প্রতীকী ছবি
ইবাদতের প্রথম পুরস্কার হলো আত্মার প্রশান্তি। আমলের মাধ্যমে ইবাদতকারীর মন উত্ফুল্ল হয়। ইবাদতের স্বাদ বলে একটি কথা হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু বহু মুসলমান এমন আছে, যারা বছরের পর বছর ইবাদত করে, আমলময় জীবন যাপন করে, কিন্তু কোনো শান্তি, কোনো তৃপ্তি অনুভূত হয় না।
এখানে ইবাদতে তৃপ্তি আসার উপায় নিয়ে আলোচনা করা হলো—
১. ভালো কাজে প্রতিযোগিতা করা : ভালো কাজে প্রতিযোগিতা ইবাদতে প্রশান্তি আনে। আল্লাহ বলেন, ‘তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো। (সুরা : হাদিদ, আয়াত : ২১) তাই কোনো সৎকর্মের সুযোগ এলে দ্রুত তা সম্পাদন করা সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য।
২. ইবাদতে কষ্ট স্বীকার করা : কষ্টের সঙ্গে পূর্ণভাবে অজু করা, এশা ও ফজরের জামাতে যোগদান করা, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া, কষ্টের সময় ও সচ্ছলতার সময় আল্লাহর পথে ব্যয় করাকে হাদিসে সর্বোত্তম আমল বলা হয়েছে। আল্লাহ তাঁর নবীকে বলেন, ‘অতঃপর নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।
অতএব যখন অবসর পাও একান্তে ইবাদত করো এবং তোমার রবের দিকে মনোনিবেশ করো। (সুরা : ইনশিরাহ, আয়াত : ৫-৮)
৩. বেশি বেশি নফল ইবাদত করা : নফল ইবাদত তৃপ্তিদায়ক আমলের ক্ষেত্রে সহায়ক। আল্লাহ তাঁর নবীকে বলেন, ‘আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ো। এটি তোমার জন্য অতিরিক্ত। নিঃসন্দেহে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে উঠাবেন।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৭৯)
৪. কোরআন অনুধাবন করা : যেকোনো অবস্থায় কোরআন হলো মুমিনের জন্য শিফা বা আরোগ্য। মহান আল্লাহ বলেন, ‘তবে কি তারা কোরআন অনুধাবন করে না? নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ?’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ২৪)
৫. পাপের কাছেও না যাওয়া : বারবার পাপ কাজ করার দ্বারা অন্তরে মরিচা পড়ে যায়। আল্লাহ বলেন, ‘...প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার নিকটবর্তী হবে না। ন্যায্য কারণ ছাড়া কাউকে হত্যা করবে না, যা আল্লাহ হারাম করেছেন। এসব বিষয় তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন, যাতে তোমরা অনুধাবন করো।’ (সুরা : আনআম, আয়াত : ১৫১)
৬. অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকা : সফল মুমিনদের গুণাবলি ব্যাখ্যায় আল্লাহ বলেন, ‘যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে নির্লিপ্ত।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৩)
রাসুল (সা.) বলেন, ‘ব্যক্তির ইসলামী সৌন্দর্য হলো, অনর্থক কর্মকাণ্ড পরিহার করা।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৯৬৭)
৭. ইবাদতে অহংকার না করা : আগে-পিছে সব গুনাহ মাফ থাকা সত্ত্বে রাসুলুল্লাহ (সা.) তাহাজ্জুদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইবাদত করতেন। এতে তাঁর দুই পা ফুলে যেত। এ প্রসঙ্গে স্ত্রী আয়েশা (রা.)-এর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?’ (বুখারি, হাদিস : ৪৮৯৭)
৮. সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা : আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। ইরশাদ হয়েছে, ‘...জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।’ (সুরা : রাদ, আয়াত : ২৮)
এ জন্য বিভিন্ন সময়ে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো নিয়মিত পাঠ করার অভ্যাস গড়ে তোলা উচিত। যেমন—খানাপিনা, ওঠা-বসা, নিদ্রাকালে ও জাগরণে দৈনন্দিন পঠিতব্য দোয়াগুলো বুঝেশুনে পাঠ করা উচিত। মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন।
রোগব্যাধি মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুষঙ্গ। অসুস্থ অবস্থায় শরীর দুর্বল থাকে, স্বাভাবিক চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ সময় অনেকেই মনে করেন, শরীর যেহেতু খারাপ, তাই সুস্থ হয়ে একবারে কাজা নামাজগুলো পড়ে নেবেন। কিন্তু ইসলামে অসুখ হলেই কি নামাজ ছেড়ে দেওয়া বা কাজা করার কোনো সুযোগ আছে? এর সহজ উত্তর হলো—না।
জ্ঞান বা চেতনা থাকা অবস্থায় কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই। তবে ইসলাম যেহেতু একটি সহজ ও মানবিক ধর্ম, তাই অসুস্থ ব্যক্তির জন্য নামাজ আদায়ের পদ্ধতিতে শিথিলতা দেওয়া হয়েছে।
