কার্ড ও অন্যান্য তথ্য ব্যবহারের ওপর নির্ভর করতে হতো। অবশ্য আইওএসের জন্য গুগল পের একটি অ্যাপ ছিল। তবে ২০২৪ সালে সেটি বন্ধ করে দেওয়া হয়। ওই অ্যাপেও ট্যাপ-টু-পে সুবিধা ছিল না। সে সময় গুগল ওয়ালেটের সুবিধা বাড়ানোর দিকে মনোযোগ দিতে গুগল পে অ্যাপটি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।


এখন অ্যাপলের অ্যাপ স্টোর থেকেই গুগল ওয়ালেট ডাউনলোড করা যাবে। অ্যাপটি বর্তমানে ৪৬টি রেটিং ও ১০টি রিভিউয়ের ভিত্তিতে ৫-এর মধ্যে ৩.৮ স্টার পেয়েছে। তবে কয়েকজন ব্যবহারকারী রিভিউতে ট্যাপ-টু-পে সুবিধা না থাকাকে অ্যাপটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন।


আইফোনে গুগল ওয়ালেট ব্যবহার শুরু করতে অ্যাপটি ডাউনলোড করে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এ সময় অ্যাপটি ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। পাশাপাশি গুগল অ্যাকাউন্ট থেকে কোন কোন তথ্য ওয়ালেটে যুক্ত করতে চান, তা বেছে নেওয়ার সুযোগও থাকবে।


অবশ্য অ্যাপল পে ও গুগল ওয়ালেট ছাড়াও ডিজিটাল ওয়ালেট ব্যবহারের আরও অনেক বিকল্প রয়েছে। তাই ব্যবহারকারীদের শুধু গুগল ও অ্যাপলের মধ্যে একটি বেছে নিতে হবে, এমন নয়। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই গুগল ওয়ালেটের আইওএস সংস্করণ ব্যবহার করতে পারবেন। অন্য দেশে কবে এটি চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল। এ ছাড়া অ্যাপল ওয়াচেও এখন পর্যন্ত গুগল ওয়ালেটের আনুষ্ঠানিক সমর্থন নেই। তবে আইফোনে অ্যাপটি চালু হওয়াকে এ ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৬ পিএম

সৌরজগতের সুদূর প্রান্তে নেপচুনের বাইরে আরও একটি অজানা গ্রহের অস্তিত্ব থাকতে পারে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, সম্ভাব্য এই গ্রহটির ভর পৃথিবীর প্রায় দ্বিগুণ হতে পারে।


গবেষকদের ধারণা, এই গ্রহের অস্তিত্ব সৌরজগতের বাইরের অঞ্চলে বরফে আবৃত কিছু মহাজাগতিক বস্তুর কক্ষপথের রহস্যময় বিন্যাস ব্যাখ্যা করতে পারে।


সোমবার (২৩ নভেম্বর) ‘Monthly Notices of the Royal Astronomical Society’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সৌরজগতের ৪৫০ কোটি বছরের বিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে নেপচুনের বাইরে থাকা বরফময় বস্তুগুলোর কক্ষপথে একটি কাল্পনিক গ্রহের সম্ভাব্য প্রভাব পরীক্ষা করেন গবেষকেরা। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘প্ল্যানেট এক্স২’ (Planet X2)।


জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয়ের গবেষক পাত্রিক সোফিয়া লিকাওয়া ও তার নেতৃত্বাধীন দল জানিয়েছে, পৃথিবীর প্রায় দ্বিগুণ ভরের একটি গ্রহ সূর্য থেকে গড়ে ৩৫০ থেকে ৫০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক (এইউ) দূরত্বে অবস্থান করলে বাইরের সৌরজগতের বেশ কিছু অস্বাভাবিক কক্ষপথের বিন্যাস ব্যাখ্যা করা সম্ভব।উল্লেখ্য, এক জ্যোতির্বৈজ্ঞানিক একক হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, যা প্রায় ১৫ কোটি কিলোমিটার।


তবে গবেষণাটি এখনো ওই গ্রহের সরাসরি অস্তিত্ব প্রমাণ করেনি। বরং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখানো হয়েছে, এমন একটি গ্রহ থাকলে সৌরজগতের কিছু অমীমাংসিত রহস্যের ব্যাখ্যা পাওয়া যেতে পারে।


সূত্র: দ্য প্রিন্ট

বিষয় :


ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ এএম

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার জালিয়াতির ঝুঁকিও। প্রতারকরা হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধা ব্যবহার করে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড’ নামে পরিচিত এই প্রতারণায় একটি কলের মাধ্যমেই ব্যবহারকারীর গোপন তথ্য চলে যেতে পারে অপরাধীদের হাতে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ড।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা ব্যাংক বা বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের ফোন করে। এরপর ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে জানিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে বলে। ব্যবহারকারী এতে সম্মতি দিলেই প্রতারকরা তার ফোনের পর্দায় থাকা বিভিন্ন তথ্য দেখতে পারে।

