বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী শনিবার (২৮ নভেম্বর)। ভোটের আর মাত্র এক দিন বাকি। কিন্তু অনেক চা শ্রমিক অভিযোগ করছেন, কেন্দ্রীয় কমিটির অনেক প্রার্থীর সঙ্গে এখনো তাঁদের দেখাই হয়নি।
ভোটের আগেই যাঁরা শ্রমিকদের কাছে আসেননি, নির্বাচিত হলে তাঁরা শ্রমিকদের অধিকার নিয়ে কতটা কাজ করবেন, সে প্রশ্ন তুলছেন অনেকে। প্রার্থীরা অবশ্য বলছেন, প্রচারণার সময় খুবই কম। এত অল্প সময়ে দেশের ২৩১টি চা বাগানে গিয়ে সব শ্রমিকের সঙ্গে দেখা করা কঠিন।
অন্যদিকে বিশেষজ্ঞ ও শ্রমিকনেতারা মনে করেন, সমস্যার মূলে আছে কাঠামো। এত বড় পরিসরে একটি মাত্র কেন্দ্রীয় ইউনিয়ন থাকায় নেতাদের সঙ্গে শ্রমিকদের দূরত্ব বাড়ছে, জবাবদিহিও কমছে।
মুরইছড়া চা বাগানের চা শ্রমিক কৌশল্যা উড়াং জানান, আমার চা বাগানে কেন্দ্রীয় কমিটির কোনো প্রার্থীকে আসতে দেখিনি। তিনি বলেন, আমি একজন ভোটার, তাই প্রার্থীদের সরাসরি দেখে, তাঁদের কথা শুনে ভোট দিতে পারলে ভালো হতো। কিন্তু করার কিছু নেই। বিভিন্ন প্রার্থীর পক্ষে বিভিন্ন লোকজন এসে প্রচার চালাচ্ছেন। অথচ মূল প্রার্থীরাই আসছেন না।
নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ জানান, এখন পর্যন্ত তিনি বেশির ভাগ চাবাগানে প্রচারণা চালিয়েছেন। আরও কিছু বাগানে যাওয়া বাকি রয়েছে। প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে নেতাদের জবাবদিহি থাকা জরুরি। নেতা যিনিই হোন না কেন, তাঁকে জনগণের কাছে যেতে হবে। এতে জবাবদিহি তৈরি হয়। তবে প্রচারণার জন্য সময় খুবই কম হওয়ায় সব বাগানে পৌঁছানো কঠিন হচ্ছে।
পঙ্কজ কন্দ বলেন, আধা ঘণ্টা বা এক ঘণ্টার জন্য হলেও প্রতিটি বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বাকি বাগানগুলোতেও প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানান, অন্তত এক মাস সময় দেওয়া প্রয়োজন। কারণ, প্রতিটি চা-বাগানে শ্রমিকদের নিজস্ব কমিটি ও সাংগঠনিক কার্যক্রম রয়েছে। অল্প সময়ে সব বাগানে পৌঁছানো কঠিন।
রাজু গোয়ালা জানান, ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ বাগানে প্রচারণা চালিয়েছেন। তাঁর প্রচারণার মূল লক্ষ্য শ্রমিকদের কাছে নিজের পরিচয় ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া।
তিনি বলেন, অনেক প্রার্থীকে শ্রমিকেরা চেনেন না, এমনকি তাঁদের নামও জানেন না। তাই ভোটারদের কাছে পৌঁছানোর আগে প্রার্থীদের পরিচিতি তৈরি করা জরুরি। বাকি বাগানগুলোতেও প্রচারণা চালানোর চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন, আমি নিজেই সিলেটের অনেক চা বাগানে যেতে পারিনি। এখন চেষ্টা করছি যাওয়ার জন্য।
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস জানান, এত বড় পরিসরে সারা দেশের চা-বাগান গুলোতে প্রচারণা চালানো শ্রমিক প্রতিনিধিদের জন্য কঠিন। বিশেষ করে যাঁরা প্রকৃত শ্রমিক এবং শ্রমিকদের মধ্য থেকেই নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁদের পক্ষে সীমিত মজুরি দিয়ে বিভিন্ন বাগানে গিয়ে প্রচারণা চালানো ও ভোটারদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব।
সঞ্জয় দাস বলেন, এ ক্ষেত্রে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগে থেকেই একটি পরিকল্পনা নেওয়া প্রয়োজন ছিল। কীভাবে প্রার্থীরা প্রচারণা চালাবেন, কীভাবে প্রতীকভিত্তিক প্রচারণার মাধ্যমে শ্রমিকদের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, সেসব বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। এতে শ্রমিকেরা প্রার্থীদের সম্পর্কে জানতে পারতেন এবং নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেতেন। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় ও পরিকল্পনা থাকা জরুরি। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি ও প্রচারণার সুযোগ থাকলে শ্রমিকেরা তাঁদের প্রকৃত প্রতিনিধিদের চিনতে পারতেন। প্রায় আট বছর পর হঠাৎ করে নির্বাচনের আয়োজন করায় শ্রমিকদের সেই সুযোগ সীমিত হয়েছে। তাঁর মতে, মজুরি আন্দোলনকে আড়াল করার উদ্দেশ্যেই তড়িঘড়ি করে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।