জ্ঞান থাকা পর্যন্ত নামাজ অপরিহার্য
ইমান আনার পর একজন মুসলিমের ওপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। সুস্থ হোক বা অসুস্থ—চেতনা থাকা পর্যন্ত নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কারও ওপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না।
আল্লাহ বলেন, ‘আল্লাহ কারও ওপর তার সাধ্যাতীত কোনো কাজের ভার চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)
এই আয়াতের মর্মার্থ হলো, মানুষ যতটুকু শারীরিক সক্ষমতা রাখে, ঠিক ততটুকুর মাধ্যমেই তাকে আল্লাহর ইবাদত করতে হবে। সামান্য জ্বর বা দুর্বলতার অজুহাতে নামাজ কাজা করা ইসলাম সমর্থন করে না।
শারীরিক সক্ষমতা অনুযায়ী শিথিলতা
অসুস্থ ব্যক্তির জন্য ইসলাম নামাজ আদায়ের পদ্ধতি সহজ করে দিয়েছে। সাহাবি ইমরান ইবনে হুসাইন (রা.) অর্শ্বরোগে আক্রান্ত ছিলেন। তিনি নবীজির কাছে নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে পড়ো, আর যদি তা-ও না পারো তবে শুয়ে শুয়ে নামাজ আদায় করো।’ (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)
যদি কোনো রোগীর দাঁড়িয়ে নামাজ পড়লে রোগ বেড়ে যাওয়ার বা সুস্থ হতে দেরি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, অথবা মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় থাকে, তবে তার জন্য বসে রুকু-সেজদা করে নামাজ আদায় করা সম্পূর্ণ বৈধ। (আল-মারগিনানি, আল-হিদায়া শারহুল বিদায়া, ১/৭৪, মাকতাবাতুল বুশরা, করাচি, ২০০৬)
ইশারায় নামাজ আদায়ের বিধান
যদি রোগীর অবস্থা এমন হয় যে তিনি বসতেও পারছেন না, তখন তিনি পিঠের ওপর ভর দিয়ে বা একপাশে কাত হয়ে শুয়ে নামাজ পড়বেন। এ অবস্থায় মাথা নেড়ে ইশারায় রুকু ও সেজদা করবেন। সেজদার জন্য মাথার ইশারা রুকুর চেয়ে একটু বেশি নিচু করতে হবে।
কিন্তু যদি মাথা নেড়ে ইশারা করার শক্তিটুকুও না থাকে, তবে তাঁর আর ইশারা করার প্রয়োজন নেই। ইসলামি ফিকহের বিধান অনুযায়ী, চেতনা না থাকলে বা মাথার ইশারা করার শক্তি হারিয়ে ফেললে শুধু তখনই নামাজ স্থগিত থাকবে এবং সুস্থ হলে তা কাজা করে নিতে হবে।
ওজুর বিকল্প হিসেবে তায়াম্মুম
অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করলে যদি রোগ বেড়ে যাওয়ার বা মৃত্যুর আশঙ্কা থাকে, তবে ইসলাম ওজু বা গোসলের পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার অনুমতি দিয়েছে।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো... এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো।’ (সুরা নিসা, আয়াত: ৪৩)
অর্থাৎ, রোগীকে শুধু পানি ব্যবহারের ভয়ে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বরং পবিত্র হওয়ার বিকল্প পথ দেখিয়ে দেওয়া হয়েছে।
অসুস্থতা মূলত পাপ মাফের মাধ্যম
মুমিনের জন্য রোগব্যাধি কোনো শাস্তি নয়, বরং এটি পাপ মোচনের একটি বড় মাধ্যম। মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলিম যখন কোনো কষ্ট, রোগব্যাধি বা অন্য কোনো সমস্যায় ভোগে, তখন আল্লাহ এর মাধ্যমে তার পাপগুলো এমনভাবে ঝরিয়ে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৬৪০)
তাই অসুস্থ অবস্থায় কষ্ট করে আল্লাহর বিধান পালন করলে তার আধ্যাত্মিক মর্যাদা ও সওয়াব বহুগুণে বেড়ে যায়।
সামান্য জ্বর, মাথাব্যথা বা শারীরিক দুর্বলতার কারণে নামাজ কাজা করা বা ছেড়ে দেওয়া অনুচিত। জ্ঞান থাকা অবস্থায় নামাজ মাফ হওয়ার কোনো বিধান ইসলামে নেই। তাই অসুস্থ হলে ইসলামপ্রদত্ত সহজ বিকল্প পদ্ধতিগুলো গ্রহণ করে নামাজ আদায় করাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।
ছবি: সংগৃহীত
আল্লাহর সাহায্য মুমিন বান্দার সবচেয়ে বড় অবলম্বন। কোরআন ও হাদিসে এমন অনেক দোয়া বর্ণিত আছে যেগুলো পড়ে বিপদ, দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চাওয়া যায়। এখানে কোরআন-হাদিসে বর্ণিত আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ৫ দোয়া দেওয়া হলো।
১. যে কোনো বিপদে সাহায্য চাওয়ার দোয়া
যে কোনো কঠিন বিপদে কোনো উপায় খুঁজে না পেলে এই দোয়া পড়া যায়। হজরত ইউনুস (আ.) এই দোয়া পড়ে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। আরবি:
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ-জালিমীন।
