অবশেষে চালু হচ্ছে সিলেটের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৪ পিএম

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১০০ শয্যার চিকিৎসা কেন্দ্রটি চালুর পথ এবার অনেকটাই সুগম হয়েছে। এজন্য প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালু হলে সিলেট বিভাগের ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেকের চলতি ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সভায় আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে।সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এসব তথ্য জানান। তিনি বলেন, আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫৩২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সিলেটের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। ২০১৯ সালের অক্টোবরে এর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৮৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ১৭ তলা ভিত্তির ওপর নির্মিত হয়েছে ১৫ তলাবিশিষ্ট ভবন। দুটি বেজমেন্টসহ ভবনটির মূল নির্মাণকাজ অনেক আগেই শেষ হয়েছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্থাপন এবং জনবল নিয়োগ না হওয়ায় এতদিন হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি।

যার ফলে সিলেট বিভাগের ক্যানসার, হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসার জন্য এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে জটিল ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে নিম্ন আয়ের রোগীদের আর্থিক চাপ সামলাতে হিমশিম খেতে হয়। বিশেষায়িত কেন্দ্রটি চালু হলে এ অঞ্চলের রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, শুরুতে ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। পরে এর সঙ্গে হৃদরোগ ও কিডনি চিকিৎসার বিশেষায়িত সুবিধা, অতিরিক্ত শয্যা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হয়। ২০১৯ সালে প্রকল্পটি গ্রহণ করা হলেও ২০২৩-২৪ সালের দিকে এর বাস্তবায়ন কার্যক্রমে গতি আসে।

দেশে ক্যানসার চিকিৎসার চাহিদা ও বিদ্যমান সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন। এ রোগে বছরে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ও হাসপাতাল বছরে প্রায় ৪০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দিতে সক্ষম। ফলে রোগীদের চিকিৎসা ও হাসপাতালের শয্যা পেতে নানা ভোগান্তিতে পড়তে হয়।

বিভাগীয় শহরগুলোতে বিশেষায়িত চিকিৎসাসুবিধা সম্প্রসারিত হলে ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ কমবে। পাশাপাশি ঢাকার বাইরে থাকা রোগীরাও নিজ নিজ অঞ্চলে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন। চিকিৎসাকেন্দ্রগুলো কার্যকরভাবে চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
 এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য দক্ষ জনবলের ব্যবস্থা করতে হবে।

জনবল ছাড়া ব্যয়বহুল চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হলে সেগুলো অব্যবহৃত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবে। তিনি আরও জানান, প্রকল্পের শুরুতেই প্রয়োজনীয় জনবলের অনুমোদন নিশ্চিত করতে এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এদিকে একনেকের সভায় যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণের সংশোধিত প্রকল্পও অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের ব্যয় ২ হাজার ১০৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯৭১ কোটি ৬৪ লাখ টাকা করা হয়েছে। এর আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে একটি লিভার প্রতিস্থাপন ইউনিট স্থাপন করা হবে।

লিভার প্রতিস্থাপন কার্যক্রম প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দেশের সাতজন চিকিৎসক ইতোমধ্যে পাঁচটি দেশে এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞ বিদেশি সার্জনরা অস্ত্রোপচার করবেন। এ সময় দেশের প্রশিক্ষিত চিকিৎসকরা তাঁদের সহযোগিতা করবেন। পরবর্তী সময়ে দেশীয় চিকিৎসকরাই এ কার্যক্রম পরিচালনা করবেন।

চিকিৎসা শিক্ষার মানোন্নয়নেও হাসপাতাল ও মেডিকেল কলেজের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, দক্ষ চিকিৎসক গড়ে তুলতে হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণের বিকল্প নেই। এ জন্য স্বাস্থ্যশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও সরকারের অগ্রাধিকার পাবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ছয় মাসের মধ্যে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছিলেন।

অন্যদিকে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছিলেন, সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ পুরোদমে চলছে। ক্যানসার ইনস্টিটিউটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:১০ পিএম

ময়মনসিংহের ত্রিশালে দোকান ভাড়া নেওয়ার পর প্রায় চার বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার দায় বর্তমান ভাড়াটিয়ার ওপর চাপানোর অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের করা মামলার কাগজপত্র এবং দোকানঘর ভাড়ার চুক্তিপত্র পর্যালোচনায় সময়ের অসংগতির বিষয়টি সামনে এসেছে।