এর মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যক্তিগত বার্তা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা অনুমতি ছাড়া আর্থিক লেনদেন করতে পারে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফোনে কী-লগারের মতো ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে ব্যবহারকারীর টাইপ করা প্রতিটি তথ্য রেকর্ড করার চেষ্টা করে তারা। এতে ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ডও চুরি হতে পারে।

যেভাবে প্রতারণার ফাঁদে পড়েন

প্রতারকরা সাধারণত মানুষের বিশ্বাস ও আতঙ্ককে কাজে লাগায়। ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে কিংবা দ্রুত ব্যবস্থা না নিলে অর্থ হারানোর আশঙ্কা রয়েছে বলে জানায় তারা। এরপর স্ক্রিন শেয়ারিং চালু করতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে চাপ দেয়।

স্ক্রিন শেয়ারিং চালু হলে প্রতারকরা সরাসরি ব্যবহারকারীর ফোনের কার্যক্রম দেখতে পারে। ফলে পাসওয়ার্ড বা ওটিপি প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই সেগুলো জেনে যায়। কিছু ব্যাংকিং অ্যাপে স্ক্রিন রেকর্ডিং বন্ধ রাখার নিরাপত্তাব্যবস্থা থাকলেও স্ক্রিন শেয়ারিংয়ের কারণে ব্যবহারকারী ঝুঁকিতে পড়তে পারেন।

যেভাবে নিরাপদ থাকবেন

- ফোনকারীর পরিচয় ব্যাংকের আনুষ্ঠানিক নম্বর বা মাধ্যমে যাচাই করুন।

- অপরিচিত বা সন্দেহজনক কারও অনুরোধে স্ক্রিন শেয়ারিং চালু করবেন না।

- স্ক্রিন শেয়ারিংয়ের সময় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করবেন না। - অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল করার অনুমতি বন্ধ রাখুন।

- অপরিচিত নম্বরের কল ও সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলুন।

- কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিলে সতর্ক হোন এবং সন্দেহজনক নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

বিশেষজ্ঞদের পরামর্শ, ব্যাংক কখনো ফোনে গ্রাহকের কাছে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই এসব তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সচেতনতা, সতর্কতা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখাই এ ধরনের ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার প্রধান উপায়।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:০২ পিএম
  • আপডেট : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:০২ পিএম

চুল পড়তে শুরু করলে অনেকেই চিরুনি ব্যবহার কমিয়ে দেন। কিন্তু সেই চিরুনিই যদি নতুন চুল গজাতে সাহায্য করে, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও চীনের একদল বিজ্ঞানী এমনই একটি বিশেষ বৈদ্যুতিক চিরুনি তৈরি করেছেন। ইঁদুরের ওপর পরীক্ষায় যন্ত্রটি ব্যবহার করে চুল গজানোর ক্ষেত্রে বেশ আশাব্যঞ্জক ফল পেয়েছেন তারা।


নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় চিরুনিটির নাম দেওয়া হয়েছে ‘ডিট্যাঙ্গল’। এটি সাধারণ চিরুনি নয়, বরং বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি জৈব-ইলেকট্রনিক যন্ত্র। এর দাঁতগুলোর দৈর্ঘ্য একেক রকম। দাঁতের মধ্যে বসানো আছে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা।


বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে তৈরি এই যন্ত্র বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে থাকে। গবেষকদের দাবি, এর বিশেষ নকশার কারণে সাধারণ পদ্ধতির তুলনায় চুলের ফলিকল বা গোড়ার অংশে প্রায় নয় গুণ গভীরে পৌঁছাতে পারে।


ডিট্যাঙ্গল চুল গজাতে দুটি উপায়ে কাজ করে। প্রথমত, এর বৈদ্যুতিক স্পন্দন চুলের ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে। দ্বিতীয়ত, চিরুনির ছোট দাঁতগুলোর সঙ্গে যুক্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা ত্বকের গভীরে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেয়।এ ক্ষেত্রে ব্যবহার করা হয় ইলেকট্রোপোরেশন নামের একটি পদ্ধতি। এর মাধ্যমে অল্প সময়ের জন্য কোষের আবরণের ভেদ্যতা বাড়ানো হয়, ফলে প্রয়োজনীয় উপাদান কোষের ভেতরে প্রবেশ করতে পারে।


পরীক্ষায় গবেষকেরা দুটি পরীক্ষামূলক জিনভিত্তিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করেছেন। এর একটি হলো ভিইজিএফএ প্লাজমিড, যা চুলের ফলিকলের চারপাশে রক্তনালি তৈরিতে সহায়তা করে। অন্যটি এসআরডি৫এ২ এসআইআরএনএ, যা চুলের ফলিকল ছোট করে এমন একটি হরমোনের কার্যক্রম কমাতে সাহায্য করে।