বাংলা অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিঃসন্দেহে আমি জালিমদের একজন।
সূত্র: সুরা আম্বিয়া: ৮৭ ২. কঠিন কাজ সহজ হওয়ার দোয়া
কোনো কাজ অসম্ভব মনে হলে বা বাধা পার হওয়া কঠিন হলে এই দোয়ায় আল্লাহর সাহায্য চাওয়া যায়।
আরবি: اللَّهُمَّ لا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা, ওয়া আনতা তাজ'আলুল হাজনা ইজা শি'তা সাহলা।
বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিনকেও সহজ করে দেন। সূত্র: সহিহ ইবনে হিব্বান: ৯৭৪
৩. আল্লাহর ওয়াদা স্মরণ করে সাহায্য চাওয়ার দোয়া
বিজয়, সাহায্য বা রিজিকের জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এই দোয়া পড়া হয়। বদর যুদ্ধের সময় নবীজি (সা.) এই দোয়া করেছিলেন।
আরবি: اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি। বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি আমার সঙ্গে যে ওয়াদা করেছেন, তা পূর্ণ করুন। হে আল্লাহ, আমাকে তা দান করুন, যার ওয়াদা আপনি করেছেন।
সূত্র: সহিহ মুসলিম: ৪৪৮০
৪. আল্লাহর ওপর তাওয়াক্কুল প্রকাশ করে সাহায্য চাওয়ার দোয়া
ভয় বা বিপদের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) প্রকাশ করে সাহায্য চাওয়ার দোয়া এটি। হজরত ইবরাহিম (আ.) ও মুহাম্মদ (সা.) উভয়ই বিপদে এই দোয়া পড়েছিলেন।
আরবি: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
বাংলা উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল।
বাংলা অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক।
সূত্র: সুরা আলে ইমরান: ১৭৩, সহিহ বুখারি: ৪৫৬৩
৫. দুশ্চিন্তা, ঋণ ও অসহায়ত্ব থেকে মুক্তির দোয়া
জীবনের সব ধরনের দুশ্চিন্তা, দুঃখ, অলসতা, ঋণ ও অসহায়ত্ব থেকে মুক্তির জন্য এই দোয়া পড়া যায়।
আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বালা'য়িদ্দাইনি ওয়া কাহরির রিজাল।
বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে।
সূত্র: সহিহ বুখারি: ২৮৯৩
-আল্লাহর সাহায্য চাওয়ার সময় যে আদবগুলো মানবেন
-হালাল উপার্জন ও হালাল খাবারের চেষ্টা করুন।
-আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করে দোয়া শুরু করুন।
-দৃঢ় বিশ্বাস নিয়ে দুই হাত তুলে দোয়া করুন।
-তাড়াহুড়ো না করে ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিন।
-ভোররাত বা ফরজ নামাজের পরের মতো কবুলের সময়ে দোয়া করুন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া কী?
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল। অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক।
২. বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয়?
দোয়া ইউনুস: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ-জালিমীন।
৩. কঠিন কাজ সহজ হওয়ার দোয়া কী?
আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা, ওয়া আনতা তাজ'আলুল হাজনা ইজা শি'তা সাহলা।
৪. দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া কী?
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বালা'য়িদ্দাইনি ওয়া কাহরির রিজাল।
৫. কোন নবীরা বিপদে ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল’ পড়েছিলেন?
হজরত ইবরাহিম (আ.) ও নবী মুহাম্মদ (সা.)।
শেষ কথা
বিপদে মুমিনের প্রথম আশ্রয় আল্লাহ। যে কোনো বিপদে ওপরের দোয়াগুলো অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও ধৈর্য নিয়ে পড়ুন। আল্লাহ আমাদের সব বিপদ থেকে মুক্তি দেবেন, ইনশাআল্লাহ।,
পবিত্র কোরআন মূলত জ্যোতির্বিজ্ঞানের কোনো বই নয়; এটি মানবজাতির হেদায়েত বা জীবনব্যবস্থার চূড়ান্ত নির্দেশিকা। কিন্তু কোরআনে আল্লাহ নিজের অসীম ক্ষমতার নিদর্শন বোঝাতে গিয়ে মহাবিশ্ব, গ্রহ-নক্ষত্র ও প্রকৃতির এমন কিছু তথ্য দিয়েছেন, যা দেড় হাজার বছর আগে মানুষের কল্পনারও অতীত ছিল।
আধুনিক বিজ্ঞান তার অত্যাধুনিক টেলিস্কোপ ও প্রযুক্তির সাহায্যে আজ যেসব মহাজাগতিক সত্য আবিষ্কার করছে, কোরআন শতাব্দীর পর শতাব্দী ধরে অত্যন্ত সাবলীল ভাষায় সেই সত্যগুলো ধারণ করে আছে।
মহাকাশ নিয়ে কোরআনের বিস্ময়কর ৩টি তথ্য তুলে ধরা হলো।
১. মহাবিশ্বের ক্রমাগত সম্প্রসারণ