নথি অনুযায়ী, ত্রিশাল উপজেলার চক রামপুর বাজারের একটি দোকানঘর ভাড়ার চুক্তি সম্পাদিত হয় ২০২৬ সালের ১ সেপ্টেম্বর। চুক্তিতে দোকানমালিক হিসেবে মো. আবদুল কাইয়ুম মণ্ডল এবং ভাড়াটিয়া হিসেবে মো. জুনায়েদের নাম উল্লেখ রয়েছে। চুক্তির মেয়াদ পাঁচ বছর এবং মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। পাশাপাশি চার লাখ টাকা জামানতের কথাও উল্লেখ রয়েছে।


অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের মামলার কাগজে প্রায় চার বছর সময়ের বিদ্যুৎ ব্যবহারের হিসাব তুলে ধরা হয়েছে। সেখানে বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে জরিমানাসহ বিল নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে।


এখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন। ২০২৬ সালের সেপ্টেম্বরে দোকান ভাড়া নেওয়া একজন ভাড়াটিয়ার ওপর এর আগের প্রায় চার বছরের বিদ্যুৎ ব্যবহারের দায় কীভাবে বর্তায়? ওই সময়ে দোকানটি কার দখলে ছিল, বিদ্যুৎ সংযোগ কে ব্যবহার করতেন এবং প্রকৃত দায়ী ব্যক্তি কে—এসব বিষয় যথাযথভাবে তদন্ত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


ভাড়াটিয়ার দাবি, তিনি দোকানটি ভাড়া নেওয়ার আগে সেখানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত বা যাচাই করা হয়নি। পরে তাঁর নামে কয়েক বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার অভিযোগ আনা হয়।


এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ঘটনাস্থলে তাঁকে বিদ্যুতের ব্যবহারকারী হিসেবে পাওয়া গেছে। সে কারণে তাঁর নামে বিল করা হয়েছে। তবে দোকানটি ভাড়া নেওয়ার সময়কার অবস্থা, পূর্ববর্তী ব্যবহারকারী এবং বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত সময়কাল যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ বিভাগের কাছে যদি চার বছরের বিদ্যুৎ ব্যবহারের হিসাব থাকে, তাহলে ওই সময়ের প্রকৃত ব্যবহারকারী শনাক্ত না করে বর্তমান ভাড়াটিয়ার ওপর পুরো দায় চাপানো কতটা যৌক্তিক? দোকানের মালিকানা ও ভাড়াটিয়া পরিবর্তনের তথ্য যাচাই না করেই মামলা ও জরিমানা নির্ধারণ করা হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।


বিদ্যুৎ বিভাগের নথি, ভাড়ার চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৯ পিএম

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। এতে জিপটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়ির মালিকের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পার্কিং করে রাখা ছিল।


বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় শেষ পর্যন্ত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।


গাড়ির মালিক ও পর্যটক গাইড মো. ইমরান বলেন, গাড়িটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। বিভিন্ন সময়ে এক ব্যক্তি রাতে গাড়িটির ভেতরে ঘুমাতেন। তাঁর দাবি, এটি দুর্ঘটনা কিংবা ওই ব্যক্তির কারণে ঘটলে আগেই এমন ঘটনা ঘটতে পারত। তাঁর ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।


এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৪ পিএম

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে   জাসাস, জেলা মৎস্যজীবী দল ,উলামা দল ও তাতি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।


জেলা মৎস্যজীবী দল, জাসাস, উলামা দল  তাতি দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা- উপজেলা  পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ইউনিয়নের  নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।



মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়। 


মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।


মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার কবির  রতন সহ অন্যান্য দলের নেতৃবৃন্দগন।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৮ পিএম

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিবাহী চালানটি সেখানে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল।নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানের জ্বালানি পরিবহনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এসেছে। তবে দুটি চালানে নির্ধারিত পরিমাণের তুলনায় ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। বাকি অ্যাসেম্বলিগুলো পৌঁছালে দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান (প্রশাসন) মো. গোলাম মাহবুব জানান, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল।


তিনি বলেন, দুটি চালানে মোট ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট অ্যাসেম্বলিগুলো অল্প সময়ের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার কথা ছিল। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি পরিবহনের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০১ এএম
  • আপডেট : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০১ এএম

টানা চার দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। ভোরে হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ কাটছে না। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তবে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


এর আগেমঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ টানা চার দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে তেমন শীত অনুভূত হয় না। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি হয়।




সর্বশেষ সব খবর

মো. ইব্রাহীম ওরফে জীবন।

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৯ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সব খবর