সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি, সিসিটিভি ফুটেজ, আলামত উদ্ধার ও তদন্তের বিভিন্ন অসংগতি তুলে ধরে পরিবারের দাবি, মাত্র ২৩ মিনিটে একজনের পক্ষে তিনজনকে হত্যা, রক্ত পরিষ্কার, নিজের কাটা হাত বাঁধা, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা এবং সেগুলো নিয়ে পালিয়ে যাওয়া কতটা সম্ভব? একই সঙ্গে দীর্ঘদিনের ভূমি বিরোধের বিষয়টিও হত্যাকাণ্ডের তদন্তে বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর মিরাবাজারের একটি অভিজাত হোটেলে নিহত এমএ সাত্তারের পরিবারবর্গ ও ন্যায়বিচারপ্রার্থী শোকাহত জনতার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নিহত এমএ সাত্তারের ছেলে আরিফ ইফতেখার। ভূমি বিরোধ ও সংশ্লিষ্ট মামলার বিবরণ তুলে ধরেন পরিবারের দীর্ঘদিনের সহযোগী মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে আরিফ ইফতেখার বলেন, গত ১২ আগস্ট রায়নগরের ১১১ নম্বর মিতালী আবাসিক এলাকার বাসায় তাঁর বাবা এমএ সাত্তার, মা সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা (জিআর ৩৯৭/২০২৬) হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ লাইন সংলগ্ন লুসাই গির্জা সমিতির ভূমি ও ইম্পালস টাওয়ারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এমএ সাত্তার ও সেলিনা সুলতানা সমিতির কাছ থেকে ১২ শতক ভূমি লিজ নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে ভোগদখলে ছিলেন। পরিবারের অভিযোগ, জাল আমমোক্তারনামা ব্যবহার করে ২০০৬ সালে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ১৮৫২২ নম্বর দলিলের মাধ্যমে তাঁদের লিজকৃত ভূমিসহ সমিতির ৮০ শতক জমি ইম্পালস বিল্ডার্সের নামে হস্তান্তর দেখান। এ নিয়ে এমএ সাত্তার আদালতে স্বত্ব মামলা করেন, যা বর্তমানে স্বত্ব ২১১/২০২৩ নম্বরে বিচারাধীন।
তৌহিদুল ইসলামের দাবি, একই জমি নিয়ে ইম্পালস বিল্ডার্সের সঙ্গে তাঁর ব্যবসায়িক চুক্তি হলেও পরে তিনি জানতে পারেন, এর আগেই সম্পত্তিটি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ ছাড়া প্রবাসীদের কাছে ইম্পালস টাওয়ারের দোকান ও ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগও করেন তিনি। ভূমির দলিল জালিয়াতি, অবৈধ নামজারি ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ কয়েকজন আসামি রয়েছেন (দুদক জিআর ০২/২০২১)। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দায়ের করা আরও দুটি মামলাও পুনঃতদন্তাধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পরিবারের অভিযোগ, ভূমি বিরোধসংক্রান্ত মামলা প্রত্যাহারের জন্য এমএ সাত্তারকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছিল। আদালত প্রাঙ্গণে তাঁকে আক্রমণের ঘটনাও ঘটে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরও বাদীপক্ষের স্বজনদের হুমকি দেওয়া এবং সেলিনা সুলতানার বাসায় অজ্ঞাত ব্যক্তিদের প্রবেশের চেষ্টার অভিযোগ তোলেন তাঁরা। তবে এসব ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানান পরিবারের সদস্যরা।
হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে আরিফ ইফতেখার বলেন, বাবুলের জবানবন্দি অনুযায়ী, তিনি একাই তিনজনকে হত্যা করে রক্ত পরিষ্কার, নিজের হাত বাঁধা, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা এবং সেগুলো নিয়ে পালিয়ে যান। পরিবারের প্রশ্ন, এতগুলো কাজ ২৩ মিনিটে কীভাবে সম্ভব? তাঁদের দাবি, সিসিটিভি ফুটেজে সকাল ৯টা ২৭ মিনিটে বাবুলকে দেখা যায়; কিছুক্ষণ পর চিৎকার শোনা যায় এবং জবানবন্দি অনুযায়ী তিনি ৯টা ৫০ মিনিটে পালিয়ে যান। ওই সময় বাসায় কয়েকজন শ্রমিক ও কর্মী উপস্থিত ছিলেন বলেও দাবি তাঁদের।
আলামত উদ্ধারের বিষয়েও প্রশ্ন তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, গ্রেপ্তারের দিন বহু মানুষের উপস্থিতিতে তল্লাশি চালিয়েও ছুরি পাওয়া যায়নি; পরদিন স্থানীয়দের অনুপস্থিতিতে একই স্থান থেকে ছুরি উদ্ধারের কথা জানানো হয়। সিসিটিভিতে প্রবেশের সময় বাবুলের হাতে ছুরি বা ব্যাগ দেখা যায়নি বলেও দাবি করেন তাঁরা। বাবুলের সঙ্গে এমএ সাত্তারের সুসম্পর্ক ছিল উল্লেখ করে পরিবার জবানবন্দির বিশ্বাসযোগ্যতা, আঘাতের ধরন এবং তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরীর ভূমিকা নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানায়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, ভূমি বিরোধই হত্যাকাণ্ডের কারণ—এমন সিদ্ধান্তে তাঁরা পৌঁছাননি। তবে পূর্ববর্তী বিরোধ, হুমকি, মামলা ও সাক্ষ্য দেওয়ার বিষয়গুলোসহ সব সম্ভাব্য দিক তদন্ত করতে হবে। পিবিআই সিলেটের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান আরিফ ইফতেখার।