প্রাচীনকালের বিজ্ঞানী ও দার্শনিকদের ধারণা ছিল মহাবিশ্ব স্থির বা এর আকার অপরিবর্তনশীল। ১৯২৯ সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল টেলিস্কোপের মাধ্যমে প্রমাণ করেন যে মহাবিশ্ব স্থির নয়, বরং গ্যালাক্সিগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে।
আধুনিক বিজ্ঞানের এই ‘এক্সপান্ডিং ইউনিভার্স’ তত্ত্বের কথা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে।
আল্লাহ বলেন, ‘আমি স্বীয় ক্ষমতায় আকাশ নির্মাণ করেছি এবং আমিই এর সম্প্রসারণকারী।’ (সুরা জারিয়াত, আয়াত: ৪৭)
ইবনে কাসির এই আয়াতের ‘ইন্না লামুসিউন’কে (আমিই এর সম্প্রসারণকারী) ব্যাখ্যা করে লিখেছেন, ‘এর অর্থ হলো, আমি এর প্রশস্ততা বৃদ্ধি করেছি এবং আকাশকে পৃথিবীর ওপরে অনেক উঁচুতে ও বিশাল করে স্থাপন করেছি।’ (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৭/৪২৫, দারু তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)
২. মহাজাগতিক বস্তুর নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ
একসময় মানুষের ধারণা ছিল পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। পরে বিজ্ঞানীদের ধারণা হয় সূর্য স্থির এবং পৃথিবী ঘোরে। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্যও স্থির নয়; বরং এটি তার পুরো সৌরজগৎ নিয়ে মিল্কিওয়ে গ্যালাক্সির একটি নির্দিষ্ট কক্ষপথে বিপুল বেগে ছুটে চলেছে।
কোরআন শতাব্দীর পর শতাব্দী ধরে মহাজাগতিক বস্তুসমূহের এই গতিশীলতার নিখুঁত তথ্য দিয়ে আসছে। আল্লাহ বলেন, ‘আর তিনিই রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন; প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৩৩)
তাফসিরগ্রন্থে আয়াতের ‘ইয়াসবাহুন’ (সাঁতার কাটা বা বিচরণ করা) শব্দের চমৎকার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ‘তারা মহাশূন্যে এমনভাবে ভাসমান বা চলমান, যেমন পানিতে কোনো কিছু সাঁতার কাটে বা চলমান থাকে; অর্থাৎ তারা শূন্যে স্থির নয়।’ (আল-কুরতুবি, আল-জামি লি-আহকামিল কুরআন, ১১/২৮৬, দারুল কুতুবিল মিসরিয়্যাহ, কায়রো, ১৯৬৪)
৩. মহাবিশ্বের উৎপত্তি ও প্রাথমিক সংযুক্ত অবস্থা
আধুনিক বিজ্ঞানের ‘বিগ ব্যাং’ বা মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী, সৃষ্টির আদিতে পুরো মহাবিশ্ব একটি অতি-উত্তপ্ত ও ঘন বিন্দুতে পুঞ্জীভূত (সিঙ্গুলারিটি) অবস্থায় ছিল। এরপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে তা আলাদা হয়ে মহাবিশ্বের সৃষ্টি হয়। বিস্ময়কর ব্যাপার হলো, পবিত্র কোরআনে প্রায় হুবহু এই চিত্রটিই ফুটে উঠেছে।
আল্লাহ বলেন, ‘যারা কুফরি করে, তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিন (মহাবিশ্ব) এক বিন্দুতে মিশে (ওতপ্রোতভাবে যুক্ত) ছিল, অতঃপর আমিই তাদের আলাদা করে দিয়েছি...।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৩০)
ইমাম তাবারি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ‘আসমান ও জমিন সৃষ্টির শুরুতে পরস্পর জোড়া লাগানো ছিল, তাদের মাঝে কোনো ফাঁকা স্থান ছিল না; এরপর আল্লাহ বাতাস বা শক্তির মাধ্যমে তাদের আলাদা করে শূন্যস্থানের সৃষ্টি করেন।’ (আত-তাবারি, জামিউল বয়ান ফি তাফসিরিল কুরআন, ১৭/১১, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ২০০০)
কোরআনে বর্ণিত মহাজগতের এসব বৈজ্ঞানিক নিদর্শন বারবার প্রমাণ করে যে এই গ্রন্থ কোনো মানুষের রচিত নয়; বরং এটি এমন এক সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি এই সুবিশাল মহাবিশ্বের একচ্ছত্র স্রষ্টা ও নিয়ন্ত্রক।
ছবি : সংগৃহীত
‘তওবা’ একটি আরবি শব্দ, যার অভিধানিক অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। ইসলামের পরিভাষায় তওবা মানে হলো মহান আল্লাহর নিষিদ্ধ কাজ চিরতরে ছেড়ে দিয়ে তাঁর নির্দেশিত পথ ও ধর্মের দিকে ফিরে আসা। অনেক সময় মানুষ তওবা করার পরও শয়তানের প্ররোচনায় কিংবা প্রবৃত্তি তাড়িত হয়ে আবার পাপে লিপ্ত হয়ে পড়ে। বারবার তওবা ভেঙে আবার অপরাধে জড়িয়ে পড়ার কারণে অনেকে লজ্জা ও হতাশায় তওবা করাই ছেড়ে দেয়।
তাবেয়ি হাসান বসরিকে (রহ.) একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘বান্দা পাপ করে আবার তওবা করে, এরপর আবার পাপ করে আবার তওবা করে—এতে কি তার লজ্জিত হওয়া উচিত নয়?’ তিনি উত্তরে বলেছিলেন, ‘শয়তান তো এটাই চায়! তোমরা কখনোই তওবা করা ছাড়বে না।’ (ইবনে রজব আল-হানবালি, জামিউল উলুমি ওয়াল হিকাম, ১/৪১৫, দারুল হাদিস, কায়রো, ২০০১)