ইঁদুরের ওপর কয়েক দফা পরীক্ষায় ডিট্যাঙ্গল বেশ ভালো ফল দেখিয়েছে। পুরুষ ইঁদুরের শরীরে টেস্টোস্টেরন প্রয়োগ করে চুল পড়ার পরিস্থিতি তৈরি করেছিলেন গবেষকেরা। এরপর পিঠের একটি অংশের লোম কামিয়ে ২৮ দিন ধরে পর্যবেক্ষণ করেন তারা।যেসব ইঁদুরকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, তাদের কামানো অংশে মাত্র ১ শতাংশের মতো লোম ফিরে আসে। শুধু বৈদ্যুতিক উদ্দীপনা দেওয়া হলে লোম গজানোর হার বেড়ে হয় প্রায় ৪০ শতাংশ।


তবে এই ফল ফিনাস্টেরাইড ও মিনোক্সিডিল নামের চুল গজানোর প্রচলিত ওষুধের চেয়ে কম ছিল। এসব ওষুধ ব্যবহার করা ইঁদুরের ক্ষেত্রে লোম ফিরে আসার হার ছিল যথাক্রমে প্রায় ৫০ ও ৭০ শতাংশ।


কিন্তু বৈদ্যুতিক উদ্দীপনার সঙ্গে পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতি যুক্ত করায় ফল আরও ভালো হয়। এসআরডি৫এ২ এসআইআরএনএ ব্যবহারে লোম ফিরে আসে প্রায় ৮৫ শতাংশ। ভিইজিএফএ প্লাজমিড ব্যবহারে এই হার ছিল প্রায় ৯০ শতাংশ।


সবচেয়ে ভালো ফল পাওয়া যায় দুটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে। বৈদ্যুতিক উদ্দীপনা ও দুই ধরনের পরীক্ষামূলক চিকিৎসা মিলিয়ে ইঁদুরের কামানো অংশে প্রায় ৯৭ দশমিক ৮৫ শতাংশ লোম ফিরে আসে।


গবেষকদের ভাষ্য, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত ও হরমোনজনিত চুল পড়ার ইঁদুরের মডেলে এক মাসের মধ্যেই প্রায় ১০০ শতাংশ চুল ফিরে পাওয়ার মতো ফল পাওয়া গেছে।


তবে গবেষণার ফল আশাব্যঞ্জক হলেও এখনই মানুষের চুল পড়ার চিকিৎসায় এই চিরুনি ব্যবহার করা যাবে না। কারণ, এখন পর্যন্ত এর পরীক্ষা হয়েছে কেবল ইঁদুরের ওপর। মানুষের ক্ষেত্রে এটি কতটা নিরাপদ ও কার্যকর, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।


তাই টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন যারা, তাদের জন্য এটি এখনই কোনো চিকিৎসা নয়। তবে ভবিষ্যতে মানুষের ওপর পরীক্ষায় একই ধরনের সাফল্য পাওয়া গেলে চুল পড়া ঠেকানো ও নতুন চুল গজানোর চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।


সূত্র: সায়েন্স অ্যালার্ট


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৬ পিএম

স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে সরিয়ে নেয়া হচ্ছে দুটি অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’। আগামী ৩১ ডিসেম্বর থেকে অ্যাপ দুটি আর নতুন করে ডাউনলোড করা যাবে না। তবে ভবিষ্যতে উন্নত সংস্করণ নিয়ে অ্যাপগুলো ফিরিয়ে আনার সম্ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেটের। 


কুইক মেজার মূলত একটি ভার্চুয়াল মাপজোখের অ্যাপ। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করেই কোনো স্থানের দূরত্ব, দৈর্ঘ্য কিংবা আয়তন পরিমাপ করা যায়। অন্যদিকে, এআর ডুডল ব্যবহার করে ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করা সম্ভব।


অ্যাপ দুটির গ্যালাক্সি স্টোর তালিকায় পৃথক নোটিশ প্রকাশ করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটির নতুন ডাউনলোড এবং বিদ্যমান সংস্করণের আপডেট সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারীর ডিভাইসে অ্যাপ দুটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে, তারা সেগুলো ব্যবহার করতে পারবেন। যদিও কিছু ফিচার ঠিকমতো কাজ না-ও করতে পারে।


এ ছাড়া ভবিষ্যতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যাপ দুটির কোনো আপডেট দেয়া হবে না। ফলে ২০২৭ সালে ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করার পর কুইক মেজার বা এআর ডুডলের কিছু ফিচার অকার্যকর হয়ে যেতে পারে।


এ বিষয়ে স্যামসাং বলেছে, ‘এর ফলে যে অসুবিধা তৈরি হতে পারে, তার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে ফিরে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’তবে অ্যাপ দুটি কবে নাগাদ ফিরতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি। পাশাপাশি এগুলোর ফিচার অন্য কোনো অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।যারা ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ ব্যবহার করতে আগ্রহী, তাদের ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাপগুলো ডাউনলোড করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।