সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
এ ছাড়া ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
অন্যদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মোতায়েন করা হয় আরও পাঁচ প্লাটুন বিজিবি। এ সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধেও বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন।
বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মাদক ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয়কে সামনে রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।
চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।
আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
আ. লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ
চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আটক
দিনাজপুর জিলা স্কুলে পদচারপথের উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার
মিরপুরে বাসে আগুন। ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।