একইভাবে অনেক সময় খাঁটি মনে তওবা করার পর মানুষের জীবনে সাময়িক কষ্ট, পরীক্ষা কিংবা রিজিকের অভাব দেখা দিতে পারে।
ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যাহ উল্লেখ করেছেন, তওবার পর সংকট আসা মূলত আল্লাহর পক্ষ থেকে ইমানের এক বিশেষ পরীক্ষা; আল্লাহ দেখতে চান বান্দা বিপদেও তাঁর ওপর অবিচল থাকে নাকি আবার পাপাচারের দিকে ফিরে যায়। (ইবনুল কাইয়িম, আল-ফাওয়াইদ, পৃষ্ঠা ৯৫, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৭৩)
শতবার প্রতিশ্রুতি ভাঙলেও পরম আল্লাহর দরবারে ফিরে আসার পথ সবসময় খোলা থাকে। বান্দার অনুশোচনায় আল্লাহ এতটাই আনন্দিত হন, যা মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ও রশদ খুঁজে পাওয়ার পর মালিকের আনন্দের চেয়েও অনেক বেশি। (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৮)
শুধু মুখে স্বীকার নয়
তওবা শুধু মুখের কিছু প্রথাগত শব্দ উচ্চারণ নয়। শুধু ‘আস্তাগফিরুল্লাহ’ বা ‘হে আল্লাহ আমাকে ক্ষমা করো’ বলাটাই তওবার মূল কথা নয়, যদি না এর পেছনে অন্তরের গভীর অনুশোচনা থাকে।
পবিত্র কোরআনে ধোঁকাবাজিমুক্ত ও খাঁটি তওবার নির্দেশ দিয়ে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো—খাঁটি তওবা। (সুরা তাহরিম, আয়াত: ৮)
একজন মুমিন ও একজন দুরাচারী মানুষের মধ্যে পাপকে দেখার দৃষ্টিভঙ্গিতে মৌলিক পার্থক্য থাকে।
মহানবী (সা.) বলেছেন, একজন মুমিন তার পাপকে এত বড় মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে এবং ভয় পাচ্ছে যে পাহাড়টি যেকোনো মুহূর্তে তার ওপর ভেঙে পড়বে; অন্যদিকে একজন দুরাচারী লোক তার পাপকে মাছির মতো মনে করে, যা তার নাকের ওপর দিয়ে উড়ে যায়। (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৮)
তওবা কবুলের আবশ্যকীয় ৫ শর্ত
ইসলামের বিধান অনুযায়ী, একজন মানুষের তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য সুনির্দিষ্ট পাঁচটি শর্ত পূরণ করা আবশ্যক:
১. একনিষ্ঠ তওবা: তওবা হতে হবে শুধুই পরম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোনো সামাজিক লোকলজ্জা, দুনিয়াবি ক্ষতি এড়ানো কিংবা মানুষের কাছে ধার্মিক হিসেবে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে তওবা করলে তা কবুল হবে না।
কোরআনে বলা হয়েছে, আর তাদের শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন একনিষ্ঠ হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করে। (সুরা বাইয়িনা, আয়াত: ৫)
২. কৃতকর্মের জন্য অনুতাপ: অতীতের করা অন্যায় ও পাপের জন্য অন্তরে গভীর লজ্জা ও অনুশোচনা থাকতে হবে। আল্লাহর অবাধ্যতা করা এবং তাঁর আদেশ অমান্য করার কারণে নিজের ভেতর যে আত্মগ্লানির জন্ম হয়, সেটাই হলো তওবার মূল আত্মিক রূপ।
৩. পাপ কাজ বর্জন: যে পাপে মানুষ লিপ্ত ছিল, তা তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। যদি পাপটি কোনো ফরজ ইবাদত (যেমন নামাজ বা জাকাত) ছেড়ে দেওয়ার সঙ্গে সম্পর্কিত হয়, তবে তা কাজা বা আদায় করার উদ্যোগ নিতে হবে।
আর যদি পাপটি মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত হয়, যেমন কারও ধন-সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা বা কাউকে গিবত বা অপবাদ দেওয়া ইত্যাদি, তবে মালিকের সম্পদ ফিরিয়ে দিতে হবে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিষ্কৃতি পেতে হবে।
৪. ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্প: মনে মনে আবার পাপে ফিরে যাওয়ার ইচ্ছা রেখে মুখে তওবা করা এক ধরনের উপহাস। তওবা কবুল হওয়ার জন্য অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে সুযোগ পেলেও ভবিষ্যতে আর এই পাপে লিপ্ত হওয়া যাবে না।
তবে দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও মানবিক দুর্বলতার কারণে পরবর্তীকালে আবার ভুল হয়ে গেলে আগের তওবা বাতিল হবে না; কিন্তু নতুন ভুলের জন্য নতুন করে আবার তওবা করতে হবে।
৫. সময় পার হওয়ার আগেই তওবা করা
তওবার দরজা সবসময় খোলা থাকলেও দুটি বিশেষ সময় পার হয়ে গেলে তওবা আর কবুল হয় না:
১. মৃত্যুর গলার কাছে প্রাণ আসার পূর্বে। মৃত্যুর মুখোমুখি হয়ে নিশ্চিত বিনাশ দেখে তওবা করলে তা কবুল হয় না। কোরআনে বলা হয়েছে, আর তাদের জন্য তওবা নেই, যারা আজীবন মন্দ কাজ করে যায়, অবশেষে যখন তাদের কারও কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, তখন সে বলে: আমি এখন তওবা করছি। (সুরা নিসা, আয়াত: ১৮)