এদিকে, চা শ্রমিক ইউনিয়নের কাঠামো ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন। তিনি ভারত ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ওই দেশগুলোতে চা শ্রমিকদের একাধিক ইউনিয়ন রয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কায় ৭০ টি ইউনিয়ন রয়েেছে এর মধ্যে চারটি শক্তিশালী ইউনিয়ন রয়েছে, যারা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপস করে না।
ফিলিপ গাইন বলেন, বাংলাদেশে একটি বিশাল ইউনিয়ন পরিচালনা করা কঠিন। ইউনিয়নগুলোকে কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে ইউনিয়নের জবাবদিহি বাড়বে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। এত বড় একটি ইউনিয়নের মাধ্যমে সব শ্রমিকের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা কঠিন হওয়ায় অনেক শ্রমিক বঞ্চিত হন।
শ্রম সংস্কার কমিশনের সদস্য ওবাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত জানান, চা শ্রমিক ইউনিয়নের বর্তমান কাঠামো ও নির্বাচনব্যবস্থা নিয়ে সমালোচনা করেন। তাঁর বক্তব্যে ইউনিয়ন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয়করণের প্রবণতা, নির্বাচন নিয়মিত না হওয়া এবং অর্থায়নের স্বচ্ছতার বিষয়গুলো উঠে আসে।
তপন দত্ত বলেন, ইউনিয়ন গঠনের ক্ষেত্রে জেলা বা আঞ্চলিক পর্যায়ে সংগঠন করার সুযোগের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে পরিচালনার যে ব্যবস্থা রাখা হয়েছে, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। অতীতে বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলোও এ ব্যবস্থার সমালোচনা করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারাও তা পরিবর্তন করেনি বলে অভিযোগ করেন তিনি।
ইউনিয়নের নির্বাচন নিয়মিত হওয়া এবং অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তপন দত্ত। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ইউনিয়নকে আরও গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৬৯ কনভেনশনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
ময়মনসিংহের ত্রিশালে দোকান ভাড়া নেওয়ার পর প্রায় চার বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার দায় বর্তমান ভাড়াটিয়ার ওপর চাপানোর অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের করা মামলার কাগজপত্র এবং দোকানঘর ভাড়ার চুক্তিপত্র পর্যালোচনায় সময়ের অসংগতির বিষয়টি সামনে এসেছে।
নথি অনুযায়ী, ত্রিশাল উপজেলার চক রামপুর বাজারের একটি দোকানঘর ভাড়ার চুক্তি সম্পাদিত হয় ২০২৬ সালের ১ সেপ্টেম্বর। চুক্তিতে দোকানমালিক হিসেবে মো. আবদুল কাইয়ুম মণ্ডল এবং ভাড়াটিয়া হিসেবে মো. জুনায়েদের নাম উল্লেখ রয়েছে। চুক্তির মেয়াদ পাঁচ বছর এবং মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। পাশাপাশি চার লাখ টাকা জামানতের কথাও উল্লেখ রয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের মামলার কাগজে প্রায় চার বছর সময়ের বিদ্যুৎ ব্যবহারের হিসাব তুলে ধরা হয়েছে। সেখানে বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে জরিমানাসহ বিল নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে।
এখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন। ২০২৬ সালের সেপ্টেম্বরে দোকান ভাড়া নেওয়া একজন ভাড়াটিয়ার ওপর এর আগের প্রায় চার বছরের বিদ্যুৎ ব্যবহারের দায় কীভাবে বর্তায়? ওই সময়ে দোকানটি কার দখলে ছিল, বিদ্যুৎ সংযোগ কে ব্যবহার করতেন এবং প্রকৃত দায়ী ব্যক্তি কে—এসব বিষয় যথাযথভাবে তদন্ত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভাড়াটিয়ার দাবি, তিনি দোকানটি ভাড়া নেওয়ার আগে সেখানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত বা যাচাই করা হয়নি। পরে তাঁর নামে কয়েক বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার অভিযোগ আনা হয়।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ঘটনাস্থলে তাঁকে বিদ্যুতের ব্যবহারকারী হিসেবে পাওয়া গেছে। সে কারণে তাঁর নামে বিল করা হয়েছে। তবে দোকানটি ভাড়া নেওয়ার সময়কার অবস্থা, পূর্ববর্তী ব্যবহারকারী এবং বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত সময়কাল যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ বিভাগের কাছে যদি চার বছরের বিদ্যুৎ ব্যবহারের হিসাব থাকে, তাহলে ওই সময়ের প্রকৃত ব্যবহারকারী শনাক্ত না করে বর্তমান ভাড়াটিয়ার ওপর পুরো দায় চাপানো কতটা যৌক্তিক? দোকানের মালিকানা ও ভাড়াটিয়া পরিবর্তনের তথ্য যাচাই না করেই মামলা ও জরিমানা নির্ধারণ করা হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।
বিদ্যুৎ বিভাগের নথি, ভাড়ার চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। এতে জিপটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়ির মালিকের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পার্কিং করে রাখা ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় শেষ পর্যন্ত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়ির মালিক ও পর্যটক গাইড মো. ইমরান বলেন, গাড়িটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। বিভিন্ন সময়ে এক ব্যক্তি রাতে গাড়িটির ভেতরে ঘুমাতেন। তাঁর দাবি, এটি দুর্ঘটনা কিংবা ওই ব্যক্তির কারণে ঘটলে আগেই এমন ঘটনা ঘটতে পারত। তাঁর ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসাস, জেলা মৎস্যজীবী দল ,উলামা দল ও তাতি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।
জেলা মৎস্যজীবী দল, জাসাস, উলামা দল তাতি দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা- উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার কবির রতন সহ অন্যান্য দলের নেতৃবৃন্দগন।
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিবাহী চালানটি সেখানে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল।নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানের জ্বালানি পরিবহনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এসেছে। তবে দুটি চালানে নির্ধারিত পরিমাণের তুলনায় ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। বাকি অ্যাসেম্বলিগুলো পৌঁছালে দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান (প্রশাসন) মো. গোলাম মাহবুব জানান, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল।
তিনি বলেন, দুটি চালানে মোট ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট অ্যাসেম্বলিগুলো অল্প সময়ের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার কথা ছিল। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি পরিবহনের পরিকল্পনা রয়েছে।
ছবি : সংগৃহীত
টানা চার দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। ভোরে হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ কাটছে না। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তবে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগেমঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ টানা চার দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে তেমন শীত অনুভূত হয় না। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি হয়।
মো. ইব্রাহীম ওরফে জীবন।
নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।