• প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।


শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।




স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।


এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সব খবর

সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৭ এএম

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা বাগান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে।


শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ দল এ অভিযান চালায়। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম।


বিজিবি জানায়, উদ্ধার করা বিস্ফোরকগুলোর গায়ে ‘হাই পাওয়ার ইমালশন এক্সপ্লোসিভস’ লেখা রয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। পাশাপাশি ডেটোনেটর ও ফিউজ উদ্ধার করা হয়েছে। এগুলো বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত হয়। বিজিবি আরও জানায়, দপ্তরের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, চোরাচালান, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে সিলেট সীমান্ত জুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে নুনছড়া চা বাগানের এই অভিযান চালানো হয়। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতি রাতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে।


তিনি আরও জানান, সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট সচল রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সরঞ্জাম ও সৌরবিদ্যুৎচালিত নিরাপত্তা ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে।

সর্বশেষ সব খবর

জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটক করেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতে গ‍্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘গ‍্যাস ঘর’ নামের এই বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু।

স্থানীয়রা জানান, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছে, এমন খবর পেয়ে স্থানীয়রা সিলিন্ডারবোঝাই ট্রাকটি আটকে রেখে প্রশাসনকে খবর দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় গ‍্যাসের সিলিন্ডার বিক্রি করতে আসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব‍্যবসায়ীদের কাছে ন‍্যায‍্য মূল্যে বিক্রি করা হয়।

সর্বশেষ সব খবর

প্রত্নসম্পদ পাচারের অপচেষ্টা নস্যাৎ

দিনাজপুরে ৩১ কেজির বেশি কষ্টিপাথরের নিদর্শন উদ্ধার


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৫ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং একটি দুর্গামূর্তির খণ্ডাংশ। এসব প্রত্নসম্পদ দেশের বাইরে পাচারের অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে জেলার বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের একটি দেবদেবীর সারিবদ্ধ কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের একটি দুর্গামূর্তির খণ্ডাংশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তিনটি প্রত্নবস্তুর মোট ওজন ৩১ কেজি ৮৩৫ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, এসব প্রত্নসম্পদের সিজারমূল্য ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অর্থের অঙ্কে নির্ধারণ করা সম্ভব নয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত বস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়েছে, অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়ীত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিশেষজ্ঞদের দৃষ্টিতে, কষ্টিপাথরের প্রাচীন মূর্তি ও প্রত্ননিদর্শন কেবল মূল্যবান বস্তু নয়; এগুলো একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার গুরুত্বপূর্ণ দলিল। তাই এ ধরনের প্রত্নসম্পদ উদ্ধার ও সংরক্ষণ জাতীয় ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।
দিনাজপুরে বিজিবির এ অভিযান প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার পাশাপাশি দেশের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের গুরুত্বও নতুন করে সামনে এনেছে।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৩ পিএম
  • আপডেট : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৩ পিএম


প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৩ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারের সরকারি পতাকাবাহী গাড়িতে বিএনপির এক নেতার বসাকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রতিমন্ত্রীকে নিজের সরকারি গাড়ি ছেড়ে অন্য এক বাহনে করে গন্তব্যে যেতে হয়। এ সময় বিক্ষুব্ধ এক বিএনপি কর্মীকে প্রতিমন্ত্রীর গাড়ির উপর উঠে পড়তেও দেখা যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবিরবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দর থেকে লোহাগাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রতিমন্ত্রী। পথে তার সরকারি পতাকাবাহী গাড়ির সামনের আসনে বসেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নেওয়া নাজমুল মোস্তফা আমিন। বিষয়টি নিয়ে আপত্তি তোলেন বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা। এরপরই নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত চকরিয়ার গয়ালমারা এলাকায়। সেখানে আসহাব উদ্দিন চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান করছিলেন তার অনুসারীরা। প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিনের অবস্থান দেখে তারা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও বিক্ষোভে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিক্ষুব্ধদের একজন প্রতিমন্ত্রীর গাড়ির উপর উঠে পড়েন। নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে শেষ পর্যন্ত গাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নেন প্রতিমন্ত্রী। সরকারি পতাকাবাহী গাড়ি ছেড়ে অন্য একটি গাড়িতে করে তিনি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল এবং লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা এটিএম জাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে লোহাগাড়ার বিএনপি নেতা দেলোয়ার হোসেন বলেন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর গাড়িতে কে বসবেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে একজন মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ করা এবং গাড়ির ওপর উঠে হুমকি দেওয়ার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বিরোধের কারণে অতীতেও লোহাগাড়ায় বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন।

সাবেক সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, প্রতিমন্ত্রী লোহাগাড়ায় অতিথি হিসেবে এসেছিলেন। তাকে যথাযথ সম্মান জানানো সবার দায়িত্ব ছিল। কিন্তু একজন ব্যক্তি প্রতিমন্ত্রীর পতাকাবাহী গাড়িতে উঠে পড়েন, যা শিষ্টাচারবহির্ভূত।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিনের অনুসারীরা দুটি স্থানে অবস্থান নিয়েছিলেন। প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিন থাকায় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর বাইরে বিস্তারিত জানা নেই।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিএনপির কোনো নেতা বা কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন— আবুল হাসনাত রিমন শিকদার (দৈনিক পুনরুত্থান), রাসেল মোল্লা (দৈনিক বরিশাল আজকাল), মো. রেহান উদ্দিন রেহান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), নয়নাভিরাম গাইন (দৈনিক দেশটিনি), এইচ আর মুক্তা (দৈনিক তারুণ্যের বার্তা), মো. আসলাম শিকদার (দৈনিক বাংলা), সিয়াম আব্দুল্লাহ (দৈনিক ঢাকা), মো. ছগীর হোসাইন (বৈশাখী টেলিভিশন) এবং এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের)।

এর আগে প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত এ কমিটির মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার রক্ষায় কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৮ পিএম

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


এ সময় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা কার্যক্রম নয়, সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব।


এর আগে সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনি নিজেও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে এসে প্রতিযোগিতার সমাপ্তি হয়। পরে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।



এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সর্বশেষ সব খবর