প্রাচীন মিসরের ফেরাউন সমুদ্রে ডুবে মৃত্যুর মুখোমুখি হয়ে ইমান আনার ঘোষণা দিয়েছিল, কিন্তু আল্লাহ তার শেষ মুহূর্তের অনুশোচনা প্রত্যাখ্যান করেছিলেন। (সুরা ইউনুস, আয়াত: ৯০-৯১)
২. পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পূর্বে। কেয়ামতের অন্যতম প্রধান আলামত হিসেবে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর সমগ্র মানবজাতি ইমান আনলেও সেদিনকার তওবা আর গ্রহণযোগ্য হবে না। (সহিহ বুখারি, হাদিস: ৪৬৩৬)
তওবা মুমিনের সারাজীবনের অভ্যাস
তওবা কোনো সাময়িক আনুষ্ঠানিকতা নয়; এটি একজন মুমিনের সারাজীবনের নিত্যদিনের অভ্যাস।
নবীজিও প্রতিদিন আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, হে মানবজাতি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আমি দিনে ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। (সহিহ মুসলিম, হাদিস: ২৭০২)
অন্য বর্ণনায় এসেছে, তিনি দিনে ৭০ বারেরও বেশি ক্ষমাপ্রার্থনা করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৭)
পাপ যত বড় বা যত বেশিই হোক না কেন, আল্লাহর রহমতের মহাসমুদ্রের সামনে তা অত্যন্ত তুচ্ছ। সততা, আত্মশুদ্ধি এবং শর্ত সাপেক্ষে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমেই মানুষ অর্জন করতে পারে পরম প্রতিপালকের ভালোবাসা ও ক্ষমার অফুরন্ত সুসংবাদ।
মানুষ যাকে ভালোবাসে, তার জন্য সময় বের করে। তার গুরুত্ব উপলব্ধি করে, তার কথা পালনে সচেষ্ট হয়। আল্লাহ–তাআলার নৈকট্য লাভের বিষয়টি এমনই। আল্লাহর পরিচয়, তাঁর অসীম অনুগ্রহ জানা থাকলে অন্তরে তাঁর প্রতি আগ্রহ বাড়ে। ফলে বান্দার সঙ্গে তার রবের সম্পর্ক তৈরি হয়।
এই সম্পর্ক যত গভীর হয়, বান্দা ততই আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ পায়। সুতরাং আল্লাহর নৈকট্য লাভের জন্য মুমিনের জীবনে এই ১০টি বিষয়ের চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ।
১. আল্লাহর পরিচয় ও মহত্ত্ব উপলব্ধি করা
ইবাদতের প্রতি ভালোবাসা তৈরির অন্যতম উপায় হলো আল্লাহকে চেনা। তাঁর অসীম ক্ষমতা, দয়া, অনুগ্রহ ও মহত্ত্ব সম্পর্কে যত বেশি জানা যায়, অন্তরে তাঁর প্রতি ভালোবাসা ও আনুগত্য তত গভীর হয়। মানুষ যখন উপলব্ধি করে, তার জীবন, জীবিকা, সুস্থতা ও প্রতিটি নিশ্বাস আল্লাহর দান, তখন তাঁর সামনে সিজদাবনত হতে মন আগ্রহী হয়।
সৃষ্টিজগতের নিদর্শন নিয়ে চিন্তা করা, আল্লাহর গুণাবলি সম্পর্কে জানা এবং তাঁর অনুগ্রহ স্মরণ করা অভ্যাসে পরিণত হলে ইবাদত কেবল আনুষ্ঠানিকতা না থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ হয়ে উঠবে।
আল্লাহ–তাআলা বলেন, ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৯০)
২. ইবাদতের গুরুত্ব ও ফজিলত জানা
যে কাজের মর্যাদা ও প্রতিদান সম্পর্কে মানুষ জানে, সে কাজের প্রতি তার আগ্রহও বাড়ে। নামাজ, রোজা, কোরআন পাঠ, জিকির ও সদকার ফজিলত সম্পর্কে জানা থাকলে তা মুমিনকে ইবাদতে উৎসাহিত করবে এবং আমল করার ক্ষেত্রে নতুন উদ্যম তৈরি হবে।
রমজানের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৮)
৩. নামাজে যত্নবান হওয়া
মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এর মাধ্যমে বান্দা প্রতিদিন পাঁচবার আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সুযোগ পায়।
যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান, তার ইবাদতজীবন সুশৃঙ্খল। তাই নামাজকে দিনের অন্যান্য কাজের ফাঁকে নয়, বরং দিনের কাজগুলোকে নামাজের সময়ের সঙ্গে মিলিয়ে সাজানোর অভ্যাস করতে হবে।
আল্লাহ–তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুমিনগণ সফলকাম, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।’ (সুরা মুমিনুন, আয়াত: ১-২)
৪. কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা
কোরআন আল্লাহ–তাআলার কালাম। এটি মুমিনের জীবনে সর্বোত্তম পথনির্দেশক। এর তিলাওয়াতে ইমান বৃদ্ধি পায়, অন্তর প্রশান্ত হয়।
আল্লাহ–তাআলার নৈকট্য লাভের জন্য আমাদের উচিত নিয়মিত কোরআন পাঠ করা, যেন কোরআন থেকে আমাদের দূরত্ব তৈরি না হয়।
আল্লাহ বলেন, ‘মুমিন তো তারাই, (যাদের সামনে) আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়, যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ পড়া হয়, তখন তা তাদের ইমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের ওপর ভরসা করে।’ (সুরা আনফাল, আয়াত: ২)
৫. জিকির ও দোয়ায় অভ্যস্ত হওয়া
আল্লাহর স্মরণ অন্তরকে জীবিত রাখে। দুনিয়ার নানা ব্যস্ততার মধ্যে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, তখন তার অন্তরে প্রশান্তি আসে। সকাল-সন্ধ্যার জিকির, নামাজের পর তাসবিহ-তাহলিল এবং বিভিন্ন সময়ে দোয়া করার অভ্যাস মুমিনের জীবনকে আল্লাহমুখী করে তোলে।
তাই কাজের ফাঁকে, চলার পথে কিংবা অবসর সময়ে জিকিরের অভ্যাস করা, যাতে প্রতিদিনের জীবনে আল্লাহর স্মরণ অব্যাহত থাকে।
আল্লাহ–তাআলা বলেন, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।’ (সুরা রাদ, আয়াত: ২৮)
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতের মতো।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৭)
৬. পুণ্যবান মানুষের সাহচর্য গ্রহণ করা
মানুষের চিন্তা, আচরণ ও অভ্যাস গঠনে সঙ্গের প্রভাব অনেক বেশি। ভালো মানুষের সাহচর্য ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। তাদের ইবাদত, আচার-আচরণ ও জীবনযাপন অন্যদেরও অনুপ্রাণিত করে।
তাই একজন মুমিনের উচিত এমন মানুষের সাহচর্য গ্রহণ করা, যার সঙ্গে থাকলে আল্লাহর কথা স্মরণ হয়, ইবাদতে উৎসাহ পাওয়া যায় এবং পাপ থেকে বেঁচে থাকার প্রেরণা তৈরি হয়।
রাসুল (সা.) সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত দিয়েছেন আতর বিক্রেতা ও কামারের হাপরের সঙ্গে। বলেছেন, ‘আতর বিক্রেতার কাছ থেকে সুগন্ধি পাওয়া যায়, আর কামারের হাপর কাপড় জ্বালিয়ে দেয় কিংবা তার কাছ থেকে শুধু দুর্গন্ধই পাওয়া যায়।’ (সহিহ বুখারি, হাদিস ৫৫৩৪)
৭. পাপ থেকে দূরে থাকা
পাপ মানুষের অন্তরকে কলুষিত করে এবং ইবাদতের প্রতি অনীহা তৈরি করে। বারবার পাপের কাজে লিপ্ত হলে আস্তে আস্তে অন্তরের সংবেদনশীলতা কমে যায়। ফলে নেক আমলের প্রতি আগ্রহও হ্রাস পেতে থাকে। তাই দৃষ্টিকে সংযত রাখা, মিথ্যা ও পরনিন্দা থেকে বেঁচে থাকা, হারাম উপার্জন পরিহার করা এবং যাবতীয় পাপাচার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
কোনো ভুল হয়ে গেলে দ্রুত তওবা করতে হবে। কারণ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নেই। (সুরা জুমার, আয়াত: ৫৩)
৮. নফল ইবাদতের অভ্যাস করা
ফরজ ইবাদত মুমিনের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি নফল ইবাদত আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহাজ্জুদ, চাশতের নামাজ, নফল রোজা, সদকা ও অন্যান্য নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহর আরও কাছে পৌঁছাতে পারে।
তাই ফরজ ইবাদতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী নফল ইবাদতের অভ্যাস গড়তে হবে।
হাদিসে কুদসিতে আল্লাহ–তাআলা বলেন, ‘আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৫০২)
৯. মৃত্যু ও পরকালের কথা স্মরণ করা
দুনিয়ার মোহ মানুষকে আখিরাতের কথা ভুলিয়ে দেয়। অথচ মৃত্যু জীবনের অবধারিত সত্য। একদিন সব ব্যস্ততা, আয়োজন ও অর্জন পেছনে ফেলে মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
এই উপলব্ধি মানুষকে ইবাদতের প্রতি সচেতন করে। ফলে আল্লাহ–তাআলার নৈকট্য লাভের পথ সুগম হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা স্বাদ বিনষ্টকারী বিষয়কে বেশি বেশি স্মরণ করো। অর্থাৎ মৃত্যুকে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩০৭)
১০. আমলের হিসাব নেওয়া
আত্মসমালোচনা মানুষের জীবন সংশোধনের অন্যতম উপায়। প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করলে ভুলত্রুটি চিহ্নিত করা যায় এবং পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করা যায়। আজ কতটুকু ইবাদত হলো, কোন কাজে অবহেলা হয়েছে, কোন কাজটি করা উচিত হয়নি—এভাবে চিন্তা করা প্রয়োজন।
আল্লাহ–তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবগত।’ (সুরা হাশর, আয়াত: ১৮)
শেষ কথা
আল্লাহর নৈকট্য অর্জন করা খুবই সহজ। এর জন্য প্রয়োজন আল্লাহর প্রতি ভালোবাসা, তাঁর ভয়, আখিরাতের চিন্তা এবং নিয়মিত আমলের চর্চা।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৪, সহিহ মুসলিম, হাদিস: ৭৮৩)
ছবি : সংগৃহীত
নামাজ বা নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। এটি শুধু একটি শারীরিক ইবাদত বা কিছু নির্দিষ্ট রীতিনীতি পালনের সমষ্টি নয়; বরং এটি বান্দা ও আল্লাহর মধ্যকার এক পবিত্র আত্মিক কথোপকথন কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততা, মানসিক অস্থিরতা ও জাগতিক চিন্তার কারণে নামাজে একনিষ্ঠতা বা ‘খুশু-খুজু’ ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। নামাজকে জীবন্ত ও কার্যকর করতে হলে এতে একাগ্রতা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।
নামাজে মনোযোগ ধরে রাখার ৫টি কার্যকর উপায় আলোচনা করা হলো।
১. নামাজের অর্থ অনুধাবন করা
আমরা নামাজে যে সুরা, তাসবিহ ও দোয়াগুলো তেলাওয়াত করি, সেগুলোর অর্থ না বুঝলে মন সহজেই অন্য চিন্তায় হারিয়ে যায়। আরবি উচ্চারণের পাশাপাশি অর্থ ও মর্মার্থ জানলে সুরা তেলাওয়াতের সময় মনে গভীর প্রভাব পড়ে।
পবিত্র কোরআনে মুমিনদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ‘নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনরা, যারা নিজেদের নামাজে বিনীত ও নম্র।’ (সুরা মুমিনুন, আয়াত: ১-২)
অর্থ বুঝে পাঠ করলে নামাজের প্রতিটি বাক্যে অন্তরে সৃষ্টিকর্তার ভয় ও ভালোবাসা জাগ্রত হয়।
২. প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা
মানুষ যখন নিশ্চিত হয় যে একটি কাজ সে শেষবারের মতো করছে, তখন সেখানে তার সর্বোচ্চ মনোযোগ ও আন্তরিকতা প্রকাশ পায়। নামাজের ক্ষেত্রেও এই মানসিকতা তৈরি করা প্রয়োজন।
রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, ‘যখন তুমি নামাজে দাঁড়াবে, তখন এমনভাবে নামাজ আদায় করো, যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪১৭০)
প্রতিবার নামাজের তাকবিরে তাহরিমা বাঁধার সময় যদি ভাবা হয়—হয়তো আর কোনো নামাজের সুযোগ জীবনে আসবে না, তবে দুনিয়াবি সমস্ত চিন্তা নিমেষেই তুচ্ছ হয়ে যায়।
৩. ধীরস্থিরতা বজায় রাখা
তাড়াহুড়ো করে নামাজ আদায় করা মনোযোগ নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। রুকু, সেজদা ও কেয়ামের মতো রুকনগুলো ধীরস্থিরভাবে ও প্রশান্তির সঙ্গে সম্পন্ন করা নামাজের ওয়াজিব বা আবশ্যকীয় বিধান।
হাদিস শরিফে এক সাহাবিকে দ্রুত নামাজ পড়তে দেখে রাসুল (সা.) তিনবার পুনর্বার নামাজ আদায়ের নির্দেশ দিয়ে বলেছিলেন, যতক্ষণ না তুমি স্বস্তির সঙ্গে রুকু ও সিজদা সম্পন্ন করো, ততক্ষণ তোমার নামাজ পূর্ণ হবে না। (সহিহ বুখারি, হাদিস: ৭৫৭)
ধীরগতিতে প্রতিটি তাসবিহ আদায় করলে মন স্থির হয়।
৪. আল্লাহর উপস্থিতি অনুভব করা
নামাজে মনোযোগ ধরে রাখার মূল চাবিকাঠি হলো ‘ইহসান’-এর অনুভূতি।
রাসুল (সা.) ইহসানের সংজ্ঞায় বলেছেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো, যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ; আর যদি দেখতে না পাও, তবে নিশ্চিত মনে করো যে তিনি তোমাকে দেখছেন। (সহিহ বুখারি, হাদিস: ৫০)
ইমাম গাজালি লিখেছেন, নামাজে অন্তরের উপস্থিতি (হুজুরে কলব) অর্জনের জন্য রাজাধিরাজ আল্লাহর মহানুভবতা ও নিজের হেয়তা উপলব্ধি করা আবশ্যক; যখন বান্দা বুঝতে পারে সে কার সামনে দাঁড়িয়েছে, তখন তার অঙ্গপ্রত্যঙ্গ স্বয়ংক্রিয়ভাবে বিনম্র হয়ে যায়। (আল-গাজালি, ইহইয়াউ উলুমিদ্দিন, ১/২০৫, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা, ২০০২)
৫. শয়তানের প্ররোচনা থেকে আত্মরক্ষা
নামাজে দাঁড়ালেই শয়তান মানুষকে পুরোনো বা অপ্রাসঙ্গিক কথা মনে করিয়ে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। হাদিসে এই বিশেষ শয়তানের নাম বলা হয়েছে ‘খিনজাব’।
সাহাবি ওসমান ইবনে আবিল আস (রা.) নবীজির কাছে নামাজে মনোযোগ ছুটে যাওয়ার অভিযোগ করলে তিনি পরামর্শ দেন, যখনই এরূপ অনুভবে মন বিচলিত হবে, তখন বাঁ দিকে মৃদু থুতু ফেলার মতো ইশারা করে আল্লাহর কাছে শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় প্রার্থনা বা ‘আউজুবিল্লাহ’ পড়বে। (সহিহ মুসলিম, হাদিস: ২২০৩)
নামাজে মনোযোগ এক দিনে অর্জিত হওয়ার মতো কোনো বিষয় নয়; এটি একটি নিরবচ্ছিন্ন সাধনা।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে উল্লিখিত বিষয়গুলো চর্চা করতে পারলে নামাজ শুধু বাহ্যিক অনুষ্ঠান থাকবে না, বরং তা হয়ে উঠবে অন্তরের প্রশান্তি ও আত্মিক উন্নতির চূড়ান্ত মাধ্যম।